সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উপস্থিতিতে আয়োজিত ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার ব্যাখ্যা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। বিএনপির সাবেক নেতা হিসেবে পরিচয় তুলে ধরে তিনি বলেছেন, ২০১১ সালে দলটির নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি বিএনপির একজন সমর্থক।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির একজন সাবেক সদস্য ছিলাম। পদত্যাগ করেছি ২০১১ সালে। আমি বর্তমানে বিএনপির একজন সমর্থক। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-যেটাতে বর্তমান বিএনপি নাই।’
এনসিপির প্রোগ্রামে গিয়ে তার এমন বক্তব্যে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আসিফ আকবর দল পরিবর্তন করতে যাচ্ছেন।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের অনুষ্ঠানে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ বলেন, ‘সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করা এবং দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া। দেশের খেলাধুলায় নানা অসংগতি রয়েছে।’
আসিফ জানান, তিনি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট কোচিং থেকে উঠে এসেছেন। ১৪ বছর বয়স থেকেই ক্রীড়াঙ্গনের নানা বিষয় পর্যবেক্ষণ করছেন।
অনুষ্ঠানের উপস্থাপক তাকে বিসিবির সাবেক পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দিলেও তিনি বলেন, ‘আমি আসলে বিসিবির সাবেক ডিরেক্টর না।’
বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক ও বর্তমান কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন আসিফ আকবর। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন কমিটির নির্বাচন সঠিকভাবে হলেও বিসিবির ক্ষেত্রে তা হয়নি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সমালোচনা করে তিনি বলেন, বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্নের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশিত অবস্থানে যেতে পারেননি। এ সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েও মন্তব্য করেন তিনি।
আসিফ আরও বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবগুলো কমিটির নির্বাচন সঠিক ছিল। একমাত্র বিসিবিতে তারা সঠিক কিছু পায়নি। সঠিক কিছু না পাওয়ার কারণে অটোপাশ এমপি হতে পারে নাই, মন্ত্রী হয়েছেন। তার ঢাকা মহানগর উত্তরের দলীয় সদস্য পদ চলে গেছে। এখন উনি শুধু মন্ত্রী পদ নিয়ে আছেন, সেটাও যে কবে যায়?’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় মিডিয়াতে আমার বক্তব্যে প্রচারের পর তার সেই পদও টলমলে হয়ে যাবে। কারণ, একজন গোলরক্ষকের হাতে ক্রিকেট থাকতে পারে না। ফুটবলে তার কোনো ভূমিকা নেই, তাকে কেউ পাত্তা দেয় না।’
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ কাজে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে, যার দৃষ্টান্তও পাওয়া গেছে। তিনি সোমবার (২ নভেম্বর) সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সিলেট সফর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘তারা এখানে হস্তক্ষেপ করছে, উসকানি দিচ্ছে। শ্রমিকদের নানাভাবে উসকানি দিয়ে নামানোর চেষ্টা করছে। তার উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে। গতকাল ঘটনাস্থল থেকে ১১ জন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের একজন নেতা ওই উসকানির সঙ্গে জড়িত ছিলেন। ভেতর থেকে তারা যে কাজ করছেন, নিজেরাই আবার সেটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও তাদের কর্মকাণ্ড স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।’
তিনি আরও বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামানোর চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের এই চেষ্টা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮ মাস হলো একটি সরকারের বয়স। এই সরকার দেশের উন্নতি, আর্থিক উন্নতি, ব্যবসা সম্প্রসারণসহ নানা বিষয় নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক করছেন। সেখান থেকে বিনিয়োগ নিয়ে এসে দেশে বিনিয়োগের ব্যবস্থা করছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য ১৭ বছর লড়াই করেছে। অনেক রক্ত ঝরিয়ে, অনেক জীবন উৎসর্গ করে সেই লড়াই চালিয়েছে। অন্যদিকে, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা জনগণ বুঝতে পারছে।
তিনি বলেন, ‘এ দেশের জনগণ অত্যন্ত গণতন্ত্রকামী। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চায়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার জোট ক্ষমতায় এসেছে। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় কঠিন সংকটের মুখে ছিল। এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এতে দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সমাজে অস্থিরতা সৃষ্টি, চাঁদাবাজি, মাস্তানি ও মানুষের জমি দখলের মতো অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এলাকার মধ্যে কে উপযুক্ত প্রার্থী, কার জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা রয়েছে, তা স্থানীয় নেতারা ঠিক করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরদার হবে।
মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ‘দলটির সেক্রেটারি জেনারেল এ ব্যাপারে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, তা বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ। একইসঙ্গে, আরপিও ১৯৭২ এর নামমাত্র প্রতিপালনের মাধ্যমে নারীদের স্বতন্ত্র কমিটি গঠন করে দলের সর্বস্তরে নারীর অন্তর্ভুক্তি হিসেবে দাবি করাও শুভঙ্করের ফাঁকি।’ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি। এতে বলা হয়, বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি প্রদানের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবির গবেষণায় বলা হয়েছে, আরপিও, ১৯৭২ এর ধারা ৯০খ(১)(খ)(আ) অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ সদস্যপদ নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। কিন্তু বাস্তবে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে নারী সদস্যদের প্রতিনিধিত্ব বিশ্লেষণ করলে আইনের এই ধারা পরিপালনে ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি বলতে কেন্দ্রীয় বা জাতীয় নির্বাহী কমিটি বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে বোঝানো হয়েছে। সকল দলের ক্ষেত্রে একই ধরনের কমিটির তথ্য সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩-২৫ সময়কালে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই। যা আরপিওর সংশ্লিষ্ট বিধানের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে দলের প্রতিটি কমিটিতে নারী সদস্য থাকতে হবে।
জামায়াতে ইসলামীর বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া, দলটির রুকনদের (সদস্য) মধ্যে প্রায় ৪৩ শতাংশ নারী। এই গবেষণায় শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি অর্থাৎ কেন্দ্রীয় বা জাতীয় নির্বাহী পরিষদ বা কমিটিতে নারীদের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো দলের জাতীয় বা কেন্দ্রীয় কাউন্সিল বা সম্মেলন বা মজলিশে শুরায় কতজন নারী আছে, সে বিষয়ে উল্লেখ করা হয়নি। আরপিও, ১৯৭২Ñএ একটি দলে কতজন নারী সদস্য থাকবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। বরং নারী কর্মীদের মধ্যে থেকে কমিটিগুলোতে কতজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে। ফলে সেক্রেটারি জেনারেলের এ ধরনের অপ্রাসঙ্গিক দৃষ্টান্তের উল্লেখ, সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।
দেশের অন্য সকল রাজনৈতিক দলের সকল স্তরে একটি করে কমিটি থাকে, সেখানে বিভিন্ন হারে নারীদের অন্তর্ভুক্তি লক্ষ করা যায়। কিন্তু জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে শুধুমাত্র নারীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি স্তরে নারীদের জন্য স্বতন্ত্র কমিটি করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি স্তরে পুরুষদের জন্য একটি কমিটি এবং নারী কর্মীদের জন্য স্বতন্ত্র একটি কমিটি রয়েছে। একইভাবে নারী কর্মীদের স্বতন্ত্র মজলিসে শুরা বা কর্মপরিষদ রাখা হয়েছে। যদিও নারীদের জন্য পৃথক কোনো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রাখা হয়নি এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী কর্মী রাখা হয়নি। জামায়াতে ইসলামীর নেতৃত্বস্থানীয় কোনো পদে তথা আমীরে জামায়াত, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ইত্যাদি পদে নারীকর্মীদের অন্তর্ভুক্ত না করার চর্চা লক্ষ করা যায়। শুধুমাত্র নারীদের মধ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার করতে নারীদের জন্য স্বতন্ত্র কমিটি করার মাধ্যমে দলীয় কার্যক্রমে নারীদের প্রকৃত অন্তর্ভুক্তি বোঝায় না। বরং এক্ষেত্রে নারীদের একটি নির্দিষ্ট গÐীর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। নারীদের এই স্বতন্ত্র কমিটিগুলোকে দলে নারীর অন্তর্ভুক্তি হিসেবে দাবি করা এক ধরনের শুভঙ্করের ফাঁকি। অন্যদিকে এই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনে জামায়াতে ইসলামী থেকে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী তাদের দলের ৪৩ শতাংশ নারী সদস্য থাকলে তাদের মধ্যে থেকে একজন নারী সদস্যকেও নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। যদিও এ বিষয়ে জামায়াতে ইসলামী তাদের বিবৃতিতে কোনো মন্তব্য করেনি।
