নোয়াখালী পৌর এলাকায় শুক্রবার দুপুরে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী। ছবি: ভিডিও থেকে

  • প্রকাশ : শনিবার ০৯ মে, ২০২৬, সময় : ৪:৩৯ এএম

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।  


শুক্রবার (৮ মে) দুপুর উপজেলার নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মীরা পৌর এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে। স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করেন, একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।


এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বহিরাগত লোকজন আকস্মিক ভাবে ঝটিকা মিছিল করে। কিছুক্ষণ পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারীদের চিহিৃত করার চেষ্টা করা হচ্ছে। 



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ৭:০৪ পিএম

​সাধারণ নাগরিকদের ওপর কোনো ধরনের অতিরিক্ত কর বা ট্যাক্স না বাড়িয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ৫,১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই, ২০২৬) আয়োজিত বাজেট উপস্থাপন ও সংবাদ সম্মেলনে এই বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হয়। নতুন এই বাজেটে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ২,৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২,৬২১ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার টাকা।


​বাজেট বক্তৃতায় জানানো হয় যে, বর্তমান অর্থবছরে সাধারণ নাগরিকদের ওপর নতুন কোনো ট্যাক্স বা করের বোঝা বাড়ানো হয়নি। হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসসেসমেন্ট কার্যক্রম শেষে পূর্বের ন্যায় একই কর বহাল রাখা হয়েছে। নগরীর আধুনিকায়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে বাজেটে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব অর্থায়ন ও সরকারি অনুদানে রাস্তা ও ড্রেন নির্মাণ এবং মেরামতের জন্য প্রায় ৩৭৫ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ডিপিপি প্রকল্পের আওতায় ১ থেকে ৮ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্মা ও ফুটপাত নির্মাণের কাজও বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে।


​শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে ৩৭টি নতুন যানবাহন ক্রয় এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি মশা তথা ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে মশার প্রজননস্থল ধ্বংসকরণ, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা ও খেলাধুলার মান উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ এবং ৮টি জোনে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


​সংবাদ সম্মেলনে নগরবাসীর উদ্দেশ্যে জানানো হয় যে, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য আধুনিক নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত জরুরি। শহরটিকে নিজেদের মনে করে সবাই মিলে পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই বাজেট বাস্তবায়নে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ৭:০১ পিএম

আনন্দঘন পরিবেশে রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের প্রকৌশলী ভবনের হলরুম জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, ডি৬৪ ও পিডিজি একেএম সামসুল হুদা।


ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সভাপতিত্বে ও ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডাক্তার আমিরুল ইসলাম, রিপসা টিম মেম্বার রোটারিয়ান জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর ও আইপিপি জাহাঙ্গীর কবির, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান  প্রকৌশলী শাহ মামুন সারোয়ার, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জাহাঙ্গীর আলম পিএইচএফ, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদ হোসেন, রোটারী ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট সৈয়দ মনির হোসেন, রোটারী ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট মনিরুজ্জামান মুন্না, রোটারী ক্লাব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, রেফেল ড্র, সার্ভিস প্রজেক্ট গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পরে অসহায় দুটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ, দুইজনকে শিক্ষাবৃত্তি, একজন অটিস্টিক শিশুকে চিকিৎসা সহায়তা, আত্মকর্মসংস্থানের জন্য টেইলারিং কাজে আর্থিক সহযোগিতাসহ ৮টি প্রজেক্টের মাধ্যমে সহযোগিতা করা হয়। রাতে  সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ সব খবর

স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মরদেহ নিয়ে সড়ক অবরোধ এলাকাবাসীর


  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ২:৪৩ পিএম

বরগুনায় পরকীয়ার জের ধরে স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রাবেয়াকে অবরুদ্ধ করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরে এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে স্ত্রী রাবেয়া এবং তার মাকে আটক করেছে পুলিশ।


শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা নামক এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন স্বজনরা।


নিহত ওই ব্যক্তি হলেন-আফাং শিকদার (৪৫)। তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা নামক এলাকার মৃত খবির শিকদারের ছেলে।


মানববন্ধনে উপস্থিত স্বজন ও স্থানীরা অভিযোগ করে বলেন, নিহত আফাং জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। সেখানে কাজ করে বিভিন্ন সময়ে স্ত্রীর রাবেয়ার কাছে টাকা পাঠাতেন। তবে স্বামীর অনুপস্থিতিতে অন্য আরেক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী রাবেয়া। পরবর্তীতে আফাং দেশে ফিরলে বিষয়টি জানাজানি হলে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।


পরে এ ঘটনাকে কেন্দ্র করে, গত শনিবার (১৯ জুলাই) স্ত্রী রাবেয়া স্বামীকে হত্যার উদ্দেশ্যে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পরদিন রোববার (২০ জুলাই) আফাং শিকদারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) মৃত্যু হয় আফাং শিকদারের। পরবর্তীতে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করে শনিবার বিকেলে মরদেহ বরগুনা উদ্দেশ্যে নিয়ে এলে ক্ষিপ্ত হয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা।


