শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তাঁরা চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এদিকে, সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।
গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।
ছবি : সংগৃহীত
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলো সদ্যই। এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবার। পরীক্ষার ফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তিতেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষায় মোট আসন এবং এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিলে ৮ লাখের বেশি আসন খালি থাকতে পারে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এখন উত্তীর্ণ শিক্ষার্থীরা অপেক্ষায় উচ্চশিক্ষার জন্য। কেউ দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে পড়তে চান, আবার কেউ হয়তো বৃত্তি নিয়ে বা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।
এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) সুযোগ দিতে ভর্তি পরীক্ষা পেছানো হতে পারে। কারণ ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া যায় কি না, সে বিষয়ে প্রাথমিকভাব আলোচনা হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগটা পান।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, আবেদন শুরু ও শেষ কবে তা তুলে ধরা হলো—
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল। এবারও সে পদ্ধতিতে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কি না, সে তথ্য জানানো হয়নি।
মেডিক্যাল ও ডেন্টাল কলেজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ থেকে। ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে ভর্তিতে আবেদন কার্যক্রম। পাঁচটি ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৭ সাল) ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। ১৬ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভর্তি উপকমিটির সভায় আরও সিদ্ধান্ত হয় যে বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদন কার্যক্রম ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ই ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, বি ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, সি ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পদ্ধতিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাওয়া শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হবে। ওই দিন এ ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১ উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।
পরদিন ১৮ ডিসেম্বর ২০২৬ এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। বি ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল–১, সেমিস্টার–১–এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র সেখানে রয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২৬ সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি।
চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ক গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হবে খ গ্রুপ।
তবে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্যতা, বিষয়ভিত্তিক মানবণ্টন ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আসবে কি না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে—বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে। ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। বিইউপির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা চার দিনে অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা এবং ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিক্যাল স্টাডিজ অনুষদ ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচির কথা উল্লেখ করা হয়নি।
কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দেবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত ভর্তি
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৯ মার্চ ২০২৭ থেকে শুরু হবে। ওই দিন ‘বি ’ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এরপর সি আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মার্চ এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত বছরে যুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ে সঙ্গে নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলেও জানা গেছে। তবে শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
তালা ভেঙে উপাচার্য ও উপ-উপাচার্যদের উদ্ধার করেন ছাত্রদলের নেতারা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও উপ-উপাচার্যদের উদ্ধার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনটির শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, এদিন বিকেল ৫টার দিকে বিশেষ সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ বিষয়ে তালা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার বলেন, ‘আমাদের ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দর্শন বিভাগের একজন অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই আমাদের বিভাগের শিক্ষকদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হোক। বিশেষ করে এ মুহূর্তে সহযোগী অধ্যাপক হামিম কামরুল হককে দিলে বিভাগের জন্য ভালো হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। এবং তাকে অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা চাই, সহযোগী অধ্যাপক হামিম কামরুল হককে যদি না দেওয়া হয় তাহলে বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি যিনি আমাদের বিভাগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাকে দেওয়া হোক। তবুও আমরা দর্শন বিভাগের কাউকে চাই না।’
এ বিষয়ে দাবি জানিয়ে ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।
এ দিকে তালা ভাঙায় নেতৃত্ব দেওয়া শাখা ছাত্রদলের নেতাদের দাবি, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হামিম কামরুল ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানসহ বর্তমানে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাই প্রশাসনের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে তারা জানান। এছাড়া, তালা দেওয়ার সঙ্গে জড়িতরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উপাচার্য বলেন, ‘সমাবর্তন শুধু সনদ বিতরণের অনুষ্ঠান নয়, এটি পুরো নোবিপ্রবি পরিবারের মিলনমেলা। এই দীর্ঘ সময়ে আমরা আমাদের যে সকল প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি, তাঁদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমলিন। সমাবর্তনের মূল আয়োজনে ১০ম থেকে ১৬তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাঁদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।’
তিনি আরও জানান, সমাবর্তন উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। নিবন্ধনের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও প্রশাসন ইতিবাচক দৃষ্টি রাখছে।
জবিতে খালেদা জিয়ার ছবি বিকৃতিকারীকে আটক ও পুলিশে সোপর্দ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের দেয়ালে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবিতে বিকৃতিকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটককৃত ব্যক্তি চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন এবং জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রিকশা থেকে নামার সময় দেয়ালে থাকা বেগম খালেদা জিয়ার ছবিতে এক ব্যক্তিকে কিছু লাগাতে দেখা যায়। এ সময়ে জবি ছাত্রদল নেতা পরাগের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী এবং নিরাপত্তাকর্মী দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটক করেন এবং নিরাপত্তা বক্সে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম চৌধুরীর সঙ্গে বিশেষ প্রয়োজনে দেখা করতে এসেছেন বলেও দাবি করেন। তার সঙ্গে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগ ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে পরাগ থানায় যোগাযোগ করলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রেডলাইন। বেগম খালেদা জিয়ার ছবি বিকৃতি করায় অজ্ঞাতনামা ফ্যাসিস্টদের সহযোগী এই ব্যক্তিকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেই।
তিনি আরও বলেন, "সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি বিকৃতির বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা চাই, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।"
এদিকে আটককৃত ব্যক্তির বিস্তারিত পরিচয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে কোতোয়ালি থানার ওসি কে এম রবিউল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘বিটিসি ও এমআইএস ডে ২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ এমন একটি সমন্বিত ব্যবস্থা, যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই এমআইএসের গুরুত্ব অপরিসীম। বর্তমানে শুধু তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং তথ্যকে বিশ্লেষণ করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে।
উপাচার্য আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অটোমেশনের এই সময়ে এমআইএসের জ্ঞান নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। নোবিপ্রবির এমআইএস বিভাগের শিক্ষার্থীরাও তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের ডিজিটাল রূপান্তর, ব্যবসায়িক উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি।
বক্তব্যে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হক। এ সময় এমআইএস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আয়োজনের প্রথম দিন থাকছে, পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং, ই-গেমিং ও বিজনেস কেস প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে রয়েছে ‘ইন্টারন্যাশনাল কলোকোইয়াম অব বিজনেস এন্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে কি-নোট স্পিকারদের প্রেজেন্টেশন ও টেকনিক্যাল সেশন। এতে কি-নোট স্পিকার হিসেবে রয়েছেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান, কুমিল্লা বার্ডের উপ-পরিচালক অসীম কুমার সরকার ও থ্রাইভিং স্কিলস লিমিটেডের ফাউন্ডার এন্ড সিইও মো. আবদুল্লাহ আল মাহমুদ। বিশ^বিদ্যালয়ের এমআইএস নেট এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছে হালিমা গ্রুপ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষা বর্জন করবেন তারা। পাশাপাশি প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসেও অংশ নেবেন না।
আন্দোলনরত শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার বলেন, আন্দোলন আরও বেগবান করতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।
পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের জায়গা এবং সেখানে কৃষিবিষয়ক গবেষণার জন্য বিশ্ববিদ্যলয়ের কাছে দেওয়া হোক। মাঠটি সচিবালয়ের জন্য ব্যবহার করা হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ক্যাম্পাসের পাশে সচিবালয় স্থাপিত হলে ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
এদিকে গত বুধবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।