বিজ্ঞপ্তিতে টিআইবি বলছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের বিভিন্ন ধারা- ইসলামের মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে সমাজ গঠন এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে না নেওয়া, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধান ছাড়া অন্য সকল নিয়মনীতি ও পন্থাকে প্রত্যাখ্যান করা, ইসলামী আকিদা পরিপন্থী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না রাখা, দলের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সাথে একমত পোষণ সাপেক্ষে অমুসলিম নাগরিকদের জন্য সহযোগী সদস্য বা সদস্যপদ দেওয়া, গঠনতন্ত্রে মুসলিম ও অমুসলিম নাগরিকদের জন্য ‘সদস্য বা সহযোগী সদস্য’ পদ প্রাপ্তির ক্ষেত্রে পৃথক শর্ত আরোপ, নারীকর্মীদের জন্য পৃথক বিভাগ বা কমিটি ও পৃথক কার্যক্রম পরিচালনা করা ইত্যাদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের (সকল ক্ষমতার মালিক জনগণ; রাষ্ট্র পরিচালনার মূলনীতি- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, ধর্ম, লিঙ্গ প্রভৃতি কারণে বৈষম্য) সঙ্গে সাংঘর্ষিক।
টিআইবি জানিয়েছে, তাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি-বিষয়ক টিআইবির গবেষণালব্ধ তথ্যকে ‘অসত্য’ বা ‘বিভ্রান্তিমূলক’ বলে দাবি করার কোনো সুযোগ নেই। বরং টিআইবি মনে করে এই বিবৃতির মাধ্যমে জামায়াতে ইসলামী গবেষণা তথ্যকে অস্বীকার এবং অপ্রাসঙ্গিক তথ্য ব্যবহারের মাধ্যমে দলের মধ্যকার প্রকৃত রাজনৈতিক চর্চাকে আড়াল করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক
দলগুলোকে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের ফলাফলকে গুরত্বসহকারে বিবেচনায় নিয়ে উত্থাপিত সুপারিশ অনুযায়ী নিজ নিজ দলের প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বানও জানিয়েছে টিআইবি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিআইবির প্রতিটি গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সমাজবিজ্ঞানে অনুসৃত গবেষণাপদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয় এবং গবেষণায় তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করতে প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস হতে প্রাপ্ত তথ্যের মধ্যে সামঞ্জস্যতা বিধান, বিভিন্ন স্তর ও পর্যায়ে ক্রস চেকিংসহ সম্ভাব্য সকল সূত্র থেকে যাচাই-বাছাই করে গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। একইভাবে, আলোচ্য গবেষণায় রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত বা মনোনীত প্রতিনিধি ও দলের নেতা-কর্মী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক ও গবেষকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইটে প্রকাশিত ও দলীয় দপ্তর থেকে সংগৃহীত তথ্য, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, গবেষণা প্রবন্ধ ও পুস্তক থেকে তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পুরোনো ছবি
রাজধানীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি একথা লেখেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একেরপর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধীদল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে। তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলেরও মৌন সমর্থন আছে। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরও চরমভাবে দিতে হবে।
তিনি আরও বলেন, বিরোধীদল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এদের প্রতিহত করুক। তাহলেই বুঝব আসলেই বিরোধীদল প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়। অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সঙ্গে জামায়াত-এনসিপির আপস মীমাংসার বিষয়ে সন্দেহ সংসয় তো থেকেই যায়।
কর্তৃপক্ষ বুকিং বাতিল করায় ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে সেমিনার করতে পারেনি আওয়ামী লীগপন্থি সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)। তবে নির্ধারিত সময়ে অন্যত্র সেমিনারের আয়োজন করে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যোগ দেন। তবে সেনিমারের আমন্ত্রণপত্রে ১০ জন বক্তার নাম ছিল; তাদের আটজনই অনুপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বক্তব্য দেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির আলটো বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এনসিপি জানিয়েছে, ফিনল্যান্ডে তাদের নেতাকর্মীদের তৎপরতায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য জানানোর পর আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনারের বুকিং বাতিল করে।
