সালমান শাহ ও শাবনূর

  • প্রকাশ : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:২৭ পিএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। দিনটিকে ঘিরে প্রয়াত নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে প্রয়াত নায়কের সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি। 


একইসঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অসম্মানজনক বা মিথ্যা অপবাদ না ছড়ানোর জন্য সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন এই নায়িকা। 


পোস্টে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। 


শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’ 


শাবনূর উল্লেখ করেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয় যেন সালমান শাহ আবার সেই সোনালী দিনগুলোতে ফিরে এসেছেন। পাশাপাশি, মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা করেন শাবনূর। 


পোস্টের শেষাংশে একটি বিশেষ বার্তাও জুড়ে দেন একসময়ের তুমুল দর্শকপ্রিয় এ চিত্রনায়িকা। সবার প্রতি শাবনূরের অনুরোধ, সালমান শাহকে নিয়ে কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন। 


অভিনেত্রীর ভাষায়, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’ 




  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৫ পিএম

ঢালিউড চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা। আদালত চত্বরে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা, গায়ে হাত দেওয়ার অভিযোগ এবং সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির আচরণের সমালোচনা করে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পরীমনি। এ সময় গাড়িতে ওঠার মুহূর্তে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অভিনেত্রী।


ওই ব্যক্তি সাংবাদিক রবিউল ইসলাম রাজু। তার দাবি, তিনি শুধু ভিডিও ধারণ করছিলেন। পরীমনি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করে রাজু জানান, তার একটি হাত ঠিকমতো কাজ করে না। অন্য হাত দিয়ে তিনি মোবাইল ব্যবহার করছিলেন।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মুজাহিদ শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিম্নমানের এই অভিনেত্রীকে মাথায় উঠিয়েছেন দেশের রাঘববোয়ালরা। রাজুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে অত্যন্ত বিনয়ী একটা ছেলে। গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। এর চেয়ে বড় প্রশ্ন হলো তার একটি হাত সচল। অপর হাতটি দিয়ে সে মোবাইল চালায়, মোজো রিপোর্টিং এর জন্য।


অন্যদিকে সাংবাদিক রাকিব হাসান লিখেছেন, রবিউল ইসলাম রাজু আমার দেখা সবথেকে ভদ্র বিনয়ী ও হাসিখুশি একটা ছেলে। আর কোন মেয়ে মানুষের ধারেরকাছে ঘেঁষা তো দূরের কথা, জোরে কথাও বলে না। অথচ আমাদের এই রাজুকে ই হেনস্তা করেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে। আফসোস হয় এই সমাজে এসব হাইক্লাস.... দের দাম অনেক বেশি। তাদের অনেক ক্ষমতা। রাজু হয়তো বিচার পাবে না। কেউ হয়তো তার পক্ষে কথাও বলবে না। তবুও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।


তুলন ভাই নামে একজন লিখেছেন, তুই আমার গায়ে হাত দিছস কেন বাই*** সাংবাদিকতা সো*** আমার লগে? এভাবে হাজার মানুষের সামনে গালিগালাজ করছিল পরীমনি৷ পরীমনি বলছিল, এই শার্ট পরা সাংবাদিক নাকি তার গায়ে হাত দিছে৷ যদিও ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি৷ যদি করেও থাকে এটা অবশ্যই অন্যায় সেটার জন্যে পুলিশে দেন কিংন্তু প্রকাশ্যে গালাগালি করা একজন পাবলিক ফিগারের শোভা পায়? পরীমনি আজ না, এর আগেও তার লাইভে এমনকি পোস্টে গালাগালি করতো৷ অথচ সে নাকি অনেকের আইডল৷ পরী লাস্ট কি মুভি করছে এটা কেউ নাম ও বলতে পারবে না৷ অথচ ওর লাইফ স্টাইল দেখেন৷ এতো টাকার উৎস আসলে কই থেকে আসে? পুরনো একটা মামলার জামিন নিতে আজকে আদালতে সে আসছে ১০ বডিগার্ড নিয়া। এরপর সাংবাদিকদের ফোন কেড়ে নিছে পরীমনির বডিগার্ডরা৷ এমনকি তাদের গায়ে হাতও দিছে৷ মানে ওই কি এ দেশের প্রেসিডেন্ড হয়ে গেল নাকি, বুঝলাম না৷


