জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসব।

  • প্রকাশ : শনিবার ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৩:৪৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবের শেষ রাতে পালাগানের একটি পরিবেশনা ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছবি চত্বরে চলমান পালাগানের একটি অংশে নারী ও পুরুষের গুণাবলি নিয়ে গানে গানে আলোচনা হচ্ছিল। এর ধারাবাহিকতায় পুরুষ বাউল শিল্পী কুরআনের সর্বশেষ সূরা  সূরা নাসের কথা উল্লেখ করেন। তিনি সূরাটির কিছু অংশ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করেন—“পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।” এরপর তিনি নৃত্যসংক্রান্ত একটি গান শুরু করে দর্শকদের নাচের আহ্বান জানান।


এই বক্তব্য শোনার পর দর্শক সারিতে অস্বস্তি তৈরি হয়। অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের বক্তব্য ধর্মীয়ভাবে বিকৃত ও আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে। এর মধ্যেই দুইজন শিক্ষার্থী হঠাৎ করে মঞ্চে উঠে শিল্পীর হাত থেকে মাইক নিয়ে প্রতিবাদ জানান এবং সূরা নাসকে এভাবে উপস্থাপন করাকে ধর্ম অবমাননা বলে অভিযোগ করেন। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই শিল্পী তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে সরি বলেন।


 পরবর্তীতে শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারের পাশে জড়ো হয়ে ধর্ম অবমাননার অভিযোগে স্লোগান দিতে থাকেন।


দিবাগত রাত প্রায় দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, ‘সুরা নাস নিয়ে শুরুর দিকে একটি সমস্যা হয়েছিল। সেই সূত্র ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে—এমন অভিযোগ তুলে যে ছেলে এটা নিয়ে ওখানে (মঞ্চে) কথা বলতে গিয়েছিল, তাকে আয়োজকেরা বের করে দিছে। পরে কিছু সাধারণ ছাত্র সেটা নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিল। তাদের আমরা শান্ত করেছি। এটা আসলে ছাত্ররা তাদের নৈতিকতার জায়গায় থেকে বিষয়টি প্রটেস্ট করেছে। তাদের শান্ত করেছি, চলে গেছে। তবে আয়োজকদের অনেকেই বলছে, এই ঘটনার পর শিল্পী সরি বলেছেন।’




জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল

  • প্রকাশ : বুধবার ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ২:২০ পিএম

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ- এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৪৫০ ও বছরে এককালীন ৫৬০ টাকা করে দেওয়া হবে। এবার ২ বছরে ১৪,৭০০ শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট ১৭ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা প্রদান করা হবে।


আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ এবং বছরে এককালীন ৩৫০ টাকা দেওয়া হবে। এদিকে, ২ বছরে ৩১,৫০০ শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট ২৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।


বৃত্তিপ্রাপ্তদের টাকা ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।


শিক্ষার্থীরা যেভাবে ফল দেখতে পারবে-


১. অনলাইন পদ্ধতি : 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।


২. এসএমএস পদ্ধতি : 


মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।


বৃত্তি পাচ্ছে ৪৫,২০০ শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে


১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হচ্ছে

  • প্রকাশ : বুধবার ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ১১:৪৭ এএম

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হচ্ছে। এবার দুই ক্যাটেগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। 


গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ ফল বুধবার প্রকাশ করা হবে।


অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, দুই ক্যাটেগরিতে বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে। একটি হলো ট্যালেন্টপুল এবং অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।


এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।


জানা গেছে আজ দুপুরে প্রকাশ করা হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। 


শিক্ষার্থীরা দুইভাবে ফল দেখতে পারবে-


১. অনলাইন পদ্ধতি


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।


২. এসএমএস পদ্ধতি


মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৮:৩২ পিএম

জাবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ তম ব‍্যাচের সাজ্জাদ হোসেন জিহান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৫১ তম ব‍্যাচের মনির হোসেন। 


জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ড. মোহাম্মদ ইউসুফ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ‍্য জানানো হয়।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন-


সিনিয়র সহ-সভাপতি জাহিদ খান (৫০)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বারিউল ইসলাম (৫০), ফখরুল হাসান ফাহাদ (৫০), হৃদয় শাহা (৫০), বিজয় দত্ত (৫০), আব্দুল জব্বার (৫০), সাবিকুন্নাহার পলি (৫০) ও গৌরব চন্ড (৫০)।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সুমাইয়া আক্তার (৫১), আশিকুর আহমেদ (৫১), রবিন আহমেদ (৫১), মঞ্জিল হাসান (৫১), ইরতিজা হাসিন (৫১), অর্ণব (৫১), প্রসনজিৎ দেবনাথ (৫১), রাকিবুল ইসলাম (৫১), উজ্জল হাসান রবিন (৫১), মুশফিকুর রহমান নাইম (৫১) ও জান্নাতুল ইসলাম (৫১)।


