• প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০৩ এএম

জ্বালানি ব্যয় বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার সংকট, সরকারি পরিষেবার অবনতি ও আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে মহাদেশটির বড় বড় শহরে রাজপথে নামছেন হাজারো মানুষ। ফ্রান্স, ইতালি ও আলবেনিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার, লুটপাট, হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে স্পেন ও পর্তুগালে আবাসনের আকাশছোঁয়া ব্যয়ের প্রতিবাদে গড়ে উঠেছে বিক্ষোভের শিবির।

স্পেনের দেউস্তো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মারিয়া সিলভেস্ত্রে বলেন, তরুণ ইউরোপীয়দের মধ্যে ‘তীব্র অনিশ্চয়তার অনুভূতি এবং নিজেদের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর বোধ’ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘আর যখন নির্দিষ্ট কিছু পরিস্থিতি একসঙ্গে মিলে যায়, তখন হঠাৎই একটি স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। সেই স্ফুলিঙ্গ মানুষের ক্ষোভকে প্রকাশের পথ করে দেয় এবং তাদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করে।’

ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ ফ্রান্স, ইতালি ও স্পেন যখন গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এসব দেশের বিভিন্ন শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। একই সময়ে জার্মানিতে উগ্র ডানপন্থি দলগুলো নির্বাচনে সাফল্য পেয়েছে। অন্য দেশগুলোতেও তাদের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।

এ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন নিয়েও গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছেন। অন্যদিকে ন্যাটোভুক্ত দেশগুলোতে অগ্নিসংযোগ, সাইবার হামলা ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে।

রাজপথের এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন ডানপন্থি রাজনীতিকেরা। ফ্রান্সের বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিলেও ধ্বংসযজ্ঞের জন্য অভিবাসীদের দায়ী করেছেন ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘অভিবাসীরা ফ্রান্স দখল করে নিয়েছে। দ্রুত সীমান্ত বন্ধ করতে হবে!’

বিক্ষোভগুলোতে হতাশ তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য। কালো পোশাক ও মুখোশ পরা কিছু উসকানিদাতা সহিংসতা ছড়ালেও ফ্রান্সের কর্তৃপক্ষ ও পুলিশ এসব ঘটনার জন্য অভিবাসীদের দায়ী করেনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপজুড়ে চলমান অস্থিরতার পেছনে কী কী কারণ কাজ করছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে সুযোগ-সুবিধা

জনবিক্ষোভের কয়েক শতাব্দী পুরোনো ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। দেশটিতে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুলশিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী নেই, অবকাঠামো জরাজীর্ণ এবং শিক্ষা খাতে সম্পদ ও সুযোগ-সুবিধা ক্রমেই কমছে। নিম্ন আয়ের মানুষের বসবাসের এলাকাগুলোতে পরিস্থিতি আরও খারাপ।

শরৎকালীন ছুটিতে শিক্ষার্থীরা কর্মসূচি কিছুটা স্থগিত রাখলেও ফ্রান্সের শ্রমিক সংগঠন সিজিটি ও অন্যান্য আন্দোলনকর্মী এতে যোগ দেওয়ায় বিক্ষোভ আরও বিস্তৃত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি পরিষেবার অবনতির বিষয়গুলোও এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে।

শত শত হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশ নিলেও সপ্তাহান্তের বিক্ষোভে ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় ২ হাজার ৪০০ জনের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। প্যারিস, মার্সেই, লিওঁ ও বোর্দো শহরে লুটপাটের ঘটনা ঘটে। লিমোজ শহরে ঊনবিংশ শতাব্দীতে নির্মিত সিটি হলে আগুন লাগানো হয়। এতে ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। কয়েকটি স্কুলেও অগ্নিসংযোগ করা হয়। শিক্ষার্থী ও দাঙ্গাকারীরা পেট্রোল বোমা ছোড়ে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে শত শত মানুষ আহত হয়েছেন।

