মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ
নতুন বেতন কাঠামো ঘোষণার পরও থামছে না গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এ মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকসহ সব পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ একাধিকবার সংশোধিত প্রস্তাব দেয়। তা নিয়ে আলোচনা চলে। শ্রমিকপক্ষ নিজেদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা প্রস্তাব করে। মালিকপক্ষও তাদের আগের প্রস্তাব থেকে সরে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দেয়।
নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, কারখানায় ছাঁটাই বন্ধের দাবি করা হয়। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।
বোর্ডের প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই যেন মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হয়। মালিকপক্ষের প্রতিনিধিরা এ দাবি মেনে নেন। এর ফলে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত হয়, যেদিনই নতুন মজুরি ঘোষণা করা হোক, বাস্তবায়ন করা হবে ডিসেম্বর মাস থেকে। অর্থাৎ জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে ডিসেম্বর মাসের বেতন তোলার সময় নতুন কাঠামোর মজুরি তুলতে পারবেন শ্রমিকরা। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করে পুলিশ
কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর আগে পুলিশ গভীর রাত থেকে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস নামের ওই হোটেলের সামনে অবস্থান নেয়।
আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানিয়েছেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণ এবং তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে শুরু করে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তিতাস নদীতে অবৈধ উপায়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ প্রায় একলক্ষ মিটার কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে একজন জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
এ সময় বাসুদেব এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং বড়শি ও বড় মাছ শিকারের জাল ব্যবহার করে মাছ ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই সোহেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ও সদর উপজেলা মৎস্য অফিসের স্টাফরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ। আশা করি মানুষজন এ বিষয়ে সচেতন হবেন এবং মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে মাছ ধরার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে।
মিনহাজ আহমেদ সীমান্ত
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহমেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তিন মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