বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে পছন্দের প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি জাল নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে কয়েকজন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের তদন্তে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের
নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত
সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগচিহ্ন সদৃশ অঙ্কন। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল গাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।
একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তার পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।
আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সমানে এমন দৃশ্য দেখে আলী হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী এই বাড়িতে থাকি। বাড়ির চারপাশ বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫-২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা। পাশেই গোলাপজলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।’তিনি বলেন, ‘পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বোঝা যায়। তবে কে বা কারা এ কাজ করল বুঝতে পারছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নেই।’ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহল মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, ফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে ‘কালো জাদু’ বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম এবং ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, ‘এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদুটোনার কাজে ব্যবহার করা হয়। এ বিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সঙ্গে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তারা ফিরলে বলতে পারব বিষয়টা আসলে কী।’
ঢাকার সাভার ও আশুলিয়ায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক খুদেবার্তায় এ তথ্য জানান।তিনি জানান, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে আবার অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো।’