শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬, সময় : ৩:৪০ এএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আবারও পরীক্ষা স্থগিতের ঘটনায় একাডেমিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে শেষ মুহূর্তে কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের দুটি ভিন্ন ব্যাচের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং পরীক্ষা পেছানোর পুরোনো সংস্কৃতি আবারও ফিরে আসার ইঙ্গিত বলে মনে করছেন শিক্ষার্থীদের একাংশ।


বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষদটির চতুর্থ বর্ষের একটি মিডটার্ম এবং দ্বিতীয় বর্ষের একটি ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়। রুটিন প্রকাশের পরও বারবার পরীক্ষা পেছানোর প্রবণতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।


তাদের দাবি, বর্তমান প্রশাসনের দৃঢ় অবস্থানের অভাবে পরীক্ষা স্থগিতের প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতে সেশনজট আরও প্রকট করতে পারে। অথচ অতীতে একই সমস্যা কাটিয়ে উঠতে পরীক্ষা পেছানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রশংসা কুড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসন।


শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রশাসনিক দুর্বলতার সুযোগে একাডেমিক সিদ্ধান্ত বাস্তবায়নে শিথিলতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে।


চলতি বছরেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। গত ২০ মে কৃষি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২-এর প্যাথলজি কোর্সের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে একই ব্যাচের ‘সয়েল ৩০৩’ কোর্সের মিডটার্ম পরীক্ষা ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন দফা পিছিয়ে শেষ পর্যন্ত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়।


এছাড়া গত ৮ ফেব্রুয়ারি কৃষি অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হলেও ১৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে সংশোধিত রুটিন অনুযায়ী ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়।


একইভাবে অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর একটি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বাকি পরীক্ষাগুলো স্থগিত করা হয়। প্রায় ৬১ দিন পর স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠিত হয়।


ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর ‘এফপিএইচটি ২৫১’ কোর্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। প্রায় ৪১ দিন পর, ১৩ এপ্রিল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দাবি, অনুষদটিতেও বিভিন্ন সময় মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা পিছিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।


এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন জানিয়েছিলেন, পরীক্ষার রুটিন কঠোরভাবে অনুসরণের বিষয়ে প্রশাসন ও সব অনুষদের ডিনরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাম্প্রতিক ঘটনায় সেই অবস্থানের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "প্রশাসন নিজেদের সিদ্ধান্তেই অটল থাকতে পারে না। এমন দুর্বল প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।"


এ বিষয়ে কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, "শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর কারণ আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি পরীক্ষা স্থগিতের পক্ষেও ছিলাম না। আমি স্পষ্ট জানিয়েছিলাম, পরীক্ষা পেছানো যাবে না। এরপর শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছে যান।"


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, "ফুটবল বিশ্বকাপের ম্যাচ গভীর রাত পর্যন্ত চলায় যথাযথ প্রস্তুতি নিতে না পারার কথা উল্লেখ করে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের দাবি জানায়। পরীক্ষার রুটিন তৈরির সময় বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল।"


প্রশাসনের আগের ঘোষিত অবস্থানের সঙ্গে এ সিদ্ধান্ত সাংঘর্ষিক কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কিছু পরিস্থিতি আকস্মিকভাবে তৈরি হয়। তখন আনুষ্ঠানিক মিটিং করার মতো সময় ছিল না। তবে পরীক্ষা পেছানোর বিষয়ে প্রশাসনের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।"




সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬, সময় : ৮:০৮ এএম

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 


আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।


আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


এদিকে রাজধানীর মাতৃভাষা ইনস্টিউটে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬, সময় : ৮:০০ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে নবীন প্রশিক্ষণার্থীদের জন্য দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভিসি অন রুমে আয়োজিত এ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতার নৈতিকতা, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।


নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন ও নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান। কর্মশালায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চ্যানেল ২৪-এর নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন।


এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন হোসাইন, দপ্তর সম্পাদক মো. তৌফিকুল ইসলাম, অর্থ ও সম্পদ সম্পাদক জসীম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য হিমেল রানা ও মাহাতাব চৌধুরীসহ প্রেসক্লাবের প্রশিক্ষণার্থীরা।


কর্মশালায় মূল বক্তা হাসিব আল আমিন বলেন, "সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তবে এই পেশা সবসময়ই চ্যালেঞ্জিং। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখোমুখি হতে হয়।"


তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির ফলে সাংবাদিকতার ধরণে বড় পরিবর্তন এসেছে। একটি স্মার্টফোনের মাধ্যমেও এখন নাগরিক সাংবাদিকতা (Citizen Journalism) সম্ভব হচ্ছে। অনেক সময় নাগরিক সাংবাদিকদের তথ্য-উপাত্ত মূলধারার গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদের উৎস হয়ে ওঠে। তবে যেকোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, "ভালো সাংবাদিক হতে হলে নিয়মিত সংবাদ পড়তে হবে, অভিজ্ঞ সাংবাদিকদের লেখার ধরণ অনুসরণ করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সময়ে যেকোনো তথ্য ব্যবহারের আগে অবশ্যই তা যাচাই করতে হবে।"


