সারাদেশে টেলিকম খাতের মেয়াদোত্তীর্ণ ব্যাটারিকে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) সিস্টেমে রূপান্তরের মাধ্যমে পুনর্ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে ডিজিটাল অবকাঠামো সেবাদাতা ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি।
অংশীজন বলছেন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা, সার্কুলার অর্থনীতির চর্চা ও সামাজিক ক্ষমতায়নের উদ্দেশ্যেই এমন উদ্যোগের অংশ হওয়া।
ইডটকোর ফ্ল্যাগশিপ করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি টাওয়ার টু পাওয়ার প্রকল্পের অধীনে টেলিকম খাতে ব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ব্যাটারি থেকে কারিগরি কার্যক্ষম সেল পুনরুদ্ধার করে সেসবকে নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুৎ সমাধানে রূপান্তর করা করা হবে। এসব ব্যাকআপ পাওয়ার সিস্টেম দেশের নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধাবঞ্চিত স্থানে স্থাপন করা হবে।
এতে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার সঙ্গে সংশ্লিষ্ট কমিউনিটির কল্যাণ ও জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ সহায়ক হবে। ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, টেকসই উন্নয়ন মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়; বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। টাওয়ার টু পাওয়ার এই অংশীজন উদ্যোগে মেয়াদোত্তীর্ণ ব্যবহৃত টেলিকম ব্যাটারিকে পুনরায় কাজে লাগানোর সুযোগ তৈরি করবে।
এর ফলে একদিকে যেমন ইলেকট্রনিক বর্জ্য কমবে, অন্যদিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাকআপ বিদ্যুতের পরিষেবা পাবে। দায়িত্বশীল উদ্ভাবন কীভাবে সমাজের বাস্তব চাহিদা পূরণ করে অর্থবহ পরিবর্তন আনতে পারে, এই উদ্যোগ হবে তারই প্রতিফলন।
সৌরজগতের সুদূর প্রান্তে নেপচুনের বাইরে আরও একটি অজানা গ্রহের অস্তিত্ব থাকতে পারে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সম্ভাব্য এই গ্রহটির ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ হতে পারে।
গবেষকদের ধারণা, এই গ্রহের অস্তিত্ব সৌরজগতের বাইরের অঞ্চলে বরফে আবৃত কিছু মহাজাগতিক বস্তুর কক্ষপথের রহস্যময় বিন্যাস ব্যাখ্যা করতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) ‘Monthly Notices of the Royal Astronomical Society’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সৌরজগতের ৪৫০ কোটি বছরের বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে নেপচুনের বাইরে থাকা বরফময় বস্তুগুলোর কক্ষপথে একটি কাল্পনিক গ্রহের সম্ভাব্য প্রভাব পরীক্ষা করেন গবেষকেরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘প্ল্যানেট এক্স২’ (Planet X2)।
জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের গবেষক পাত্রিক সোফিয়া লিকাওয়া ও তার নেতৃত্বাধীন দল জানিয়েছে, পৃথিবীর প্রায় দ্বিগুণ ভরের একটি গ্রহ সূর্য থেকে গড়ে ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক (এইউ) দূরত্বে অবস্থান করলে বাইরের সৌরজগতের বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের বিন্যাস ব্যাখ্যা করা সম্ভব।উল্লেখ্য, এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, যা প্রায় ১৫ কোটি কিলোমিটার।
