সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখ

  • প্রকাশ : সোমবার ১৩ এপ্রিল, ২০২৬, সময় : ৮:৪৩ এএম

ভারতীয় সংগীত জগতের আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বলতম নক্ষত্র। চিরতরে স্তব্ধ হয়ে গেল সেই চঞ্চল, মায়াবী আর চিরযৌবনা কণ্ঠস্বর। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণের সাথে সাথেই ভারতীয় চলচ্চিত্রের প্লে-ব্যাক সংগীতের এক স্বর্ণযুগের অবসান হলো। 


আশার প্রয়াণে আজ বিষণ্ণতার চাদরে ঢাকা পড়েছে বলিউড থেকে টালিউড। যে কণ্ঠ সাত দশকের বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মকে প্রেমের স্বপ্ন দেখিয়েছে, বিরহে সান্ত্বনা দিয়েছে আর উদযাপনে মেতে উঠতে শিখিয়েছে, সেই কণ্ঠের জাদুকরী ছোঁয়া থেকে আজ বঞ্চিত হলো সুরপিয়াসীরা।


বি-টাউন থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িংরুম, সর্বত্রই আজ হাহাকার। সালমান খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যেকের চোখেই আজ জল। আর তাদের স্মৃতিচারণায় উঠে আসছে তার সাথে কাটানো অমলিন কিছু মুহূর্ত। 


আশা ভোঁসলের প্রয়াণে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া শোক প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তার কথায়, ‘মনে হচ্ছে যেন শৈশবের একটা টুকরোকে হারিয়ে ফেললাম।‘ বিদেশে থাকলেও নিজের দেশের এই সুর-সূর্যের অস্তাচলে তিনি মর্মাহত। তার কাছে আশাজির গান মানেই ছিল জীবনের স্পন্দন।


অন্যদিকে, সালমান খান তার প্রিয় ‘আশা দিদি’র প্রয়াণে ভেঙে পড়েছেন। সালমান জানিয়েছেন, আশাজি তার হৃদয়ে এক অপূরণীয় স্থান দখল করে ছিলেন। তার চলে যাওয়া কেবল সংগীত জগতের নয়, গোটা বিনোদন বিশ্বের জন্য এক বিশাল ক্ষতি। সালমানের মতে, আশাজির মতো কণ্ঠ আর কখনও ফিরে আসবে না।


এছাড়া পরিচালক রামগোপাল ভার্মা তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘রঙ্গিলা’র কথা স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘রঙ্গিলা রে’ গানটি যখন রেকর্ড করা হয়েছিল, তখন সেটি গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল। আশাজির সেই অনন্য গায়কী এবং এনার্জি আজও মানুষের মনে টাটকা। সেই কালজয়ী সৃষ্টির কারিগর আজ ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন, এটা ভাবতেই বাকরুদ্ধ পরিচালক।


এদিকে শোকের এই আবহে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রজেক্ট ‘রাজা শিবাজি’র গান ‘ছত্রপতি’ মুক্তির কথা ছিল আজই। কিন্তু কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেই অনুষ্ঠান স্থগিত করে দিয়েছেন।


উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর-জাদুকরী আশা ভোঁসলে। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র ১০ বছর বয়সে গাছের তলায় দাঁড়িয়ে ট্রেনের আওয়াজের মধ্যে প্রথম গান রেকর্ড করেছিলেন তিনি। সেই শুরু, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।


২০টিরও বেশি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন তিনি। ‘দম মারো দম’ থেকে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, কিংবা ‘দিল চিজ কেয়া হ্যায়’ কিশোর কুমার, মান্না দে বা মহম্মত রফিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গান গেয়েছেন তিনি।


ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছিল। সুরের আকাশ আজ ম্লান, কিন্তু তার রেখে যাওয়া কয়েক হাজার গান অমর হয়ে থাকবে প্রতিটি সংগীতপ্রেমীদের হৃদয়ে।





অভিনেতা মিঠুন চক্রবর্তী

  • প্রকাশ : শুক্রবার ০৭ আগস্ট, ২০২৬, সময় : ৭:৪৪ পিএম

কিংবদন্তি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই অভিনেতা বর্তমানে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও একই হাতে অস্ত্রোপচার করিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবার ঠিক কী কারণে পুনরায় অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।


