জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

  • প্রকাশ : রবিবার ১১ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

ভারতে ছড়িয়ে পড়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে গণগ্রেপ্তারের পর তাদের প্রতি সংহতি জানিয়েছেন বাংলাদেশে চব্বিশের আন্দোলনের সামনের সারিতে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব‍্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা থেকে তাদের পাশে থাকার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 



বাংলাদেশে চব্বিশের আন্দোলনে সামনের সারিতে থাকা এই নেতা শনিবার ফেইসবুক পোস্টে বলেন, ‘‘এই লড়াই আপনাদের একার না। ঢাকা থেকে আমরাও আপনাদের পাশে আছি। ক্ষমতার জবাবদিহি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ।’’



ভারতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে গণগ্রেপ্তারের দিনে তিনি লেখেন, ‘‘ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানানো ছাত্র-নাগরিকদের ওপর এমন দমনপীড়ন চলতে পারে না।’’



ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ লেখেন, ‘‘আপনাদের এই লড়াই আমাদের পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক দেশব্যাপী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। জবাবে ফ‍্যাসিস্ট বাহিনী ছাত্র জনতার ওপর নির্বিচার গুলি চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেসময় প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের সেই অভ্যুত্থানের সময় ভারতের শিক্ষার্থী, লেখক ও স্বাধীন কণ্ঠস্বরগুলো যে সংহতি দেখিয়েছিল, তা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ ও সম্মান করি।


‘‘ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাস অনেক সমৃদ্ধ। শাহীনবাগের নারী সমাজ, জেএনইউ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা সংগ্রাম আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমাদের জুলাইয়ের মত ভারতেও নারীরা আন্দোলনের সম্মুখ সারথি হয়ে উঠেছেন।’’ পোস্টে তিনি ভারতের শারজিল ইমাম ও উমর খালিদের মুক্তি দাবি করেন।



তিনি অভিযোগ করেন, “তাদের বছরের পর বছর বিনাবিচারে আটকে রেখেছে ভারত সরকার। আজ তরুণ নেতৃত্বসহ আরও কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। ভারতের এসব তরুণ আন্দোলনকারী ও রাজনৈতিক বন্দিরা আমাদের সহযোদ্ধা। তাদের সাহস পুরো দক্ষিণ এশিয়ার যুবসমাজকে অনুপ্রাণিত করে। আমরা অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।”



তিনি লেখেন, ‘‘ভারতের গণতান্ত্রিক জনগণের উদ্দেশে আমাদের বার্তা: বাংলাদেশের জুলাই প্রজন্ম আপনাদের পাশে আছে। শক্ত হোন, একে অপরকে রক্ষা করুন, সাম্প্রদায়িক ঘৃণাকে প্রত্যাখ্যান করুন এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে বিভাজন ও ফ‍্যাসিবাদ থেকে রক্ষা করুন।’’




বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৪ পিএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।


সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে।


একই দিন দেশব্যাপী জেলা ও মহানগর যুবদলও নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।


ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫১ পিএম

নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোপর্দের আগে ওই নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানো হয়। পুলিশে দেওয়া জাভেদ দিদার রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে পল্টন এলাকা থেকে আটক করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। এতে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’


পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাভেদ দিদারকে রাস্তার পাশে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন রবিউল ইসলাম নয়ন। এসময় বেশকিছু মানুষ ভিড় করেছিলেন। পরে দিদারকে একটি রেস্তোরাঁয় নিয়ে কফি পান করিয়ে মিছিল সহকারে এগিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তাকে তুলে দেওয়া হয়।


এসময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। তার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।


ঢাকা মহানগর দক্ষিণে স্বৈরাচারের দোসর হিসেবে যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন যুবদলের এ নেতা।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংলাপের আয়োজন করছেন, তার ধরন এবং দিনক্ষণ গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। সরকারি দল বিএনপি সংলাপের ধরন নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি। জামায়াতের একাধিক সূত্র জানায়, সরকারপ্রধানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে খুশি নয় জামায়াত। ১১ দলের অন্য শরিকরাও এতে নাখোশ হয়েছে। তাদের সন্দেহ, এর মাধ্যমে ঐক্যের জন্য ডেকে বিরোধী জোটে ভাঙন ধরাতে চাচ্ছে বিএনপি।


গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক বৈঠক করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় এসসিপির সঙ্গে বৈঠক হয়।  


এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। এখন এক দিন আগে আজ বুধবার তিনি ঢাকায় ফিরছেন। 


হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, জামায়াতের আমির দেশে আসার পর সংলাপ নিয়ে তাঁর সঙ্গে কথা বলা হবে। 


১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। 


ওই বৈঠকের সময় যুক্তরাজ্যে ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি ১১ দলের সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করে। তবে আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এনসিপি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি। 


জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, এনসিপির ওই বৈঠক ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করা হয়েছে। এই নেতাদের আশঙ্কা, ঐক্যের কথা বলে বিএনপি আসলে ১১ দলের জোট ভাঙতে চাইছে। অন্তত জামায়াত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরির সুযোগ হচ্ছে। 


