মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৪ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম-কে আগামী ০৭-০৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।   


এদিকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।




ভূমিকম্প

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫১ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে পঞ্চগড়সহ আশপাশের এলাকা। 


মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল ও ভারতের মাঝামাঝি সিকিম রাজ্য। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল সাতটা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্তে।



প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৫ এএম

সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।


তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।


উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। 


এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।


নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬২০ জন শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এক হাজার ৪১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩৮ জন।


সোমবার (২৩ নভেম্বর) রাত সাড় ৭টার দিকে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের সংশোধিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


খাতা দেখায় দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল বদলাচ্ছে : শিক্ষামন্ত্রী


দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সেখানে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন।


এছাড়া যশোর বোর্ডে ১৬৩ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন এবং বরিশাল বোর্ডে ২১ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন পাঁচ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।


এর আগে সোমবার বিকেল ৩টায় ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তবে প্রকাশিত হিসাবে গরমিল থাকায় তা সংশোধন করে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


তিনি বলেন, পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পরীক্ষকদের মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্মূল্যায়নে আবার ২৫ হাজার শিক্ষার্থীর খাতার নম্বর বাড়ে, তা তো এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িযেছে।‘আগে কী ছিল? না লিখলেও পাস করিয়ে দিতে হবে। এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’


এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তিন হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে। ইউ রিয়ালাইজ ইট।’


খাতা মূল্যায়নে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তা সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন করছেন কি না, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমরা ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়াতে বলেছি।’


সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়া নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার হয়েছে। ফলে কাউকে ঠেকানো যাবে না। কিন্তু আমরা অনুরোধ করেছি।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদল

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি/ IUBAT) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।


আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার ওপর তিঁনি জোর দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৭ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।


এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।


এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।


ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।


বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।


শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।