ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৯:১৮ এএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত বহু যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গ্রামীণ এলাকা সাও জোসে দা তাপেরা শহরের কাছে রাজ্য মহাসড়ক এএল-২২০তে দুর্ঘটনাটি ঘটে।আলাগোয়াস রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


উদ্ধার অভিযানে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। অনেক যাত্রী বাসের নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী দুর্ঘটনা।


স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ছিল। উৎসবটিতে প্রতিবছর ২ ফেব্রুয়ারি হাজারো ভক্ত অংশ নেন।


দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসের পাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন।


রাজ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস বলেন, এই গভীর বেদনার সময়ে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


ব্রাজিলে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। গত ডিসেম্বরে মিনাস জেরাইস রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩২ জন নিহত হন। এছাড়া গত অক্টোবরে পার্নামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। সূত্র: আল-জাজিরা




আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

  • প্রকাশ : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৩:৫৭ পিএম

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ আহ্বান জানান। এর আগে যুক্তরাষ্ট্র কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের কথা নিশ্চিত করেছে।


এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জিয়াকুন বলেন, ‘মহাকাশে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া বন্ধ করা উচিত।’ তিনি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরুর বিষয়েও সতর্ক করেন।


যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক গতকাল সোমবার মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ করেন।


মেইঙ্ক বলেন, ‘শুধু আকাশেই নয়, মহাকাশেও আমরা আমাদের আধিপত্য বজায় রাখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


তবে প্রশ্নোত্তর পর্বে মেইঙ্ক অস্ত্রগুলোর ধরন বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তিনি শুধু বলেন, তাঁর বক্তব্যের শব্দচয়ন ‘খুব ভেবেচিন্তে করা হয়েছে’।


ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মেইঙ্ক যে প্রযুক্তির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে এমন সক্ষমতাও থাকতে পারে, যার মাধ্যমে কোনো শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করা সম্ভব। মহাকাশে অস্ত্র মোতায়েনে আন্তর্জাতিকভাবে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। 


তবে মহাকাশ চুক্তি অনুযায়ী, সেখানে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন করা নিষিদ্ধ।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৯ সালে স্পেস ফোর্স প্রতিষ্ঠা করেন। সে সময় তিনি মহাকাশকে বিশ্বের নবীনতম যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছিলেন। 


গত বছর ট্রাম্প ‘গোল্ডেন ডোম’ নামে একটি পরিকল্পনা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড সুরক্ষিত রাখার জন্য প্রস্তাবিত এ বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থাও রয়েছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ কমিয়ে আনার নতুন নিয়ম আপাতত কার্যকর হচ্ছে না। ট্রাম্প প্রশাসনের এই নিয়ম কার্যকরের এক দিন আগে সোমবার তা স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। ডিস্ট্রিক্ট জাজ ডেনিস সেলার প্রাথমিকভাবে নতুন নিয়মের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তবে তিনি এ বিষয়ে মামলার মূল প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত দেননি। আগামী ২ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) নতুন নিয়মটি প্রস্তাব করেছিল। এতে বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়ার কথা বলা হয়। এরপর তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হতো। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান।


নতুন নিয়মে বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন বা প্রায় আট মাস করার কথা ছিল। এরপর একই মেয়াদের জন্য ভিসা বাড়ানোর আবেদন করা যেত।


বর্তমানে বিদেশি সাংবাদিকেরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে চীনা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নিয়ম আরও কঠোর। তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে ৯০ দিনের ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। পরে আরও ৯০ দিনের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।


নতুন ভিসা বিধির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট মামলা করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারক সেলার নতুন নিয়ম কার্যকরে সাময়িক স্থগিতাদেশ দেন।


রায়ের সঙ্গে দেওয়া এক স্মারকে বিচারক নতুন নিয়ম নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান। তিনি বলেন, বর্তমান ব্যবস্থার আওতায় গত কয়েক দশকে কোটি কোটি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এসেছেন। তাদের মাধ্যমে বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে। পাশাপাশি দেশটির অর্থনীতিও উপকৃত হয়েছে।


