কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টানা ২৬ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মেস ও আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেখা দিয়েছে তীব্র পানি সংকট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে চলমান পরীক্ষার প্রস্তুতিও ।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানি সংকট চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে খাবার পানি, গোসল ও ওয়াশরুমের পানি এমনকি রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় পানিও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে হলগুলোতে বসবাসরত শিক্ষার্থীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
সুনীতি শান্তি হলের আবাসিক শিক্ষার্থী শামীমা আক্তার বলেন, '২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। আমরা পানি সংকটে ভুগছি। ওয়াশরুম ব্যবহার করা যাচ্ছে না, গোসল করা যাচ্ছে না, এমনকি খাওয়ার পানিও নেই। পড়াশোনার জন্য হলে এসেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও জানি না। প্রভোস্টের উচিত ছিল আমাদের সমস্যাগুলো জানা ও অন্তত একটি আশ্বাস দেওয়া।'
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী নিলয় বলেন, 'এখন আমাদের পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছি না। অনেক কিছুই এখন অনলাইনভিত্তিক, কিন্তু বিদ্যুৎ না থাকায় আমরা মারাত্মক সমস্যায় পড়েছি। প্রতিটি হলে ২-৩টি টিউবওয়েল স্থাপন এবং বিকল্প বিদ্যুৎব্যবস্থা হিসেবে সোলার সিস্টেম চালুর করা দরকার।'
আইসিটি বিভাগের শিক্ষার্থী জয়নাব আক্তার সাইমা বলেন, 'ল্যাপটপে চার্জ নেই, মোবাইল চার্জ নেই, পানিও নেই। সামনে পরীক্ষা থাকায় বাধ্য হয়ে বন্ধুর মেসে চলে যাচ্ছি। প্রশাসন যদি অন্তত জেনারেটরের ব্যবস্থা করত, তাহলে এই ভোগান্তি হতো না।'
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফাহমিদা হক বলেন, 'বিদ্যুৎ না থাকায় গতকাল রাত ৯টার পর দোকানগুলোতেও খাবার পাওয়া যায়নি। আজও বিদ্যুৎ না এলে হলে খাবার সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই ইতোমধ্যে হল ছেড়ে বাড়িতে চলে যাচ্ছে, কারণ কেউই জানে না কখন বিদ্যুৎ আসবে।”
শিক্ষার্থীরা দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন জানান, “কাজ প্রায় শেষ। সংশ্লিষ্টদের কাছ থেকে আপডেট পেয়েছি। আশা করছি রাত ৯টার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদে পদচারণা করবে। কিন্তু আমরা দেখেছি ক্ষমতা পাওয়ার সাথে সাথে ছাত্রদলের ভাইয়েরা ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করার জন্য সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা করা শুরু করেছে। আমরা ধৈর্য ধারণ করছি। ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, তাহলে আপনাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলব।
বুধবার ( ৫ আগস্ট) দুপুরে জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 'অদম্য জুলাই মিছিল' পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "বর্তমান ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবারও গণরুম-গেস্টরুম কালচারের পাঁয়তারা করছে। তারা ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি জায়গায় আবারও গণরুম-গেস্টরুম কালচার চালু করে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আর সহ্য করবো না। শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ার মাধ্যমে এই গণরুম-গেস্টরুম কালচার চালুকারিদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো।"
ছাত্রলীগের পরিণতির স্মরণ করিয়ে তিনি বলেন, ''আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল হল দখলের রাজনীতি মূলোৎপাটন করা। কিন্তু আমরা দেখেছি যে, সেই রাজনীতি আবার শুরু হয়ে গেছে। আমরা সতর্ক করে দিতে চাই, ছাত্রলীগ এই কাজ করেছে, সুতরাং ছাত্রলীগের পরিণতি কি ভয়ানক হয়েছে, সেই পরিণতির দিকে আপনারা আসবেন না।"
নানান আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।
দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসিসি মিলনায়তনে এসে আলোচনা সভায় সমবেত হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা, ছাত্র-শিক্ষকদের জুলাই বিপ্লবের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং জুলাই ৩৬ এর ২য় বর্ষ পালন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সমিতি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে গ্রেফতারকৃত শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষক-কর্মকর্তার সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিজের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য উৎসর্গ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সমবেদনা; তাদের পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। একই সাথে এই বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার দিন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অন্যায়ভাবে যাদেরকে গুম ও হত্যা করা হয়েছে, তারাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মূল ভূমিকা রেখেছেন। সেই সাথে এই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে যে সকল প্রাজ্ঞ ব্যক্তি চিন্তা করেছেন, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরও বলেন, বিপ্লবের সময়ে ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে অবস্থান নেওয়াটা মোটেই কোনো সহজ বিষয় ছিল না, অনেক কঠিন বিষয় ছিল।
আমরা ২৪ জুলাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট তাড়িয়েছিলাম; আজ আবার নতুন করে শপথ গ্রহণ করি। আমি মনে করি যে জুলাই একটি আবেগ ছিল, কিন্তু পুরোটাই যদি আবেগের বশবর্তী হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য—আমি আগেও বলেছি, আজও এই ৫ আগস্টের ৩৬ জুলাই উপলক্ষে বলতে চাই—সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এদেশ আমাদের। এ দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা যে যেখানেই থাকি না কেন, এ দেশটাকে আমরা ভালোবাসি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সমালোচনা থাকবে এবং সেটি আমরা অব্যাহত রাখব।
এরপরে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মহিলাদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাককানইবি উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন
