প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত ১৯ বছরেও পুরোপুরি মুছে যায়নি উপকূলবাসীর জীবন থেকে। স্বজন হারানোর বেদনা, বসতভিটা ও জীবিকা হারানোর স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে অসংখ্য পরিবারকে। সেই ভয়াল স্মৃতি স্মরণ করে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সিডর দিবস। এ উপলক্ষে স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
তিনি বলেন, সিডরে স্বজনহারা যেসব পরিবার এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, তারা জেলা প্রশাসনের সহযোগিতা চাইলে তাদের যথাযথ সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বরগুনা প্রেসক্লাব আয়োজিত রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বরগুনা প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, নলটোনা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সিডরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে গর্জনবুনিয়া সিডর স্মৃতিস্তম্ভের পাদদেশে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ। স্থানীয় জনসাধারণের পক্ষে বক্তব্য দেন নলটোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. কাউসার মৃধা। মতামতকলাম পড়ুন
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন- সিডরের ভয়াবহতা ও স্বজন হারানোর বেদনা এখনো অনেক পরিবার বয়ে বেড়াচ্ছে। যেসব পরিবার দীর্ঘ সময় পেরিয়েও নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি, তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহায়তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারাও সিডরের ভয়াবহ স্মৃতি তুলে ধরে উপকূলের মানুষের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্মরণসভায় সিডরের সময়কার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, নলটোনা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ভাঙন ও ঝুঁকির মধ্যে রয়েছে। দুর্যোগের সময় এই দুর্বল বেড়িবাঁধ দিয়েই জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ফলে মানুষের জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। তিনি উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এই বেড়িবাঁধ দ্রুত টেকসইভাবে নির্মাণ ও সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধাসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাজনৈতিকখবর পড়ুন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান। পরে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও উপকূলবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়। নিখোঁজ হন ১৫৬ জন। ঝড় ও জলোচ্ছ্বাসে ৩০ হাজার ৪৯৯টি গবাদিপশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি মারা যায়। জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার গৃহহীন হয়ে পড়ে।
বরগুনার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া ছিল সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদগুলোর একটি। ঝড়ের পর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় একাধিক মরদেহ একসঙ্গে গণকবরে সমাহিত করা হয়। সেই গণকবর ও স্মৃতিস্তম্ভ আজও বহন করছে সিডরের ভয়াবহতার স্মৃতি।
১৯ বছর পরও উপকূলবাসীর অন্যতম প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রতিবছর সিডর দিবসে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হলেও উপকূলের মানুষের প্রত্যাশা, অতীতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে।
সিডর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়, এটি উপকূলবাসীর স্বজন হারানো, স্বপ্নভঙ্গ এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক বেদনাবিধুর ইতিহাস। নিহতদের স্মরণ করার পাশাপাশি জীবিত ও ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করাই হোক সিডর দিবসের প্রকৃত অঙ্গীকার।
পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি
নিহত শাহিন ও সোহেল। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
শামীম ওসমানের বাড়িতে আগুন।
উদ্ধার হওয়া গাড়ি ও সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত
দুপুরে খাবার খেতে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান হালিশহর থানার টহল টিমের তিন সদস্য। এ সময় পিকআপটি সড়কের পাশে পার্কিং করেন চালক। তবে খাবার শেষে ফিরে এসে দেখেন, সেই গাড়ি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মেলেনি গাড়ি।
দিনেদুপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর। আর সেই গাড়ি উদ্ধারে মাঠে নামতে হলো স্বয়ং পুলিশকেই। ৪ ঘণ্টা অভিযানের পর অবশেষে মিলল সেই গাড়িও। কিন্তু জনমনে প্রশ্ন, কীভাবে চুরি হলো সেই গাড়ি আর মিললই কেমন করে?
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। টহল দলে ছিলেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ও একজন চালক।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।
এ ঘটনায় গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় সড়কের ওপর গাড়িটি দেখতে পায় পুলিশের একটি টহল দল। সেখান থেকে এটি উদ্ধার করা হয়।
গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিল। পরে গাড়িটি কর্ণফুলীর ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।
চুরি হওয়া পুলিশের পিকআপ চার ঘণ্টা পর মিলল কর্ণফুলীতে
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল। দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। পরে খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।’
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।’
মো. শহিদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।
এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।
আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।