চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাঁকে সংসদের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এরপর চিফ হুইপ একটি কবিতা পাঠ করেন। তবে কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, ‘টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তাঁর জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় চিফ হুইপ সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরেন।
তিনি বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে এ রকম আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তাঁর কাজ বাস্তবায়ন শুরু করেছেন।
সংসদে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো:
‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন, উই হ্যাভ আ প্ল্যান
তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
চিফ হুইপের কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।’
গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদ শুরুর প্রথম দিনেই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দিনব্যাপী বাংলাদেশ এআই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (৫ নভেম্বর বৃহস্পতিবার)। ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সামিট অনুষ্ঠিত হবে। সামিট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।
গত মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সামিটে অংশ নেওয়ার জন্য দেশি-বিদেশি ছয় হাজার স্টেক হোল্ডার নিবন্ধন করেছেন।
তিনি জানান, দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে ত্বরান্বিত করতে এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানের এই সামিটটি আয়োজিত হচ্ছে।
তিনি বলেন, চলমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তর ঘটছে। এই বাস্তবতাকে সামনে রেখে এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ”।
মন্ত্রী বলেন, দিনব্যাপী এই সম্মেলনে মোট তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে দুপুর ১২টায় এআই বিপ্লবের গতিপথ, নীতি, দক্ষতা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করবেন। একই সময়ে ‘হল অব ফেম’-এ আয়োজিত দ্বিতীয় অধিবেশনে একাডেমিয়া ও শিল্প খাতের অংশীদারিত্ব জোরদার এবং প্রযুক্তি হস্তান্তরের কৌশলসমূহ উঠে আসবে। পরবর্তীতে দুপুর ৩টায় তৃতীয় অধিবেশনে ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টদের ভূমিকা এবং স্থানীয় সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা করা হবে।
সামিটে জাতীয় ও আন্তর্জাতিক কোম্পানি, প্রযুক্তি প্রদানকারী এবং উদ্ভাবকদের অংশগ্রহণে মোট ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে। এতে দেড় শতাধিক স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী ধারণা ও প্রজেক্ট প্রদর্শন করবে। পাশাপাশি ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান (১৯টি বিশ্ববিদ্যালয় ও ১টি কলেজ)-এর শিক্ষার্থীদের পরিচালিত এআই প্রজেক্ট ও প্রোটোটাইপ প্রদর্শনকারী উদ্ভাবনী স্টল থাকবে। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যুক্তরাষ্ট্র থেকে ১টি এবং পাকিস্তান থেকে ৪টিসহ মোট ৫টি বিদেশি প্রদর্শক প্রতিষ্ঠান এই সামিটে অংশ নেবে।
ফকির মাহবুব আনাম আরও জানান, সামিটে প্রায় ৬ হাজার দর্শনার্থী ও ২ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন, যার মধ্যে ঢাকা চেম্বার ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০০ জন বিশেষ অতিথি অন্তর্ভুক্ত রয়েছেন। দেশি-বিদেশি নীতি-নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, করপোরেট ব্যক্তিত্ব এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২৭ জন সম্মানিত স্পিকার ও আলোচক এতে বক্তব্য রাখবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআই-এর এই সুদৃঢ় যৌথ প্রয়াস দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির রূপান্তর এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গঠনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রমকে মূলত চারটি মূল স্তম্ভ বা পিলারের ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের চর্চা বাড়ানো (স্টেম শিক্ষা), গবেষণালব্ধ জ্ঞান ও পেপারকে কেবল তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সরাসরি বাজারের উপযোগী করা, ইনভেস্টর ও মার্কেটের সাথে গবেষকদের সুদৃঢ় সেতুবন্ধন তৈরি করা এবং এআই, সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, স্পেস রিসার্চ ও ব্লু-ইকোনমি নিয়ে আলাদাভাবে কাজ করা।
এছাড়া দেশে প্রচুর মেধাবী গ্র্যাজুয়েট তৈরি হওয়ায় তাদের কাজে লাগাতে এবং নতুন ড্রাগ ও লাইফস্টাইল পণ্য উদ্ভাবনের জন্য বায়োটেক পার্ক স্থাপনের বড় সুযোগ রয়েছে বলেও বিজ্ঞান সচিব উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগকে ঘিরে আশাবাদী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয় বাসিন্দারা।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
মোংলা বন্দরের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। চীনা ঋণ ও সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি আধুনিক ক্রেন, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও কনটেইনার হ্যান্ডলিং প্রযুক্তি যুক্ত করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে দাঁড়াবে ৪ লাখ টিইইউতে। বর্তমানে যে সক্ষমতা রয়েছে, নতুন অবকাঠামো যুক্ত হলে তা দ্বিগুণেরও বেশি হবে।
সংশ্লিষ্টদের আশা, আধুনিক অবকাঠামো যুক্ত হলে বন্দরে পণ্য ওঠানামার গতি বাড়বে। কমবে জাহাজের অপেক্ষার সময়, উন্নত হবে সেবার মান। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ব্যবহার বাড়ার পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকল্প ও উন্নয়ন) শেখ শওকত আলী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের অবকাঠামোগত সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। আধুনিক জেটি ও সরঞ্জাম যুক্ত হওয়ার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়বে। বন্দর ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দরকে ঘিরে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম বলেন, বন্দরের জেটি ও আধুনিক সরঞ্জামের সক্ষমতা বাড়ানো জরুরি। নতুন অবকাঠামো যুক্ত হলে পণ্য ওঠানামায় সময় সাশ্রয় হবে। এতে আমদানি-রপ্তানিকারকদের আগ্রহ বাড়ার পাশাপাশি মোংলা বন্দরের ব্যবহারও বাড়বে।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার সূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর দুই সপ্তাহের ব্যবধানে মোংলা সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এর আগে গত ২২ অক্টোবর খুলনা ও মোংলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। ছবি : পিএমও
বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।
লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন যুগের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনার প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। দীর্ঘদিন ধরে দুই দেশের জনগণের হৃদয়ে এ সম্পর্কের বিশেষ স্থান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেওয়া এখন তাঁদের দায়িত্ব।
তিনি আশা করেন, নতুন প্রজন্মের হাত ধরে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার এ ঐতিহ্য আরও এগিয়ে যাবে।
তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়, যা পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এ কর্মসূচি কৃষির উন্নয়নে ব্যাপক অবদান রাখে। বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে, যা কৃষক ও সাধারণ মানুষের উপকারে আসবে। সেই সাথে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
লিউ হাইশিং বলেন, দুই দলের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে চীন আগ্রহী। এ সময় তিনি বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়েও আলোচনা হয়। পাশাপাশি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি) এ বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। এ সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে লিউ হাইশিং বলেন, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত। তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন বলে জানান।
বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, লিউ হাইশিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইকবাল সোবহান চৌধুরী
আন্দোলনে ইন্ধনের অভিযোগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে বা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।
ছবি : সংগৃহীত
প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেমের আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা।
এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স জমা রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেসকোটি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজের জন্য আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ সময় বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।এ পরিস্থিতিতে সম্ভাব্য ভোগান্তি এড়াতে নির্ধারিত সময় শুরুর আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার সময় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এ ছাড়া রিচার্জসংক্রান্ত যে কোনো তথ্য বা প্রয়োজনে ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।
উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এদিকে চিকিৎসকদের জন্য আয়োজিত ৫১তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকট মোকাবিলায় এ বিশেষ বিসিএসের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।