• প্রকাশ : বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬, সময় : ৫:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে দুই আসনে জোট প্রার্থী জমিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে  ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ৬টি আসনে ৫৯ প্রার্থী পেয়েছেন বৈধতা। সুযোগ নিতে চায় ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। দুটি আসনে বিদ্রোহীদের সঙ্গে লড়তে হবে বিএনপি ও জোট প্রার্থীদের।


ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের এস এম শহীদউল্লাহ, জাতীয় পার্টির মো. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসাইন আহম্মদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফ মৃধা এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এ কে এম কামরুজ্জামান ও ইকবাল চৌধুরী। এই আসনে বিএনপি ও ১২ দলীয় জোট প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): আসনটিতে বিএনপি প্রার্থী না দিয়ে সমর্থন দিয়েছে জোটসঙ্গী জমিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। তবে তাঁকে নির্বাচন করতে হবে খেজুরগাছ প্রতীকে। জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মোবারক হোসেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাওলানা আশরাফ উদ্দিন মাহ্দী, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেছার আহম্মেদ, খেলাফত মজলিসের আবুল ফাতাহ মো. মাসুক, জাতীয় সমাজতান্ত্রিক দলের তৈমুর রেজা মো. শাহজাদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাইন উদ্দিন, আমজনতা দলের শরিফা আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এস এ তরুণ দে।


ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর): এই আসনে বিএনপি থেকে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে অধ্যাপক জুনায়েদ হাসান, এনসিপি থেকে মো. আতাউল্লাহ, জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নিয়াজুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মুহসিনুল হাসান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়েশা আক্তার এবং খেলাফত মজলিসের হাফেজ মো. এমদাদুল্লাহ মনোনয়ন পেয়েছেন।


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): এই আসনে বিএনপি থেকে দুজনকে প্রার্থী করা হয়েছে। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য ড. মুশফিকুর রহমান ও কবির আহাম্মেদ ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত কে নির্বাচনে থাকবেন, সে বিষয়ে সিদ্ধান্ত হবে ২০ জানুয়ারি। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে মো. আতাউর রহমান সরকার, জাতীয় পার্টির মো. মো. জহিরুল হক খান, গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. হাফেজ আলম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাফি উদ্দিন এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।


ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আবদুল বাতেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম, গণফ্রন্টের নজরুল ইসলাম ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আশরাফুল হক, জাতীয় পার্টির মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. শাহিন খান এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন (বিএনপির বিদ্রোহী) কাজী নাজমুল হোসেন তাপস।


ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর): এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে। তাঁকে নির্বাচন করতে হবে মাথাল প্রতীকে। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দেওয়ান মো. মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাঈদ উদ্দিন খান জাবেদ, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম শুভ , ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নাছের, জাতীয় সমাজতান্ত্রিক দলের কে এম জাবির, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম এবং বিএনপির বিদ্রোহী ড. মো. সায়দুজ্জামান কামাল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে বিএনপির দুই স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী এম.এ খালেক পিএসসি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ মনোনয়ন জমা দিলেও মেহেদী হাসান পলাশের মনোনয়ন অবৈধ হয়, পরে এম. এ খালেক পিএসসির মনোনয়ন বৈধ হলেও তারেক রহমানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।


ছয়টি আসন থেকে শুধু যেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি, এই আসনে গণসংহতি আন্দোলন ও জামায়াতে ইসলামীর চলবে প্রতিদ্বন্দ্বিতা, বাকি পাঁচটি আসন গুলোতে বিএনপি, জোট ও অন্য প্রার্থীদের সাথে চলবে লড়াই।




  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে অন্যের মালিকানাধীন কৃষিজমিতে রাতের আঁধারে ট্রাকভর্তি বালু ফেলে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিকরা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ধল্লা গ্রামের বাসিন্দা ওমর আলী ও তার সন্তানদের মালিকানাধীন কৃষিজমি দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে তাদের পরিবার ভোগদখল করে আসছে। গত ১ আগস্ট সকালে একই গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ, সোহরাব মিয়া, আহসান মিয়া এবং তাদের পরিবারের সদস্যরা স্থানীয় দালাল ও ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত সলিম মিয়া, কামাল, নুরুল ইসলাম, ইকবাল, আফসার খান, সজিব খান, সুমন খান, আসান খানসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই জমিতে প্রবেশ করেন।




ভুক্তভোগীদের দাবি, এ সময় অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে জমি পরিমাপ করেন। জমির প্রকৃত মালিকরা বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পরদিন গভীর রাতে জমির মালিকদের অজ্ঞাতসারে কয়েক ট্রাক বালু ফেলে কৃষিজমি ভরাট করে দখলের চেষ্টা করা হয়।


ঘটনার পর নিরুপায় হয়ে জমির মালিকরা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠান। পুলিশ সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলে।


পুলিশের উপস্থিতিতে অভিযুক্তরা প্রথমে দাবি করেন, জমিটি তারা পাবেন। তবে এ দাবির পক্ষে কোনো বৈধ মালিকানার দলিল বা কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে তারা দাবি পরিবর্তন করে জানান, তারা জমিটি অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন এবং বিষয়টি সম্পর্কে ক্রেতারাই ভালো জানেন।