বিচারকের মতে, সেই ব্যবস্থা উন্নত করার পরিবর্তে ডিএইচএস এমন একটি কর্মসূচি নিয়েছে, যা বিদেশি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও সাংবাদিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। নতুন নিয়মে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করার ক্ষেত্রে ডিএইচএসকে ব্যাপক ক্ষমতা দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন বিচারক সেলার।


তিনি বলেন, সীমিত ও অস্পষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে ডিএইচএসের একজন কর্মকর্তা কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি নাগরিকের পড়াশোনা, গবেষণা বা শিক্ষকতার কাজ বন্ধ করে দিতে পারেন। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে না।


বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ হলে সাংবাদিকদেরও কার্যকর কোনো প্রতিকার বা আপিলের সুযোগ থাকবে না।


বিচারক আরও বলেন, সরকারের সমালোচনা করেন-এমন বিদেশি সাংবাদিকদের ভিসা নবায়ন না করার আশঙ্কা রয়েছে।


নতুন নিয়ম প্রস্তাবের সময় জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনেছিল ডিএইচএস। তবে বিচারক সেলার এ যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, অল্প কয়েকটি ঘটনার ওপর ভিত্তি করে জাতীয় নিরাপত্তার এমন যুক্তি দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্যতার সীমার কাছাকাছি নয়।


বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিবাসন নীতির অংশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করা এবং বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার পথ কঠোর করার মতো পদক্ষেপও রয়েছে।


মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশটিতে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। বিদেশি শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের শীর্ষ দেশ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৫:৩২ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিসহ ১২ জনের বেশি বিশ্বনেতা অংশ নেন।


বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপমে’ গত শনিবার সন্ধ্যায় বসে এ আয়োজন। নৈশভোজের খাবারের তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। নৈশভোজের পুরো মেনুই ছিল নিরামিষ। মাছ-মাংসের কোনো পদ রাখা হয়নি। তবে ভারতের বিভিন্ন অঞ্চলের নানা ধরনের খাবার ছিল তালিকায়।


শুরুতে অতিথিদের পরিবেশন করা হয় খান্ডভি মিলেফয় ও খুম্ব গালৌটি কাবাব। গুজরাটের জনপ্রিয় খাবার খান্ডভি বেসন দিয়ে তৈরি। এতে সর্ষে, নারকেল ও কারিপাতার ব্যবহার রয়েছে। কেসর আম, দই ও সবুজ পাতা দিয়ে সাজিয়ে এটি পরিবেশন করা হয়।


মাশরুম দিয়ে তৈরি খুম্ব গালৌটি কাবাব পুদিনাপাতা দিয়ে গ্রিল করা হয়। পরে শিরমাল রুটির সঙ্গে এটি পরিবেশন করা হয়। মূল খাবারের তালিকায় ছিল পনির লাবাবদার, গুচ্চি মারমিক, ক্যারট বিন পোরিয়াল, থাক্কালি বেলে সারু ও মিলেট পোলাও।


উত্তর ভারতের জনপ্রিয় পদ পনির লাবাবদার তৈরি করা হয় ছোট পেঁয়াজ ও টমেটোর ঘন ঝোলে নরম পনির দিয়ে। আর হিমালয়ের বিশেষ গুচ্চি মাশরুমের সঙ্গে জাফরান, কিশমিশ ও কাঠবাদাম মিশিয়ে তৈরি করা হয় গুচ্চি মারমিক।


ক্যারট বিন পোরিয়ালে গাজর ও বিভিন্ন ধরনের সবুজ বীজের সঙ্গে নারকেল তেল ও দক্ষিণ ভারতীয় মসলা ব্যবহার করা হয়। অন্যদিকে থাক্কালি বেলে সারু হলো টমেটো, কারিপাতা ও ডাল দিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় একটি পদ।


সুগন্ধি বাসমতী চালের সঙ্গে বাজরা ও বিভিন্ন মসলা দিয়ে তৈরি করা হয় মিলেট পোলাও। এর সঙ্গে ছিল দই মেশানো বিটরুটের রায়তা ও বিভিন্ন ধরনের ভারতীয় রুটি।


