গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে।
গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, প্রয়োজনীয় ফিচার ও সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের সমন্বয়ে তৈরি এই লাইনআপ প্রতিদিনের রান্নাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের সুবিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা নিশ্চিত করেছে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না শেষ করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আল্ট্রা-ভার্সেটাইল তাপমাত্রা এয়ার ফ্রাইং থেকে শুরু করে বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, ডিফ্রস্টিং ও ফল শুকানোর মতো কাজ করতে সক্ষম। এছাড়াও, শাওমি হোম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ্লায়েন্সটি নিয়ন্ত্রণ করতে পারবেন, ১০০টি ক্লাউড রেসিপি দেখতে পারবেন ও ২৪ ঘণ্টা পর্যন্ত রান্নার সময় আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। এর ‘হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার’ অতিরিক্ত চর্বি ও তেল ফিল্টার করতে সহায়তা করে।
খাবার তৈরির প্রস্তুতি আরও সহজ করে তুলতে শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার একের ভিতর আট সুবিধা নিয়ে এসেছে। শাওমির এই স্মার্ট রাইস কুকারে মাধ্যমে শুধু ভাতই নয়, বরং প্রতিদিনের নানা ধরনের খাবারও সহজে ও সুবিধাজনকভাবে প্রস্তুত করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে রান্না নিয়ন্ত্রণ, রান্নার সময় নির্ধারণ ও ভাতের টেক্সচার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়া রোধ করতে সক্ষম। এছাড়াও, ডিভাইসটিতে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা, নন-স্টিক ইন্টেরিয়র এবং সহজে পরিষ্কার করার জন্য আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ রয়েছে।
শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারে ভাতের পাশাপাশি ১০ ধরনের রান্নার সুবিধা রয়েছে, যা প্রতিদিনের রান্নাকে আরও দ্রুত ও সহজ করে তোলে। এর ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেম দ্রুত ও কার্যকরভাবে রান্না নিশ্চিত করে। অন্যদিকে, এর ছয়-স্তর বিশিষ্ট ইনার পট তাপ সমানভাবে ছড়িয়ে দেয় ও খাবার দীর্ঘসময় ধরে গরম রাখে। এছাড়াও, এতে মাত্র ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা, ২৪ ঘণ্টার শিডিউলিং সুবিধা, ১২ ঘণ্টা খাবার গরম রাখার ফিচার ও সহজে ব্যবহারের জন্য এর ওপরের অংশে টাচ কন্ট্রোল রয়েছে।
প্রতিদিনের পানি গরম করার কাজকে আরও সহজ করে তুলতে শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটে ১,৫০০ ওয়াট হিটিং পাওয়ার ও ১.৫ লিটার পানি ধারণক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরের অংশে ৩০৪ ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল রয়েছে, যা মসৃণ হওয়ায় সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি, এর রাউন্ডেড-এজ স্পাউট পানি ঢালার সময় ছিটকে পড়া কমিয়ে সাবলীলভাবে পানি ঢালতে সহায়তা করে। একইসাথে, এর ডাবল-লেয়ার ইনসুলেশন দুর্ঘটনাবশত গরম পানিতে পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়। এছাড়াও, এর ড্রাই-বয়েল প্রোটেকশন ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা এটি ব্যবহারের ক্ষেত্রে বাড়তি প্রশান্তি নিশ্চিত করে।
পণ্য চারটি দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের মূল্য ১৫,৯৯৯ টাকা মাত্র, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের মূল্য ৮,৯৯৯ টাকা মাত্র, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটারের মূল্য ১০,৫৫০ টাকা মাত্র ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইটের মূল্য ৩,৩৯৯ টাকা মাত্র।
ছবি : সংগৃহীত
শিশু কান্না থামাতে হাতে চকলেট, ভালো ফল করলে পুরস্কার হিসেবে আইসক্রিম, আর স্কুল থেকে ফিরলে কোমল পানীয়- অনেক পরিবারেই এমন অভ্যাস দেখা যায়। শিশুকে খুশি করতে বা আদর করে অভিভাবকেরা প্রায়ই এসব খাবার তুলে দেন।
এছাড়া জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা বেড়াতে গেলেও শিশুদের সামনে থাকে মিষ্টি, কেক, বিস্কুট ও নানান ধরনের মিষ্টিজাতীয় খাবার।