গত শনিবারের সহিংসতার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভবন ও পুলিশের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার জন্য তিনি উগ্র বামপন্থি কর্মীদের দায়ী করেন।

রোববার টেলিভিশনে দেওয়া এক বিরল ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘যারা লুটপাট করেছে, তাদের ক্ষয়ক্ষতির মূল্য দিতে হবে। আর যারা প্রজাতন্ত্রের পতন ঘটানোর চেষ্টা করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত সপ্তাহে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বেতন ও কর্মপরিবেশের উন্নয়ন তাঁদের প্রধান দাবি। চলতি বছর স্পেনের অন্যান্য এলাকাতেও অসন্তুষ্ট শিক্ষকেরা একই ধরনের কর্মবিরতি পালন করেছেন।

অসহনীয় আবাসন ব্যয়, অনিশ্চিত তরুণদের ভবিষ্যৎ

মাদ্রিদের কেন্দ্রীয় এলাকা পুয়ের্তা দেল সলে কয়েক সপ্তাহ ধরে সারি সারি ত্রিপল ও তাঁবু টানিয়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। আবাসন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি শুরু হয়। ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর স্পেনের অন্যান্য শহরেও ছোট ছোট তাঁবুর শিবির গড়ে ওঠে।

জনগণের চাপের মুখে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক সরকার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কিছু পদক্ষেপ অনুমোদন করে। তবে সংসদে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় উদ্যোগগুলো বাধাগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নভেম্বরে আগাম নির্বাচনের আহ্বান জানান। একই মাসে সাধারণ ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে প্রথম।

স্পেনের পর্যটন ও আবাসন সংকটের অন্যতম কেন্দ্র বার্সেলোনা ছাড়াও পর্তুগালের বৃহত্তম দুই শহর লিসবন ও পোর্তোতে একই ধরনের আবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সংবাদপত্র এক্সপানসিয়নের বিশ্লেষণ অনুযায়ী, স্পেনে ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ২২১ ইউরো, যা প্রায় ১ হাজার ৩৭০ ডলারের সমান। অন্যদিকে, ৮০ বর্গমিটার আয়তনের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া প্রায় ১ হাজার ১৩০ ইউরো বা ১ হাজার ২৭০ ডলার।

মাদ্রিদের তাঁবুর শিবিরে অবস্থান নেওয়া ২০ বছর বয়সী ওয়েট্রেস দিয়ানা মানসানারেস বলেন, ‘আমার বেতনের বেশির ভাগই বাড়িভাড়ায় চলে যায়। আমার রুমমেটেরও আমার মতোই সংসার চালাতে হিমশিম খেতে হয়। এটাই আমার বাস্তবতা, আর এই শহরে বসবাসকারী আমাদের অধিকাংশেরই বাস্তবতা এমন।’

মূল্যস্ফীতির চাপে ইতালি

‘ইতালিয়া ইন পিয়াচা’ বা ‘রাজপথে ইতালি’ নামের আন্দোলনে হাজারো মানুষ সমবেত হয়েছেন। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন তাঁরা।

সরকারি তথ্য অনুযায়ী, ইতালিতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে, যা ইউরোজোনের ৩ দশমিক ৮ শতাংশের চেয়ে বেশি।

শান্তিপূর্ণ মিছিলের পর তুরিন ও বোলোনিয়ায় সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। ইতালির অর্থনীতি ও ফ্যাশনের কেন্দ্র মিলানেও মুখোশধারী দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দোকানপাটে লুটপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মিলান পুলিশ জানিয়েছে, দুই দিনের সহিংসতায় ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। এ সময় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য আহত হন।

এদিকে ‘অক্টোবর ১৭ আন্দোলন’ নামে নতুন একটি গোষ্ঠী ইতালিজুড়ে প্রতি শনিবার বেলা ৩টায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। নিজেদের কর্মসূচিকে তারা ‘অবিরাম আন্দোলন’ হিসেবে বর্ণনা করছে।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আলবেনিয়ার শিক্ষার্থীরা

