নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।
দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে থাকা পান-জর্দা সংগ্রহ করে নেওয়া হয়। এ সময় রোগীদের হাসপাতাল এলাকায় পান-জর্দা ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন চানান, হাসপাতাল একটি সেবামূলক ও স্বাস্থ্যসম্মত পরিবেশের জায়গা। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্থতার স্বার্থে পান-জর্দা সেবন থেকে বিরত থাকা জরুরি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর পাশের একটি পোস্ট অফিসের ভেতর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ব রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ছয়জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে মোজাহারুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সবার পরনে শর্ট প্যান্ট ও মাথায় টুপি ছিল। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র (চাপাতি) ছিল। ভেতরে ঢুকেই তারা মোজাহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তল্লাশি করে নগদ ৫-৬ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
এদিকে, ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। সুমন ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিস খুলতে গিয়ে দেখেন, ভেতরের দুটি তালা কাটা এবং সুমন ভেতরে আটকা পড়ে আছেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় সুমনকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে তিনি নিজেও এই ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি এবিএমএস দোহা সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পোস্ট অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। ছবি: সংগৃহীত
দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা।
এর আগে গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।
আলমাসের আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় কারাভোগের ঘটনায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতিমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে।
আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে রিট করেন আলমাস। গত ৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ ঘটনায় রুল জারির পাশাপাশি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাগারে থাকা আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
প্রতিবেদনে ভুল গ্রেপ্তারের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গ্রেপ্তার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইরও একই ডাকঘরের আওতাভুক্ত। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানায় মিল তৈরি হয়।
দ্বিতীয়ত, তাদের বাবার নামেও সাদৃশ্য ছিল। প্রকৃত আসামি মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। আর গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। তৃতীয়ত, ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির ঠিকানা পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। রায় ও গ্রেপ্তারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ এ মামলার রায় দেন। রায়ে আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।
রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইস্যু করা সেই পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এক বছরেরও বেশি সময় তাকে কারাবন্দি থাকতে হয়।
হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
এদিকে, ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল—বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো আদালতের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব পায় বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ায় আলমাসের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়া হয় রিসোর্ট। ছবি: সংগৃহীত
দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়া। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চলে। ধোঁয়ার ঘন কুণ্ডলীতে অন্ধকার হয়ে পড়ে আশপাশের এলাকা। এতে পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এ ঘটনায় শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জের আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করছে। মিল দুটির ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হয়। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়। কয়েকটি কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাদের অভিযোগ, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
এ বিষয়ে এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। দুটি মিলের কাল দোয়ায় আমাদের গাড়ির পোশাক সব নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ জানান, আমাদের মিলে পরিবেশ ছাড়পত্র আছে আমরা কালো ধোয়া বের করলে পরিবেশ আমাদের ছাড়পত্র দিত না। আমাদের মিলে দোয়ার কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে না। এ ব্যাপারে আরবি স্টিল মিলের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, শিল্প কারখানা থাকলে এলাকার উন্নত হয়। অন্যদিকে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে পরিবেশকে ধ্বংস করে কোন শিল্প-কারখানা চালানো যাবে না।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত থাকে।
রানীনগরে জখম করে টাকা ছিনতাই আটক ২ । ছবি: সংগৃহীত