এরপর পুলিশ কথিত ক্রেতা আফসার খান, সজিব খান, সুমন খান ও আসান খানের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ভবিষ্যতে জমির কাগজপত্র তৈরি করা হবে—এমন একটি চুক্তির ভিত্তিতে তারা জমিটি কিনেছেন বলে দাবি করেন। তবে পুলিশকে তারাও কোনো বৈধ রেজিস্ট্রিকৃত দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমান ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই তাদের জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। এর আগে একই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত সলিম মিয়া, কামাল মিয়া, নুরুল ইসলাম ও ইকবাল মিয়া জমির মালিকদের একজন ইউনুস মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আহত ইউনুস মিয়া সিংগাইর থানায় পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।


ভুক্তভোগী পরিবারের দাবি, ওই মামলায় অভিযুক্তরা জামিনে মুক্ত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা বিভিন্ন সময় প্রকাশ্যে হুমকি দিয়ে বলে বেড়ান যে, পুলিশ বা আদালত তাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং তারা সবকিছু "ম্যানেজ" করতে সক্ষম। এসব হুমকির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে সিংগাইর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ২:৫৩ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।


সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত অটোরিকশা চালক মো.আমিনুল হক (৩০)। তিনি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নোয়াখালীর সোনাপুর থেকে একটি মাছবাহী  পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় পৌঁছলে কবিরহাট থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আমিন উল্লাহ ও যাত্রী সৈকত গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিন উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আটক করে রাখা দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ছবি সম্বলিত বিলবোর্ডটি অপসারণ করে একই শিরোনামে নতুন একটি বিলবোর্ড টাঙানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে

  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ২:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি সম্বলিত বিলবোর্ডটি অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার রাতে বিলবোর্ডটি থেকে যুদ্ধাপরাধীদের ছবি মুছে দেওয়া হয়েছে। 


দু’দিন আগে শুক্রবার ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে বিলবোর্ডটি টানিয়ে দেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের সংগঠন ‘নভো কালচার’। এতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়েছে। 


বিলবোর্ডটি অপসারণের দাবিতে কয়েকটি ছাত্র সংগঠন রোববার বিকেলে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবিতে রাত সোয়া ১০টার দিকে বিলবোর্ডটি মুছে ফেলার সিদ্ধান্ত জানায় প্রশাসন। পরে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত ছাত্রনেতা ও শিক্ষার্থীরা।


বিলবোর্ডটি সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে বিলবোর্ডটি সরিয়ে নিতে বলা হয়েছিল। তিনি তাতে সম্মত হননি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিলবোর্ডে থাকা আপত্তিকর ছবিগুলো মুছে দেওয়া হয়। 


বিলবোর্ডটি অপসারণের দাবিতে আন্দোলনকারী নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত রাজাকারদের স্বাভাবিকীকরণের চেষ্টা করা হচ্ছে। তারা এর সুযোগ দেবেন না। প্রশাসন বিলবোর্ডটি সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা রাতে কর্মসূচি প্রত্যাহার করেছেন। এটি সরানো না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।


বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা বাংলাদেশের কোথাও রাজাকারদের কোনো ধরনের স্বাভাবিকীকরণ তারা মেনে নেবেন না। 


তিনি বলেন, যুদ্ধাপরাধের প্রশ্নটি বাংলাদেশের মৌলিক জাতীয় ইস্যু। ২০২৪ সালের আন্দোলন কিংবা শেখ হাসিনার ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে আড়াল হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধী মতাদর্শ বা তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।


কাশিমপুর ভূমি অফিস

  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ১:৫১ পিএম

গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। 


পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন। পরে তিনি সফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান।


  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ১:৩৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে নাচনমহল বাজারে ভোক্তা অধিকারে অভিযানে ৫ টি দোকানে মোট  ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়।   রোজ সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় নলছিটির নাচন মহল বাজারে এই জরিমানা করা হয়৷ 


এসময়ে মা মেডিকেল হল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১২০০০ টাকা, বিশ্বাস মেডিকেল হল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১০০০, লাইভ বেকারী এর মূল্য তালিকায় না থাকার কারনে ৩০০০, রাকিব ষ্টোর এর মূল্য তালিকা না থাকার কারনে ১০০০, শাহালম ষ্টোর এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ১০০০, মোট ৫ টি দোকানে ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়। 


জরিমানা পরিচালনা করেন সাফিয়া সুলতানা সহকারী পরিচালক ভোক্তা অধিকার ঝালকাঠি।


এসময়ে সাফিয়া সুলতানা বলেন নাচন মহল বাজারে কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকার কারনে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ৫ টি দোকানে মোট ১৮০০০ হাজার টাকা জরিমানা করা হয়।


সাফিয়া সুলতানা বলেন এই  অভিযান আমাদের  অব্যাহত থাকবে।


  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ১২:৪৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশিয়া রাস্তার পাশে মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।


তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।