‘দার–ই–নাজাত’–এর দৃশ্য

  • প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:২০ পিএম

পাকিস্তানের আলোচিত নাটক ‘দার–ই–নাজাত’ নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে। বিশেষ করে জারিয়াব ও আবু বকরের একটি দৃশ্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন। নাটকে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম।


যে দৃশ্য নিয়ে বিতর্ক


নাটকের ১৪ ও ১৫তম পর্বে জারিয়াবকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘদিনের প্রেমিক ও শৈশবের বন্ধু জামিলের সঙ্গে বিচ্ছেদের পর উদ্বেগ ও বিষণ্নতায় ভুগছেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে জারিয়াবের সাহায্যের জন্য এগিয়ে আসেন আবু বকর। দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন দর্শকেরা।


তাঁদের কেউ কেউ প্রশ্ন তোলেন, জারিয়াবের একজন পুরুষের সাহায্যের চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল। আবার কেউ মনে করেন, নারীর কষ্ট থেকে মুক্তির সঙ্গে নাটকটিতে একজন পুরুষের উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।


দুরেফিশানের জবাব


গত রোববার ইনস্টাগ্রামের এক পোস্টে এ সমালোচনার জবাব দেন দুরেফিশান। তাঁর মতে, ‘দার–ই–নাজাত’ নারীদের এমন কোনো বার্তা দিচ্ছে না যে কষ্ট থেকে বেরিয়ে আসতে তাঁদের একজন পুরুষের প্রয়োজন; বরং নারী ও পুরুষের জন্য সমাজের আলাদা নিয়মকেই প্রশ্ন করছে নাটকটি।


দুরেফিশান বলেন, একজন পুরুষ ভুল করার পর অনুতপ্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পান। কিন্তু নারীদের ক্ষেত্রে তাঁদের পুরোনো সিদ্ধান্তের দায় অনেক বেশি দিন বহন করতে হয়।


দুরেফিশানের আরও বক্তব্য, কোনো চরিত্রের সব সিদ্ধান্তের সঙ্গে দর্শকের একমত হওয়া জরুরি নয়। চরিত্রটির অনুভূতি বোঝার চেষ্টাও গুরুত্বপূর্ণ। কারণ, মানুষ জটিল; সবকিছুকে শুধু ঠিক–ভুলের হিসাবেও দেখা যায় না।


জামিল ও জারিয়াবের গল্প


দুরেফিশানের বক্তব্যে উঠে এসেছে জারিয়াব ও জামিলের জীবনের পার্থক্যও। ধর্মের পথে ফেরার পর জামিল জারিয়াবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে তিনি বিয়ে করেন এবং নতুন জীবন শুরু করার পথে এগিয়ে যান।


অন্যদিকে জারিয়াব নিজের অতীত নিয়ে অপরাধবোধে ভুগতে থাকেন। বিয়ের আগে জামিলের সঙ্গে সম্পর্কে থাকার বিষয়টি তাঁকে কষ্ট দেয়। ফলে নতুনভাবে জীবন শুরু করার কথাও সহজে ভাবতে পারেন না তিনি।


দুরেফিশানের মতে, এখানেই নাটকের মূল প্রশ্ন—ভুল করার পর একজন পুরুষ যে সহজে নতুন জীবন শুরু করার সুযোগ পান, একজন নারীও কি একই সুযোগ পান?


‘নিজেকে খুঁজে পাওয়ার গল্প’


ইনস্টাগ্রাম স্টোরিতে দুরেফিশান এমন একটি পোস্টও শেয়ার করেছেন, যেখানে ‘দার–ই–নাজাত’কে একজন নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়াটাই হতে পারে সেই ভালোবাসার গল্প, যেটি আপনার সব সময় প্রয়োজন ছিল।’


দুরেফিশানের বক্তব্য অনুযায়ী, ‘দার–ই–নাজাত’কে শুধু হৃদয়ভাঙার পর একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প হিসেবে দেখলে নাটকটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক বাদ পড়ে যায়।




রাইমা সেন

  • প্রকাশ : শুক্রবার ২৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৫৫ পিএম

ভারতীয় সিনেমার অভিনেত্রী রাইমা সেন ৪৬ বছর বয়সেও অবিবাহিত। তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন, কেউ কেউ সন্তানের মা-ও হয়েছেন। ফলে রাইমার বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। তবে বিয়ে কিংবা সংসার নিয়ে নিজের ভাবনা এবার খোলামেলাভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।


ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’


একা থাকার সিদ্ধান্ত নিয়ে মা মুনমুন সেন কী ভাবেন- এমন প্রশ্নের জবাবেও খানিকটা চমকে দিয়েছেন রাইমা। তার ভাষ্য, আগে মা এ বিষয়টি নিয়ে চিন্তা করতেন।