নৈশভোজের শেষপাতে ছিল পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী ফ্রুটক্রিম ও জিলাপি। মৌসুমি ফলের সঙ্গে হালকা হুইপড ক্রিম মিশিয়ে তা জিলাপির সঙ্গে পরিবেশন করা হয়। ছিল শাহুতুত ফিরনিও। দুধ, চাল, মিষ্টি মালবেরি ও খাবার উপযোগী সোনার পাত দিয়ে তৈরি করা হয় এ মিষ্টান্ন।


নৈশভোজে খাবারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এতে অংশ নেন ১৬০ জন শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের পাশাপাশি ব্রিকসের বিভিন্ন দেশের শিল্পীরাও এতে অংশ নেন। পরিবেশিত হয় ভরতনাট্যম, কুচিপুড়ি, ওডিশি ও কত্থক।


তবে মোদির আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত নেতাদের সবাই উপস্থিত থাকলেও ছিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদকেও সেখানে দেখা যায়নি। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশ : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৫০ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রেখে দেশটির তেল নেওয়ার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির উদাহরণ টেনেছেন। রোববার আয়ারল্যান্ড সফরের সময় এক গলফ টুর্নামেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। 


তিনি আবারও দাবি করেন, চলতি বছরের মধ্যেই ইরানের যুদ্ধ শেষ হতে পারে। এমনকি নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।


ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে সরে আসবে-তবে তেল ধরে রাখার জন্য সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে।


তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল রাখার সিদ্ধান্ত নিই।’


ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে ইরানের পরিস্থিতির তুলনা করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে আয় করছে, তা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ বহুবার পরিশোধ করেছে।


ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ‘সঠিক চুক্তি’ করতে চান বলেও জানান ট্রাম্প। তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের জন্য ভালো নয়-এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন না।


ইরান নিয়মিত শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরান অতীতে এমন দাবি নাকচ করেছে।


ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ছে। এর মধ্যে রোববার সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার ঘটনা তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার কারণে সোমবার তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।


এদিকে ভেনেজুয়েলার তেলসম্পদের একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। আগস্টে এ-সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়। সেই চুক্তির সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ধরে রাখার বিষয়টি তুলনা করে নতুন ইঙ্গিত দিলেন ট্রাম্প।

 


শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরব তার বিশাল পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি বন্ধ করে দেয়

  • প্রকাশ : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:৪৫ পিএম

 সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন দ্রুত চালু করা না গেলে কয়েক দিনের মধ্যেই রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে। এতে বিশ্ববাজারে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমে যেতে পারে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। সৌদি তেল ক্রেতা ও ব্যবসায়ীরা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।


ইরান যুদ্ধের কারণে আগে থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে সৌদির তেল সরবরাহ আরও কমে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে জ্বালানির দাম, মূল্যস্ফীতি ও ঋণের সুদহার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


শুক্রবার ইরাক থেকে চালানো ড্রোন হামলার শিকার হয়ে সৌদি আরব তাদের বিশাল পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি বন্ধ করে দেয়। তবে পাইপলাইনটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কত দিন এটি বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।


রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকটি সূত্র ক্ষয়ক্ষতি মেরামতে ভিন্ন ভিন্ন সময়ের কথা জানিয়েছে। একটি সূত্রের মতে, পাইপলাইনটি পুরোপুরি মেরামত করতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আরেকটি সূত্র বলেছে, এর আগেই মেরামতের কাজ শেষ হতে পারে এবং কাজ চলার মধ্যেই পাইপলাইনের একটি অংশ দিয়ে আবার তেল সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে। এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর ও জ্বালানি মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


গত ছয় মাসে সৌদি আরবের জন্য এই পাইপলাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে যাওয়া পাইপলাইনটি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ বা সীমিত হয়ে যাওয়ার প্রভাব থেকে সৌদি আরবকে অনেকটাই রক্ষা করেছে।


বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাত। এই পরিমাণ তেল বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।


কিন্তু পাইপলাইনটি বন্ধ থাকায় ইয়ানবু বন্দরে মজুত তেল দিয়ে মাত্র পাঁচ থেকে সাত দিন রপ্তানি চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সৌদি তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র। আরেকটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের আইন সকনা ও ভূমধ্যসাগরের সিদি কেরির বন্দর থেকেও কয়েক দিন ক্রেতাদের তেল সরবরাহ করা সম্ভব।


