মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০০ এএম

বিগত সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনেই শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।


বৃহস্পতিবার দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।


তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭(এ) অনুচ্ছেদে অভিযুক্ত ব্যক্তিদের সাধারণ নাগরিকের মতো সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেরাই এই আইন প্রণয়ন করেছিল। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।


স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন এবং ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন। পরবর্তীতে ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়।


নতুন করে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের সময়সূচি নির্ধারণ করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ অথবা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।


বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ায় জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে প্রেসক্লাব ঐক্যবদ্ধ রয়েছে। এ সময় তিনি ‘উত্তরবঙ্গ’ শব্দের পরিবর্তে ‘উত্তরাঞ্চল’ শব্দ ব্যবহারের অনুরোধ জানান। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিল গঠনে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা বিবেচনা করে বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দেওয়া হয়েছে। এ সময় বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা দেওয়া করা হয়।



সর্বশেষ সব খবর

বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৫ পিএম

পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান এবং সমাজে তাদের গভীর প্রভাব রয়েছে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে আলেমরা আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।




আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের ক্বারী ও হাফেজরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা আমাদের জাতীয় গৌরবের বিষয়। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। তিনি বলেন, “সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।”




ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলামি মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। পাশাপাশি সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।


বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সদা সতর্ক থাকতে হবে।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি আয়োজক সংগঠন ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্বারী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।


আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু, সম্মেলনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

সর্বশেষ সব খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৩ পিএম

জতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।


আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪০ এএম

শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে মাত্র পাঁচটি লাভজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে যশোর-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলীর প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।


এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার ব্যবস্থা, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা এবং ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।’


এ ছাড়া চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং চিনিকলগুলোর আখ মাড়াই সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে, যোগ করেন তিনি।


 রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।


এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের জায়গায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তিতে গ্লাস প্ল্যান্ট বা কনটেইনার গ্লাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।


এ ছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বার্ষিক চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত ১০ একর জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা এবং পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।


রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান খন্দকার আব্দুল মুক্তাদীর।

সর্বশেষ সব খবর

বাংলাদেশ ও ভারতের পতাকা।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৫ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭- ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


কূটনৈতিক সূত্র জানায়, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে। 


সূত্র জানায়, দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।


২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সব খবর

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল। ছবি : বঙ্গভবন

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ এএম

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এ আহ্বান জানান।


শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ও জ্ঞান অর্জন করতে হবে।’


তিনি বলেন, ‘ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’




এদিন অধ্যক্ষ মেজর মো. শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রকাশিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর অধীনে বঙ্গভবন পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল।


শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এত দূর থেকে বঙ্গভবন পরিদর্শন করতে এবং এর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে তারা এসেছে জেনে তিনি আনন্দিত।


শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনাব্যবস্থা সম্পর্কে জানার গুরুত্বও তুলে ধরেন তিনি।




রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।


পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে তারা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল রাঙামাটি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।


পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।


এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫২ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।


অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।

সর্বশেষ সব খবর