তবে এখন দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। মায়ের পরামর্শ, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’


বিয়ের প্রতি আগ্রহ না থাকলেও মা হওয়ার ইচ্ছে রয়েছে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রাইমা বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’


ভবিষ্যতে মা হওয়ার সেই সম্ভাবনার কথা ভেবেই অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন রাইমা। তিনি বলেন, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’


তবে মা হওয়ার সঙ্গে বিয়ের সম্পর্কটিকে এক করে দেখতে নারাজ এই অভিনেত্রী। তার কাছে বিষয়টি বেশ পরিষ্কার। রাইমার কথায়, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’


এর আগে অন্য একটি সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সে অবিবাহিত থাকার অভিজ্ঞতা কেমন- জানতে চাওয়া হয়েছিল রাইমার কাছে। তখন তিনি বলেছিলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়। সত্যি বলতে, নিজেকে এখন অনেক বেশি স্বাধীন লাগে।’


মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন। তার দুই কন্যা রাইমা সেন ও রিয়া সেন- দুজনেই জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। এরপর বাংলা ও হিন্দি- দুই ভাষার সিনেমাতেই অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।    

বিষয় :


শাহরুখ খান

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৩১ পিএম

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। 


হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি রুপি।


২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদের আনুমানিক মূল্য কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।


তবে মনে রাখতে হবে, এসব হিসাব অনুমাননির্ভর। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্য কীভাবে নির্ধারণ করা হচ্ছে, তার ওপর মোট সম্পদের হিসাব পরিবর্তিত হতে পারে।


২০২৬ সালের তালিকায় ভারতের ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।


গত বছরের তালিকায় অমিতাভের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি। অর্থাৎ এবার তার সম্পদের হিসাব অনেকটাই বেড়েছে। তার দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি বিনিয়োগ, আবাসন ও অন্যান্য সম্পদও এই হিসাবের অংশ।


তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি।


এরপর রয়েছেন হৃতিক রোশন। তার সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে হৃতিকের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকের ব্যবসায়িক কর্মকাণ্ডও রয়েছে।


তালিকায় নেই জুহি ও করণ


২০২৫ সালের তালিকায় থাকা দুই পরিচিত নাম এবার আর ২০২৬ সালের তালিকায় নেই। তারা হলেন অভিনেত্রী জুহি চাওলা ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।


২০২৫ সালে জুহি চাওলার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। একই তালিকায় করণ জোহরের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৪৭ পিএম

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাংলাদেশের ফেরদৌস ও কলকাতার প্রিয়াঙ্কা ত্রিবেদি জুটি আজও সেই ছবি দিয়ে কালজয়ী হয়ে আছেন। এবার নতুন প্রজন্মের জন্য ফিরছে নতুন আঙ্গিকে।


মুক্তির ২৮ বছর পর নির্মিত হয়েছে এর আধুনিক সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’। তরুণ নির্মাতা কামরুজ্জামান মূল গল্পের আবেগ অক্ষুণ্ন রেখে সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন।


১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’-তে নতুন জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। সেই ধারাবাহিকতায় এবার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন শিল্পী আরিয়ান ও রাদিফা।


আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরী।


মূল সিনেমার জনপ্রিয়তার বড় একটি কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি কালজয়ী গানগুলো। সেই আবহ ধরে রাখতে পুরোনো ছয়টি গানের মধ্যে তিনটির নতুন সংস্করণ রাখা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।


নির্মাতার প্রত্যাশা, পুরোনো স্মৃতি ও নতুন উপস্থাপনার সমন্বয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ দর্শকদের হৃদয়ে নতুন করে জায়গা করে নেবে।


সিনেমাটি আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



  • প্রকাশ : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৩২ পিএম

গুজরাটের জুনাগড়ের বাসিন্দা ইব্রাহিম কাদরি। একসময় জীবিকা নির্বাহ করতেন সাইনবোর্ড আঁকার কাজ করে। ১০ বছর আগেও অনিয়মিত আয়ের কারণে সংসার চালানো ছিল কঠিন। আর এখন? শুধু শাহরুখ খানের সঙ্গে চেহারার মিলকে পুঁজি করে তিনি প্রতি অনুষ্ঠানে পারিশ্রমিক নিচ্ছেন সর্বোচ্চ ৫ লাখ রুপি।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী ইব্রাহিম জানান, ছোটবেলা থেকেই পরিবার ও বন্ধুরা তাকে শাহরুখ খানের মতো দেখতে বলতেন। তবে সে সময় বিষয়টি তাকে বিরক্তই করত। এমনকি তুলনা এড়াতে একপর্যায়ে নিজের লুকও বদলে ফেলেছিলেন তিনি।


