এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি, চাকরি জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়াসহ ১০ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম।
আগামী ৩১ আগস্টের মধ্যে দাবিগুলো পূরণের আল্টিমেটাম দিয়ে সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়ন না হলে সেপ্টেম্বর-অক্টোবরে বিভাগীয় সমাবেশসহ বৃহত্তর আন্দোলনে যাবে শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন আহমদ লিখিত বক্তব্যে বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ ছাড়া শিক্ষাক্ষেত্রে বৈষম্য পুরোপুরি দূর করা সম্ভব নয়। একই সঙ্গে জাতীয়করণের আগে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য ১০ দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
যেসব দবি:
সংগঠনটির ১০ দফা দাবির মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অর্থ প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী প্রদান, বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত বদলির ব্যবস্থা, শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া প্রদান।
এ ছাড়া শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে পিএসসি-২ ব্যবস্থা চালু, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা, ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা এবং নৈশপ্রহরীদের প্রচলিত নিয়মে ছুটির পাশাপাশি দ্বিতীয় নৈশপ্রহরী নিয়োগের দাবি জানানো হয়েছে।
অবসর সুবিধা নিয়ে প্রশ্ন:
সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার অর্থ নিয়েও প্রশ্ন তোলা হয়। জসিম উদ্দিন আহমদ বলেন, নতুন ব্যবস্থায় আবেদনকারীদের নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অতীতে সর্বশেষ বেতনের ভিত্তিতে কল্যাণ ও অবসর সুবিধা দেওয়ার বিধান ছিল। ফলে বর্তমান ব্যবস্থায় কেন নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করা হচ্ছে—এ প্রশ্নের জবাব চান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের শুধু জমাকৃত অর্থ ফেরত দেওয়ার আলোচনা রয়েছে—এমন খবরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
‘জাতীয়করণই বৈষম্য দূর করার পথ’:
সংগঠনের নেতারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার বড় একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনও নানা ক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় বৈষম্যের শিকার। বেতন-ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা, বদলি, অবসর সুবিধা ও চাকরির নিরাপত্তায় বৈষম্য রয়েছে বলে দাবি করেন তারা।
তাদের মতে, শুধু সাময়িক ভাতা বৃদ্ধি নয়, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রয়োজন। এতে শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রের বৈষম্যও কমবে।
সরকারের প্রতি আস্থার পাশাপাশি অসন্তোষ:
সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের শিক্ষা খাতে বরাদ্দ ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সরকারের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের দূরত্ব তৈরি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
নেতারা বলেন, সরকার শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে উদ্যোগী হলে তারা সরকারের প্রতি আরও আস্থাশীল হবেন। কিন্তু ঘোষিত বিভিন্ন সুবিধা বাস্তবায়নে বিলম্ব হলে মাঠপর্যায়ে অসন্তোষ বাড়বে।
৩ দফা কর্মসূচি ঘোষণা:
৩১ আগস্টের মধ্যে ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে তিন দফা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি।
প্রথমত, আগামী ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্যের শিক্ষক প্রতিনিধিদলের সাক্ষাতের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করে দাবির পক্ষে জনমত গড়ে তোলা হবে।
তৃতীয়ত, দল-মত নির্বিশেষে দেশের শিক্ষক-কর্মচারীদের নিয়ে সংগ্রাম কমিটি গঠন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
‘আন্দোলন আরও বিস্তৃত হতে পারে’:
সংগঠনের নেতারা বলেন, শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও অবসর সুবিধার সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে। তাদের ভাষ্য, শিক্ষক সমাজকে শুধু আশ্বাস দিয়ে নয়, বাস্তব সিদ্ধান্ত ও বাস্তবায়নের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।
তারা আরও বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি এবং চাকরি জাতীয়করণের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো দাবি নয়; এটি শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সংবাদ সম্মেলনে মতিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন আহমদ। এ সময় অধ্যাপক মনজুরুল ইসলাম, মো. আলী, নূর মোহাম্মদ খোকন, হাসিম তালুকদার, লুৎফর ইসলাম, ইউসুফ ও ঝর্ণা বিশ্বাসসহ শিক্ষক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার জীবন। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ওয়াশরুমে ৫০০ টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবন নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটি একটি ইজিবাইকে করে যাচ্ছিল এবং অভিযুক্ত জীবন নিজের ভ্যানে করে যাচ্ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কের পাশে নাজমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মোবাইল ফোন নিয়ে টানাটানি হয়।
শিশুটি প্রথমে জানায়, জীবন (অভিযুক্ত) তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে স্থানীয়রা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মোবাইল ফোন ও ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে জীবন তাকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের ওয়াশরুমে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন। কথা অনুযায়ী, ৫০০ টাকা দিলেও তবে মোবাইল ফোন না দেওয়ায় সেটি নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে শিশুটি জানায়।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ক্যাম্পাসে ভিক্ষা করে। অন্যদিকে অভিযুক্ত জীবন ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্টেশন মোড় এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শান্তিডাঙ্গা এলাকায় আরেক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক ডা. তাহমিদা আফরিন (তনু) বলেন, ভুক্তভোগী ছেলে শিশু। প্রাথমিকভাবে পরীক্ষা করে এ ধরনের ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। যেহেতু এটি পুলিশ কেস, তাই পুলিশের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। পুলিশকে খবর দিলে তারা এসে শিশুটিকে নিয়ে যায়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে। টাকা ও মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই ক্যাম্পাসের বাইরের হওয়ায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বন্ধের দিনে বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে এমন ঘটনা কীভাবে ঘটল এ বিষয়ে প্রক্টর বলেন, আমাদের নিরাপত্তাকর্মীর সংখ্যা কম থাকায় দিনের বেলায় সেখানে কোনো আনসার সদস্য রাখা হয় না। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে এখন থেকে ওই স্থানের গেটে তালা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সংশ্লিষ্টদের কাছে চাবি হস্তান্তর করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে। দ্রুত তার শারীরিক পরীক্ষা এবং ধর্ষণের আলামত ও ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারকে পাওয়া গেলে তাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। অন্যথায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, প্রাথমিক সদস্য পদ ও যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান এবং মির্জা গোলাম রায়হান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাহিত্য সংসদের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী অতুলন ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী অরণ্য দাশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাজিদ এলাহি, সাবেক সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সাঈদ এবং সাবেক সাধারণ সম্পাদক প্রদ্যুত্ম পুরোহিত প্রত্যয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুহায়ের আখতার সম্প্রীতি, অপূর্ব চৌধুরী, মারুফ আহমেদ ও তাসনুভা ফিরোজ। অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দেবরাজ মজুমদার, সারোয়ার হোসেন সামি, উৎস কারণ ও প্রণয় মন্ডল। কমিটিতে থিয়েটার পরিচালক হিসেবে ফারাব মাহবুব চৌধুরী এবং গ্রন্থাগার পরিচালক হিসেবে সৈয়দ মাহমুদ হাসান মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুভূতি ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি অতুলন ভট্টাচার্য্য দায়িত্ব পাওয়ায় ক্লাবের সাবেক সদস্য, সিনিয়র, সহপাঠী ও বর্তমান সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রথম বর্ষ থেকেই আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত। বিভিন্ন অনুষ্ঠানে কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে আমার অভিজ্ঞতা ও পথচলা সমৃদ্ধ হয়েছে। সেই পথচলার অন্তিম লগ্নে এসে সভাপতির দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আশা করি, আগামীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশের ধারাকে অব্যাহত রাখতে পারব। আমাদের পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই নিত্যনতুন কাজ করার।”
অন্যদিকে, সাধারণ সম্পাদক অরণ্য দাশ বলেন, “বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে বুটেক্স সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত হই। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবটি আমার কাছে একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে। একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক চাপ ও নানা ব্যস্ততার মধ্যে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা করা তুলনামূলকভাবে কঠিন। বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই চেষ্টা করে আসছে এই ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননের বিকাশে কাজ করতে।”
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবগঠিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বাস) ফেলো ও সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই অধ্যাপক। তারা হলেন, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর। অধ্যাপক ড. আব্দুল মজিদ ফেলো এবং অধ্যাপক ড. গোলাম দস্তগীর সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিষয়টি মঙ্গলবার (১১ আগস্ট) নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর। এর আগে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তারা দুজনই বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।
অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। সেচ ও পানি ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানি এবং কৃষিতে পানির ব্যবহার তাঁর গবেষণার উল্লেখযোগ্য ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রোফাইল অনুযায়ী, তাঁর নামে ৯৮টি গবেষণা ও ১৮৬টি প্রকাশনার তথ্য রয়েছে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে পিএইচডি এবং জাপান ও জার্মানিতে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
গবেষণাসহ একাডেমিক জীবনে বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন অধ্যাপক আব্দুল মজিদ। ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জনের জন্য ইউনিভার্সিটি প্রাইজ এবং চূড়ান্ত বর্ষের সেরা শিক্ষার্থী হিসেবে রামাপতিনাথ মেমোরিয়াল অ্যাওয়ার্ড পান তিনি। ২০০৯ সালে কৃষিবিজ্ঞানে মৌলিক গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড অর্জন করেন।
অন্যদিকে অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক। উদ্ভিদ রোগতত্ত্ব, প্ল্যান্ট-মাইক্রোব ইন্টারঅ্যাকশন ও প্ল্যান্ট মাইক্রোবায়োম তাঁর গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। তাঁর ৩৬টি গবেষণা প্রকাশনা রয়েছে। গুগল স্কলার অনুযায়ী, এসব গবেষণাপত্রে প্রায় ১ হাজার ৯০০টি সাইটেশন রয়েছে। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং জাপান ও যুক্তরাষ্ট্রে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি পেয়েছেন অধ্যাপক গোলাম দস্তগীর। ২০১০ সালে অধ্যাপক করিম মেমোরিয়াল ট্রাস্ট গোল্ড মেডেল এবং ড. এস ডি চৌধুরী গোল্ড মেডেল, ২০১১ সালে ইউনিভার্সিটি প্রাইজ ও ইউনিভার্সিটি গোল্ড মেডেল এবং ২০১২ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন তিনি। ২০১৩ সালে বেগম শিতাবজুন মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড ও উদ্ভিদ রোগতত্ত্বে ইউনিভার্সিটি গোল্ড মেডেল পান। এছাড়া ২০১৪ সালে প্ল্যান্ট ভাইরোলজিতে স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল রিসার্চ ফিস, ২০১৬ সালে প্ল্যান্ট-মাইক্রোব ইন্টারঅ্যাকশনে কনফারেন্স অ্যাওয়ার্ড এবং ২০১৯ সালে বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড, আইএস-এমপিএমআই আর্লি ক্যারিয়ার রিসার্চার ট্রাভেল অ্যাওয়ার্ড ও মিট্যাকস অ্যাক্সেলারেট প্রোগ্রাম পোস্টডক্টরাল ফেলোশিপ অর্জন করেন। ২০২১ সালে রিভিউ ক্যাটাগরিতে বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ডও পান তিনি।
এ বিষয়ে অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর বলেন, এটি অবশ্যই আমার জন্য একটি চমৎকার অনুভূতি। আমি বিভিন্ন সময় একাডেমিক সাফল্য পেয়েছি। এর আগে ছাত্র জীবনে এবং শিক্ষকতায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়েছি। সর্বশেষ যুক্ত হলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে এসোসিয়েট ফেলো হিসেবে কাজ করা। এটিকে আমি ঠিক অ্যাওয়ার্ড বলবো না, এটি একটি ফেলোশিপ, একটি টিমের সাথে কাজ করা। এটি একটি দায়িত্বেরও বিষয়।
তিনি আরও বলেন, যে জায়গাটি আমি অর্জন করেছি সেটি যেন ধরে রাখতে পারি এবং সামনে বাংলাদেশের বিজ্ঞান এবং গবেষণার ধারাটাকে যেন অব্যাহত রাখি। আশা করি সবার সহযোগিতা এবং দোয়ায় সামনের দিকে এগিয়ে যাব।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র্যাগিংয়ের ঘটনায় অধিকতর তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নির্ধারণে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এ্যান্টি র্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো জালাল উদ্দীনকে আহ্বায়ক করে ৪ সদস্যের এ উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সদস্য সচিব মো. সালাউদ্দিন মোল্লা, সদস্য ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাকসুদা আকতার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক দাখিলকৃত র্যাগিংয়ের বিষয়ে দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও বিধি অনুযায়ী প্রযোজ্যক্ষেত্রে শাস্তির ধরণ নির্ধারণের জন্য এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, র্যাগিং-এর শিকার হয়ে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় সংশ্লিষ্ট বিভাগে ১৬ জন নবীন শিক্ষার্থী। বিভাগের প্রাথমিক তদন্ত শেষে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিলে পুনরায় উপকমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদে আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেদোয়ান।
গতকাল সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর নবমনোনীত আইন বিষয়ক সম্পাদক মো. রেদোয়ান বলেন, আইন বিষয়ক সম্পাদক হিসেবে আমি ফোরামের আইনভিত্তিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে চাই। নিয়মিত আইনবিষয়ক লেখালেখি, সমসাময়িক আইন ও বিচারব্যবস্থার বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা, আইনসচেতনতামূলক কর্মশালা, সেমিনার, বিতর্ক ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক আয়োজনের মাধ্যমে সদস্যদের আইনবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চাই। একই সঙ্গে তরুণ লেখকদের মধ্যে আইন, ন্যায়বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ে চিন্তাশীল লেখালেখির চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় রাখি।
তিনি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করে বলেন, এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করে ফোরামের লক্ষ্য ও অগ্রযাত্রায় যাতে কার্যকর অবদান রাখতে পারি, সেজন্য আমি সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।