এর আগে কালবেলা অনলাইনকে রবিউল ইসলাম রাজু বলেন, আদালতের লিফটে ওঠার সময় থেকেই পরীমনির সঙ্গে তার অপ্রীতিকর পরিস্থিতির শুরু। ভিডিও ধারণ করার সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।


পরিমনি

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৬ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গতকাল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত। এই মামলায় পরীমনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা গেছে, গতকাল এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীমনির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।


মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।


এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।


এ মামলার অন্য দুই আসামি হলেন—পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।


মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।


এতে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।


বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, পরীমনি সাভার থানায় বাদী হয়ে নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।


পরীমনি

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৭ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন চিত্রনায়িকা পরীমনি।


পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।”


ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান বুধবার পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


এদিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী সুরভী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, `অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায়’ পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি।


অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এর বিরোধিতা করে পরীমনির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আসামি ‘ইচ্ছাকৃতভাবে’ আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।


পরে আদালত আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করে পরীমনির জামিন বাতিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। সেই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করে।


২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আদালতে মামলাটি করেন। অভিযোগের বিষয়ে তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়।


মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ২০২৩ সালের ১৮ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে পরীমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের ‘সত্যতা পাওয়ার’ কথা বলা হয়।


ওই বছরের ১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন হাজির হওয়ার জন্য সমন জারি করে। নির্ধারিত দিনে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তারা।


২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনি ও জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ।


সেদিন পরীমনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।


এরপর ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেন পরীমনি। ওই বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান আবেদনটি খারিজ করে দেন। ফলে মামলাটির বিচার কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকেনি।


ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ২০২১ সালে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ তোলেন। তার অভিযোগ, ওই বছর ৮ জুন রাতে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করা হয়।


পরে পরীমনি মামলা করলে ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হয়। নাসির তখন ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।


পরীমনির দায়ের করা মামলার বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় নাসির উদ্দিন ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা এই মামলা করেন।


মামলার আরজিতে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা সেদিন ক্লাবে ঢুকে মদ পান করে অর্থ পরিশোধ না করেই যেতে চাচ্ছিলেন। বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন নাসিরের দিকে এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাত পান।


নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।


অন্যদিকে সাভার থানায় পরীমনির করা মামলায় অভিযোগ ছিল, ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যাওয়া হয় এবং নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ ও মারধর করেন।


ফলে বোট ক্লাবকাণ্ডে পরীমনি ও ব্যবসায়ী নাসির দুজনই এখন বিচারের মুখামুখি।


মুকেশ ঋষি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১২ পিএম

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকার বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। এবার সেই বলিউড অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশি সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।


মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে এই অভিনেতার। মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’


পরিচালক আরও জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’ বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।


অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজ ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাঁকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করেছে। এবার ‘নসিব’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার।


  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৪ পিএম

আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।


এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।


মামলাটিতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পরীমনি জামিন নেন।মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা মাদকসেবী। ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে মদপান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করাসহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান। কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমনি।


এরপর রাত সোয়া ১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমনি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।


বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।


উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরী মণি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরী মণির বিরুদ্ধেও মাদক মামলা হয়।


‘আজ কী রাত’ গানের দৃশ্যে তামান্না ভাটিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৭ এএম

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তার ওই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন অনেকে। তবে এসব বিতর্কে মনোযোগ দিতে চান না তামান্না। অভিনয় ও নতুন কাজ নিয়েই এখন ব্যস্ত থাকতে চান তিনি।


সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না। একই সঙ্গে নিজের অভিনয় জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।


তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি। 


অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’


তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’


কী বলেছিলেন আন্নু কাপুর


অভিনেতা আন্নু কাপুর।


গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা ওঠে। উপস্থাপক গানটি তার কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা বললে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফর্সা শরীর!’


এরপর তামান্নার গানের সঙ্গে তার শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তার কথার অর্থ ছিল, তামান্না নিজের গান ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। এমনকি তার গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ বলেও উল্লেখ করেন আন্নু।


তবে মন্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, একজন অভিনেত্রীর কাজের বদলে তার গায়ের রং ও শরীর নিয়ে এভাবে কথা বলা আপত্তিকর। মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও অভিহিত করেন অনেকে।


নতুন সিনেমায় তামান্না


তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সামনে তাকে দেখা যাবে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে ছবিটির।


সূত্র: এনডিটিভি