ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২২ এপ্রিল, ২০২৬, সময় : ৭:৪৮ এএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই; প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। বুধবার এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


২ জুলাই থেকে শুরু হয়ে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।


পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।


সূচিতে পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।


শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।


উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।


পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।


প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


পরীক্ষার হলে কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে। এছাড়া শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।


পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবে না।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সবগুলো বোর্ডে একই প্রশ্নপত্রে নেওয় হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


প্রথমে জুন মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ পরীক্ষা পিছিয়ে দুই জুলাই থেকে শুরু করা সিদ্ধান্ত হয়।




  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শওকত আলী। সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রাকিব হাসান মুবিন।


মঙ্গলবার (২৭ অক্টোবর) পশুপালন অনুষদের গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন মো. মাসরুল আহাসান এবং সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) আশিকুর রহমান কৌশিক। সাংগঠনিক সম্পাদক মো. জুবাইর বিন ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন। দপ্তর সম্পাদক মো. শোয়েব আখতার এবং অর্থ সম্পাদক আসিফ ইকবাল।


বিতর্কবিষয়ক সম্পাদক (বাংলা) হয়েছেন মাহিমা চৌধুরী সানজা। এ বিভাগে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাদ্বীনা খাতুন মুগ্ধ ও ই কে এম আহসান হাবীব সরকার। ইংরেজি বিতর্কবিষয়ক সম্পাদক হয়েছেন মো. গোলাম সাকলায়েন আনাস এবং সহ-সম্পাদক হয়েছেন মো. গোলাম সোলায়মান অপি ও শিফা রহমান।


এ ছাড়া মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাদ আল নাহিয়ান, পাঠাগার সম্পাদক সামিয়ান খান সাজিন, সাহিত্য সম্পাদক সাদিয়া আফরিন রিয়া, আর্কাইভ সম্পাদক মো. মশিউল আজম সাগর এবং পৃষ্ঠপোষকতা ও সমন্বয়বিষয়ক সম্পাদক হয়েছেন এ টি এম তাহমিদ।


অনুষদ সমন্বয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা আবদুল্লাহ কামাল ও এস. এম. জামিল হোসেন। হল সমন্বয় সম্পাদক সিদরাতুল মুনতাহা ও মুশফিকুর ইবনে জাহিদ। কর্মশালাবিষয়ক সম্পাদক চৌধুরী শারিকা ত্ব-সীন, ফটো ও গ্রাফিক্সবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মুকিত, প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান, পরিবেশ সম্পাদক আফিফ হুসাইন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ফারহান তানভীর লাবীব।


কমিটির অন্যান্য পদে তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, অনুষ্ঠান সম্পাদক আফসানা খান, গবেষণা ও উন্নয়ন সম্পাদক নাহিয়ান আবরার অমিও, প্রকাশনা ও সাময়িকী সম্পাদক সোহানা আফরোজ বৃষ্টি, সংস্কৃতি সম্পাদক মোছা. ঈশিতা আক্তার, প্রেস ও মিডিয়া সম্পাদক হোছাইন মো. মুহতারিম ছোয়াদ, আন্তর্জাতিক সম্পাদক এস. এম. নাঈম, লজিস্টিক সম্পাদক শাফায়াত হোসেন নিহন, আপ্যায়ন সম্পাদক সাবিদুর রহমান সেজান এবং গণসংযোগ সম্পাদক হয়েছেন সুমাইয়া আক্তার শিমু।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ ১০ জন শিক্ষার্থী। এ ছাড়া হল প্রতিনিধি হিসেবে ১৪ জন, অনুষদ প্রতিনিধি হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তিনজনসহ মোট ১০ জন এবং সাধারণ সদস্য হিসেবে ১৩ জন শিক্ষার্থী কমিটিতে রয়েছেন।


নতুন কমিটির লক্ষ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান মুবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জনকে তাঁরা অগ্রাধিকার দেবেন। শিগগিরই ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নবীনদের মধ্যে যুক্তিবাদী চিন্তার প্রসার এবং পরিশীলিত বিতার্কিক গড়ে তুলতে সংগঠনটি কাজ করবে।


জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের পরিবেশনা। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে।


বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে।


সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত হবে।


এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।


দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস।


বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনেক শিক্ষার্থী।


এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


অধ্যাপক ড. নাছির আহমদ

  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 


অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 


নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”


উল্লেখ্য, আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।


  • প্রকাশ : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৪৬ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় বুধবার (২৮ অক্টোবর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার জন্য নির্মিত গেট ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা।


বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।




আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘মেলা সরিয়ে নেওয়ার জন্য গতকাল আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এ জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’


এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’




বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এর আগে মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে মেলার আয়োজন বন্ধ করতে হবে।



অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ১০:১৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।


উল্লেখ্য আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে এ নিয়োগ কার্যকর হবে।


নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

  • প্রকাশ : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী ৭ নভেম্বর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এ ছাড়া এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ এমপি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবিব এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত।


নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।