আইপিএলের এক ম্যাচেই বদলে যায় জীবন। ২০১৭ সালে রাজকোটে আইপিএলের একটি ম্যাচ দেখতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন ইব্রাহিম। দর্শকদের অনেকেই তাকে সত্যিকারের শাহরুখ ভেবে সেলফি তুলতে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এগিয়ে এলেও সেই পুলিশ সদস্যও শেষ পর্যন্ত তার সঙ্গে ছবি তোলেন।


সেখান থেকেই নতুন পথের শুরু। ইব্রাহিম সিদ্ধান্ত নেন, শুধু চেহারার মিল নয় শাহরুখের হাঁটা, কথা বলা, নাচ, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজও আয়ত্ত করবেন।


ইব্রাহিম বলেন, প্রথমদিকে তিনি ভাবতেন শুধু দেখতে শাহরুখের মতো হলেই যথেষ্ট। কিন্তু এক অনুষ্ঠানে এক নারী দর্শক তাকে বলেন, 'ডায়লগ আর নাচ না থাকলে শাহরুখের অনুভূতি আসে না।' এরপর টানা এক বছর ধরে তিনি শাহরুখের অভিনয়, সংলাপ ও পারফরম্যান্স নিয়ে অনুশীলন করেন।


বর্তমানে ইব্রাহিম প্রতি অনুষ্ঠানে দেড় লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। ভারত ছাড়াও বিদেশের বিভিন্ন স্টেজ শো ও করপোরেট অনুষ্ঠানে নিয়মিত আমন্ত্রণ পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে প্রায় ২৬ লাখ অনুসারী রয়েছে।


ইব্রাহিমের দাবি, তিনি ইতোমধ্যে ৩০০ জনের বেশি মানুষকে শাহরুখ খানের স্টাইল, অঙ্গভঙ্গি ও পারফরম্যান্স অনুকরণে প্রশিক্ষণ দিয়েছেন।


মজার বিষয় হলো, এত পরিচিতি পেলেও ব্যক্তিগতভাবে শাহরুখ খানের সঙ্গে দেখা করার তেমন আগ্রহ নেই ইব্রাহিমের। তার ভাষায়, 'দেখা হলে হয়তো তাকে অনুকরণ করার সেই অনুভূতিটাই বদলে যেতে পারে। তবে শাহরুখ নিজে ডাকলে অবশ্যই যাব।'


আর যদি একদিনের জন্য সত্যিই শাহরুখের জীবন পাওয়ার সুযোগ মেলে? ইব্রাহিমের স্বপ্ন একটাই, মান্নাতের ছাদে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে এক কাপ কফি পান করা।


সালমান শাহ ও শাবনূর

  • প্রকাশ : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:২৭ পিএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। দিনটিকে ঘিরে প্রয়াত নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে প্রয়াত নায়কের সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি। 


একইসঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অসম্মানজনক বা মিথ্যা অপবাদ না ছড়ানোর জন্য সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন এই নায়িকা। 


পোস্টে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। 


শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’ 


শাবনূর উল্লেখ করেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয় যেন সালমান শাহ আবার সেই সোনালী দিনগুলোতে ফিরে এসেছেন। পাশাপাশি, মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা করেন শাবনূর। 


পোস্টের শেষাংশে একটি বিশেষ বার্তাও জুড়ে দেন একসময়ের তুমুল দর্শকপ্রিয় এ চিত্রনায়িকা। সবার প্রতি শাবনূরের অনুরোধ, সালমান শাহকে নিয়ে কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন। 


অভিনেত্রীর ভাষায়, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’ 

  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:৫৯ পিএম
  • আপডেট : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:০৮ পিএম


সাইদুর রহমান পাভেল

  • প্রকাশ : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:৫৯ পিএম

অভিনেতা সাইদুর রহমান পাভেলকে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমির দেওয়া একটি তালিকাকে ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম দেখা গেলেও সাইদুর রহমান পাভেলের নাম ছিল না। এ বিষয়টিই পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। 


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকা ও পাভেলের ভাইরাল ভিডিও নিয়ে নানা আলোচনা করছেন দর্শকরা। অনেকেই ধারণা করছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ধারাবাহিকটিতে পাভেলের উপস্থিতি নিয়ে পরিবর্তন এসেছে।


তবে তাকে বাদ দেওয়ার বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা পাভেলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয় একটি নাট্যধারাবাহিক। এতে নিয়মিত অভিনয় করা শিল্পীদের চরিত্র ও সংলাপ নিয়ে সামাজিক মাধ্যমেও প্রায়ই আলোচনা হয়ে থাকে।