এসময় অভিযুক্ত স্ত্রী রাবেয়াকে অবরুদ্ধ করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মরদেহ নিয়ে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও মানববন্ধন করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে সাংসদ নিজেই আফাং শিকদারের জানাযার নামাজ পড়ান।


এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে। স্থানীয়দের দাবির সাপেক্ষে প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ১:২৯ পিএম

কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সুশীল নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।


পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে অভিযান পরিচালনা করেন। এ সময় সুশীলও কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।


নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য তিনি লুঙ্গি পরে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে যান। আসামির কাছাকাছি পৌঁছালে সুশীল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-(২) পলাতক আসামি সুশীলকে সাজা দেন। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরও বলেন, আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২০১৭ সালের একটি মাদক মামলায় চলতি বছর আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।


তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সব খবর
  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ১২:৩৩ পিএম
  • আপডেট : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ১২:৩৩ এএম

এ সম্পর্কিত আরও খবর


লাইজু আক্তার

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ১২:৩৩ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে মাঝপদ্মায় ঝাঁপ দেওয়া এক গৃহবধূকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শেষে ফরিদপুর জেলার কবিরপুর চরের তীর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই রোমহর্ষক ঘটনার শিকার ওই নারীর নাম লাইজু আক্তার (৩৯)। তিনি ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকার আশ্রাফাবাদের বাসিন্দা মো. ফোরকান মিয়ার স্ত্রী।


জানা যায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে ফেরি ‘কুমিল্লা’। ফেরিটি যখন মাঝনদীর লাল বয়া এলাকায় পৌঁছায়, তখন আকস্মিকভাবে লাইজু আক্তার ফেরির পেছনের অংশ থেকে নদীতে লাফিয়ে পড়েন। ঘটনার পরপরই নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।


ফেরি ‘কুমিল্লা’র ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার ঘটনার বর্ণনা দিয়ে জানান, ফেরিটি যথারীতি দৌলতদিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝনদীতে পৌঁছানোর পর সাধারণ যাত্রীদের কাছ থেকে হঠাৎ খবর আসে যে, এক নারী যাত্রী ফেরির পেছনের দিক থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পাওয়া মাত্রই তিনি ফেরিটি থামিয়ে দেন এবং ঘুরিয়ে নিয়ে ওই এলাকায় সার্চলাইট জ্বালিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একই সাথে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নৌ পুলিশকে অবহিত করা হয়। তিনি আরও নিশ্চিত করেন যে, ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন।


এদিকে নদীতে প্রবল স্রোত থাকা সত্ত্বেও লাইজু আক্তার কচুরিপানার স্তূপকে আঁকড়ে ধরে ভাসতে থাকেন। এভাবে ভাসতে ভাসতে তিনি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চরে এসে আটকে যান। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, কচুরিপানার সাথে ভেসে চরে আটকে পড়া ওই নারীকে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় লোকমান নামে এক ব্যক্তির বাড়িতে নিরাপদ হেফাজতে রাখেন এবং বিষয়টি পুলিশকে জানান।


দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ নদীতে ব্যাপক তল্লাশি শুরু করে। রাত পৌনে ১২টার দিকে ফরিদপুরের কবিরপুর চরের ইউপি সদস্য সরোয়ার হোসেনের মাধ্যমে লাইজুর জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


উদ্ধারকৃত নারী বর্তমানে লোকমানের বাড়িতে পুরোপুরি সুস্থ আছেন। তাকে উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির পুলিশ সদস্যরা এরই মধ্যেই রওনা দিয়েছেন।


সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে চরম উত্তেজিত হয়ে তিনি চলন্ত ফেরি থেকে উত্তাল পদ্মায় ঝাঁপ দেওয়ার এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২৬ জুলাই, ২০২৬, সময় : ১২:২৫ পিএম

ময়মনসিংহে সিগারেটের মোড়কে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করার অভিযোগ উঠেছে পরিবেশক প্রতিষ্ঠান সোনালী এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে।


অভিযোগে জানা যায়, সংশ্লিষ্ট সিগারেটের মোড়কে মূল্য ৩৭০ টাকা উল্লেখ থাকলেও পরিবেশক প্রতিষ্ঠানটি খুচরা দোকানিদের কাছে প্রতি প্যাকেট ৪২০ টাকায় বিক্রি করছে। এতে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন বিক্রেতা। 


তাদের দাবি, বেশি দামে পণ্য কিনতে হওয়ায় ভোক্তাদের কাছেও বাড়তি দামে বিক্রির চাপ তৈরি হচ্ছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠান সোনালী এন্টারপ্রাইজ-এর বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সর্বশেষ সব খবর