• প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৩ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।


নিহতের মেঝো জেঠা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। কেউ তাকে মারলে দাঁড় কামড়ানো থাকবেনা, মুখ দিয়ে লালা পড়বেনা। তার মানে বিকল্প কোন কিছু আছে। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।




  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৯ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওই অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে থাকা পান-জর্দা সংগ্রহ করে নেওয়া হয়। এ সময় রোগীদের হাসপাতাল এলাকায় পান-জর্দা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।


কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন চানান, হাসপাতাল একটি সেবামূলক ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জায়গা। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থতার স্বার্থে পান-জর্দা সেবন থেকে বিরত থাকা জরুরি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৪ এএম

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর পাশের একটি পোস্ট অফিসের ভেতর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ব রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ছয়জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে মোজাহারুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সবার পরনে শর্ট প্যান্ট ও মাথায় টুপি ছিল। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র (চাপাতি) ছিল। ভেতরে ঢুকেই তারা মোজাহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তল্লাশি করে নগদ ৫-৬ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।


এদিকে, ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। সুমন ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিস খুলতে গিয়ে দেখেন, ভেতরের দুটি তালা কাটা এবং সুমন ভেতরে আটকা পড়ে আছেন।


পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় সুমনকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে তিনি নিজেও এই ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি এবিএমএস দোহা সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পোস্ট অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ এএম

দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি।  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা।


এর আগে গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।


আলমাসের আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় কারাভোগের ঘটনায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতিমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে।


 আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে রিট করেন আলমাস। গত ৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ ঘটনায় রুল জারির পাশাপাশি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।


তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাগারে থাকা আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।


প্রতিবেদনে ভুল গ্রেপ্তারের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গ্রেপ্তার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইরও একই ডাকঘরের আওতাভুক্ত। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানায় মিল তৈরি হয়।


দ্বিতীয়ত, তাদের বাবার নামেও সাদৃশ্য ছিল। প্রকৃত আসামি মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। আর গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। তৃতীয়ত, ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির ঠিকানা পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। রায় ও গ্রেপ্তারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।


মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ এ মামলার রায় দেন। রায়ে আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।


রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইস্যু করা সেই পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এক বছরেরও বেশি সময় তাকে কারাবন্দি থাকতে হয়।


হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।


এদিকে, ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল—বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো আদালতের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব পায় বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ায় আলমাসের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।

শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়া হয় রিসোর্ট

রনজিত সরকারের সভা হয় রাতারগুলে


শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়া হয় রিসোর্ট। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের সভার একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। পালিয়ে দেশের বাইরে থাকা রনজিত এই সভাটি কোথায় করেছেন এ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ দাবি করছেন সভাটি হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় আবার কারো দাবি, সিলেট সীমান্তে এই সভা হয়। অন্যদিকে, ভারতের ভেতরে রনজিত এই সভাটি করেন বলেও দাবি করছেন কেউ কেউ।


তবে সুনামগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে। রনজিতের ফেসবুক পেজের আপ করা এই সভার ভিডিও দেখে তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই সভার স্থান সিলেটের রাতারগুল বলে জানতে পারে পুলিশ। তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ওই সভাটি হয় সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট, রাতারগুল’-এ।


সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে আটক করে সুনামগঞ্জ সদও থানা পুলিশ। সকাল সাতটায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা তাকে আটক করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা মিয়া প্রাথমিকভাবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার এই সভা করেছেন বলে তথ্য দেয়। তারা মিয়ার কথা অনুযায়ী সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে যায়।


সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে কল দিলেও তিনি কল ধরেননি। তবে সোমবার তিনি বলেছিলেন, সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোন স্পটে হয়েছে।


উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল।এ ব্যাপারে সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’র ফেসবুক পেজে দেওয়া নাম্বারে মঙ্গলবার রাতে কল দিলে মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত বর্তমান সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য।


মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ধরে রেখেছিলেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’

ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় উদ্বেগ, বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার

রূপগঞ্জে দুই স্টিল মিলে কালো ধোঁয়া,আতঙ্কে পোশাকশ্রমিকরা


দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়া। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চলে। ধোঁয়ার ঘন কুণ্ডলীতে অন্ধকার হয়ে পড়ে আশপাশের এলাকা। এতে পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এ ঘটনায় শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।


স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জের আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করছে। মিল দুটির ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হয়। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়। কয়েকটি কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।




স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাদের অভিযোগ, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।


এ বিষয়ে এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। দুটি মিলের কাল দোয়ায় আমাদের গাড়ির পোশাক সব নষ্ট হয়ে যাচ্ছে। 


এ ব্যাপারে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ জানান, আমাদের মিলে পরিবেশ ছাড়পত্র আছে আমরা কালো ধোয়া বের করলে পরিবেশ আমাদের ছাড়পত্র দিত না। আমাদের মিলে দোয়ার কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে না। এ ব্যাপারে আরবি স্টিল মিলের কোন বক্তব্য পাওয়া যায়নি। 


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, শিল্প কারখানা থাকলে এলাকার উন্নত হয়। অন্যদিকে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে পরিবেশকে ধ্বংস করে কোন শিল্প-কারখানা চালানো যাবে না।


স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত থাকে।


রানীনগরে জখম করে টাকা ছিনতাই আটক ২ । ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৩ পিএম

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে রক্তাক্ত জখম ও নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকরীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ভোর সাড়ে চারটার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছলে ওত পেতে থাকা দস্যুদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখিয়ে এবং রক্তাক্ত জখম করে তাদের নিকট থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে নয়টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।