মাঝেমধ্যে এসব খাবার খাওয়া বড় কোনও সমস্যা না হলেও, প্রতিদিনের খাদ্যাভ্যাসে বাড়তি চিনির পরিমাণ বেড়ে গেলে, শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, শিশুর অতিরিক্ত চিনি খাওয়ার প্রভাব কেবল দাঁতের ক্ষয় বা ওজন বেড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শৈশবে অতিরিক্ত চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যারও গভীর সম্পর্ক রয়েছে।
শৈশবের চিনি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক
২০২৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘জেনারেল সাইকিয়াট্রি’-তে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাজ্যের ‘ইউকে বায়োব্যাংক’-এর ৬৬ হাজার ২২৩ জনের তথ্য বিশ্লেষণ করা হয়।
চীনের গুয়াংজুতে অবস্থিত ‘সান ইয়াত-সেন ইউনিভার্সিটি’র ‘স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজি’ বিভাগের গবেষক শিউপিং দোউ, ইয়াং সু, অধ্যাপক হুয়ালিয়াং লিন এবং সহযোগী অধ্যাপক ইয়িন ইয়াংসহ একদল গবেষক এই পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করেন।
গবেষকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে চালু থাকা চিনির রেশনিং ব্যবস্থাকে কাজে লাগান, যা ১৯৫৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল। ফলে যারা শৈশবে চিনির সীমিত প্রাপ্যতার মধ্যে বড় হয়েছেন, তাদের সঙ্গে পরবর্তী সময়ে তুলনামূলক বেশি চিনি গ্রহণের সুযোগ পাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যের তথ্য তুলনা করা সম্ভব হয়।
গবেষণায় দেখা গেছে, শৈশবে তুলনামূলক কম চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগজনিত সমস্যার ঝুঁকি প্রায় ১৭ শতাংশ এবং বিষণ্ণতার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কম থাকার সম্পর্ক রয়েছে।
গবেষকদের মতে, জীবনের প্রথম দিকের খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে মায়ের গর্ভাবস্থা থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত সময়টি (প্রথম ১,০০০ দিন) মস্তিস্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে শিশুর পুষ্টি ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকা আবশ্যক।
শিশুদের অতিরিক্ত চিনি খাওয়ার ৪টি প্রধান ক্ষতি
শিশুদের প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি থাকলে নিচের স্বাস্থ্যঝুঁকিগুলো তৈরি হতে পারে।
ওজন বৃদ্ধি ও স্থূলতা: কোমল পানীয়, প্যাকেটজাত জুস, মিষ্টি, কেক ও বিস্কুটে থাকা বাড়তি চিনি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে। নিয়মিত এসব খাবার খেলে শিশুর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।
ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তার সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন এসব অভ্যাস চলতে থাকলে ভবিষ্যতে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
দাঁতের ক্ষয়: চিনি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরিতে সহায়তা করে। এই অ্যাসিড দাঁতের সুরক্ষামূলক আবরণ বা এনামেল ক্ষয় করে গর্ত (ক্যাভিটি) তৈরি করে। বিশেষ করে ঘন ঘন মিষ্টি খাবার খেলে দাঁতের ক্ষতির ঝুঁকি অনেক বাড়ে।
পুষ্টির ঘাটতি: শিশু যদি দুধ, ডিম, মাছ, ডাল, শাকসবজি ও তাজা ফলের পরিবর্তে মিষ্টি খাবার বেশি খায়, তবে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়। এতে শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
শিশুর খাবারে চিনি কমানোর বৈজ্ঞানিক উপায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাবারে যুক্ত চিনির পরিমাণ দৈনিক মোট শক্তির ১০ শতাংশের নিচে রাখা উচিত এবং আরও ভালো সুফলের জন্য তা ৫ শতাংশের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দুই বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই বাড়তি চিনি দেওয়া উচিত নয়।
> শিশুকে প্রতিদিন কোমল পানীয়, প্যাকেটজাত জুস বা চিনিযুক্ত পানীয় দেওয়ার অভ্যাস সম্পূর্ণ বাদ দিতে হবে এবং তৃষ্ণা মেটাতে সাধারণ বিশুদ্ধ পানি দিতে হবে।
> দুধে অতিরিক্ত চিনি বা মিষ্টি চকলেটের গুঁড়া মেশানোর অভ্যাস কমাতে হবে।
> চকলেট, ক্যান্ডি, লজেন্স, কেক ও বিস্কুটকে প্রতিদিনের নিয়মিত খাবার হিসেবে দেওয়া যাবে না।
> মিষ্টি খাবারের পরিবর্তে পেয়ারা, কলা, পেঁপে, কমলা বা অন্যান্য মৌসুমি ফল দিতে হবে এবং ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে।
> প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, মাছ, ডাল, দুধ, শাকসবজি ও অন্যান্য সুষম পুষ্টিকর খাবার রাখতে হবে।
> শিশুকে পুরস্কার দিতে সবসময় চকলেট বা আইসক্রিমের প্রয়োজন নেই। বরং গল্পের বই, শিক্ষামূলক খেলনা বা পরিবারের সঙ্গে খেলাধুলার সুযোগও হতে পারে আনন্দের দারুণ উপহার।
শিশুর খাদ্যাভ্যাস গড়ে ওঠে পরিবার থেকেই। তাই ছোটবেলা থেকে অতিরিক্ত মিষ্টি খাবারের প্রতি নির্ভরতা তৈরি না করে সুষম ও বৈচিত্র্যময় খাবারের অভ্যাস গড়ে তুললে শিশুর শারীরিক বৃদ্ধি, দাঁতের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা সম্ভব।
সামিরা খান মাহি
দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।
সেরা ৩০
১. নিউজিল্যান্ড
২. চিলি
৩. ব্রাজিল
৪. ভারত
৫. নেদারল্যান্ডস
৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ
৭. পেরু
৮. কিউবা
৯. সার্বিয়া
১০. ডমিনিকান রিপাবলিক
১১. কুরাসাও
১২. যুক্তরাষ্ট্র
১৩. ইসরায়েল
১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)
১৫. পুয়ের্তো রিকো
১৬. তানজানিয়া
১৭. মেক্সিকো
১৮. গিনি
১৯. কলম্বিয়া
২০. ইউক্রেন
২১. পানামা
২২. কোস্টারিকা
২৩. উগান্ডা
২৪. ফিলিপাইন
২৫. ফ্রান্স
২৬. ইথিওপিয়া
২৭. বেলজিয়াম
২৮. ভেনেজুয়েলা
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৩০. নিকারাগুয়া
সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।
ছবি : সংগৃহীত
হালকা শীত পড়লেই মাথার চুল আগের চেয়ে বেশি পরিমাণে পড়তে শুরু করে। ফ্লোর, ওয়াশরুম এমনকি জামা কাপড়েও চুল পড়ে থাকে। কারণ শীতে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এই সময়ে কিছু ভুল করা যাবে না।
খুব গরম পানিতে চুল ধোওয়া
শীতের সকালে গরম পানিতে গোসল করতে ভালো লাগলেও চুলের জন্য অতিরিক্ত গরম পানি একেবারেই ভালো নয়। এতে মাথার ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে ত্বক আরও শুষ্ক হয়ে পড়তে পারে। তাই চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ও মাথার ত্বকের ধরন বুঝে শ্যাম্পু করার অভ্যাস তৈরি করুন।
মাথার ত্বকেরও যত্ন না নেওয়া
শীতে অনেকের মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। শুরু হয় চুলকানি, খুশকি এবং চামড়া ওঠার সমস্যা। তাই চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নেওয়াও জরুরি। নিজের মাথার ত্বকের উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুলকানি হলে নখ দিয়ে মাথা চুলকাবেন না। আবার মাথায় সাদা সাদা খোসা উঠলেই তেল মাখতে শুরু করবেন না। কারণ শুষ্ক স্ক্যাল্প আর খুশকি দেখতে একই রকম হলেও দুটির যত্নের পদ্ধতি আলাদা হতে পারে।
ভেজা চুল আঁচড়ানো
গোসলের পর ভেজা চুল খুব সহজেই জট পাকিয়ে যায়। তখন চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে। তাই বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে জট ছাড়ান। পাশাপাশি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা অন্যান্য হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমান। অতিরিক্ত তাপে চুল আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।
কন্ডিশনার ব্যবহার না করা
অনেকেই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায়। চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগালে কোমল থাকবে চুল। চুল খুব বেশি জট পাকালে লিভ-ইন কন্ডিশনারও কাজে আসতে পারে। মাঝে মধ্যে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে একসঙ্গে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার না করে চুলের ধরন বুঝে প্রয়োজনীয় জিনিস বেছে নিন।
খাবার ও অভ্যাসেও নজর না দেওয়া
সঠিক খাদ্যভ্যাসের অভাবেও চুল ঝরে। শুধু বাইরে থেকে যত্ন নিলেই চুল ভালো থাকবে, এমনটা নয়। খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঠিকমতো ঘুমান। চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। বিশেষ করে কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি। গতকালই জানা গিয়েছিল, মাতৃত্বকে উপজীব্য করে সাজানো হয়েছে মাহির জাতীয় পোশাক। বাঙালি নারীর একান্ত আপন পোশাক লাল-সাদা শাড়ি পরে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে এলেন মাহি। তাঁর সাজপোশাকে যেন উঠে এল বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।
কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প
মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মাতৃত্বের ভাবনা থেকে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটিও তৈরি করেছেন বিশ্বজিৎ ও তাঁর দল।
বিশ্বজিৎ বলেন, ‘শাড়িটি খুবই কম সময়ে ডিজাইন করা। মাত্র তিন দিন সময় পেয়েছিলাম। এর মধ্যে দুই দিন থিম ভেবে আগে মাতৃত্ব উদ্যাপনের ওই বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করি, যেটি আজ মাহি তাঁর পিঠে বহন করেছেন। আর শাড়ি তৈরি করেছি মাত্র এক দিনে।’
মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে গোটা জাতির সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ থাকে। সেই ভাবনা থেকেই মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন বিশ্বজিৎ।
তাঁর মতে, আমরা আমাদের জন্মভূমিকেও মা বলে সম্বোধন করি। তাই মা ও মাতৃভূমিকে একই সূত্রে গেঁথেছেন তিনি। মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প।
মাহির শাড়ির নকশা প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাড়িটি। মঞ্চে হাঁটাচলায় যাতে অসুবিধা না হয় এবং সহজেই পরা যায়, সে জন্য শাড়িটি আগে থেকেই সেলাই করে পরার উপযোগী (রেডি টু ওয়্যার) করে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে কলকার আদলে শাপলা ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে। এ ছাড়া শাড়িতে আছে ব্লকপ্রিন্টের কাজ।
সাবেকি গয়নায় বাংলার মায়েদের সাজ
শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই সোনার গয়না পরার ঐতিহ্য আছে। তবে মাহির গয়নার নকশায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার সাবেকি অলংকার।
গয়নাগুলোর নকশা করেছেন গয়নার ব্র্যান্ড ক্যানভাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার তন্বী কবির। তিনিও সময় পেয়েছিলেন মাত্র সাত দিন। এই সময়ের মধ্যে নয়জন কারিগর সম্মিলিতভাবে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো।
তন্বী বলেন, ‘আমাদের জনপদের মায়েরা একসময় যে সাবেকি অলংকারে নিজেদের সাজাতেন—সীতাহার, কণ্ঠহার, বালা, কাঁটানা ঝুমকা—সেই চিরচেনা গয়নার নকশা, আভিজাত্য ও আবেগ থেকেই এসেছে এই সংগ্রহের অনুপ্রেরণা। এই সংগ্রহের প্রতিটি গয়নায় ফিরে দেখতে চেয়েছি আমাদের শিকড়, ঐতিহ্য এবং মায়েদের সাজে মিশে থাকা আবেগ।’
প্রতিটি গয়না অত্যন্ত সূক্ষ্মতা ও নিপুণতার সঙ্গে হাতে তৈরি করেছেন কারিগরেরা। বাংলার সাবেকি গয়নার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগ্রহের মধ্য দিয়ে দেশীয় কারিগর ও শিল্পীদের দক্ষতা, শিল্পবোধ এবং হাতের কাজের উৎকর্ষও তুলে ধরতে চেয়েছেন তন্বী।
জাতীয় পোশাক নিয়ে পুয়ের্তো রিকোয় মিথিলা
শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তাঁর জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতির মূল দায়িত্ব সামলেছেন বান্ধবী ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।
পুয়ের্তো রিকো থেকে মাহি বলেন, ‘অন্য সবকিছুর মতো ন্যাশনাল কস্টিউম নিয়েও ভেবেছেন মিথিলা আপুই। তাঁর মতো একজন বন্ধু, বড় বোন পাওয়ার কারণে আমার এত কম সময়েও অনেকটা গুছিয়ে নিতে পেরেছি।’
জাতীয় পোশাক নিয়ে এক দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছান মিথিলা। বাংলাদেশেই তৈরি করা হয়েছিল সাজপোশাকের সব অনুষঙ্গ। বহনের সুবিধার্থে মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরি করা হয়েছিল নয়টি আলাদা অংশে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে তৈরি হয়েছে মাতৃত্বের গল্প তুলে ধরা এই শিল্পকর্ম।
দেশীয় খাদি, শাপলার নকশা, সাবেকি অলংকার ও মাতৃত্বের গল্প মিলিয়ে মাহির জাতীয় পোশাক হয়ে উঠেছিল বাংলার সংস্কৃতি, কারুশিল্প ও আবেগের এক সম্মিলিত উপস্থাপনা।
ছবি : সংগৃহীত
শীতের আগমনী বার্তার মাঝেই আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি নামলে শরীরে এক ধরনের অদ্ভুত অলসতা ও ঘুমঘুম ভাব জেঁকে বসে। অফিসের ডেস্কে বসে কাজ করা হোক বা বাড়ির দৈনন্দিন কাজ- কোনও কিছুতেই যেন মন বসতে চায় না।
চিকিৎসাবিজ্ঞান ও আবহাওয়া গবেষকদের মতে, এটি কেবল মনের অলসতা নয়; বরং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের হরমোনের সরাসরি প্রতিক্রিয়ার ফল।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্ম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম ও স্নায়ুবিজ্ঞানীরা মেঘলা-বৃষ্টির দিনে ঘুমঘুম ভাব আসার কারণ এবং তা কাটানোর কার্যকর কৌশল তুলে ধরেছেন।
মেঘলা ও বৃষ্টির দিনে কেন এত ঘুম পায়?
বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশের কারণে সূর্যের উজ্জ্বল আলো কমে গেলে মস্তিস্ক অন্ধকার বা রাত নেমে এসেছে বলে ভুল সংকেত পায়। ফলে মস্তিস্কের ‘পিনিয়াল গ্রন্থি’ থেকে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ স্বাভাবিকের চেয়ে বেশি নিঃসৃত হতে শুরু করে, যা শরীরে তীব্র তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি তৈরি করে।
পাশাপাশি সূর্যের আলোর অভাবে মন ভালো রাখার হরমোন ‘সেরোটোনিন’ কমে যাওয়ায় কাজে অনীহা ও আলসেমি দেখা দেয়। এছাড়া বৃষ্টির রিমঝিম শব্দ এক ধরনের ‘পিংক নয়েজ’ তৈরি করে, যা মস্তিস্ককে শান্ত করে ঘুমের দিকে ঠেলে দেয়।
বৃষ্টির দিনের আলসেমি ও ঘুমঘুম ভাব কাটানোর ৫ উপায়
ঘরের ভেতরের আলো বাড়িয়ে দেওয়া
বাইরে রোদ না থাকায় মস্তিস্কের মেলাটোনিন উৎপাদন কমাতে ঘরের বা অফিসের উজ্জ্বল সাদা আলো জ্বালিয়ে রাখা জরুরি। জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো যতটুকু সম্ভব ভেতরে আসতে দিতে হবে। উজ্জ্বল আলো চোখে পড়লে মস্তিস্ক সজাগ থাকার সংকেত পায়।
হালকা স্ট্রেচিং ও নড়াচড়া করা
বৃষ্টির দিনে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালন ধীর হয়ে ঘুম আরও বেশি পায়। প্রতি এক ঘণ্টা পর পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ৫ মিনিট হালকা স্ট্রেচিং, হাত-পা ছোড়া বা সিঁড়ি দিয়ে একবার ওঠানামা করলে শরীরে রক্ত প্রবাহ বেড়ে তাৎক্ষণিক চাঙা ভাব ফিরে আসে।
পর্যাপ্ত পানি পান ও ক্যাফেইনের পরিমিত ব্যবহার
ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় তৃষ্ণা কম লাগায় অনেকেই পানি পান কমিয়ে দেন। তবে সামান্য পানিশূন্যতাও ক্লান্তি ও মাথাব্যথা বাড়িয়ে দেয়। তাই কাজের ফাঁকে নিয়মিত স্বাভাবিক বা কুসুম গরম পানি পান করতে হবে। ঘুম কাটাতে এক কাপ আদা-চা বা কালো কফি পান করা যেতে পারে। তবে বিকেল ৪টার পর অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে রাতের ঘুম নষ্ট হতে পারে।
অতিরিক্ত ভাজাপোড়া ও ভারী খাবার এড়িয়ে চলা
বৃষ্টির দিনে খিচুড়ি বা অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে বেশ লাগে। তবে ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তীব্র ঝিমুনি তৈরি করে। এর বদলে প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার, বাদাম বা ফলমূল খেলে শরীর দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকে।
পছন্দের দ্রুত লয়ের সংগীত শোনা
মেঘলা দিনের বিষণ্ণতা ও আলসেমি কাটাতে কাজের ফাঁকে পছন্দের দ্রুত লয়ের গান বা বাদ্যযন্ত্রের সুর শুনলে মস্তিস্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যা মনকে প্রফুল্ল করে কাজের গতি ফিরিয়ে আনে।
ছবি : সংগৃহীত
ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার খেলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আবার ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ কিংবা তাজা ফলের রস খেলে উপকার পাবেন। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো যায়।
সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।
অনেকের ধারনা, জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটা ঠিক নয়। বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। এর ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেয়া যেতে পারে।
জ্বর সারাতে শুধু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।