বিশেষ অতিথি কামারুজ্জামান বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা অন্যান্য ধারার সাংবাদিকতার তুলনায় ভিন্ন। এখানে প্রতিটি সংবাদ প্রকাশে দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিতে হবে। কোনো অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব।


তিনি আরও বলেন, "কোনো বিষয় আইনবহির্ভূত মনে হলেই সংবাদ প্রকাশ করা উচিত নয়। আগে বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন ও তথ্য যাচাই করতে হবে। এরপরই সংবাদ প্রকাশ করা উচিত।"


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, একসময় শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার প্রতি অনাগ্রহ থাকলেও বর্তমানে অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ পেশায় যুক্ত হচ্ছেন, যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সচেতনতার ইতিবাচক প্রতিফলন।


তিনি বলেন, "সাংবাদিকতার মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা। কোনো তথ্য হাতে পেলেই তা সংবাদে প্রকাশ করা যাবে না। যথাযথ যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সাংবাদিক—সবার জন্যই নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।"


তিনি আরও বলেন, নোবিপ্রবির অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে জাতীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। নতুন প্রজন্মের প্রশিক্ষণার্থীরাও সততা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


সভাপতির বক্তব্যে নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, "একজন দক্ষ ক্যাম্পাস সাংবাদিক গড়ে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সংবাদ লেখার কৌশল, নৈতিকতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন-এটাই আমাদের প্রত্যাশা। নোবিপ্রবি প্রেসক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে।"


কর্মশালায় সংবাদ লেখার কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ উপস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সাংবাদিকতা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ৮:৩৩ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।


মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।



এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, রাকিব হাসান স্বাক্ষর, রিফাত হোসাইন, মো. সাব্বির হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।


স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করে স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত, আবাসিক হল ও ক্যাম্পাসের সকল খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত, ঝাল চত্বর (আম বাগান) এর স্থায়ী সংস্কার এবং সমগ্র ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করে নির্ধারিত স্থান নিশ্চিতকরণের মাধ্যমে পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের ব্যবস্থা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত, মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর জন্য সমমূল্যে খাবারের ঢোকেন নিশ্চিত করে বৈষম্য দূর করতে হবে, 'মীর মুগ্ধ সরোবর'-এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ৭:৩২ এএম
  • আপডেট : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ৭:৩২ এএম

এ সম্পর্কিত আরও খবর


নোবিপ্রবি ও তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশ : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ৭:৩২ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় (Pamukkale University) এর মাঝে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) স্বাক্ষরিত চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর। সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও বৈজ্ঞানিক সক্ষমতাকে অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একত্রে কাজে লাগানোর ভিত্তি তৈরি হলো।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী তার বক্তব্যে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা, র‌্যাঙ্কিং, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষার প্রসারে এ চুক্তি ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। 


অনুষ্ঠানে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এই সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে নতুন গতি সঞ্চার করবে এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।


এ সময় নোবিপ্রবি ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, এ চুক্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও পাইলট প্রকল্প বাস্তবায়ন, সেমিনার, সম্মেলন ও কর্মশালা আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২২ জুলাই, ২০২৬, সময় : ৬:০৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ডাস্টবিন স্থাপনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। 


এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এস্টেট শাখা প্রধান মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা ২২টি ডাস্টবিন ২০টা পয়েন্টে স্থাপন করব। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য সবার কাছে আহ্বানটি জানাচ্ছি, যেন সকলে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা বিনের ময়লাগুলো একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করবে। ক্যাম্পাসটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার স্বার্থে এই কাজটিতে আমরা সকলের সহযোগিতা চাই।


তিনি আরও বলেন, বাহিরের লোক বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে এসে যেন বুঝতে পারেন যে ক্যাম্পাসটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মধ্য দিয়ে ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬, সময় : ৩:৪১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম। কৃষি অনুষদের হর্টিকালচার গ্যালারিতে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহীদুল হক, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর, অধ্যাপক শরীফ আর রাফি, অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুমতাহিনা রহমান উশশী, জান্নাতুল ফেরদৌস ঐশী ও উম্মে মরিয়ম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন জয়ীতা সরকার পুজা ও মাহমুদা মনোয়ার লরিন। সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম দিগন্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক প্রিয়ঙ্কা দাস প্রীতি ও মোহাম্মদ আশরাফুল আলম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. সাইমা খুশবু।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা. নুসরাত জাহান নুসা, নোশিনা ফাইকা ইসলাম, শাহরিয়ার মোবাসসির রাহিক ও মুহতাসিম ফুয়াদ। অফিস কো-অর্ডিনেটর হয়েছেন রিদওয়ানা এইচ. রহমান। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন সিমলা সাহা ও উম্মে হাবিবা নাহিন। ইনফোগ্রাফিক্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিহা ইসলাম তানহা, সজীব দেবনাথ অমিত ও এহসানুল কবির আবির। কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ সেক্রেটারি হিসেবে রয়েছেন মোছা. নোওশিন জাহান ও সাদিয়া আক্তার স্নিগ্ধা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হয়েছেন তাজরিন হালিম ও আনিকা মাহজাবিন পুষ্পিতা। ফরেইন অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জারুরি পাছাই ও বিবেক পাকুয়াল।

সর্বশেষ সব খবর