তবে গবেষণাটি এখনো ওই গ্রহের সরাসরি অস্তিত্ব প্রমাণ করেনি। বরং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে, এমন একটি গ্রহ থাকলে সৌরজগতের কিছু অমীমাংসিত রহস্যের ব্যাখ্যা পাওয়া যেতে পারে।
সূত্র: দ্য প্রিন্ট
ছবি: সংগৃহীত
চুল পড়তে শুরু করলে অনেকেই চিরুনি ব্যবহার কমিয়ে দেন। কিন্তু সেই চিরুনিই যদি নতুন চুল গজাতে সাহায্য করে, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও চীনের একদল বিজ্ঞানী এমনই একটি বিশেষ বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। ইঁদুরের ওপর পরীক্ষায় যন্ত্রটি ব্যবহার করে চুল গজানোর ক্ষেত্রে বেশ আশাব্যঞ্জক ফল পেয়েছেন তারা।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় চিরুনিটির নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাঙ্গল’। এটি সাধারণ চিরুনি নয়, বরং বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি জৈব-ইলেকট্রনিক যন্ত্র। এর দাঁতগুলোর দৈর্ঘ্য একেক রকম। দাঁতের মধ্যে বসানো আছে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই যন্ত্র বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে থাকে। গবেষকদের দাবি, এর বিশেষ নকশার কারণে সাধারণ পদ্ধতির তুলনায় চুলের ফলিকল বা গোড়ার অংশে প্রায় নয় গুণ গভীরে পৌঁছাতে পারে।
ডিট্যাঙ্গল চুল গজাতে দুটি উপায়ে কাজ করে। প্রথমত, এর বৈদ্যুতিক স্পন্দন চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে। দ্বিতীয়ত, চিরুনির ছোট দাঁতগুলোর সঙ্গে যুক্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা ত্বকের গভীরে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেয়।এ ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রোপোরেশন নামের একটি পদ্ধতি। এর মাধ্যমে অল্প সময়ের জন্য কোষের আবরণের ভেদ্যতা বাড়ানো হয়, ফলে প্রয়োজনীয় উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে।
পরীক্ষায় গবেষকেরা দুটি পরীক্ষামূলক জিনভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করেছেন। এর একটি হলো ভিইজিএফএ প্লাজমিড, যা চুলের ফলিকলের চারপাশে রক্তনালি তৈরিতে সহায়তা করে। অন্যটি এসআরডি৫এ২ এসআইআরএনএ, যা চুলের ফলিকল ছোট করে এমন একটি হরমোনের কার্যক্রম কমাতে সাহায্য করে।
ইঁদুরের ওপর কয়েক দফা পরীক্ষায় ডিট্যাঙ্গল বেশ ভালো ফল দেখিয়েছে। পুরুষ ইঁদুরের শরীরে টেস্টোস্টেরন প্রয়োগ করে চুল পড়ার পরিস্থিতি তৈরি করেছিলেন গবেষকেরা। এরপর পিঠের একটি অংশের লোম কামিয়ে ২৮ দিন ধরে পর্যবেক্ষণ করেন তারা।যেসব ইঁদুরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তাদের কামানো অংশে মাত্র ১ শতাংশের মতো লোম ফিরে আসে। শুধু বৈদ্যুতিক উদ্দীপনা দেওয়া হলে লোম গজানোর হার বেড়ে হয় প্রায় ৪০ শতাংশ।
তবে এই ফল ফিনাস্টেরাইড ও মিনোক্সিডিল নামের চুল গজানোর প্রচলিত ওষুধের চেয়ে কম ছিল। এসব ওষুধ ব্যবহার করা ইঁদুরের ক্ষেত্রে লোম ফিরে আসার হার ছিল যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ শতাংশ।
কিন্তু বৈদ্যুতিক উদ্দীপনার সঙ্গে পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতি যুক্ত করায় ফল আরও ভালো হয়। এসআরডি৫এ২ এসআইআরএনএ ব্যবহারে লোম ফিরে আসে প্রায় ৮৫ শতাংশ। ভিইজিএফএ প্লাজমিড ব্যবহারে এই হার ছিল প্রায় ৯০ শতাংশ।
সবচেয়ে ভালো ফল পাওয়া যায় দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে। বৈদ্যুতিক উদ্দীপনা ও দুই ধরনের পরীক্ষামূলক চিকিৎসা মিলিয়ে ইঁদুরের কামানো অংশে প্রায় ৯৭ দশমিক ৮৫ শতাংশ লোম ফিরে আসে।