“জুলাই গণঅভ্যুত্থান দিবস এক অর্থে গণতন্ত্র পুনরুত্থান দিবস। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই একদিকে আনন্দঘন, অন্যদিকে বেদনাবিধুর। এই মাস দেশের জন্য আত্মত্যাগের স্মারক। “জুলাই মানে সন্তানহারা মা-বাবার বুকফাটা কান্না, ভাইহারা বোন ও বোনহারা ভাইয়ের কান্না। পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস মানুষের জীবন। অথচ দেশের প্রয়োজনে এ দেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জুলাইয়ের শহিদরা জীবন দিয়ে মৃত্যুকে জয় করেছেন।”
উপাচার্য আরও বলেন, ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছিল। সেই চেতনাকে ধারণ করে সব ধরনের বিভেদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে বক্তব্যের শুরুতে তিনি জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেশের জন্য আত্মাহুতি দেওয়া ব্যক্তিদের এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
আলোচনা সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং অনেকে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নির্মিতব্য প্রস্তাবিত জুলাই সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক,খ,গ,ঘ মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট ১২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
"ক" দলে নার্সারী থেকে ২য় শ্রেণী পর্যন্ত শিশুরা অংশ নেয় এবং এতে ১ম স্থান অধিকার করে শিশু নিকেতনের রাইয়ান আদিয়ান, ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ওয়াসিফা রহমান ইনারা এবং ৩য় স্থান অধিকার করে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের খাদিজা তুজ তাহিরা।
"খ" দলে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় এবং এতে ১ম স্থান অধিকার করে কে বি হাই স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মোঃ শায়ান হোসেন, ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র জারিফ আরিয়ান এবং ৩য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের নেহরিন ইঞ্জিলা সাত্তার।
"গ" দলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ১ম স্থান অধিকার করে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী তানিশা তাবাসসুম ইথা, ২য় স্থান অধিকার করে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী শ্রেয়া মন্ডল অন্বেষা এবং ৩য় স্থান অধিকার করে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিম হোসেন রাইসা।
"ঘ" দলে ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।১ম স্থান অধিকার করে ভবেখালি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ফাতিমাতুজ জাহরা, ২য় স্থান অধিকার করে কে বি হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র সামিন নিহাল এবং বিশেষ পুরস্কার দেওয়া হয় কে বি হাই স্কুলের জাইমা ইসলামকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এ গণঅভ্যুত্থান থেকে অর্জিত চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা সচেতন থাকতে উদ্বুদ্ধ করবে।
জুলাই’২৪ গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে ধারণ করে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ আগষ্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু করে কৃষি অনুষদের করিডোর হয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা।
শোভাযাত্রা শেষে সকলের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনর সূত্র ধরেই এদেশের সাধারন জনগন রাজপথে নেমেছিল ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করার জন্য। এদেশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, হেলিকপ্টার থেকে গরম পানি নিক্ষেপ থেকে শুরু করে এমন কিছু নেই যেটা সেই ফ্যাসিবাদী সরকার করেনি।"
তিনি আরও বলেন, "তারা এখনো নানা বিধি চেষ্টা করছে এই অর্জনকে ধূলিসাৎ করার। কিন্তু এদেশের নিপীড়িত মানুষ আর কখনোই তাদেরকে বাংলার মাটিতে মেনে নিবে না।"
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ থেকে অর্জিত জ্ঞান তুলে ধরতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সামনে এ প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
এতে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রাকিব হাসান, সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনসহ অন্যান্য অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা দেড় মাসে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সম্পন্ন করা ইন্টার্নশিপের অভিজ্ঞতা উপস্থাপন করেন। প্রতিটি শিক্ষার্থী পোস্টারের মাধ্যমে ইন্টার্নশিপ চলাকালে ব্যবহৃত প্রযুক্তি, গবেষণার ফলাফল এবং অর্জিত দক্ষতা তুলে ধরার চেষ্টা করেন।
পোস্টারগুলোতে জিনোম ও ট্রান্সক্রিপ্টোম বিশ্লেষণ, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (NGS), ভ্যারিয়েন্ট কলিং, মেশিন লার্নিংভিত্তিক জিন শনাক্তকরণ, কৃষিতে জিওস্পেশিয়াল এআই, ইউএভি (ড্রোন) নির্ভর প্রিসিশন এগ্রিকালচার, ডেঙ্গু পূর্বাভাস মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বায়োমেট্রিক ও ডকুমেন্ট ভেরিফিকেশন, মাছের জিনোম বিশ্লেষণসহ নানা আধুনিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজের স্থান পায়।
প্রেজেন্টেশনে অংশ নেওয়া বায়োইনফরমেটিক্সের শিক্ষার্থী এম রাফিউল বাহার রাফি বলেন,
"প্রথম ব্যাচ হিসেবে আমরা দেড় মাস দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছি, যেখানে ডিএনএ, আরএনএ ও জিনোমিক ডেটা বিশ্লেষণসহ বায়োইনফরমেটিক্সভিত্তিক কাজ পরিচালিত হচ্ছে। ইন্টার্নশিপের মাধ্যমে বাংলাদেশের এ খাতের বর্তমান সক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতে কৃষি, জনস্বাস্থ্য, জীবনিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ এবং দেশীয় স্টার্টআপ ও প্রতিষ্ঠান গড়ে তুলে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। আজকের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ইন্টার্নশিপে অর্জিত অভিজ্ঞতা ও দেশের বায়োইনফরমেটিক্স শিল্পের বর্তমান চিত্র সবার সামনে তুলে ধরেছি।"
উল্লেখ্য, ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীরা ইনভেন্ট টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (বিএফআরআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), মাইক্রোম্যাক টেকনো ভ্যালি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।