শিল্পসংশ্লিষ্টদের হিসাবে, ইয়ানবু বন্দরে প্রায় সাড়ে ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। আইন সকনা ও সিদি কেরির মজুত সক্ষমতা যথাক্রমে ১ কোটি ৮০ লাখ ও ২ কোটি ব্যারেল। তবে এসব মজুত পুরোপুরি পূর্ণ নয়। ফলে পূর্ব-পশ্চিম পাইপলাইনটি আবার চালু করা না গেলে একপর্যায়ে এসব মজুতও শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চারটি সূত্র।


এদিকে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল সরবরাহ কমে যাওয়ায় আগস্টে সৌদি আরবের তেল সরবরাহ তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।


আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে তেলের সরবরাহ দৈনিক ৫৭ লাখ ব্যারেল কমে যেতে পারে, যা মোট সরবরাহের প্রায় ৬ শতাংশ।


যুদ্ধের আগে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হতো। তবে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক মাত্র ৬০ থেকে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে বলে শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে


সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

  • প্রকাশ : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১০:৩৭ এএম

পোল্যান্ড-ইউক্রেইন সীমান্তের কাছে একটি ট্রেনে রাশিয়া হামলা চালিয়েছে। এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তারা হামলার কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়েই অন্য একটি ট্রেনে করে ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে একটি বার্ষিক সম্মেলন শেষে ফিরছিলেন। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।


ট্রেনের ইঞ্জিনে হামলা হয়েছিল। সব যাত্রীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইউক্রেইন কর্তৃপক্ষ।


রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে রেলওয়ে অবকাঠামোতে হামলা চালিয়েছে, তবে ইউক্রেইনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি 'উকর্জালিজনিৎসিয়া' বলেছে, খুব সম্ভবত এই ড্রোনের লক্ষ্য ছিল 'কূটনৈতিক ট্রেন'।


এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ক্রমাগত হামলার হুমকির কারণে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। সেকারণেই ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে চলে যায়।


বিবৃতিতে আরও বলা হয়, যে ট্রেনে রুশ ড্রোন হামলা হয়েছে, সেটির যাত্রীদেরকে হামলার ঠিক ১৫ মিনিট আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, ড্রোন হামলার সময় মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস ইয়াহোদিন স্টেশনে অন্য একটি ট্রেনে ছিলেন।


ইউক্রেইন এবং পোল্যান্ড দুই দেশের কর্তৃপক্ষই জানিয়েছে যে, রাশিয়ার ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে আঘাত হেনেছে।


সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডটও কিইভের সম্মেলনে গিয়েছিলেন। কার্ল বিবিসি-কে জানান, তিনি যে ট্রেনে ছিলেন সেটির যাত্রীদের প্রথমে ট্রেন থেকে নেমে যাওয়ার (নিরাপদ স্থানে সরে যাওয়ার) প্রস্তুতি নিতে বলা হয়েছিল।


তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদেরকে আবার যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর ট্রেনটি নিরাপদে পোল্যান্ডের সীমান্ত স্টেশন দোরোঙ্কুস্কে গিয়ে পৌঁছায়।


পোল্যান্ড-ইউক্রেইন সীমান্তে ট্রেনে রুশ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে জনসন বলেন “আমি জানি না কোন বিকৃত যুক্তির বশে পুতিন (রুশ প্রেসিডেন্ট) আজ সকালে পোল্যান্ড সীমান্তে একটি নিশ্চল ইউক্রেইনীয় লোকোমোটিভ (রেলগাড়ির ইঞ্জিন) উড়িয়ে দিয়েছেন।"


“এটি এমন এক দৈব এবং কাণ্ডজ্ঞানহীন হামলা ছিল, যা ইউক্রেইনীয়রা প্রতিদিন সহ্য করছে - এমনকি বেসামরিক রেলওয়েতেও," লেখেন জনসন।


ইউক্রেইনের রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রতি কয়েক মাসে রাশিয়ার হামলার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। ট্রেন, রেল ডিপো ও অন্যান্য পরিবহন অবকাঠামোয় একাধিক হামলা চালিয়ে আসছে রাশিয়া।