‘বাংলাদেশ অ্যাট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছিল জিসিডিজি। সংগঠনটির সভাপতি ডা. হাবিবে মিল্লাত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সেমিনারে। সঞ্চালনা করেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামে একটি সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন, যিনি সাম্প্রতিক সময়ে আওয়ামীপন্থিদের বিভিন্ন সেমিনারে উপস্থিত থাকছেন। এ দুজন ছাড়াও সেমিনারে বক্তৃতা করেন ইউরোপের আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট নুরে জামান ভূঁইয়া।
একটি কক্ষের জানালার পর্দার সামনে বসে মোবাইল ফোনে সম্প্রচার করা ৩৫ মিনিটের এই সেনিমারের শেষ বক্তা ছিলেন শেখ হাসিনা। ছিল না কোনো ব্যানার, মঞ্চ। সেমিনারে যে বক্তারা উপস্থিত থাকবেন বলে আগে প্রচার করা হয়েছিল, সেই অতিথিরাও ছিলেন না। অতিথি তালিকায় নাম ছিল হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. পেক্কা তুওমিনেন, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর জেরে জানতুনেন, ভান্তা সিটির কাউন্সিলর সোইলে এরিকসন, হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা, ভান্তা সিটির কাউন্সিলর দ্রিলন ক্লোকোকি ও শেখর আচার্য, জ্যেষ্ঠ আইনজীবী নিলস হেনরিক ওয়াসেনিয়ুস, মানবাধিকারকর্মী মিক্কো ডামসক্যাগ এবং লেখক হাসান ব্লাসিমের। তারা উপস্থিত ছিলেন না।
অল্টারনেটিভ সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, তারা দুইজন অতিথির সঙ্গে কথা বলেছেন। যারা জানান, তাদের সম্মতি ছড়াই সেমিনারের অতিথি হিসেবে নাম ব্যবহার করা হয়েছে। হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা নিজের ফেসবুক ও ইন্সটাগ্রাম পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির ফিনল্যান্ড শাখার এনসিপির আহ্বায়ক আহাদ শিকদারের বরাতে বলা হয়েছে, আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেইলে জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার অংশগ্রহণের কথা জানানো হয়। তাদের বলা হয়, আদালতে প্রমাণিত খুনি ইউরোপের কোনো দেশে সেমিনার করতে পারেন না। এর পরিপ্রেক্ষিতে সেমিনারটির বুকিং বাতিল করে বিশ্ববিদ্যালয়।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ফিনল্যান্ডের দৃঢ় অবস্থান সম্পর্কে আমরা অবগত। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত অপরাধী সংগঠন আওয়ামী লীগ সে দেশের বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজনের চেষ্টা করায় তা জানানোর সিদ্ধান্ত হয়।
জামিনে কারামুক্ত হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্তির পরপরই জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আখতারুজ্জামান।
এর আগে সকালে কারাগার থেকে বের হওয়ার পর কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে নেতাকর্মীরা। পরে তিনি সরাসরি জামায়াত আমিরের বাসভবনে যান।
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় গত ২ অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।গত ১ নভেম্বর হাইকোর্ট তার বজামিন মঞ্জুর করেন। পরে ২ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। আজ সকালে তিনি কারামুক্ত হন।
বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি হচ্ছে মুনাফিকের দল। তারা জন্মগতভাবেই জাতির সাথে, রাষ্ট্রের সাথে প্রতারণা করে আসছে।
রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফার কথা বিএনপি বারবার বলে, রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি সেই ৩১ দফা ছুড়ে ফেলে দিয়ে রাষ্ট্রের প্রত্যকটি জায়গায় অন্ধ দলীয়করণে মেতে উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনের মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা। এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে তারা ৫ বছর শাসন করলেও তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করেনি।
শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের রক্তের উপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু তারা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে নিজেদের মতো ম্যানিপুলেশন করতে চায়। PSC সংস্কার করতে চায় না। ভাইভার নম্বর ৪-৫ গুণ বাড়িয়ে আবার তাদের দলীয় নেতাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করা এবং শুধুমাত্র লিস্ট নিয়ে নিজেদের নেতাকর্মীদের চাকরি দেওয়ার জন্য জনগণের সাথে, তরুণ প্রজন্মের রক্তের সাথে বেইমানি করার ছক আর কৌশল তারা করছে।
তিনি আরও বলেন, চা খাওয়ার দাওয়াতের নাম করে PSC-এর সদস্যদেরকে পদত্যাগ করানো হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই—যদি জনগণের সাথে, তরুণ প্রজন্মের চাকরি নিয়ে আবারও এই বেইমানি এবং প্রতারণার আশ্রয় আপনারা নেন, শেখ হাসিনাকে তখন সামলাতে পারেন নাই, সে তখন আপনাদের সামলানোর ক্ষমতা নাই।
সাদ্দাম হুশিয়ারী করে বলেন, জুলাই সনদই আপনাদের অস্তিত্ব। জুলাই সনদই আপনাদের ক্ষমতার ভিত্তি, জনগণের ম্যান্ডেটই আপনাদের ক্ষমতার ভিত্তি। সুতরাং সেটাকে যদি ডিনাই করেন, আপনাদের ওই ক্ষমতার মসনদ দুমড়ে-মুচড়ে শেষ হয়ে যাবে।