আলবেনিয়ার রাজধানী তিরানায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহত্তর সরকারবিরোধী ‘ফ্লেমিঙ্গো’ আন্দোলনে যোগ দেওয়ার পর সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

আন্দোলনকারীরা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে রামা বলেছেন, উগ্র বামপন্থিদের একটি সংগঠন ‘অ্যান্টিফা’ তাদের আদর্শিকভাবে প্রভাবিত করে উগ্রপন্থি করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন।

দুর্নীতির অবসান আন্দোলনটির অন্যতম প্রধান দাবি। ‘ফ্লেমিঙ্গো’ নামটি এসেছে ফ্লেমিঙ্গো পাখির প্রাকৃতিক আবাসস্থল থেকে। ওই এলাকায় রামার সরকার একটি বড় বিলাসবহুল পর্যটন প্রকল্পের অনুমতি দিয়েছে, যার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সংশ্লিষ্টতা রয়েছে।

আন্দোলনটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্নীতি বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সরকারি পেনশনের সুরক্ষাও দাবি করছেন বিক্ষোভকারীরা।

সার্বিয়ায় ক্ষমতায় ফেরার চেষ্টায় সাবেক নেতা, উদ্বিগ্ন তরুণেরা

সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে চলা ব্যাপক দুর্নীতিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার বলকান অঞ্চলের দেশটির সাবেক জনতুষ্টিবাদী নেতা আলেকসান্দার ভুচিচের ক্ষমতায় ফেরার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরা।

সাবেক এই কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ২৫ অক্টোবরের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। অন্যদিকে, তরুণদের সমর্থনপুষ্ট ‘স্টুডেন্টস লিস্ট’ পার্টি ভুচিচের দলের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফলে নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশঙ্কাও বাড়ছে।







ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ১২:১১ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিরোধ ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।


হামলার ঘটনার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তার হুমকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সংস্থাটি বাসিন্দাদের নিরাপদ নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে।


সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আবহা এবং পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায় প্রচারিত জরুরি সতর্ক বার্তার পর বর্তমানে সেসব স্থানেও বিপদ কেটে গেছে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা পোস্টে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হয়।


আক্রান্ত স্থানগুলোতে অপ্রয়োজনীয় জটলা না করা এবং কোনো ধরনের ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


সূত্র: আল জাজিরা



ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৬ এএম

চীনের তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পটি তিব্বতের নাখু শহরের ১৯০ কিলোমিটার পূর্বে আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।


চীন সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, এই ঘটনায় ৪৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের ফলে অন্তত ৩৩৯টি বাড়িঘর ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চালাতে অবিলম্বে তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


ভূমিকম্পের আঘাত হানার সময় সুপারমার্কেটের শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া এবং আতঙ্কিত মানুষকে রেস্তোরাঁ ছেড়ে বাইরে বের হতে দেখা গেছে। এর আগে তিব্বতের এই অঞ্চলে ২০২৫ সালের জানুয়ারিতে এক ভূমিকম্পে ১২৬ জন নিহত হয়েছিলেন এবং আগস্টে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় এক হাজার চারশরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।


মূল ভূমিকম্পের পর ওই দিনই ভারতের অরুণাচল প্রদেশের পঙ্গিন থেকে উত্তর-উত্তরপশ্চিমে চীন সীমান্তে ৫.২ মাত্রার আরও একটি ভূকম্পন রেকর্ড করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।


সূত্র: এনডিটিভি


চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৪৪ পিএম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।


চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বরাতে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলের নাগচু এলাকার একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।


চীনে ২০২৪ সালের জানুয়ারির পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে সিইএনসি। স্থানীয় এলাকায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এর আগে ২০১০ সালে প্রতিবেশী ছিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ ছিলেন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৫৫ পিএম

