স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২৬ পিএম

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি।


বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্যাট্রিক স্টুয়ার্টের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরিবারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভোগার পর তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় স্ত্রী সানি ও পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে, সংগীত, প্রার্থনা, কান্না ও হাসির মধ্য দিয়ে জীবনের শেষ সময় কাটান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, তার শান্ত ও প্রশান্ত মুখচ্ছবি পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবন ছয় দশকেরও বেশি সময়ের। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।


পরে ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন। দীর্ঘ সময় ধরে চরিত্রটিতে অভিনয়ের মাধ্যমে মার্ভেলের অন্যতম পরিচিত মুখে পরিণত হন তিনি। ২০১০ সালে নাট্যশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ব্রিটিশ রাজপরিবার ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। তার মৃত্যুতে চলচ্চিত্র ও বিনোদনজগতের অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। 



সর্বশেষ সব খবর

সারা আলি খান কেদারনাথ মন্দিরে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১১:৪২ পিএম

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তার এ কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তবিরোধী দাবি করে অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইসলামি ধর্মীয় নেতা মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। একই সঙ্গে সারাকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে যান সারা আলি খান। সেখানে অন্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পূজো দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে। মন্দির দর্শনের সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা।


ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একটি ভিডিওবার্তা প্রকাশ করে সারার মন্দিরে পুজো দেওয়ার বিরোধিতা করেন মৌলানা মুফতি শেহাবুদ্দিন। তার দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী মুসলিমদের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-অর্চনা বা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।


ভিডিওবার্তায় মৌলানা জানান, কয়েকজন মুসলিম যুবক সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পূজো দেওয়ার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলেন। তাদের প্রশ্নের জবাব দিতে গিয়েই তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। সারার মন্দিরে গিয়ে পূজো দেওয়া এবং সেখানে প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়টি উল্লেখ করে মৌলানা বলেন, শরিয়তের দৃষ্টিতে এ কাজ অনুচিত। এ জন্য অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাইতে হবে। তা না করলে আল্লাহর কাছে তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন বলেও দাবি করেন ওই ধর্মীয় নেতা।


কেদারনাথ মন্দিরে সারা আলি খানের যাতায়াত এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার সেখানে গিয়েছেন তিনি। মন্দিরটির সঙ্গে নিজের গভীর আবেগের কথাও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।


২০১৭ সালে ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় বেশ কিছুদিন ওই এলাকায় ছিলেন সারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কেদারনাথ তাকে ব্ল্যাক কফি পান, পাহাড়ে ট্রেকিং এবং পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসার মতো নানা অভ্যাস ও আগ্রহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।


২০১৮ সালে মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমা। এতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

সর্বশেষ সব খবর

নাসিরুদ্দিন শাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৩ পিএম

কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং দলটির আইটি সেলের তীব্র সমালোচনা করে সরব হয়েছেন খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে অভিহিত করেছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট (SRFTI) এবং সম্প্রতি জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়নের প্রতিবাদ জানাতেই তিনি এই কঠোর বার্তা দিয়েছেন। কাউকেই ছাড় না দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দেশের তরুণ সমাজের পাশেই রয়েছেন তিনি। ভিডিওর শুরুতেই তাকে নিজের টি-শার্টে ‘দিমাগি নকশাল’ লেখা একটি ব্যাচ লাগাতে দেখা যায়।


ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন শাহ বলেন, গর্বের সঙ্গে তিনি নিজেকে দিমাগি নকশাল মনে করেন। বর্তমান শাসকগোষ্ঠী তাদের মতো মানুষদের ওপর আর কী কী তকমা সেঁটে দিয়েছে তা তিনি জানেন না। অ্যান্টি ন্যাশনাল কিংবা টুকরে টুকরে গ্যাংয়ের মতো তকমা তো রয়েছেই। তার মতে, দেশে যদি সত্যি কোনো টুকরে টুকরে গ্যাং থেকে থাকে, তবে তা হলো এই অবৈধ শাসনব্যবস্থা।


সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেতা বলেন, দেশের তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়া, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা এবং গণতন্ত্রকে বিপদের মুখে ফেলার জন্য শাসক ও তার আশপাশের বেইমান দল আর কত দূর যাবে? জেএনইউ থেকে শুরু করে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এবং এখন জামিয়া মিলিয়ায় ছাত্রদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে, তার কোনো কিছুই ভোলা হবে না। সব কিছু মনে রাখা হবে। বিজেপির আইটি সেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, তাদের সাধ্যমতো পুরো শক্তি প্রয়োগ করে যা খুশি তারা করতে পারে।


তবে এর মাধ্যমে না তো দেশের তরুণদের মনোবল ভাঙা সম্ভব হবে, না শিক্ষাব্যবস্থা নষ্ট করা যাবে এবং না কড়া গণতন্ত্রকে বিপদের মুখে ফেলা যাবে। দেশের এই তরুণ প্রজন্মকে তিনি স্যালুট জানান এবং তাদের জন্য নিজের সমস্ত প্রার্থনা থাকার কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, এটি প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনায় মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। এর আগে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ের শিবাজি পার্কে আরও অনেকের সঙ্গে একত্র হয়েছিলেন এই অভিনেতা।

সর্বশেষ সব খবর

রাসেল মিয়া

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৫৬ পিএম

কখনো সিনেমার প্রচারে রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে আবার কখনো নানা ব্যতিক্রমী কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন অভিনেতা রাসেল মিয়া। নিজের সিনেমার প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত- সব মিলিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন তিনি। এবার হঠাৎ করেই চলচ্চিত্র ও নাটকের জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন এই অভিনেতা। জানালেন, আল্লাহর কাছে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন রাসেল মিয়া। 


সেখানে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম। আল্লাহ দয়া করে আমাকে রেখে দিয়েছেন। 


আলহামদুলিল্লাহ!’এরপরই অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। রাসেল মিয়া লেখেন, ‘আজ থেকে আমার চলচ্চিত্র ও নাটকের কর্মস্থলের সকল কাজ থেকে আমি পুরোপুরি বিদায় নিলাম। তবে আমার সকল প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সবসময় আল্লাহর জন্য যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ! আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন।’


তবে কী ঘটেছিল তার জীবনে? কেন এমন সিদ্ধান্ত নিলেন, কিংবা আল্লাহর কাছে যাওয়ার কথা বলে ঠিক কী বোঝাতে চেয়েছেন—সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।


যেভাবে আলোচনায় এসেছিলেন রাসেল মিয়া


একসময় ইউটিউবে কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া রাসেল মিয়া পরবর্তী সময়ে চলচ্চিত্রে যুক্ত হন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া ‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে বড় পরিসরে আলোচনায় আসেন তিনি। সিনেমাটির নির্মাণের পাশাপাশি অভিনয়ও করেন রাসেল।


তবে সিনেমার গল্পের চেয়ে প্রচারণার ধরনই বেশি আলোচনার জন্ম দেয়। কখনো রিকশা চালিয়ে, কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করেন তিনি। এমনকি সিনেমাটিকে ‘পাপমুক্ত’ বলে প্রচার এবং ‘অজু নিয়ে দেখা যাবে’—এমন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন।


সিনেমাটির প্রচারণার সময় একটি প্রেক্ষাগৃহের সামনে তার কান্নার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় একদিকে যেমন তিনি আলোচনায় আসেন, অন্যদিকে নানা বিতর্কেরও জন্ম হয়।এরপর বিভিন্ন সময়ে নতুন সিনেমা ও ব্যতিক্রমী প্রচারণা নিয়ে সামনে এসেছেন রাসেল মিয়া। ২০২৫ সালে রকিবুল আলম রকিব পরিচালিত ‘গোয়ার’ সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিটির প্রচারণায় এফডিসির সামনে অসহায় মানুষদের নিজের হাতে রান্না করে খাবার পরিবেশন করেও আলোচনায় আসেন। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীরসহ অনেকে।


ব্যক্তিজীবন নিয়েও ছিল আলোচনা


শুধু অভিনয় কিংবা সিনেমার প্রচারণা নয়, ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন রাসেল মিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ বর্ষা চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। 


পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে রাসেল জানিয়েছিলেন, জীবনে আর বিয়ে করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত একা থাকার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন তিনি।


চলতি বছরের জুনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার খবরেও আলোচনায় আসেন এই অভিনেতা।


সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৭ পিএম
  • আপডেট : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৭ পিএম


উদীচী শিল্পীগোষ্ঠীর শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৭ পিএম

‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে থাকছে পুনর্মিলনী ও সাংস্কৃতিক পরিবেশনা।


উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সংগীত বিভাগের শিল্পীরা জাতীয় সংগীত, সংগঠন সংগীত ও একটি গণসংগীত পরিবেশন করেন। পাশাপাশি কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। রিপন আচার্য শিশিরের গ্রন্থনা ও শিখা সেন গুপ্তার নির্দেশনায় পরিবেশিত এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেগুনবাগিচা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে বিকেল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ১০০ বছর আগে বাঙালি মুসলিম সমাজে প্রগতিশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক ও লেখক মামুন সিদ্দিকি। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক এম এম আকাশ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।


দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার বিকেল ৩টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী। বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।


সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হবে গীতি-আলেখ্য ‘উদীচী, প্রগতির পদাতিক’। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া উদীচীর শিল্পীদের পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য শিল্পীদের একক ও সমবেত গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে গান পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের তরুণ জনপ্রিয় শিল্পী আরাত্রিকা সিনহাও। পারিবারিক সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।


১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলন, গণমানুষের অধিকার এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রেখে আসছে। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ঐতিহাসিক আন্দোলন ও প্রগতিশীল চিন্তাধারার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

অভিনেত্রী জয়া আহসান।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের প্রায়ই কাবু করেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার ভক্তদেরকে সোজাসুজি তিনি দিয়ে বসলেন, কফি খাওয়ার আমন্ত্রণ! তবে রেখেছেন বিশেষ শর্ত— কফির বিল দিতে হবে ভক্তকেই!


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে এই আমন্ত্রণ জানান জয়া। ছবিতে তাকে দেখা যায় এক নজরকাড়া লুকে। সাদা রঙের পোশাকে তার লুকটি ছিল ক্যাজুয়াল। তবে কমতি ছিল না তার গ্ল্যামারের।





কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী।


ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’


তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে মুহূর্তেই সাড়া পড়ে গেছে ভক্তদের। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন মজার সব মন্তব্যে। অনেকেই লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই।সব মিলিয়ে জয়ার এই পোস্টটি বেশ আলোচনায়ই এসেছে, বিশেষ করে তার এই ‘সরল আমন্ত্রণ’-নিয়ে অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে।


জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি তিনবার ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) জয় করেছেন। এছাড়া, অভিনয়ে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন তিনি।

সর্বশেষ সব খবর

তানজিন নাহার তিশা

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৭ পিএম

কোনো অনুমতি না নিয়ে ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 


আজ বুধবার ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য নিশ্চিত করেন।


শুভ্র সিনহা রায় বলেন, ‘নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তিশার বিরুদ্ধে মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হব।’


আইনি নোটিশে বলা হয়েছে, শাড়িকাণ্ডে অভিনয়শিল্পী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করা হয়েছে। মামলাগুলো চলমান। এর মধ্যে অভিনেত্রী তানজিন নাহার তিশা ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক Tanjin Tisha নামের পেজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এ ছাড়া বিবাদী তানজিন তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।


নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’ বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তাঁর ছবি নিজের ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন।


নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাস্তবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী সম্পর্কে বোন নন। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাঁদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছেন।


  তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ


নোটিশে আরও বলা হয়েছে, তিশা তাঁর ফেসবুক পোস্টে দুজন মাইনরের ছবি প্রকাশ করেছেন—এসব ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। যা সাইবার সুরক্ষা আইন ২০২৩–এর সুস্পষ্ট লঙ্ঘন।


এর আগে ২৬ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন আগের মামলার বাদী সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এ মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ সব খবর