• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:২১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ১৪ জন নেতাকর্মী আহত হন।


আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।


কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া সংবাদমাধ্যমকে জানান, মিছিলে বাসের ধাক্কায় আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত নেতাকর্মীরা যাতে দ্রুত চিকিৎসা পান, সে ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও জানান, আহতদের মধ্যে ছয় থেকে আটজন কলেজ বাজার সাউথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ

জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম আবাসন কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার  রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় কোম্পানিটির সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এসময় বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।


এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাঁদের কাছ থেকে জমি  কিনেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তাঁরা। জমিতে যেতে চাইলে নানা ধরনের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা।  পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তাঁরা। জমিতে যেতে চাইলে নানা ধরনের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা।প্রশাসনের কাছে প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানায় এলাকাবাসী। 


বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি জানান। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল সৃজনের অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা। 


মানববন্ধনে রাখেন, ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৯ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পের মধ্যে চট্টগ্রাম নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প রয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।


প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।


স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পের সংশোধন। এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অনুমোদিত প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে দুটি নতুন। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অন্যদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনও অনুমোদন পেয়েছে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লি বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লি বিদ্যুতের বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।


পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প

এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

প্রকল্পগুলো হলো—

১. চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

২. বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প (এফআরইএপি)।

৩. কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর প্রকল্প।

৪. ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।

৫. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প।

৬. ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ-এর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

৭. পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৬ পিএম

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার( ২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় পুত্র সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী। 



স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, বিগত কয়েকদিন ধরেই ওই নারী দপদপিয়ার জুরকাঠী এলাকায় অবস্থান করেছিলেন। মঙ্গলবার শেষ বিকেলে সবার অগোচরে তিনি খোলা আকাশের নিচে কারও সহায়তা ছাড়াই পুত্র সন্তান প্রসব করেন। বিষয়টা আমাদের নজরে আসলে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি।



খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।



নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু আরও জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার পরিবার খোঁজার চেষ্টা করছি। তাদের খোঁজ পেলে সন্তানসহ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর না পেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে প্রেরন করা হবে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০২ পিএম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।


আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বাংলানিউজকে জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।


উদ্ধার করা ইয়াবার মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফ আলীর কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারা বেগমের কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।


এ ঘটনায় র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

নবায়নযোগ্য জ্বালানিনির্ভর আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গড়ে উঠছে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল। দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে হিসেবে টার্মিনালটি প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে ডেনিশ প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এলসবেথ ক্রোন।


সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। তাঁরা প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশ ও ডেনমার্কের সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন এ উদ্যোগের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


এ সময় এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন।


ডেনমার্কভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্প চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, আঞ্চলিক সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সামগ্রিক লজিস্টিকস ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


লালদিয়া টার্মিনালের অন্যতম বিশেষত্ব হচ্ছে এর পরিবেশবান্ধব পরিচালনব্যবস্থা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ হ্রাস এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে একে টেকসই সামুদ্রিক অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থাপনা ও দ্রুতগতির ই-পোর্ট সুবিধা চালুর মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করার লক্ষ্য রয়েছে।


প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।


সংশ্লিষ্টদের মতে, লালদিয়া কনটেইনার টার্মিনাল শুধু চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প নয়; এটি বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য ও বন্দর অবকাঠামো আধুনিকায়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশবান্ধব প্রযুক্তি ও আন্তর্জাতিক বিনিয়োগের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৪ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি।বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে এক প্লাটুন দায়িত্ব পালন করছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।


এ ছাড়া সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।


মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।