ইরানের রাজধানী তেহরানের উত্তরে তাজরিশ স্কয়ারে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা ওই শিল্পকর্মে ট্রাম্পের আদলে এক অভিনেতাকে কারাগারের পেছনে দেখা যায়। বিলবোর্ডের মতো দেখতে শিল্পকর্মটিতে একটি কৃত্রিম কারাগার তৈরি করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা ওই ব্যক্তি কারাগারের চারপাশে হাঁটেন এবং মাঝেমধ্যে ভেতরে বসেন।


শিল্পকর্মটিতে লেখা রয়েছে, ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ।’ এর পাশে থাকা অন্যান্য বার্তায় দক্ষিণ ইরানের সিরকি এলাকায় সেপ্টেম্বরের শুরুতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই হামলায় দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ।


ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্টকে কারাগারে বন্দি অবস্থায় দেখিয়ে প্রতীকীভাবে তার প্রতি প্রতিবাদ জানানো হয়েছে।


আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৪৫ পিএম

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। 


উন্নতি সত্ত্বেও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অনেক দেশের চেয়েও পিছিয়ে রয়েছে দেশটি। সূচকে বাংলাদেশের স্কোর ০ দশমিক ৩৯, যেখানে বৈশ্বিক গড় ০ দশমিক ৫৫। তবে এ বছর আইনের শাসন সূচকে বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী দেশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতির দিক থেকে শীর্ষে রয়েছে দেশটি।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। 


দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের পেছনে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান।


আফ্রিকার বেশ কয়েকটি দেশও সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে ঘানা ৬২তম, কেনিয়া ১০০তম, লাইবেরিয়া ১০৩তম, সিয়েরা লিওন ১১০তম, নাইজেরিয়া ১২০তম এবং জিম্বাবুয়ে ১২২তম স্থানে রয়েছে।


বিশ্বের দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। সূচকের শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।


সূচকে আটটি মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোর আইনের শাসন মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো- সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।


আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে বাংলাদেশের উন্নতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। বাকি পাঁচটি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।


মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের অবস্থা সবচেয়ে দুর্বল। এ খাতে ০ দশমিক ৩১ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে। এ খাতে ০ দশমিক ৪২ স্কোর নিয়ে ১২৮তম স্থানে রয়েছে দেশটি।


মোহাম্মদ সাদিক

  • প্রকাশ : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৮ পিএম

আফগানিস্তানে বড় পরিবার এবং সন্তানের সংখ্যা অনেক এমন দম্পতির দেখা পাওয়া সাধারণ ঘটনা। তবে উরুজগান প্রদেশের মোহাম্মদ সাদিকের পরিবার সম্ভবত দেশটির অন্যতম বড় একটি পরিবার। মোহাম্মদ সাদিকের চার স্ত্রীর ঘরে ৫৮টি সন্তান রয়েছে এবং তার সর্বকনিষ্ঠ সন্তানের জন্ম হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। এত বড় পরিবার চালানো তার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


তিনি বলেন, তার সমস্ত প্রচেষ্টা প্রতিদিন সন্তানদের খাবার ও পানীয়ের ব্যবস্থা করাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবারের ছোট সন্তানরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। 


এই পরিবারের চার নারীও বছরের পর বছর গর্ভধারণ, সন্তান জন্মদান এবং সন্তান লালন-পালনের দায়িত্ব বহন করে আসছেন। মোহাম্মদ সাদিকের ভাষ্য অনুযায়ী, বিয়ের সময় তার চার স্ত্রীর বয়সই খুব অল্প ছিল, ১৩ থেকে ১৬ বছরের মধ্যে ছিলেন তারা।


মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।


উৎসবের' আবহ


মোহাম্মদ সাদিকের মতে, ছোট সন্তানরা যখন তাকে ঘিরে জড়ো হয়, তখন তাদের বাড়ি কোলাহল, হাসি আর ব্যস্ততায় ভরে ওঠে, যেন সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান চলছে। তবে এই পরিবারের জীবনে আনন্দের পাশাপাশি রয়েছে গুরুতর আর্থিক সংকট। দারিদ্র্য কখনও কখনও এমন পর্যায়ে পৌঁছে যায় যে কিছু সন্তানকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হয়।


পরিবারটিতে দিনে মাত্র দুইবার রান্না হয়, সকালে এবং সন্ধ্যায়। পরিবারের দুই জন নারী রান্নার দায়িত্ব পালন করেন।


৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক একটি গাড়ির শোরুমে কাজ করেন। তিনি বলেন, আরও সন্তান নেওয়ার ক্ষেত্রে তার একমাত্র উদ্দেশ্য ছিল "নবীর অনুসারীর সংখ্যা বাড়ানো"।


তার এক মেয়ের বিয়ের সঙ্গে সম্পর্কিত একটি মজার ঘটনা বর্ণনা করে তিনি বলেন, "যে মৌলভি সাহেব বিয়ে পড়িয়েছিলেন, তিনি আমাকে আমার মেয়ের নাম জিজ্ঞেস করেছিলেন। আমি কিছুক্ষণ চিন্তা করে ভুলবশত আমার অন্য এক মেয়ের নাম বলে ফেলি। তখন মৌলভি সাহেব হেসে বললেন, আপনি বাড়ি গিয়ে আবার দেখে আসুন, ভুল নাম বলেছেন কি না।"


'নামটাও মনে থাকে না'


তিনি ব্যাখ্যা করেন, এত বেশি সন্তান থাকার কারণে সবার নাম মনে রাখা তার জন্য প্রায়ই কঠিন হয়ে পড়ে। তাই তিনি অধিকাংশকেই "বাবা" বা "আমার সন্তান" বলে ডাকেন।


মোহাম্মদ সাদিক একটি ঘটনার কথা স্মরণ করে বলেন, "এক রাতে আমরা সবাই খাবারের টেবিলের চারপাশে বসেছিলাম। আমি সন্তানদের গোনা শুরু করি এবং দেখি একজন নেই। আমি এটাও জানতাম না যে অনুপস্থিত সন্তানটি ছেলে না মেয়ে। পরে আমি তাদের মায়েদের জিজ্ঞেস করি। তখন একজন জানান, তিনি তার সন্তানকে তার নানির বাড়িতে পাঠিয়েছেন এবং সে রাতটা সেখানে কাটাবে।"


মোহাম্মদ সাদিকের প্রথম বিয়ে হয়েছিল যখন তার বয়স ছিল ২০ বছর। তরুণীদের বিয়ে করার কারণ সম্পর্কে বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি বিয়ের জন্য তাকে কয়েক বছর ধরে কনের পরিবারকে দেওয়া অর্থ জমাতে হয়েছে।


এত বড় পরিবার ও সন্তানদের লালন-পালনের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার স্ত্রীরা খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। শৈশব ও কৈশোরেই তারা বিয়ে, গর্ভধারণ, সন্তান জন্মদান এবং সন্তান পালনের বিশাল দায়িত্ব গ্রহণ করেন, যা তাদের জীবনের স্থায়ী অংশ হয়ে ওঠে। মোহাম্মদ সাদিক এবং তার স্ত্রীরা জীবনে আরেকটি বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন। বছরের পর বছর ধরে তারা ১৪ সন্তান হারিয়েছেন, যা যেকোনো বাবা-মায়ের জন্য গভীর বেদনার বিষয়।


স্বাস্থ্য সংকট ও আর্থিক অনটন


বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ মা ও অনাগত শিশু উভয়ের জন্যই স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বারবার গর্ভধারণ নারীদের জন্য আরও স্বাস্থ্যগত জটিলতার কারণ হতে পারে।


