ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের উল্লাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ভোটের ফলাফলও আসতে শুরু করেছে। দেশটির কংগ্রেসের দুটি কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস পাওয়া যাচ্ছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটিক পার্টির উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।
জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের কারণে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। ১০০ আসনের সিনেটে এবার দুটি শূন্য আসনসহ ৩৫টিতে ভোট হচ্ছে।
দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফলের তথ্য অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্যে দুটিতে ডেমোক্র্যাটিক পার্টি এরই মধ্যে জয় পেয়েছে। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সাতটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত কোনো আসনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জয়লাভের খবর পাওয়া যায়নি।
সিবিএস নিউজের এক পূর্বাভাস জানিয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকে পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা অন্তত ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা অন্তত ১৬০টি আসন পাবে।
সবার মনোযোগ টেক্সাস, মিশিগান ও মেইন- এই তিনটি অঙ্গরাজ্যের দিকে। নির্বাচনে এই তিনটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। টেক্সাস অঙ্গরাজ্য থেকে গত ৩০ বছরে কোনো ডেমোক্র্যাট সিনেটে যাননি, কিন্তু সাবেক স্কুল শিক্ষক জেমস টালারিকো সেই ইতিহাস বদলাতে চাইছেন। ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সাইদ এবং রিপাবলিকান মাইক রজার্সের মধ্যে লড়াই মনোযোগ কেড়েছে। যেখানে রোববার শেষ মুহূর্তে এল-সাইদের ডেমোক্র্যাট প্রাইমারির প্রতিদ্বন্দ্বী রজার্সকে সমর্থন জানিয়েছেন। প্রাথমিক ভোট গণনায় ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৩ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৬৪২টি ভোট গণনা করা হয়েছে। যা মোট ভোটের ২১ দশমিক ৭ শতাংশ। এখনও প্রায় ৩৮ লাখ ৬২ হাজার ভোট গণনা বাকি রয়েছে।
প্রাথমিক ফলে আবদুল এল-সাইয়েদ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৭৪৬ ভোট। অন্যদিকে মাইক রজার্সের ঝুলিতে রয়েছে ৪ লাখ ৭১ হাজার ৬৩৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখিত লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন ৯ হাজার ৮৯১ ভোট। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এল-সাইয়েদকে হারাতে হলে মাইক রজার্সকে বাকি ভোটের অন্তত ৫০ দশমিক ৬ শতাংশ পেতে হবে।
মেইন অঙ্গরাজ্যের বর্তমান সিনেটর সুসান কলিন্স একজন রিপাবলিকান, যিনি ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন।
ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকা এই অঙ্গরাজ্যে নিজের আসন ধরে রাখার লড়াই করছেন তিনি, কিন্তু প্রতিদ্বন্দ্বী ট্রয় জ্যাকসনের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের এসব আসনের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে। ভোট গণনা শুরুর পর প্রথম ফলাফল আসতে শুরু করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও, টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফলাফল। এসব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি। তবে ভোট গণনা শেষ হলেই সব আসনের ফলাফল দ্রুত জানা যাবে, এমন নয়।
অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি ও গতি আলাদা। কোথাও ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ভোট গণনা হয়ে যায়। আবার কোথাও ডাকযোগে পাঠানো ও আগাম ভোটের ব্যালট গণনা করতে বেশি সময় লাগে। বিশেষ করে মেইন ও আলাস্কার মতো অঙ্গরাজ্যে ফলাফল জানতে দেরি হতে পারে।
প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি হলে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতেও সময় লাগে। এ কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ
নাবিকদের কাজ ও বিশ্রামের রেকর্ড ইচ্ছাকৃতভাবে জাল করে অতিরিক্ত কর্মঘণ্টা লুকানোর প্রমাণ পাওয়ায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার উয়াং ভেনাস-কে ৯০ দিনের জন্য অস্ট্রেলিয়ার বন্দরগুলোতে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। অস্ট্রেলিয়ার নেভিগেশন অ্যাক্ট ২০১২-এর ২৪৬ ধারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জিক্যাপ্টেন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেরিটাইম।
এতে বলা হয়, মেরিটাইম লেবার কনভেনশন (এমএলসি)-এর আওতায় একটি অভিযোগের পর ২৯ অক্টোবর নিউক্যাসল বন্দরে পোর্ট স্টেট কন্ট্রোল পরিদর্শনে দেখা যায়, জাহাজের রেকর্ডে নাবিকদের প্রকৃত কর্মঘণ্টা প্রতিফলিত হয়নি।
তিন বছরের কম সময়ে তৃতীয়বার আটক:
আগস্ট ২০২৬: নাবিকদের কাজ ও বিশ্রামের সময় ঠিকমতো রেকর্ড বা নজরদারি না করায় আটক।
ডিসেম্বর ২০২৩: ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) অভিযোগের পর পরিদর্শকরা নিম্নমানের খাবার, জাল কর্মঘণ্টার রেকর্ড এবং মাস্টার এক নাবিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন — এমন প্রমাণ পান।
নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়: ২০২৩ সালের আটকের পর অপারেটর নাবিক প্রত্যাবাসন, ভালো খাবার ও কর্মঘণ্টা বিষয়ে বাড়তি প্রশিক্ষণের একটি সংশোধনমূলক পরিকল্পনা জমা দেয়, কিন্তু পরেও একই ধরনের সমস্যা ধরা পড়ে। এএমএসএ জাহাজটির বারবার ত্রুটি এবং মালিক ও অপারেটরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশয়ের কথাও উল্লেখ করেছে।
ক্লান্তি নিরাপত্তার ঝুঁকি
এএমএসএর মেরিটাইম সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স বিভাগের নির্বাহী পরিচালক গ্রেগ উইথারাল বলেন, জাল রেকর্ড গুরুতর ঝুঁকি তৈরি করে, কারণ ক্লান্তি বিচারবুদ্ধি দুর্বল করে এবং সংঘর্ষ ও চরায় ওঠার ঝুঁকি বাড়ায়। গুরুতর বা বারবার ব্যর্থতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২০২৬-২৭ জাতীয় কমপ্লায়েন্স পরিকল্পনায় ক্রুইং ও ক্লান্তি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এএমএসএ। এমএলসি অনুযায়ী নাবিকদের ন্যূনতম বিশ্রামের অধিকার আছে; বিশ্রামের সঠিক রেকর্ডই পরিদর্শকদের কাছে অতিরিক্ত খাটুনি ধরার অন্যতম উপায়। বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্যও এই সুরক্ষা গুরুত্বপূর্ণ।
ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।
সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’
ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।
বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই জোট সরকারে দেশটির ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্ত করতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে আইজেনকট ইঙ্গিত দেন, নেতানিয়াহুর পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকেও জোট সরকারে যোগদানের আমন্ত্রণ জানানো যেতে পারে।
আইজেনকট বলেন, ‘লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বে গঠিত সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনও যৌক্তিক কারণ আমার বোধগম্য নয়।’
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়া আইজেনকট নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। ওই অনুষ্ঠানে আইজেনকোট বলেন, তিনি জনগণের স্বার্থে কাজ করবেন এবং ইসরায়েলি সমাজের সব অংশের প্রতিনিধিত্ব করবেন।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সতর্ক করে বলেছেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর দেশটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই নির্বাচনে ইসরায়েল এবং মার্কিন সামরিক সহায়তার কট্টর সমালোচক বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়লাভ করেছেন।
যুক্তরাষ্ট্রে ‘নতুন রাজনৈতিক বাস্তবতার’ কথা উল্লেখ করে হারজগ বলেন, ‘ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।’
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্ব দেন আইজেনকট। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীপরিষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তা সত্ত্বেও ইসরায়েলে অবস্থানরত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি আসন লাভ করে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন নিশ্চিত করে। তবে উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়। অন্যদিকে আরব দলগুলো রেকর্ড ১৯ আসনে জয়লাভ করে।
আইজেনকট ইতোমধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের সঙ্গে জোট বাঁধলে ৬৭ আসনের ব্লক তৈরি হতে পারত। অন্যদিকে, দুটি অতি-ডানপন্থি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে নিজের পক্ষে টানতে পারলে তার ঠিক ৬১টি আসন নিশ্চিত হতো।
এ ছাড়া সংসদে আস্থাভোটে জয়ী হলে তিনি ৬১টির কম আসন নিয়েও সরকার গঠন করতে পারেন।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। কারাগারের ভেতরের পরিস্থিতি ও তার অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে মাদুরোর। এর অংশ হিসেবে কারারক্ষী বা চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।
মাদুরো এর আগে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা বলেছিলেন। তিনি নিজেকে গত শতাব্দীর কোনও এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের একজন বংশধর হিসেবে বর্ণনা করেছিলেন। তবে মাদুরোর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি।
ভেনেজুয়েলায় দ্রুত বর্ধনশীল ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর ভোট পাওয়ার চেষ্টা করেছিলেন মাদুরো। সেজন্য একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এ ছাড়া মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত রহস্যবাদী গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।
ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা অবস্থায় আধ্যাত্মিক বিষয়ের প্রতি মাদুরোর আগ্রহ আরও গভীর হয়েছে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছে। কারাগারের যে ব্লকে তাকে রাখা হয়েছে সেখানে সিয়ান কমস, স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি মানজিওনের মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল বন্দি ছিলেন। মাদুরোর কারাগারের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা জানিয়েছেন, মাদুরো তাঁর বেশিরভাগ সময় কুরআন ও বাইবেলসহ বিভিন্ন বই পড়ে কাটাচ্ছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ অন্যান্য অভিযোগে আগামী বছর মাদুরোর বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার স্ত্রী ফ্লোরেসের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।