গবেষকদের ভাষ্য, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত ও হরমোনজনিত চুল পড়ার ইঁদুরের মডেলে এক মাসের মধ্যেই প্রায় ১০০ শতাংশ চুল ফিরে পাওয়ার মতো ফল পাওয়া গেছে।
তবে গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও এখনই মানুষের চুল পড়ার চিকিৎসায় এই চিরুনি ব্যবহার করা যাবে না। কারণ, এখন পর্যন্ত এর পরীক্ষা হয়েছে কেবল ইঁদুরের ওপর। মানুষের ক্ষেত্রে এটি কতটা নিরাপদ ও কার্যকর, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
তাই টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন যারা, তাদের জন্য এটি এখনই কোনো চিকিৎসা নয়। তবে ভবিষ্যতে মানুষের ওপর পরীক্ষায় একই ধরনের সাফল্য পাওয়া গেলে চুল পড়া ঠেকানো ও নতুন চুল গজানোর চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট
স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেয়া হচ্ছে দুটি অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বর থেকে অ্যাপ দুটি আর নতুন করে ডাউনলোড করা যাবে না। তবে ভবিষ্যতে উন্নত সংস্করণ নিয়ে অ্যাপগুলো ফিরিয়ে আনার সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেটের।
কুইক মেজার মূলত একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করেই কোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য কিংবা আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, এআর ডুডল ব্যবহার করে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করা সম্ভব।
অ্যাপ দুটির গ্যালাক্সি স্টোর তালিকায় পৃথক নোটিশ প্রকাশ করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড এবং বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ দুটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, তারা সেগুলো ব্যবহার করতে পারবেন। যদিও কিছু ফিচার ঠিকমতো কাজ না-ও করতে পারে।
এ ছাড়া ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যাপ দুটির কোনো আপডেট দেয়া হবে না। ফলে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার বা এআর ডুডলের কিছু ফিচার অকার্যকর হয়ে যেতে পারে।
এ বিষয়ে স্যামসাং বলেছে, ‘এর ফলে যে অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’তবে অ্যাপ দুটি কবে নাগাদ ফিরতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি। পাশাপাশি এগুলোর ফিচার অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ ব্যবহার করতে আগ্রহী, তাদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাপগুলো ডাউনলোড করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ছবি : সংগৃহীত
আধুনিক স্মার্টফোনের প্রসেসর ও চিপসেটের কার্যসক্ষমতা বেশি শক্তিশালী হওয়ায় ফোন স্লো হয়ে যাওয়া বা ল্যাগ করার সমস্যা এখন আর সেভাবে দেখা যায় না। তবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে লুকিয়ে থাকা চমৎকার এক ছোট্ট কৌশলের মাধ্যমে ফোনের গতি আরও বাড়িয়ে নেওয়া সম্ভব। ফলে ফোনটি আগের চেয়ে দ্রুতগতির মনে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ব্র্যান্ড বা দাম যাই হোক না কেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই সিস্টেম অ্যানিমেশনের গতি কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থেকেই অপশনটি চলে আসছে।
নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন সেটআপের সময় এটা পরিবর্তন করা অনেকের অন্যতম কাজ। ‘ডেভেলপার অপশনস’ মেনুর ভেতরে এ অপশনটি থাকে, যা সাধারণত ডিফল্টভাবে লুকিয়ে বা বন্ধ থাকে।
