স্ত্রী ডা. জোবাইদা রহমানের মতো নিজেকেও সিলেটের সন্তান বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যন তারেক রহমান।
বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় গিয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাবাসীর উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এমনটি বলেন। এ সময় ধানের শীষের পক্ষে ভোটও চান তিনি।
বক্তৃতাকালে তারেক রহমান বলেন, ডা জোবাইদা যেমন আপনাদের সন্তান আমিও আপনাদের সন্তান। আমি এই পরিবারের অংশ হিসেবে, এই পরিবারের সদস্য হিসেবে আমিও এই এলাকার সন্তান।
তিনি বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে এই দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে প্রচারণা শুর করলাম। আমি সবার কাছে দোয়া চাই। যেনো ১২ ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হই। যেনো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে ওয়াদাগুলা দিচ্ছি তা বাস্তবায়ন করতে পারি। গত ১৫ বছরের আওয়ামী শাসনামলের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিলো না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলা।
এসময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছিলেন?’ তখন সবাই সমস্বরে না বলে উঠেন। তারেক রহমান বলেন, আমরা তরুণদের ট্রেনিং দিতে চাই, যারা বিদেশে গিয়ে তারা ভালো কাজ পায়। আমরা আবার খাল খনন কর্মসূচী শুরু করতে চাই। শহীদ জিয়া যে খাল খনন শুরু করেছিলেন। খাল খনন হলে এলাকার সবাই উপকৃত হবে।
এই কাজগুলো করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার, এই সিলেটের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দাবি রয়ে গেলো। কী সেই দাবি, ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর আপনারা দোয়া করবেন, যেনো বিএনপর মানুষের কল্যনে কাজ করতে পারে। মানুষকে যে জবান দিয়েছে তা যেনো রক্ষা করতে পার।নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেট সফরে আসেন তারেক রহমান। সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুর বাড়িতে যান। সেখানে নানা আয়োজনে তাকে বরণ করা হয়।
উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।
মো. ইমন
গাজীপুরের শ্রীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয় দেখানো ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমন ‘পিস্তল’ দেখিয়ে একটি ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে ছড়িয়ে দেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় ভিডিওতে দেখানো পিস্তলটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি ‘পিস্তলসদৃশ লাইটার’।
অভিযোগ আছে, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং স্ত্রীকে নিয়মিত ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন। এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে তিনি ভিডিও প্রচার করতেন। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
সোমবার(০৩ আগষ্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চেংমারী ব্রীজে ভ্রাম্যমান আদালত বসিয়ে জালগুলো ভস্মিভূত ও জরিমানা করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।
উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম(অ:দা:) জানান, ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উপজেলার রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা পশ্চিম পাড়া হতে উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চেংমারী ব্রীজ এলাকায় জালগুলো ভস্মিভূত করা হয়েছে। একই সাথে জালের মালিক সোলায়মান গণির ৫০ হাজার টাকা ও ইউনুছ আলীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
অর্থদন্ডপ্রাপ্তরা হল রণচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি ও আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, প্রায় ২০ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার করে দুই জনের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত জাল ভস্মিভূতও করা হয়। জীব বৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া শাখা কর্তৃক সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদরে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩-আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান।
উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন বিকেবি ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক লোকমান হোসেন (এজিএম) ও সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। আজ যারা ছোট ছোট সঞ্চয় করছে, তা একদিন দেশের বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে।
তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন করে তুলতে এই আয়োজনটি প্রশংসনীয়। তিনি বলেন, ব্যাংকে টাকা জমানো যেকোনো মাটির ব্যাংক বা ঘরে টাকা রাখার চেয়ে অনেক বেশি নিরাপদ। সন্তানদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ী হতে শিক্ষকরা ক্লাসে এবং অভিভাবকরা ঘরে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই বাজেট এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক শিক্ষা সন্তানদের দেওয়া জরুরি। তিনি এই চমৎকার ক্যাম্পেইনটি সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং স্কুল প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিরতন করা হয়।
নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নওগাঁয় অবৈধভাবে সুগন্ধি চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে দুই চালকল মালিকের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের ইয়াদ আলীর মোড় ও জবার মোড়ে অভিযান চালিয়ে বেলকন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টি কে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার ও জেলা পুলিশের একটি দল তার সঙ্গে ছিলেন।
রুবেল আহমেদ বলেন, “বাজারে সুগন্ধি ও আতপ চালের দাম হঠাৎ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে চাল মজুতের সঠিক তথ্য দিতে না পারা এবং সরকারি নির্দেশনা অমান্য করে ১৫ দিনের বেশি চাল মজুত রাখায় বেলকন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা ও টি কে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিনি বলেন, “বাজারে সুগন্ধি চালের দাম কয়েক দিনের ব্যবধানে ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ২১০-২২০ টাকায় দাঁড়িয়েছে। খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো মিল মালিক ১৫ দিনের বেশি চাল মজুত রাখতে পারবেন না। কিন্তু এই দুটি মিল কর্তৃপক্ষ তাদের মজুত করা চাল কত দিনের, সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি। বাজারে ধানের দাম বেশি হওয়ার অজুহাতে মিলগেটে চালের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
শহীদ মিনহাজ আহমদ ও মিনহাজের মা-বাবা
সিলেটে জুলাই আন্দোলনে নিহত মিনহাজ আহমদ হত্যার বিচার নিয়ে দীর্ঘ সুত্রিতা দেখা দিয়েছে। মিনহাজের বৃদ্ধ পিতা তার পুত্র হত্যার বিচার চান। তিনিসহ মিনহাজের মাতা পুত্রকে হারিয়ে পাগল প্রায়। পুত্র হত্যার বিচার দেখতে চান মিনহাজের মা-বাবা, “আমার ছেলের কোন অপরাধ ছিল না। সে গণঅভ্যুত্থানের মিছিলে গুলিবিদ্ধ হওয়া আহত লোকজনের উদ্ধার করতে গিয়ে সেও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা আমার পুত্র হত্যার বিচার দেখে মরতে চাই।”-এমন কথাগুলো বলেন সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ মিনহাজ আহমদের মা সিতাই বেগম।
ছেলে মিনহাজ আহমদের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। শহীদ মিনহাজ আহমদ পেশায় ছিলেন সিএনজিচালিত (অটোরিকশা) মেকানিক। এই ঘটনার ২বছর পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোন অগ্রগতি নেই বলে তারা দাবি করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার পৌর শহরে শত শত ছাত্র-জনতার মিছিলে যখন উত্তাল, ঠিক তখনই মিছিল ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন সিএনজি (অটোরিকশা) ওয়ার্কশপের মেকানিক মিনহাজ আহমদ। তখন মুহুর্মূহ গুলি ছোড়ার কারণে তিনি নিজেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহীদ মিনহাজ আহমদের বাড়ি উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে।
এ ঘটনার পর থানায় মামলা হলেও এখনো উল্লেখযোগ্য কোনো আসামী গ্রেফতার হয়নি। শুরুও হয়নি বিচারকার্য। এতে হতাশ হয়ে পড়েছেন মিনহাজ আহমদের পরিবার।
সরোয়ার হোসেন ও মো. আব্দুল মালেক
ঝালকাঠির নলছিটিতে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে দপদপিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়নের ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনার তালতলীতে বদলি করা হয়েছে।
জানা গেছে, প্রশাসনিক তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মারযুক রহমান রিফাত স্বাক্ষরিত চিঠিতে এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। শোকজপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি দায়িত্বে কোনো অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।