তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির এই আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো মানবসভ্যতার জন্যই মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ : পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপের আয়োজন করে নরওয়ে সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সেমিনারে ইউএনডিপি ও নরওয়ে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি বা তথ্যের সততা নিশ্চিত করা এবং সামাজিক সংহতি বজায় রাখার বিষয়টি এখন কেবল সফটওয়্যার প্রকৌশলী ও সামাজিক যোগাযোগমাধ্যমের টেক জায়ান্টদের একার বিষয় নয়। এটি আমাদের সম্পূর্ণ একটি নতুন ইকোসিস্টেমের দিকে নিয়ে যাচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমের কাঠামোগত জটিলতা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যালগরিদম ও প্ল্যাটফর্ম মূলত ব্যবসার উদ্দেশে পরিচালিত হয়, জনকল্যাণের জন্য নয়। সাধারণ মানুষের হাতের মুঠোয় থাকা ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের এই ব্যবসায়িক স্বার্থ একত্রে এক জটিল বাস্তবতার জন্ম দিয়েছে। এই ইকোসিস্টেমের সুযোগ ও চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদকে সঙ্গে নিয়ে পথ চলার মাধ্যম আমাদেরই খুঁজে বের করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকাল অনেক পেশাজীবী বা তরুণ নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন, যা কাজের মৌলিকত্ব ও সততাকে ব্যাহত করছে। প্রযুক্তি আমাদের উদ্ভাবনী ক্ষমতা ও কাজের দক্ষতাকে বৃদ্ধি করবে ঠিকই, তবে তা যেন আমাদের চোরাবালির দিকে নিয়ে না যায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আইটি বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের কান্ডজ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদপত্রের বর্তমান রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, প্রচলিত গণমাধ্যমগুলো এখন তাদের মূল মেকানিজমের পাশাপাশি ডিজিটাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভালো আয় করছে। এই রূপান্তরের যুগে গণমাধ্যম, রাষ্ট্র এবং অরাজনৈতিক অংশীদারদের একযোগে সঠিক তথ্যের অবাধ প্রবাহ ও গুণগত মান নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ থেকে অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করার ক্ষেত্রে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা আশা করেন তথ্যমন্ত্রী। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও দেশের আর্ট বিভাগের ৮ জন বিভাগীয় কমিশনার সম্মেলনে উপস্থিত থাকবেন।
মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এ ধরনের জাতীয় পর্যায়ের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।
সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে।
এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনব্যাপী কর্ম অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।
সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
এসব ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে।
স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কর্ম অধিবেশনে অংশ নেবেন।
নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনার সুযোগ পাবেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেও সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মাঠ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শুরু হবে। এ পর্বে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে।
পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এরপর ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলা পর্যায়ে সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সমস্যা, জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ পাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে এ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হবে। ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং দেশের বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হবে।
প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বাসস’কে বলেন, এ সম্মেলনটা মূলত ইউএনওদের সাথে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন। একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ও উপজেলা পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।
সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে এ ধরনের সম্মেলন মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন আরও গতিশীল করা, প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার।
সফরটি পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘অনিবার্য পরিস্থিতির কারণে’ আনোয়ার ইব্রাহিমের সফর স্থগিত করা হয়েছে। তার বাংলাদেশ সফরের নতুন তারিখ দুই দেশের সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।
সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ‘অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি’র কারণে সফরটি স্থগিত হয়েছে। আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং সর্বজনীন পেনশন ব্যবস্থার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বজনীন পেনশন মেলা-২০২৬’।
শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগীতায় এ মেলা, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব শেখ হাফিজুর রহমান।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি সংসদ সদস্য, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় স্টলগুলোতে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন পদ্ধতি, চাঁদা জমা, পেনশন সুবিধা ও বিভিন্ন সেবা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। স্টল পরিদর্শন শেষে অতিথিরা মূল মঞ্চে আসন গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারী চাকরিজীবীরা চাকরিজীবনে নির্ধারিত বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান এবং অবসর গ্রহণের পরও পেনশনের মাধ্যমে আর্থিক নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু দেশের সাধারণ মানুষের বড় একটি অংশের অবসরকালীন জীবনে এ ধরনের আর্থিক নিশ্চয়তা নেই। এ বাস্তবতায় সর্বজনীন পেনশন একটি অত্যন্ত ভালো ও সময়োপযোগী উদ্যোগ।
তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্রগুলো তাদের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন ব্যবস্থা চালু রেখেছে। বাংলাদেশেও এ উদ্যোগকে সফল করতে হলে গ্রামগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আজকের এ মেলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে সর্বজনীন পেনশন সম্পর্কে জানানো এবং এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
মন্ত্রী আরও বলেন, সর্বজনীন পেনশন সরকারের একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। তাই সাধারণ মানুষের অযথা দুশ্চিন্তার কারণ নেই। বিভিন্ন সময় বেসরকারী বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে সর্বজনীন পেনশন সরকারের উদ্যোগ হওয়ায় এ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তৈরি করা জরুরী। বাংলাদেশের কয়েক কোটি মানুষ এ ব্যবস্থার আওতায় এলে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে। এ সময় তিনি সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের অনেক মানুষ সুদের বিষয়টি বিবেচনায় রেখে পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে দ্বিধা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে তিনি জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে জানান, পেনশন ব্যবস্থাকে শরিয়াহভিত্তিক করার বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তাঁকে জানানো হয়েছে।
তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সর্বজনীন পেনশন সম্পর্কে তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন।
এ কর্মসূচীর সুবিধা যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিজের জীবনে বীমা প্রতিষ্ঠানের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, সাধারণ মানুষ অনেক সময় এসব প্রতিষ্ঠানের কাছে হয়রানি ও ভোগান্তির শিকার হন। তবে সর্বজনীন পেনশন সরকারের উদ্যোগ হওয়ায় এ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও সচেতনতা বাড়ানো জরুরী।
সভাপতির বক্তব্যে দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমান বলেন, ১৯৯৪ সালে নেপালে সর্বজনীন বয়স্ক ভাতা কর্মসূচী চালুর উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এ ধরনের কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।
মানুষের গড় আয়ু বাড়ছে, পাশাপাশি যৌথ পরিবারব্যবস্থা ভেঙে যাওয়ায় পারিবারিক বন্ধন ও পারস্পরিক সহযোগীতা কমে আসছে। এমনকি প্রতিবেশীর বিপদেও অনেক সময় পাশের মানুষ এগিয়ে আসছেন না।
তিনি আরও বলেন, নগরায়ণ ও আধুনিক সভ্যতার প্রভাবে বিশ্বজুড়ে প্রবীণ জনগোষ্ঠী নানা সামাজিক ও আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এ বাস্তবতায় মানুষের কর্মজীবন শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে তিনি জানান, নেদারল্যান্ডস ও চীনের মতো দেশেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ পেনশন ব্যবস্থার আওতায় এসেছে। বাংলাদেশেও এ কর্মসূচীর পরিধি বাড়াতে জনসচেতনতা ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন; জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন।
এ ছাড়া দিনাজপুর জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন, সহসভাপতি মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহমেদ কচি, প্রচার সম্পাদক মোঃ বাবু চৌধুরী, জেলা যুবদলের সদস্যসচিব মোঃ রেজাউর রহমান রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরুসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচীর যাত্রা শুরু হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাস’, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের মানুষের জন্য ‘সমতা’—এ চারটি স্কিম চালু রয়েছে। এ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে কর্মজীবন শেষে নাগরিকদের নিয়মিত আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং বার্ধক্যে অন্যের ওপর নির্ভরশীলতা কমানো।
সংশ্লিষ্টদের মতে, সর্বজনীন পেনশন ব্যবস্থার সফলতা নির্ভর করবে সাধারণ মানুষের অংশগ্রহণ, স্বচ্ছতা, আস্থা এবং ব্যাপক জনসচেতনতার ওপর। তাই এ ধরনের মেলা ও মতবিনিময় সভা তৃণমূল পর্যায়ে পেনশন ব্যবস্থা সম্পর্কে ধারণা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’
প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’
সূত্র: বাসস
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত চার প্লাটুন সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দায়িত্ব পালনকারী এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছেন তারা।মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রচলিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাহিনীটি। মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত