ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নিউ ইয়র্কের পথে রয়েছেন, তখন জ্যাকসন হাইটসে বিএনপির নেতাকর্মীদের স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা স্লোগানে সরব থাকতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাটিতে এ চিত্র দেখা যায়।


নোয়াখালী প্রবাসী সেলিম উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক আসছেন, আমরা প্রস্তুত হয়ে আছি তারেক রহমানকে শুভেচ্ছা জানতে।


“আপনি দেখছেন, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউ ইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই স্লোগানের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের আনন্দ প্রকাশ করছে।”


নিউ ইয়র্ক সিটি শাখা বিএনপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করছেন।


শ্রমিক দলের এক নেতা বলেন, “সোমবার দুপুরে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে দুপুর আড়াইটায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেবে।


“সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ ইয়র্ক পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।”


রাত ৮টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী জ্যাকসন হাইটসে সমবেত হয়। তারা ‘এই মুহূর্তে দরকার, আওয়ামী লীগের সরকার’, ‘উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার’প্রভৃতি স্লোগান দিয়ে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা তাদের অবস্থান জানান দেন।


জ্যাকসন হাইটসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সময় সোমবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। সন্ধ্যায় তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।




সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ জন বিশিষ্ট নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৮ পিএম

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ইতোমধ্যে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে নিয়মিত সভা সেমিনার আয়োজন করছে। বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের জনসচেতনতা তৈরীর চেষ্টা করছে। ইতোমধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলায় কমিটি রয়েছে।


আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে ৮ জন বিশিষ্ট নাগরিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (চাঁদপুর),  দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ (ঢাকা), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী সেঁজুতি হোসাইন (ঢাকা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ব্যাংকার খন্দকার মোঃ শরিফুল আলম (ময়মনসিংহ), সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইমরান আহসান (পটুয়াখালী), সহ-অর্থ সম্পাদক ব্যাংকার শেখ জায়েদ আল ফাত্তাহ (ঢাকা), সহ প্রচার সম্পাদক মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০১৯ ফাতেমা ইয়াসমিন লিয়া (ঢাকা) ও সহ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান (ঝালকাঠি)।


গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমরা সব সময় চেষ্টা করছি পরিবেশ বিপর্যয় রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে। সমাজের সচ্ছল ও বিবেকবান মানুষ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে যার যার জায়গা থেকে জনসচেতনতা তৈরিতে কাজ করলে বর্তমান এবং আগামী প্রজন্মকে নিরাপদ করা সম্ভব। নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন আমরা বিশ্বাস করি তারা বিগত দিনে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। নবনিযুক্ত নেতৃবৃন্দ দাপ্তরিকভাবে স্ব-স্ব পদে থেকে সংগঠনকে এগিয়ে নিতে আরো বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।


আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে অতি দ্রুত প্রস্তুতি সভার আয়োজন করা এবং কাউন্সিল সফল করতে দেশবাসী ও সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।



স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।


তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে কিংবা কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। শিগগিরই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।


  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৮ পিএম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে সেই আইন অনুযায়ী আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন রাশেদ খাঁন।


ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এর পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে দাবি করেন, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে।


তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন রাশেদ। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন। 


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকার না করে বরং সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি। 


তার ভাষ্য, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।


একই সঙ্গে আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে তিনি অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ।


জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।


আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত। আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।


জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৬ এএম

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে তারা পিছপা হবেন না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে।


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার নিজেরাও ব্যর্থ হতে চাই না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না।’


বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরেন জামায়াত আমির। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিনের বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন।


এ ছাড়া পার্বত্য এলাকায় অভিযান চালাতে গিয়ে এক সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন।


এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তার ব্যাখ্যা প্রয়োজন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করলেও সংসদ অধিবেশনের প্রথম দুই দিনে তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন।


বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তার অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


জাতীয় সংকট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতার প্রস্তাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার চাইলে এককভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সে ক্ষেত্রে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।


এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি আবার ফিরে আসার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।


গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিতে গোয়েন্দা সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।


সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে এক নেতাকে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি সত্য নাকি ভুয়া, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।


বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর উদ্যোগ ও স্পষ্ট অবস্থান দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তন ধরে রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।


জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২১ এএম

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর আহ্বান জানিয়েছে তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


জাতীয় ছাত্রশক্তির ভাষ্য, হাসিবের ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সংঘবদ্ধ তৎপরতা দেশজুড়ে অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাও একই ষড়যন্ত্রের অংশ।


বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা। পতিত স্বৈরাচারের দোসররা ফিরে আসার স্বপ্ন দেখলেও সরকার এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। সংগঠনটির মতে, নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা ঠেকানো এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।


এ অবস্থায় তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, হাসিব আল ইসলামের ওপর হামলায় জড়িত ব্যক্তিসহ গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। 


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২২ পিএম

গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, অথচ বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতে গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’ গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জামায়াত আমির বলেন, অনেক সময় গোয়েন্দা সংস্থার সফলতার কথা বলা হলেও সেসব তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকে। কিছু তথ্যকে নিশ্চিত বলা হলেও বাস্তবে তা ভুয়া প্রমাণিত হয়।


বিরোধী দলের সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেয়ার অভিযোগও করেন জামায়াত আমির।


এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার একটি দপ্তর থেকে ফোন করে তাকে জামায়াত ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে। বিষয়টি উল্লেখ করে ডা. শফিকুর রহমান ওই সংসদ সদস্যকে ফোন নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’


কোনও রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেয়ার অধিকার গোয়েন্দা সংস্থার সদস্যদের আছে কি না, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।


এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’


গোয়েন্দা সংস্থাগুলোর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করে তাদের কার্যক্রমে পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন জামায়াত আমির।