আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করে পুলিশ
কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর আগে পুলিশ গভীর রাত থেকে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস নামের ওই হোটেলের সামনে অবস্থান নেয়।
আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানিয়েছেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণ এবং তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে শুরু করে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তিতাস নদীতে অবৈধ উপায়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ প্রায় একলক্ষ মিটার কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে একজন জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এ সময় বাসুদেব এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং বড়শি ও বড় মাছ শিকারের জাল ব্যবহার করে মাছ ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই সোহেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ও সদর উপজেলা মৎস্য অফিসের স্টাফরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ। আশা করি মানুষজন এ বিষয়ে সচেতন হবেন এবং মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে মাছ ধরার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে।
মিনহাজ আহমেদ সীমান্ত
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহমেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তিন মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ
লে. কর্নেল ফয়সল ইসতিয়াক, কমান্ডিং অফিসার, এসআরবি-৫
রাজশাহীর পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের আট কেজি হেরোইন জব্দ করেছে এসআরবি-৫। রোববার দিবাগত গভীর রাতে (২৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি ও হেরোইন জব্দ করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাণীনগর হাটপাড়ায় এসআরবি-৫ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় আহসান আলী ও আব্দুর রহিমের বসতবাড়ীতে তল্লাশীর মাধ্যমে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র বেচাকেনার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন ব্যক্তি অস্ত্র বেচাকেনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এর আগে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকা তৈরীর অপরাধের বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।
অন্যদিকে, একই রাতে এসআরবি-৫ এর আরেকটি অভিযানিক দল রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আট কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামের দুইজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাইবোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের নামে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ফয়সল ইসতিয়াক জানিয়েছে, পৃথক দুইটি ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এসআরবি আরও জানায়, গত ৬ মাসে এসআরবি-৫ অভিযান পরিচালনা করে মোট ১৭ টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার জব্দ করেছে। এছাড়া ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্ডাল জব্দ করেছে।