তবে এনসিপির কোনো নেতা এ ভাষ্য মানতে নারাজ। জামায়াত নেতাদের বক্তব্য অনানুষ্ঠানিক নয় বলে দলটির নেতারা এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। দলটির একাধিক নেতা বলেছেন, এনসিপি যে বিএনপি ও জামায়াতের পরে তৃতীয় বৃহত্তম দল– এই বৈঠকে তা স্বীকৃত হয়েছে।  


বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, সব দলকে নিয়ে একসঙ্গে বসার যেমন প্রস্তাব আছে, তেমনি পৃথক সংলাপের প্রস্তাবও আছে। আবার শুধু সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলো নিয়ে বসার প্রস্তাবও রয়েছে। এখন সংলাপ কীভাবে হবে, তা প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন।


জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দল একসঙ্গে বসলে তা হবে সংলাপ। অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব দলকে নিয়ে বৈঠক করে ঐক্যের বার্তা দিতেন। এখনও তেমন হওয়া উচিত। ১১ দল এতে একসঙ্গে অংশ নেবে। বিএনপি এবং তাদের জোট সঙ্গীরাও থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব দলকে নিয়ে সংলাপ হতে হবে। 


যদিও আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে দুটি দলই রাজপথে সক্রিয়। জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপি একই সময় পর্যন্ত কর্মসূচি দিয়ে সোমবার চট্টগ্রামে সমাবেশ এবং গতকাল ঢাকার মিরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এদিন রাজধানীর মিরপুরে জামায়াতের যুব বিভাগও নেতাকর্মীরা শোডাউন করেছে। 


১১ দলের শরিক একটি দলের প্রধান বলেছেন, এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার মাধ্যমে নিজেদের গুরুত্ব দেখাতে চেয়েছে, যা জোটের বাকিদের ভালো লাগেনি। বিএনপিও স্পষ্ট করছে না, কীভাবে সংলাপ হবে। তিনি বলেন, যদি প্রতিটি দল এভাবে আলাদা বৈঠক করে, তবে তা আর সংলাপ থাকে না; সৌজন্য সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু সব দল একসঙ্গে বসলে একটি বার্তা যায়।  


জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দলের কাছ থেকে এখনও সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি ১১ দল। পেলে বিবেচনা করবে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৩ পিএম

দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনার সহিংস রাজনীতির চরিত্র বদলায়নি। খুন, গুম ও আগুনের রাজনীতি ফিরিয়ে আনতে তিনি এখনো তৎপর। ভারতে পালিয়ে গেলেও তিনি পুরো বাংলাদেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছেন বলেও মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ।


সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।


ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও পুরো বাংলাদেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছেন। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক সব অধিকার হরণ করে জনতা ও ছাত্রদের তাড়া খেয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু তার বীভৎস চরিত্রে পরিবর্তন আনেননি। রক্ত খাওয়ার নেশা এখনো সে ভুলে যায়নি।


শেখ হাসিনার পছন্দ খুন আর গুম, সেটা আবারও প্রতিষ্ঠিত করতে চান বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও বাড়িতে আগুন দিচ্ছেন। দেশের মধ্যে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই দিয়ে গার্মেন্টস ও বাড়িয়ে আগুন দিচ্ছেন। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আবারও আগুন-সন্ত্রাসের খেলা খেলতে চায় তারা। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন।রিজভী বলেন, ফ্যাসিস্টদের তাণ্ডব মোকাবিলা করছে সরকার। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য। সভ্যতা, আইন শৃঙ্খলা ও মানবতার পক্ষে তারেক রহমান। আইনের শাসন দিয়ে বিশৃঙ্খলা মোকাবিলা করবে সরকার।


ভারতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? আপনাদের গ্রিন সিগন্যাল ছাড়া ভারতে সরকারি কর্মকর্তারা কিভাবে বৈঠক করে পলাতক নেতাদের সঙ্গে। ভারত গণতান্ত্রিক দেশ হলেও বাংলাদেশের প্রতি বিপরীত আচরণ করছে বলেও মন্তব্য করেন।


রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা দেশের মাটিতে হবে না। পালিয়ে গিয়ে হুংকার দিলেও এদেশের মানুষ আর সমর্থন দেবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।


এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে ও প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য ও শিল্পপতি কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার কে এস এম মোস্তাফিজুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এছাড়াও তার ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ফার্মের উদ্যোগে শস্যে চিত্রে বঙ্গবন্ধু রচিত হয়।


পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত ৩টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।


এছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন তিনি।


বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


তিনি জানান, জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন।এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টারসহ দলের বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।


দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা জোরদার করতে শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বের কাছে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলেও জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া।


তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশিতভাবে সফল হয়নি বলে হতাশা প্রকাশ করেন তিনি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে—এমন প্রত্যাশা থেকে ধৈর্য ধরে দলের সঙ্গে ছিলেন বলে জানান।


পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ব্যক্তিজীবনে সব সময় সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদা নিয়ে চলেছেন। আত্মসম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন করতে চান না।


বিবৃতির শেষাংশে তিনি নিজের অবস্থান তুলে ধরে জানান, আত্মমর্যাদা বজায় রাখার স্বার্থেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।