সাংগঠনিক সম্পাদক আকিবুর রহমান সাবিত (৫১)। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর (৫২) ও মারুফ হাসান (৫৩)। কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জান্নাতুল আদন (৫৩) এবং উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম (৫৪)।


আপ্যায়ন বিষয়ক সম্পাদক তিথি দাস (৫২) ও উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফিয়া (৫৩)। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন (৫২)। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিফাত (৫৩) এবং সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গাজী (৫৩)।


পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব (৫২) ও উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক দিল আফরিন ইশা (৫২)। বৃত্তি বিষয়ক সম্পাদক সজিব আহমেদ জেনিচ (৫১)। ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিষয়ক সম্পাদক প্রীতম (৫২) ও উপ-ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিষয়ক সম্পাদক সাদিক সিদ্দিকী রোমান (৫৪)।


স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুসনে মোবারক (৫০)। কোষাধ্যক্ষ ফারজানা ফারিন (৫১) এবং সহ-কোষাধ্যক্ষ তাওহীদ (৫৩) ও আলভি (৫৪)। প্রচার সম্পাদক আসিফ তালুকদার (৫১) এবং উপ-প্রচার সম্পাদক মাহিন (৫৪) ও ফয়সাল (৫৪)।


দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির (৫১) এবং উপ-দপ্তর সম্পাদক মৃদুল (৫৩) ও আব্দুল্লাহ আল-মামুন (৫৪)। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারাজ আহমেদ (৫২) এবং উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাফিয়া আজরা (৫৪)। ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল (৫২) ও উপ-ক্রীড়া সম্পাদক হাবিব (৫৩)।


এছাড়া ভর্তি বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান (৫৩), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বর্ণা (৫১) ও উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির জামান (৫৪) দায়িত্ব পালন করবেন।


সহ-সম্পাদক হিসেবে রয়েছেন সানজিদা টুসি (৫৩), হৃদয় (৫৩), জান্নাত (৫৩), তানিশা (৫৩), সাকিব (৫৩), মাছুম (৫৪), অর্পিতা (৫৪), তামিম (৫৪) ও তাহমিনা আক্তার বিভা (৫৪)।


এছাড়াও জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৫৪ তম ব‍্যাচের ৪১ জন শিক্ষার্থীকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


ক্লিনিক্যালি দক্ষ ভেটেরিনারি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ভেটেরিনারি অনুষদ এ কর্মশালার আয়োজন করে

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৬:৫৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ভেটেরিনারি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষার আধুনিকায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যালি দক্ষ ভেটেরিনারি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ভেটেরিনারি অনুষদ এ কর্মশালার আয়োজন করে।


কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন ফিজিওলজি বিভাগের অধ্যাপক ও প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মুহাঃ ইলিয়াছুর রহমান ভূঁইয়া। তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘হিট’ প্রকল্পের অধীনে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিযোগিতামূলক রিসার্চ অ্যাওয়ার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে প্রথম পর্বেই দুই বছর মেয়াদি এ গবেষণা প্রকল্পের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে, যা ভেটেরিনারি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকল্পের প্রত্যাশিত ফলাফল নিয়ে প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মুহাঃ ইলিয়াছুর রহমান ভূঁইয়া বলেন, প্রকল্পের অন্তর্ভুক্ত কাজের মাধ্যমে এমন শ্রেণিকক্ষ গড়ে তোলা হবে যেখানে প্রতিটি লেকচার ডিজিটালি রেকর্ড থাকবে। শিক্ষার্থীদের উপস্থিতির সীমাবদ্ধতা থাকবে না। তারা যেকোনো সময় পাঠ দেখতে পারবে। পাঠদান হবে প্রযুক্তিনির্ভর এবং একঘেয়েমি দূর করতে আধুনিক উপস্থাপন পদ্ধতি ব্যবহার করা হবে।গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বৃদ্ধি করা হবে। শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করা হবে। হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করা হবে। ভেটেরিনারি টিচিং হাসপাতালকে আরও আধুনিক করা হবে। লক্ষ্য একটিই যে একজন শিক্ষার্থীকে ক্লিনিক্যালি দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তোলা।


ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমানের সভাপতিত্বে এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়াও ভেটেরিনারি অনুষদের সকল বিভাগের শিক্ষক ও অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, স্মার্টনেস শুধু পোশাক বা উপস্থাপনায় নয়, এটি আসে জ্ঞান ও চিন্তার গভীরতা থেকে। আগে শিক্ষকরা চক-ডাস্টার দিয়ে পড়াতেন। পরিশ্রম করতেন। আন্তরিকতা ছিল প্রশ্নাতীত। এখন স্লাইডভিত্তিক শিক্ষা এসেছে। তবে সব বিষয়ের জন্য একই পদ্ধতি প্রযোজ্য নয়। কোথাও স্লাইড দরকার, কোথাও আলোচনা, কোথাও ছবি বা ভিডিও, আবার কোথাও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব বেশি। কোন বিষয় কীভাবে পড়ানো হবে, তা নির্ভর করে শিক্ষকের প্রজ্ঞা ও অভিজ্ঞতার ওপর।প্রকল্পের প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে শিক্ষকরা আরও নিবিড়ভাবে পাঠদান করতে পারবেন।


প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান বলেন, প্রতিযোগিতামূলক গবেষণায় অর্থায়ন পাওয়াটা অনেক বড় একটি অর্জন। আবেদন প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ আবার ব্যয়ও বেশি। অনুমোদন না পেলে গবেষণার অগ্রগতি থেমে যায়, আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে। সেদিক থেকে বাকৃবিকে অভিনন্দন জানাই।


তিনি বলেন, দেশে ভেটেরিনারি সায়েন্সে দক্ষ বিজ্ঞানীর সংখ্যা বাড়ছে। তবে কাজের যথাযথ প্রচার ও স্বীকৃতি সবসময় মেলে না। সাম্প্রতিক সরকারি উদ্যোগ, স্কলারশিপ এবং বিনামূল্যে ভেটেরিনারি ক্লিনিক চালু হওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রয়োজন উপযুক্ত পরিবেশ, যান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা। হিট প্রকল্প সে লক্ষ্যেই কাজ করছে।


শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষাকে বিচ্ছিন্নভাবে দেখা ঠিক নয়। যুক্তরাষ্ট্র শিক্ষাকে জাতীয় প্রতিরক্ষা ওলনিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ বিনিয়োগ করে। রাষ্ট্রকে এগিয়ে নিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের অনুরোধ জানাবো, আর্থিক বিষয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখবেন। আপনাদের কাজটি যাতে আগামীর গবেষকদের জন্য অনুপ্রেরণার হয়ে ওঠে সেই চেষ্টা করবেন।


আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির

  • প্রকাশ : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৭:৫৪ পিএম

পবিত্র মাস মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।


গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।


আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।


এতে আরও বলা হয়, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।


ছবি: সংগৃহীত।

  • প্রকাশ : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৬:৪৫ পিএম

'চলতি সপ্তাহেই' প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল। এ বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।


বুধবার এ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 'সম্ভাবনা' রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন।


গত ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা শেষ হয় ৫ জানুয়ারি। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর পরীক্ষার ফল প্রক্রিয়া করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার দুপুরে বলেন, "বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা আছে। আমরা ইতোমধ্যে বৃত্তির কোটা বণ্টনের আদেশ পেয়েছি। মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুতই ফল বা বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হবে।"


৪৬ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়ে জুনিয়র বৃত্তির কোটা বণ্টনের আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার সোমবার দুপুরে বলেন, "১৪ হাজার ২০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩১ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়ে বৃত্তির কোটা বণ্টন করা হয়েছে।


"মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবেন। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবেন। বুধবার বৃত্তি পরীক্ষার ফল বা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।"


বৃত্তির কোটা বণ্টনের আদেশ অনুযায়ী, ঢাকা বোর্ডের ৩ হাজার ৬৩৫ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৭ হাজার ৭৯০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। ময়মনসিংহ বোর্ডের ৯৬৭ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৭৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি রাজশাহী বোর্ডের ১ হাজার ৯২৬ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৪ হাজার ১২৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৬৭৭ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৫৯৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ৯৪৮ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৩০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি এবং বরিশাল বোর্ডের ৮৭৩ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ১ হাজার ৮৭১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।


এছাড়া যশোর বোর্ডের ১ হাজার ৬৬২ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৫৬১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ২১০ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৫৯৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮০২ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৮৬১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।


অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলেও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হয় একসঙ্গে। বৃত্তি পরীক্ষার মোট নম্বর ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হয়েছে। প্রতিটি পরীক্ষা হয় ৩ ঘণ্টা সময়ে।


গত ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৫ জানুয়ারি বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।