ছবি : সংগৃহীত
জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকা থাকা তার দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়। শিশু দুজন জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান জেলা শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। তার স্বামী কাউসার আহম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়।
স্থানীয়রা জানান, সকালে ওই ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান তারা। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষে থাকা দুই শিশু জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে লাগানো তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় একটি কক্ষ থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
স্থানীয়দের ধারণা, দুই শিশু গতকাল থেকে ওই কক্ষে আটকা ছিল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।
নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার কাজ করছিলে নূর জামান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। পরে এটি ভালুকা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক জজ, সজিব তালুকদার, শামসুল হুদা, মাসুদ রানা ও সদস্য ইব্রাহিম খলিলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহদপ্তর সম্পাদক মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ভালুকা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রবিবার সকালে তাদের পুনরায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোহিঙ্গাতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, রোহিঙ্গা আর আটকের কি।
নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আব্দুর রহিম ওরফে রনি উপজেলার দৌলতপুর এলাকার নুরুল আমিনের ছেলে।
র্যাব জানায়, বেগমগঞ্জ থানায় ২০১৯ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার অধীনে উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) কাপাসিয়া ইউনিয়নের রাজার চরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আল-শাহাদাৎ জামান জিকো, সদস্য সচিব আশানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন বিপুল, যুগ্ম সদস্য সচিব মো. সুজন মিয়া, উপজেলা এনসিপির সদস্য মো. সাজু মিয়া, জহরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এ লক্ষ্যে কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি যোগ্য, সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাপাসিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
খুলনার লবণচরা থানার হরিণটানা আশিবিঘা বালুর মাঠে আধিপত্য বিস্তার ও মাদক কারবারকে কেন্দ্র করে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একটি হত্যার প্রতিশোধ নিতেই মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটানো হয়।
গত শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার এলাকা থেকে এ ঘটনার মূল অভিযুক্ত টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করে র্যাব-৬। পরবর্তীতে সাইফির দেওয়া তথ্যের ভিত্তিতে টুটপাড়া থেকে সাগর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শটগান, গুলি, পিস্তল ও চাপাতিলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এসব তথ্য জানান।