অস্ত্রোপচারের পর অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।



সালমান খান

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬, সময় : ৫:২৬ পিএম

বলিউড সুপারস্টার সালমান খান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দায়ের করা এক মামলায় আদালত তাকে তলব করেছেন। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার বোন আলভিরা অগ্নিহোত্রীকেও। 


বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তা অভিযোগ করেছেন, সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর নাম ব্যবহার করে তাকে গয়নার শোরুম খুলতে উৎসাহিত করা হয়। কিন্তু ব্যবসা শুরুর পর চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। 


অরুণ গুপ্তার দাবি, শোরুমে তার মোট ৩ কোটি রুপি বিনিয়োগ ছিল। ব্যবসা শুরুতেই প্রায় ১ কোটি রুপি ব্যয় হয়। তবে ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি বিক্রির লাইসেন্সধারী প্রতিষ্ঠান স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না করায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে শোরুমটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সালমান খানের পক্ষ। তাদের দাবি, অরুণ গুপ্তার সঙ্গে সালমানের কোনো প্রত্যক্ষ চুক্তি ছিল না। তিনি কেবল ব্র্যান্ডের লাইসেন্স ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। 


মামলাকারীর আরও দাবি, ‘বিগ বস’-এর সেটে সালমান খানের সঙ্গে তার দেখা হয়েছিল এবং শোরুম উদ্বোধনে যাওয়ার আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত সালমান খান বা আলভিরা অগ্নিহোত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 


আদালত আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। একই সঙ্গে স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পরিচালকদের পাশাপাশি সালমান খান ও আলভিরা অগ্নিহোত্রীকেও তলব করা হয়েছে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংগীতশিল্পী রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: বাসস

  • প্রকাশ : শুক্রবার ২৪ জুলাই, ২০২৬, সময় : ১২:০০ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ৬২ বছর পর গান গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।


সুরের মূর্ছনায় দর্শকে মোহিত করে অগণিত শ্রোতাদের মুগ্ধ করলেন কিন্নরকণ্ঠী। বানভাসি অসহায় মানুষের সাহায্যার্থে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পিপাসুদের হৃদয় জয় করে নিলেন তিনি।


‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ শিরোনামের এই একক সংগীতানুষ্ঠানে নিজের জনপ্রিয় ও কালজয়ী দশটি গান গেয়ে শোনান দেশবরেণ্য এই শিল্পী।


দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা ৭৪ বছর বয়সি রুনা লায়লা সংগীত ভুবনের এক দীপশিখা। তিনি প্রমাণ করেছেন সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, এটি হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা ও দেশাত্মবোধের মেলবন্ধন।


পুরো অনুষ্ঠানে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল- কেমন করে সাবলীলভাবে এসব গান গাইলেন, কেউ কেউ বলেছেন- রুনা লায়লার তুলনা রুনা লায়লাই। ক্যারিয়ারে কণ্ঠ থেকে তিনি যে সুর ছড়িয়েছেন, সেই সুরে তারুণ্যের উন্মাদনাই ফুটে উঠেছে। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে এটাই রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান।


দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন রুনা লায়লা ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ অনুষ্ঠান। একে একে নিজের জনপ্রিয় দশটি গান পরিবেশন করেন। 


বন্যার্ত মানুষের সাহায্যার্থে শিল্পকলা একাডেমির আয়োজনে এগিয়ে আসেন কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লা।


শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 


বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সচিব কানিজ ফাতেমা।


মিলনায়তনের ভেতর ও বাইরে কানায় কানায় পূর্ণ আসরে তার প্রতিটি গানের পরিবেশনা শেষে নাট্যজন আফজাল হোসেনের উপস্থাপনায় দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালি ও করতালির মাধ্যমে গানের আবেদন শিল্পীকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে।


সালমান খান

  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ৬:১৯ পিএম

বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রকাশ্যে জানালেন জেলে কাটানো সময়ের অভিজ্ঞতা। রিয়েলিটি শো অ্যালায়েন্স-এ ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে কারাগারের কঠিন পরিবেশের কথা তুলে ধরেন তিনি।


সম্প্রতি প্রকাশিত শো-টির একটি প্রোমোতে সালমান বলেন, 'অনেক বছর আগে যখন আমি জেলে ছিলাম, তখন আমাদের সামনে লোহার গ্রিল ছিল। খুব ছোট একটি জায়গায় ৬০-৭০ জন মানুষ থাকত। সবার জন্য ছিল মাত্র একটি ভারতীয় স্টাইলের বাথরুম। সেখানে কখনও টিকটিকি থাকত, আবার অনেক সময় পানি ও ময়লায় ভরে থাকত।'