ডেভলপার অপশন যেভাবে চালু করবেন–
১. প্রথমে ফোনের ‘সেটিংস’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে যান এবং ‘বিল্ড নাম্বার’ খুঁজে বের করুন। ফোনের মডেল ভেদে এটা ‘সফটওয়্যার ভার্সন’-এর মতো কোনো সাব-মেনুর ভেতরেও থাকতে পারে।
২. ‘বিল্ড নাম্বার’-এর ওপর পরপর সাতবার ট্যাপ করুন।
৩. এরপর স্ক্রিনে একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, ‘ইউ আর নাও এ ডেভেলপার’।
৪. এবার মূল সেটিংস পেইজে ফিরে আসুন। ডেভেলপার অপশনস মেনুটি সরাসরি সেখানেই দেখতে পাবেন বা ‘সিস্টেম’ অপশনের ভেতরে গেলে এটা পেয়ে যাবেন।
অ্যানিমেশন স্কেল যেভাবে পরিবর্তন করবেন–
‘ডেভেলপার’ অপশনসের ভেতরে গেলে আপাতদৃষ্টিতে অন্তহীন অনেক অপশনের তালিকা দেখতে পাবেন। আপনি ঠিক কী কাজ করছেন তা না জানলে এখানে অন্য কোনো অপশন পরিবর্তন না করার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।
এখানে প্রয়োজন হচ্ছে ‘ড্রয়িং’ সেকশনের নিচে থাকা অ্যানিমেশন স্কেল সেটিংস। সেখান থেকে নিচের তিনটি অপশনের মান পরিবর্তন করতে হবে।
● উইন্ডো অ্যানিমেশন স্কেল
● ট্রানজিশন অ্যানিমেশন স্কেল
● অ্যানিমেটর ডিউরেশন স্কেল
এ তিনটি অপশনের মান ১x থেকে কমিয়ে ০.৫x করে দিন। এতে অ্যান্ড্রয়েড ফোনের বেশিরভাগ অ্যানিমেশন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করবে ও ফোনটি ব্যবহারের সময় আগের তুলনায় বেশি গতি টের পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ফোনের অ্যানিমেশনের গতি অর্ধেকে নামিয়ে আনলে ফোনের প্রসেসিং পারফরম্যান্স বা কার্যসক্ষমতা সরাসরি বাড়ে না। তবে ফোন আনলক, অ্যাপ চালু বা বিভিন্ন অ্যাপের মধ্যে দ্রুত সুইচ করার সময় সবকিছু বেশি দ্রুতগতির ও ঝরঝরে অনুভূত হয়।
দীর্ঘ এক দশক ধরে কৌশলটি ব্যবহার করে আসছেন অনেক প্রযুক্তিপ্রেমী। আইওএস চালিত আইফোনে অ্যানিমেশনের গতি কমানোর সুবিধা না থাকায় অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোনে যাওয়ার পর বিষয়টি প্রথম দিকে বেশ স্পষ্টভাবেই বোঝা যায়।
ইন্টারফেইসকে কেবল প্রাণবন্ত করার বাইরেও অ্যানিমেশনের বড় কাজ রয়েছে, যেখানে এগুলো অ্যাপের সংক্ষিপ্ত লোডিং সময়কে ঢেকে রাখে ও বিভিন্ন মেনু বা স্ক্রিনের মধ্যকার ট্রানজিশনগুলোকে আরও মসৃণ করে তোলে।
বাজেট বা সাশ্রয়ী দামের ফোনগুলোতে অ্যানিমেশনের গতি অর্ধেকে কমিয়ে দেওয়ার পর অনেক সময় অভিজ্ঞতা উল্টো খারাপ হওয়ার নজিরও রয়েছে। কারণ হার্ডওয়্যার স্লো থাকায় অ্যাপ ও মেনুগুলো দ্রুতগতির অ্যানিমেশনের সঙ্গে তাল মিলিয়ে লোড হতে পারে না।
গুগলের ‘পিক্সেল ইউআই’-এর মতো কিছু অ্যান্ড্রয়েড স্কিনে অ্যানিমেশন কিছুটা দীর্ঘ বা ধীরগতির হয়। ফলে গতি বাড়ানোর জন্য কৌশলটি ব্যবহার করলে বেশ ভালো তফাত দেখা যায়।
এর বিপরীতে, ‘ওয়ানপ্লাস’ ডিভাইসের ‘অক্সিজেনওএস’-এ ডিফল্টভাবেই অ্যানিমেশন তুলনামূলক দ্রুতগতির থাকে। ফলে সেগুলোতে এগুলোর সময় অর্ধেক না করার কথাও ভাবতে পারেন।
কেউ চাইলে সিস্টেম অ্যানিমেশন স্লো বা ধীরগতির করেও রাখতে পারেন। কারণ প্রতিটি ট্রানজিশন ধীরে ধীরে হতে দেখা ও ফোনের ব্যবহারের সময় কোন উপাদানটি কোথা থেকে আসছে বা হারিয়ে যাচ্ছে তা লক্ষ্য করার মধ্যে আলাদা এক প্রশান্তি রয়েছে।
একটি বিষয় মনে রাখা জরুরি, ‘ডেভেলপার অপশনস’ টগলটি বন্ধ করে দিলে অ্যানিমেশন স্কেলের বিভিন্ন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে আবার এদের ডিফল্ট মানে ফিরে যায়।
যুব উন্নয়ন অধিদপ্তর