উরফি জাভেদ। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২২ পিএম

নানা সময়ে আজব ও সাহসী ফ্যাশন স্টেটমেন্টের কারণে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড ডিভা উরফি জাভেদ। খোলামেলা বা আনকনভেনশনাল পোশাক পরে ক্যামেরার সামনে আসার জন্য নেটপাড়ায় সবসময় আলোচনার শিরোনামে থাকেন তিনি। তবে এবার আর কোনো অদ্ভুত পোশাকের জন্য নয়; বরং নিজের ফ্ল্যাটেই হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী উরফি।


মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বা কনটেন্ট শুট করার সময় হাউজিং সোসাইটি থেকে বাধাপ্রাপ্ত হন। এমন গুরুতর অভিযোগ তুলেছেন উরফি। সোসাইটি কমিটি এই কাজকে ‘কমার্শিয়াল অ্যাক্টিভিটি’ বা বাণিজ্যিক কার্যকলাপ উল্লেখ করে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছেন উরফি। এ বিষয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান।


ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি ক্ষোভ উগরে দিয়ে জানান, নিজের বাড়িতে তিনি কী করবেন বা কোন কনটেন্ট বানাবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের বিষয়।


উরফির দাবি, এর আগে অতিথিদের প্রবেশাধিকার এবং অন্যান্য মনগড়া নিয়ম নিয়ে সোসাইটির সঙ্গে তার তীব্র বিরোধ হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি বাধ্য হয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হন। পুলিশে অভিযোগের ফলে সোসাইটির কিছু সদস্য তার ওপর ক্ষুব্ধ হয়ে হেনস্তার কৌশল অবলম্বন করছে।এ ছাড়াও সোসাইটির পক্ষ থেকে তার ফ্ল্যাটের মালিককে চাপ দেওয়া হয়েছিল, যাতে তাকে দ্রুত বাড়ি থেকে বের করে দেওয়া হয়। উরফি জাভেদ অভিনেত্রীর অভিযোগ, তার বাড়িতে আসা অতিথিদের ব্যাগ ও জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে।


নিজের বাড়িতে ভিডিও তৈরিতে এ ধরনের বাধা বা সেন্সরশিপ কতটা আইনসম্মত, সেই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন উরফি। বর্তমানে তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বিস্ফোরক অভিযোগ নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হয়ে আলোচনার ঝড় তুলেছে।




প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:১৯ পিএম

প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামত করতে গিয়ে আগুন লাগার ঘটনায় করা মামলায় তার পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।


কারাগারে পাঠানো দুজন হলেন মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলামের দাবি, গাড়িটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়নি। 


তার ভাষ্য, ২০০৮ সালে মান্নার মৃত্যুর পর গাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেটি মেরামতের সময় যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। আজকে তাদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন মান্নার স্ত্রী। গাড়ি থেকে তেল পড়ায় ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে মান্নার স্ত্রী ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামত করতে বলেন।


অভিযোগে বলা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ না করে সোমবার মামুন টেকনিশিয়ান সোহেলকে নিয়ে ভবনের গ্যারেজেই গাড়ি মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। পাশের একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।


এ ছাড়া আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের কয়েকটি অংশের কাচও ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর ভবনটির ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। পরে বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ।


ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। বাইরে নিয়ে মেরামতের কথা থাকলেও মেকানিক ডেকে ভবনের গ্যারেজেই কাজ শুরু করা হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


  চিত্রনায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজারের জামিন


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এ যাত্রায় মুম্বাই পুলিশের তদন্তে অভিনেতা ইমরান হাশমির নামও উঠে এসেছে। পুলিশের দাবি, টাইগারকে নিশানা করার আগে ইমরানের বাড়িও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। তবে স্থানীয় এলাকায় খোঁজখবর করেও তারা অভিনেতার বাড়ি খুঁজে পায়নি। এর আগে সালমান খান ও আমির খানের বাড়িতেও নজরদারি চালানোর তথ্য সামনে এসেছে।


গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ওই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়িতে রেকি করেছিল। পরে আমির খানের বাড়ির ঠিকানার সন্ধান করারও চেষ্টা চালায় তারা। কিন্তু আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে গেছেন, এই তথ্য তাদের জানা ছিল না। ফলে তার বাড়িও খুঁজে পেতে ব্যর্থ হয় অভিযুক্তরা।এরপরই ইমরান হাশমির বাড়িতে রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ করেও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে পারেনি তারা।অন্য অভিনেতাদের বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সমাজমাধ্যমে টাইগার শ্রফের রিল দেখেই তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। মুম্বাই পুলিশের বক্তব্য অনুযায়ী, টাইগার প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন। সমাজমাধ্যমে সেই তথ্য পাওয়ার পরই তার গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।


তানজিন নাহার তিশা

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৩৪ পিএম

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।


লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বিবাদী তানজিন নাহার তিশার বিরুদ্ধে বাদী ঢাকার বিজ্ঞ সিএমএম আদালত ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। বিবাদী তানজিন নাহার তিশা গত ২৭ অক্টোবর তার রিফাইড ফেসবুক পেইজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এছাড়াও বিবাদী তানজিন নাহার তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।


নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন নাহার তিশা তাহার ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তাহার ছবি ফেইসবুকে আপলোড দিয়ে সম্মান হানির ঘটনায় লিপ্ত রয়েছেন।


নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাস্তবিকভাবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী কখনো বোন নয়। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্ব জায়গায় ভুল ভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাহাদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছে।


নোটিশে আরও বলা হয়েছে, তিশা তাহার ফেসবুক পোস্টে দুইজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোন অনুমতি নেওয়া হয়নি। যাহা সাইবার সুরক্ষা আইন ২০২৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।


লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির দুই (২) দিনের মধ্যে তিশার ভেরিভাইড ফেইসবুক পেইজ থেকে বাদীর সম্বলিত সকল ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে বাদীর কোন ছবি ফেইসবুক পেইজে প্রকাশ না করতে। অন্যথায় বাদী আইনজীবীর মাধ্যমে তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোন আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হইবে।


আগুনঝরা লুকে শাহরুখ

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ৪:২৬ পিএম

বলিউডের বাদশাহ শাহরুখ খান মানেই কখনো রোমান্স, কখনো দুর্ধর্ষ অ্যাকশন। এবার দুই রূপেরই ঝলক দেখা গেল তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টারে। মুখে গোলাপ, হাতে বন্দুক আর চারপাশে দাউদাউ আগুন এমন এক ভিন্নধর্মী লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। পোস্টারের সঙ্গে তার বার্তাও নজর কেড়েছে। নিজেকে খুনি নয়, প্রেমিক হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুখ।


হিন্দুস্তান টাইমস থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি... আশিক হুঁ।’ 


অর্থাৎ, ‘আজ আবার মনে পড়ল, খুনি নই, প্রেমিক আমি।’ শাহরুখের ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’-এর জনপ্রিয় গানের কথার সঙ্গে মিল রয়েছে এই সংলাপের। ফলে নতুন পোস্টার ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ ডিসেম্বর, বড়দিনের ছুটিকে সামনে রেখে। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। এ ছাড়া জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়েল ও সৌরভ শুক্লাকেও দেখা যাবে সিনেমাটিতে। 


২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম প্রকাশ করা হয়েছিল। প্রথম ঝলকে রুপালি চুলের এক ভয়ংকর অ্যাকশন হিরোর অবতারে দেখা যায় তাকে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘ডর নেহি, দেহশত হুঁ’ অর্থাৎ, ‘ভয় নই, আমি আতঙ্ক।’ 


‘কিং’-এর ট্রেলার প্রকাশে দেরি হওয়ায় সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাব দেন শাহরুখ। তিনি জানান, ভক্তদের অপেক্ষায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করছেন না নির্মাতারা। বরং সিনেমাটি ভালোভাবে তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপন করতে সময় নিচ্ছেন তারা। শাহরুখের কথায়, সবকিছুই ২৪ ডিসেম্বরের আগে প্রকাশ করা হবে। অর্থাৎ, সিনেমা মুক্তির আগেই ধাপে ধাপে সামনে আসবে আরও প্রচারণামূলক উপকরণ।


‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের দ্বিতীয় কাজ। অন্যদিকে, মেয়ে সুহানা খানের সঙ্গে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে অ্যাকশন, রোমান্স আর বাবা-মেয়ের প্রথম পর্দা-জুটি সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।


স্ত্রীকে পরম যত্নে আগলে রেখেছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ৪:১৫ পিএম

