কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩২ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭ শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়। 


উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ফার্মেসি বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে জয় পায় অর্থনীতি বিভাগ। পরে দ্বিতীয় ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ট্রাইব্রেকারে সিএসই বিভাগকে ৩–১ গোলে পরাজিত করে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন। এ সময় উপ-উপাচার্য আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।


জানা যায়, এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি বিভাগ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, “এখানে অংশগ্রহণকারী সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বহিরাগত কেউ নয়। তাই খেলাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। হার-জিত খেলাধুলারই অংশ। একটি দলই চ্যাম্পিয়ন হবে, সেটি মাথায় রেখে সুশৃঙ্খল ও সুন্দরভাবে খেলতে হবে। কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা যাবে না।”


তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ফুটবলের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজন সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খেলাধুলা স্থগিত রাখার পরিস্থিতি তৈরি হয়।”


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। পাশাপাশি যুবসমাজকে অনলাইন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”


ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা যেন বন্ধুত্ব নষ্ট না করে। খেলাকে বিনোদনমূলকভাবে উপভোগ করতে হবে এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে হবে।”



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ৭:৪১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়, ৪০টি টেক ক্লাব এবং হাজারো তরুণ মেধাবী শিক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।


আজ রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। প্রযুক্তিপ্রেমী তরুণদের একত্রিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন ধারণা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি করা হয়েছে।


আয়োজক কমিটির সদস্য বায়েজিদ জানান, ফেস্টে থাকছে AI, Robotics, Innovation, Project Showcase ও Olympiad। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও প্রযুক্তিখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে থাকছে TechCare Zone, Industry Talk এবং Live Pitch। এসব আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের CEO, industry leaders ও অভিজ্ঞ mentors অংশ নেবেন।




তিনি আরও বলেন,ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও টেক ক্লাবের সদস্যদের মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।


তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তি উৎসব নয় বরং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, টেক ক্লাব এবং শিল্পখাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।


বায়েজিদ আরও জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, নেটওয়ার্কিং এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ২:৫০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।


অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ন হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।


গত বছরের ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তাঁর আবেদনের প্রেক্ষিতে আজ থেকে অধ্যাপক ড. আতিকুর রহমানকে দায়িত্ব দেন প্রশাসন।


দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। দপ্তরের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবার সেবা দেওয়ার জন্য এই দপ্তর কাজ করবে। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে উপাচার্য স্যার ইতিমধ্যে একটি প্রকল্প নিয়েছেন যাতে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধি পায়। আশা করি প্রকল্পটি দ্রুতই বাস্তবায়ন হবে। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কাম্য।”

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ২:৩৭ পিএম

মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব আয়োজিত ‘Manarat Invitational-Chapter One’-এ বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (JnUDS) দল ‘JnUDS-একাত্তরের গণহত্যা’। ফাইনালে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করে দলটি।


২৯ আগস্ট (শনিবার) মানারাত ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।


প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মানারাতের দল 'MIUDC-প্রত্যাশা'কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে জেএনইউডিএসের 'একাত্তরের গণহত্যা'। এরপর সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'JUDO-অমর একুশ' দলকে ৩-২ ব্যালটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলটি।


ফাইনালে 'এই সংসদ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান সমর্থন করে না' মোশনের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় 'JnUDS-একাত্তরের গণহত্যা'। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ হাজার টাকা।


চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরোজ মীম, ফার্মেসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবরার তানজীম এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ওমর ফাহমিদ খান।


চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে সাদিয়া আফরোজ মীম বলেন, “জেএনইউডিএস হয়ে ট্রফি জেতা সবসময়ই আনন্দের। আবরার ও ফাহমিদ আমার অসাধারণ দুজন টিমমেট। তারা দুজনও অনেক ভালো বিতার্কিক। জেএনইউডিএসে এত ভালো ভালো জুনিয়র বিতার্কিক তৈরি হচ্ছে, সেটা দেখে অর্থ সম্পাদক হিসেবে আমি গর্বিত। জেএনইউডিএসের এই ট্রফির ধারা সবসময় অব্যাহত থাকুক এই আশা করি।”

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ৩০ আগস্ট, ২০২৬, সময় : ৯:৫৪ এএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাফিস ফুয়াদ এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের আব্দুল্লাহ আল মারুফ মনোনীত হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাকিবুল ইসলাম এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রামিসা হক চৌধুরী দায়িত্ব পেয়েছে। 

‎শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্লাবের এক দশকপূর্তি ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের অ্যালামনাই, নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

‎কমিটিতে বিভিন্ন বিভাগভিত্তিক আটজন সহ-সভাপতি মনোনীত হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছে মো. তাওসীফ ইশরাক, মেহেরিন সুলতানা, হাসানাত তৌহিদুর রহমান, ফারিহা ইয়াসমিন, মো. তানভিরুল ইসলাম, মো. ইয়াজ আহমেদ, মো. মাহদী হাসান চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব)।

‎নবনির্বাচিত সভাপতি মো. নাফিস ফুয়াদ বলেন, “সভাপতি হিসেবে বুটেক্স বিজনেস ক্লাবের নেতৃত্ব দেওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি এক বিশাল দায়িত্বের। সাধারণ সদস্য থেকে শুরু করে আজ এই জায়গায় পৌঁছানোর পেছনের মূল শক্তিই ছিল ক্লাবের প্রতি ভালোবাসা এবং শেখার অদম্য ইচ্ছা।

‎আমার লক্ষ্য খুব স্পষ্ট , আমাদের নতুন কমিটির মাধ্যমে ক্লাবটিকে শুধু ক্যাম্পাসে নয়, করপোরেট জগতেও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। সাধারণ সম্পাদকসহ সব ক্লাব অফিসিয়াল কে সাথে নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও গ্লোবাল প্ল্যাটফর্মে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

‎সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “বুটেক্স বিজনেস ক্লাব আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক অন্যতম অভিজ্ঞতা। সদ্য ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্তি আমার জন্যে অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই দায়িত্ব আমার প্রতি রাখা আস্থার প্রতিফলন; একই সাথে একটি বড় দায়িত্বের অঙ্গীকার। ক্লাব থেকে এযাবৎ পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থবহ কিছু করতে চাই যা ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে৷ আশা করছি সবার সার্বিক সহযোগিতায় এবং অংশগ্রহণে ক্লাবের ভবিষ্যৎ পথচলা আরো সুন্দর হবে।”

সর্বশেষ সব খবর

সভাপতি নজরুল ও সাধারণ সম্পাদক আরাফাত

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজু আরাফাত।


শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীর ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাসনোভা হোসেন। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম। অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবরার জাহিন।


এছাড়া সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে চপল রহমান নির্বাচিত হয়েছেন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আতিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন।


সাধারণ সম্পাদক আরাফাত রাজু বলেন, “সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভাগের সকল সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”


সভাপতি নজরুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে বিভাগের সব সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”


নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃত্ববৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩০ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুন ২০১৫ থেকে মে ২০২৬ পর্যন্ত সময়ে নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কমিটিটি গঠন করা হয়েছে।


অফিস আদেশে বলা হয়েছে, জুন ২০১৫ থেকে মে ২০২৬ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।


গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে। আর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।


কমিটির সদস্য হিসেবে রয়েছেন-নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একজন উপযুক্ত প্রতিনিধি।


প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্তসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। পরে এসব বিষয়ে যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।


কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত সময়ে ঘটে যাওয়া সার্বিক অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ সব খবর