বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি ও পদায়ন হওয়া ১৪ কর্মকর্তা
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল এবং নতুন দায়িত্ব নিচে তুলে ধরা হলো-
১. আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা: পুলিশ সুপার, সুনামগঞ্জ থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
২. আমিরুল ইসলাম: উপপুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম থেকে পুলিশ সুপার, সুনামগঞ্জ।
৩. মো. আসাদুজ্জামান: পুলিশ সুপার, লালমনিরহাট থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ।
৪. মোহাম্মদ হারুন অর রশিদ, পিপিএম-সেবা: উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পুলিশ সুপার, লালমনিরহাট।
৫. মো. তৌহিদুল আরিফ: উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পুলিশ সুপার, নড়াইল।
৬. সরকার ওমর ফারুক: পুলিশ সুপার, খুলনা থেকে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
৭. খাঁন মুহাম্মদ আবু নাসের: পুলিশ সুপার, এপিবিএন থেকে পুলিশ সুপার, খুলনা।
৮. মো. হাবীবুল্লাহ্, বিপিএম-সেবা: পুলিশ সুপার, ফেনী থেকে পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে সংযুক্ত।
৯. মো. জসিম উদ্দীন: পুলিশ সুপার, গাইবান্ধা থেকে পুলিশ সুপার, ফেনী।
১০. মোহাম্মদ কামরুল ইসলাম: পুলিশ সুপার, এসআরইউ, ঢাকা থেকে পুলিশ সুপার, গাইবান্ধা।
১১. মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা: উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), কেএমপি, খুলনা থেকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।
১২. মো. আরেফিন জুয়েল: পুলিশ সুপার, এপিবিএন থেকে উপপুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম।
১৩. মোহাম্মদ তারিকুল ইসলাম: পুলিশ সুপার, নওগাঁ জেলা থেকে পুলিশ সুপার, পিবিআই।
১৪. মো. ছুফি উল্লাহ: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে পুলিশ সুপার, নওগাঁ জেলা।
রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র।জানা যায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
এর আগে, গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তবে আজকে বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন-মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন।
সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে।
কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাইল হোসেন সিরাজী।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মাদকমুক্ত দেশ গড়, যুবসমাজকে রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অন্যতম লক্ষ্য মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সরকার ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাংলাদেশকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের ১৮টি দপ্তর কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার মাদক নির্মূল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি আগুন ও সন্ত্রাসের রাজনীতি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর অনুসারীদের কেউ কেউ এখনো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
নবগঠিত কমিটির নেতৃত্বে যারা
১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সহসভাপতি হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. আনিছুল আউয়াল, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান, ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসানসহ আরও কয়েকজন।
সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাইল হোসেন সিরাজী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা রহিম শীলা, এ বি এম ফারুক, আসাদুজ্জামান বাবুল, নাহিদ নজরুল, ইভানা আক্তার কথাসহ অন্যরা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন গাজী আলহাজ মাওলানা আবুবকর শিবলী ফেনবী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, অ্যাডভোকেট শফিকসহ কয়েকজন।
এ ছাড়া কমিটিতে অর্থ, দপ্তর, প্রচার, আইন, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম, ধর্ম, নারী ও শিশু, সংস্কৃতি, ক্রীড়া এবং সমাজকল্যাণসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রাখা হয়েছে। এসব পদে বিভিন্ন পেশার ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। চিত্রনায়িকা পলি হয়েছেন সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদক নির্মূল কমিটির সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান। সভা থেকে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়ানো এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া জেলা সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌঁছে তিনি পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি এলাকার মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন মরা গড়াই খালের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে সম্ভাব্য উদ্বোধনস্থল ও সংশ্লিষ্ট প্রকল্পের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
এ সময় জিকে সেচ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক সেচ সুবিধা পাবেন। এর ফলে ধানসহ বিভিন্ন ফসল ও সবজির উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি প্রায় ৪০ লাখের বেশি মানুষ এ সেচ সুবিধার আওতায় আসবেন। এতে কৃষকদের সেচসংকট দূর হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান ও জীবিকা উন্নত হবে।
প্রকল্পের আর্থিক ও কৃষি গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পে প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর কৃষিজমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলার মরা গড়াই খাল খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ এ খালটি কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে গিয়ে মিশেছে। খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নদী ও খাল পুনরুদ্ধার কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এসব প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের কাজ যথাযথ পরিকল্পনা ও মানসম্মতভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হলেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।
এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।
উপদেষ্টা জাহেদ বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’
তিনি বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে।’
ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।’
উপদেষ্টা জাহেদ আরও বলেন, ‘ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।’
‘তার (শেখ হাসিনা) খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই,’ যোগ করেন তিনি।