আফগানিস্তান এমন দেশগুলোর মধ্যে রয়েছে, যেখানে গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় নারীদের মৃত্যুহার তুলনামূলকভাবে এখনো বেশি। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকাগুলোতে, যেখানে মানসম্মত চিকিৎসাসেবার সুযোগ সীমিত। অন্যদিকে, দারিদ্র্যও এই পরিবারের জীবনে গভীর প্রভাব ফেলেছে।


শীতকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে একসঙ্গে খাবার খান এবং গ্রীষ্মকালে উঠানে খান, কিন্তু মৌলিক সুবিধাগুলোরও তাদের সীমিত প্রাপ্যতা রয়েছে।


যে জায়গায় তারা গোসল করেন, সেটিই কাপড় এবং বাসন ধোয়ার জন্যও ব্যবহৃত হয়। একই স্থান শৌচাগার হিসেবেও ব্যবহৃত হয়।


পরিবারের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে শুধু মোহাম্মদ সাদিক নন, তার অনেক সন্তানও কাজ করে। কেউ কেউ কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সংগ্রহ করে, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অথবা বিক্রি করে পরিবারের খরচে অবদান রাখা হয়।


সব কষ্ট সত্ত্বেও এই পরিবার প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রতিটি দিনই নতুন একটি চ্যালেঞ্জ, খাবার, আশ্রয় এবং সন্তানদের প্রয়োজন মেটানোর চ্যালেঞ্জ।


শীতের রাতে কখনও কখনও ছয় বা সাতজন মানুষ একটি পাতলা কম্বলের নিচে ঘুমান। সাধারণ গদি ছাড়া এই পরিবারের কোনো বিশেষ শোয়ার ব্যবস্থা নেই। বাড়ির কক্ষগুলোতে জানালা নেই, মজবুত দরজাও নেই। প্রবেশমুখে শুধু পাতলা পর্দা ঝোলানো রয়েছে। জ্বালানির জন্য পরিবারটি মূলত কাগজ এবং সহজলভ্য অন্যান্য উপকরণ পোড়ায়।


মোহাম্মদ সাদিকের দুই ইচ্ছে


শীতের রাতে কখনও কখনও ছয় বা সাতজন মানুষ একটি পাতলা কম্বলের নিচে ঘুমান। সাধারণ গদি ছাড়া এই পরিবারের কোনো বিশেষ শোয়ার ব্যবস্থা নেই। বাড়ির কক্ষগুলোতে জানালা নেই, মজবুত দরজাও নেই। প্রবেশমুখে শুধু পাতলা পর্দা ঝোলানো রয়েছে।


জ্বালানির জন্য পরিবারটি মূলত কাগজ এবং সহজলভ্য অন্যান্য উপকরণ পোড়ায়।


এসব কষ্টের মধ্যেও নিজে পড়াশোনা করতে না পারা মোহাম্মদ সাদিক বলেন, তিনি তার সন্তানদের স্কুলে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে সীমিত আয়ের কারণে তাদের শিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।


মোহাম্মদ সাদিক একটি গাড়ির শোরুমে কাজ করেন। তিনি বলেন, প্রতি একটি গাড়ি বিক্রির জন্য তিনি মাত্র এক হাজার আফগানি কমিশন পান।


কিন্তু এত বড় পরিবারের চাহিদা তাদের সম্মিলিত আয়ের তুলনায় অনেক বেশি। তাই মোহাম্মদ সাদিক সরকার, সহায়তা সংস্থা এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানান, যাতে তিনি তার সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে পারেন।


নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে মোহাম্মদ সাদিক বলেন, তার জীবনে মাত্র দুটি বড় ইচ্ছে রয়েছে।


"আমার প্রথম ইচ্ছা, আমার সন্তানরা শিক্ষা লাভ করুক, ধর্ম এবং পৃথিবী সম্পর্কে জানুক। দ্বিতীয়ত, তাদের যেন কখনও ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে না হয় এবং তাদের পেট যেন ভরা থাকে।"