এর আগে পডকাস্টেও বলেছিলেন জেলের অভিজ্ঞতা জানিয়েছিলেন সালমান। চলতি বছরের শুরুতে ভাগ্নে আরহান খানের পডকাস্ট ডাম্ব বিরিয়ানিতে জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন সালমান।


সেখানে তিনি বলেন, 'অনেকে বলে থাকেন আমি ক্লান্ত। এটা নিয়ে মানুষ হতাশায় ডুবে যায় কিন্তু আমি বলি, উঠে দাঁড়াও। যতই ক্লান্ত হও না কেন, কাজ করো। অনেকে বলে ঘুম হয় না। আমি বলি, ঘুমিও না, কাজ করো। দেখবে নিজে থেকেই ঘুম চলে আসবে। এসব অজুহাত আমি বুঝি না।'


সালমান খানের ভাষায়, 'আমি সাধারণত দেড় থেকে দুই ঘণ্টা ঘুমাই। মাসে একদিন হয়তো সাত ঘণ্টা ঘুম হয়। শুটিংয়ের ফাঁকে পাঁচ মিনিট সময় পেলেও চেয়ারেই ঘুমিয়ে নিই। আর এমন জায়গায়, যেখানে কিছুই করার ছিল না-যেমন জেলে-সেখানেই ঘুমিয়েছি। কারণ সেখানে করার মতো আর কিছুই ছিল না।'


তিনি আরও বলেন, ‘কাজ কিংবা পরিবারের ক্ষেত্রে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হয়। পরিবার, বন্ধু এবং নিজের কাজের পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


১৯৯৮ সালের কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলায় সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। ২০০৬ সালে এই মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই জামিন পান। 


পরে ২০১৮ সালে একই মামলার একটি রায়ে আবারও তাকে কারাদণ্ড দেওয়া হয়। সে সময় কয়েক দিন কারাগারে থাকার পর তিনি পুনরায় জামিনে মুক্তি পান।


সূত্র: এনডিটিভি


ইলিয়াস কাঞ্চন

  • প্রকাশ : সোমবার ০৩ আগস্ট, ২০২৬, সময় : ৫:৩৬ পিএম

যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে দেশে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। 


আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খবরটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি বলেন, ‘রোববার বাংলাদেশ সময় গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মেয়ে ও জামাতাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন ইলিয়াস কাঞ্চন ভাই। আজ বিকেল পাঁচটায় তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।’


ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলে তার চিকিৎসা। 


গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেনি। পরে চিকিৎসক জানান, তার ব্রেন ক্যানসারের কথা।


পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় মধ্যে প্রায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন। তিন ধাপে সব মিলিয়ে মোট শ খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।


লিটন এরশাদ বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে দেশে বাইরে থাকতে থাকতে ইলিয়াস কাঞ্চন ভাই অস্থির হয়ে ওঠেছেন। দেশে ফেরার জন্য তার মন টানছিল। পরিবারকেও বলছিলেন, তৃতীয় ধাপের থেরাপি যেহেতু শেষ হয়েছে, কয়েক মাসের জন্য দেশে ফিরতে চান। কাঞ্চন ভাইয়ের ইচ্ছাতে তাকে দেশে আনা হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি গত ৩০ জুলাই শেষ হয়েছে। এরপর আবার তার নতুন চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন কাটাতে চাইছেন।’


কতদিন দেশে থাকবেন-এ প্রশ্নে লিটন বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই সম্ববত ৭ থেকে ১০ দিন দেশে অবস্থান করবেন। এরপর আবার যুক্তরাজ্যে যাবেন।’


সাদিয়া জাহান প্রভা।

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করে ভক্তদের কৌতূহলে রাখেন তিনি। এবারও তেমনই এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।


সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ এবং স্নিগ্ধ এথনিক লুকে ধরা দিয়েছেন তিনি। খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।


তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে ক্যাপশনটি। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’


কার উদ্দেশে এমন আবেগঘন বার্তা লিখেছেন, সে বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এই কথাগুলো লিখেছেন। তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের বেঞ্চে বসে, কখনো ফুলের দিকে হাত বাড়িয়ে, আবার কখনো রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।


এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।