পরনে মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার সেট, খোলা চুল ও মেকআপহীন চেহারা। বোট থেকে নেমে অত্যন্ত সন্তর্পণে জেটিঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন আনুশকা শর্মা। পুরো সময়টায় স্ত্রীকে পরম যত্নে আগলে রেখেছেন বিরাট কোহলি। ছবিশিকারিদের ক্যামেরায় ধারণ করা এই মুহূর্তটি প্রকাশ্যে আসার পরই আনুশকা শর্মার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন তুঙ্গে উঠেছে।


সম্প্রতি মুম্বইতে কৃষ্ণদাসের কীর্তন শুনতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। গত কয়েক বছর ধরেই গ্ল্যামার দুনিয়ার আলো থেকে দূরে ধর্মে-কর্মে মন দিয়েছেন তারা। সেই ভিডিওগুলো যখন নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তখনই ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাট থেকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি নিয়েই বর্তমানে চারদিকে চলছে জোর চর্চা।


জানা গেছে, এদিন আলীবাগ থেকে ফিরছিলেন বিরাট ও আনুশকা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বোট থেকে নেমে ধীরে-সুস্থে জেটিঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন আনুশকা। সামনে ভিড় ঠেলে তাকে রাস্তা করে দিচ্ছেন বিরাট কোহলি। তার মুখে ছিল মাস্ক। হাসিমুখে কথা বলতে বলতে তারা সিঁড়ি বেয়ে উঠছিলেন। তবে সেলেব দম্পতির এই খুনসুটির চেয়েও নেটবাসীর নজর কেড়েছে আনুশকার পরিধানের পোশাক। ঢিলেঢালা পোশাকের ভেতর থেকে হালকা স্ফীতোদর উঁকি দিচ্ছে বলে দাবি অনেকের।


এছাড়া তার হাঁটার ভঙ্গি দেখেও একই অনুমান করছেন কেউ কেউ। আর তাতেই বিরাট ও আনুশকার তৃতীয়বার বাবা-মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। একবাক্যেই সকলের মনে প্রশ্ন জেগেছে, এই দম্পতি কি তবে তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন? ভামিকা ও অকায়ের কি তবে এবার দাদা বা দিদি হিসেবে পদোন্নতি হতে চলেছে? এমন নানা কৌতূহলে ছেয়ে গেছে নেটপাড়া।


এর আগে গত রোববার (২৫ অক্টোবর) মুম্বইতে আমেরিকান সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে ভক্তিতে মগ্ন হতে দেখা যায় এই জুটিকে। তারকা দম্পতির সেই আধ্যাত্মিক মুহূর্তও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, যেখানে হাততালি দিয়ে কীর্তনের সুর উপভোগ করার পাশাপাশি মৃদুস্বরে ভক্তিগীতিতেও গলা মেলাতে দেখা গিয়েছিল তাদের।


জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ১১:২০ এএম

একসঙ্গে জুটি হয়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাদের জুটির নাটকগুলোও দর্শকের প্রত্যাশা পূরণ করেছে। আবারও জুটি হয়ে পর্দায় এসেছেন এই দুই তারকা। নাটকটির নাম ‘ভালো আছো তো’। প্রকাশের মাত্র দুই দিনেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নাটকটি।


জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব ও নাজনীন নীহার অভিনীত ‘ভালো আছো তো’ প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। এর আগে একই নির্মাতার ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকেও জুটি হয়ে অভিনয় করেছিলেন তাঁরা। এবার সেই জুটি ও নির্মাতার নতুন কাজ দর্শকপ্রিয়তার নতুন নজির গড়েছে।


নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন নির্মাতারা। ইউটিউবের মন্তব্যের ঘরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের অধিকাংশ মন্তব্য প্রশংসাসূচক।


নির্মাণসংশ্লিষ্টদের মতে, শুরুতে চমকপ্রদ দৃশ্য, ধীরে ধীরে ঘটনার গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগের উপস্থাপন, দৃশ্যায়নে মুন্সিয়ানা এবং ব্যতিক্রমী শেষ দৃশ্য—সব মিলিয়ে দর্শককে ভিন্নমাত্রার অভিজ্ঞতা দিয়েছে ‘ভালো আছো তো’।


নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’


সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।’


নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।


অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ।