রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দেন গাজী সালাউদ্দিন তানভীর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর গত ৫ আগস্ট সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীর। ১৫ সেপ্টেম্বর তিনি জামিনে কারামুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর তিনি অভিযোগ করেছেন জেলে ও রিমান্ডে তাঁকে ব্যাপক নির্যাতন করা হয়েছে।
তানভীরের ভাষ্য, ‘আমার শরীরে অসংখ্য ইনজেকশন পুশ করা হয়েছে। এসব কিসের ইনজেকশন, তা আমি জানি না। অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে আমাকে। সারাক্ষণ জ্বর থাকত আর তারা আমাকে ইনজেকশন দিত।’
আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দেন গাজী সালাউদ্দিন তানভীর। সেখানে তাঁর হাতে স্যালাইন লাগানো ছিল। তাঁর ‘শারীরিক অবস্থা ও তাঁর ওপর হওয়া বর্বর নির্যাতনসহ সার্বিক বিষয়ে’ এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন–বাণিজ্যে জড়ানোর অভিযোগ উঠলে আলোচিত হন গাজী সালাউদ্দিন তানভীর। সমালোচনার মুখে ২০২৫ সালের এপ্রিলে তাঁকে এনসিপির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক বছর তিনি দলের বাইরে ছিলেন। তবে পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল সালাউদ্দিনকে আবার দলে নেওয়া হয়।
দলে ফেরার সাড়ে তিন মাসের মাথায় গত ৩১ জুলাই প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। সেদিন রাতে তাঁকে এনসিপি থেকে দ্বিতীয়বারের মতো সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অবশ্য এনসিপির ফেসবুক পেজে সাময়িক অব্যাহতির সেই চিঠি প্রকাশের কাছাকাছি সময়ে সালাউদ্দিন তানভীরও নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এর পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট ঢাকার পূর্ব মণিপুর এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়।
আজ ডিআরইউতে সংবাদ সম্মেলনে গাজী সালাউদ্দিন তানভীর বলেন, ‘৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে নির্যাতনের কথা বাইরে বললে আমার পরিবারের সদস্যদের গুম করে ফেলা হবে। এরপরও আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে এসেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, সত্য সবার সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ও সরকারের মধ্যে খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলের কালো ছায়া আগের মতোই হুবহু রয়ে গেছে, জেলে গিয়ে তার প্রমাণ আমি পেয়েছি। জীবনের ঝুঁকি রয়েছে জেনেও আমি এসব জাতির সামনে তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।’
গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেন, ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান এই মামলার বাদী। ৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে বগুড়ায় কারাগারের এমন একটি সেলে নেওয়া হয়, যেটি চরম অপরিচ্ছন্ন এবং আলো–বাতাসহীন। বিদ্যুৎ ছিল না, পাখাও ছিল না।
কারারক্ষীরাও আওয়ামী লীগের দাবি করে এনসিপির এই নেতা বলেন, তাদের বেশির ভাগই সিরাজগঞ্জের শাহজাদপুরের এবং তারা তাঁকে জুলাই জঙ্গি বলে গালিগালাজ করত। আশপাশের কয়েদিরাও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের আসামি। তারাও যা–তা বলে সম্বোধন করত।
গাজী সালাউদ্দিন তানভীর বলেন, ‘৫ আগস্ট যেদিন প্রথম জেলে নেওয়া হলো, জুলাই গণ–অভ্যুত্থান দিবসে সবাইকে ভালো খাবার দেওয়া হলো, কিন্তু আমাকে দুই দিনের পচা খাবার দেওয়া হলো। কারাগারে এমন পচা–বাসি খাবারদাবার দেওয়া হতো, যা খাওয়ার অযোগ্য। একপর্যায়ে আমার ডায়রিয়া হয়ে যায়। চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আমাকে। সেখানে যে ওষুধ লিখেছেন ডাক্তার, সেটা আমাকে দেওয়া হয়নি। খুলে দেওয়া অজানা ওষুধ আমাকে খেতে হয়েছে। আমার শরীরে অসংখ্য ইনজেকশন পুশ করা হয়েছে। এসব কিসের ইনজেকশন, তা আমি জানি না। অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে আমাকে। সারাক্ষণ জ্বর থাকত আর তারা আমাকে ইনজেকশন দিত।’
একদিন হাত–পা কাঁপার কারণে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট এমআরআই মেশিনে তাঁকে ঢোকানো হয়েছিল উল্লেখ করে তানভীর বলেন, ‘আমি ওটার ভেতরে থাকা অবস্থায় বিকট আওয়াজ হয়ে সেটি বন্ধ হয়ে গেল। আমার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেল। আমি ১০–১২ ঘণ্টা অজ্ঞান ছিলাম। পরে দেখি শহীদ জিয়া মেডিকেলের প্রিজন সেলে এবং আমার শরীরে প্রস্রাব-পায়খানা। একজন কোনো রকমে পরিষ্কার করে দিল।’
এরপর উন্নত চিকিৎসার কথা বলে তাঁকে ঢাকায় আনা হয় বলে জানান গাজী সালাউদ্দিন তানভীর। রাখা হয় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁকে একদিন শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় জানিয়ে তিনি বলেন, ‘এখানে ডাক্তার দেখিয়ে জেলে নেওয়ার সময় গাড়িতে হঠাৎ সাদাপোশাকে কয়েকজন লোক উঠে আসে। তারা আমাকে নির্যাতন করে। তাদের মধ্যে একজন আমাকে বলে, ‘‘বসুন্ধরার মালিককে তুইতোকারি করেছিলি, এত বড় সাহস তোর।” বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান এবং তাঁর ছেলে আনভীরের নাম বলে আমাকে নির্যাতন করা হয়েছে। এই মাফিয়া গোষ্ঠীর হাত এতটাই লম্বা তারা কারাবন্দী একজনকে এভাবে নির্যাতন করতে পারে। এদের কি কোনো বিচার হবে না—জাতির কাছে আমার প্রশ্ন।’ ওই ঘটনার পর কারাগারেও একটি অন্ধকার কক্ষে নিয়ে তাঁকে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তানভীর।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন, কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, এনসিপির চিকিৎসক সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব আবদুল আহাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আক্রমণ থেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে গিয়ে রক্ষা পান তিনি।
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার শ্রীমঙ্গলে অবস্থানকালে একদল দুর্বৃত্ত হাসিব আল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেয় এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যান হাসিব। এতে বড় ধরনের শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পান তিনি।এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় ছাত্রশক্তি ও সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ―রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা চালানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।উল্লেখ্য, হাসিব আল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন।
এর আগে সংগঠনটির পূর্ববর্তী কাঠামো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকায় সভা করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। এ বিষয়টি স্পষ্ট। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু না।’
ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে আসা এবং তার বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করা হলে জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘তার স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে পারতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষের রিফিউজিটিভ কিনা, মানে উনি ফেরারি কিনা, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেননি কিনা, সেটা হচ্ছে আসলে ইস্যু। তো এগুলো আছে কিনা, এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চিত করে দেখা হচ্ছে।’
পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কী এইআই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না৷ তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানেন না এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে৷ আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে৷
এসময় যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে বলে জানান প্রতিমন্ত্রী।অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন৷
তিনি বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না৷ এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে৷
সংগীতশিল্পী জেমস ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। ওই কনসার্টে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। গানটির কিছু অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হলে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশনের সময় বারবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে এবারের কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দিতে জেমসকে বাধ্য করা হয়নি।
রাকিব বলেন, ‘কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে, সেটুকুকে আমরা কখনো অস্বীকার করি না।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হয়।
এদিকে, গানটির লিরিকস- ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...’- নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি নিয়ে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিব।
কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সভায় সভাপতির বক্তব্যে রাকিব আরও বলেন, গত ১৫ বছর ৭ নভেম্বর উদ্যাপন করতে পারেননি। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক দিনটি উদ্যাপন করতে দেখা গেছে।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ই–মেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।দিল্লির কূটনৈতিক একটি সূত্র আজ সোমবার সকালে ই–মেইল পাওযার বিষয়টি নিশ্চিত করেছে। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে এ ধরনের একটি ই–মেইল দিল্লি হাইকমিশন পেয়েছে। সেটি সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দিল্লি হাইকমিশন। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের ব্রিফ করবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তাঁর পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন।রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।
ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘গাজীপুর ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে। ছবি: সংগৃহীত
শ্রমিকের বেদনা ও কষ্টের ওপর দাঁড়ানো কোনো অর্থনীতি টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি বলেছেন, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ইনসাফ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে। রোববার (৮ নভেম্বর) গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘গাজীপুর ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, উৎপাদনের প্রধান শক্তি শ্রমিক। শ্রমিকের শ্রম ও ঘামেই পণ্য তৈরি হয়। আধুনিক অর্থনীতির হিসাবেও শ্রমিক শ্রেণিকে নিষ্পেষণ করলে তাদের ক্রয়ক্ষমতা কমে যায় এবং সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে। ইসলাম শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। মালিকের সমমানের জীবনযাপনের উপযোগী পারিশ্রমিক দেওয়ার কথাও বলেছে। যাদের শ্রম ও কষ্টে সম্পদ তৈরি হয়, তাদের ওপর জুলুম করে কোনো অর্থনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিকপক্ষের স্বার্থ নয়, শ্রমিকদের জীবনযাত্রার মান ও ন্যায্যতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
পোশাকশ্রমিকদের জীবনযাত্রার দুরবস্থার কথা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, শ্রমিকরা যে বেতন-ভাতা পান, তা দিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দুই মাসেও অনেকে মাছ-মাংস খেতে পারছেন না। কেউ কেউ মাছ-মাংসের গন্ধও ভুলে গেছেন বলে গণমাধ্যমে জানাচ্ছেন। অথচ এসব শ্রমিকের শ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই সরকারকে শুধু ব্যবসা ও মালিকপক্ষের স্বার্থ বিবেচনা না করে খেটে খাওয়া মানুষের কথাও ভাবতে হবে।
তিনি বলেন, পুঁজিবাদী অর্থনীতিতে শ্রমিক ও সাধারণ মানুষের প্রকৃত মুক্তি নেই। মানুষের মুক্তির একমাত্র সমাধান ইসলাম। ইসলামকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আন্দোলন-সংগ্রাম করছেন। সমাজ সংস্কারে উলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।
সামিটে সভাপতিত্ব করেন মাওলানা গাজী আল মাহমুদ।