• প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ২:০৭ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো.সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাইফুল ইসলাম দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লার ছেলে।  


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল ওই কাচারিঘরে অভিযান চালায়। এ সময় অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত সাইফুল ইসলামকে আটক করা হয়।


পরে তার কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি ছোট-বড় অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত উদ্ধার করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন আরও বলেন, আসামীর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।



সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১:১৮ এএম

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের সোনাপাতিল বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



নিহতরা হলেন- মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা বিলের মধ্যে পলিথিনে তৈরি একটি ছাউনিতে আশ্রয় নেন। হঠাৎ সেখানেই বজ্রপাত ঘটে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন।



বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় ভুক্তভোগীরা পলিথিনের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত ঘটে। নিহতরা সবাই কিশোর ও তরুণ। ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।



পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এই প্রাণহানি ঘটে।



তিনি জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, একসঙ্গে ছয় কিশোর-তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সর্বশেষ সব খবর

ফারজানা ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় ফারজানার পরিবার অভিযোগ করে, তাঁকে হত্যা করে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।


শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসী ও খাদেমুল ইসলাম মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারজানার স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


শুকুর আলী প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম, শাহ আলম, মো. মোহন মেম্বার, মো. নাজিম উদ্দিন সরকার, হাফেজ মাহমুদুল হাসান রাসেল, শামীম বেপারী, আলিম আল কাছির, খাদেমুল ইসলাম, মো. সায়মন, আহম্মেদ, আলমগীর হোসেন, মো. আনারুল হক, মো. ফারুক মিয়া, শাহরিয়ার সুজন ও শাকিরুজ্জামান শাকির।


 কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিহত ফারজানা ইসলাম উপজেলার জয়কালীপুর গ্রামের রফিকুল ইসলাম ফাজিলের মেয়ে। তাঁর স্বামী নাজমুল ইসলামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তাঁরা দুজনই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।


ফারজানা ইসলাম

তবে বিয়ের পর স্বামীর অন্য এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে এর আগে ফারজানার পরিবারের পক্ষ থেকে নাজমুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। পরে দুই পরিবারের আলোচনা ও সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয় বলে জানান ফারজানার বাবা।


মানববন্ধনে ফারজানার বাবা রফিকুল ইসলাম ফাজিল অভিযোগ করে বলেন, পরকীয়ার জেরে তাঁর মেয়েকে হত্যা করেছেন জামাতা। এর আগেও এ বিষয়ে জামাতার বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁরা। বিরোধ মীমাংসার পর তাঁর মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।


মানববন্ধনে বক্তারা বলেন, ফারজানা ছিলেন একজন মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাঁর রহস্যজনক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বক্তারা আরও বলেন, ফারজানার পরিবার যেন কোনোভাবেই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৩৪ পিএম

পর্যটকদের জন্য ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের সুযোগ উন্মুক্ত হলেও নির্ধারিত দিনে শুরু হচ্ছে না পর্যটকবাহী জাহাজ চলাচল। সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র ও দাপ্তরিক অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় আরও তিন থেকে চার দিন পিছিয়ে যেতে পারে জাহাজ চলাচল শুরুর সময়। ফলে দ্বীপ ভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্টরা।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্ধারিত শর্তগুলো পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করার পরই জাহাজ চলাচলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে।তিনি বলেন, সেন্টমার্টিন ভ্রমণে সরকারের জারি করা শর্তের কোনো ব্যত্যয় যাতে না ঘটে, সে লক্ষ্যে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।


অন্যদিকে, পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় কয়েকটি দাপ্তরিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে ১ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।তিনি বলেন, চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনটি জাহাজের অনুমোদন পাওয়া গেছে। আরও সাতটি জাহাজের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া তিনটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত থাকলেও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হয়নি।


বাহাদুর জানান, এ বছর থেকে জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট ও চলাচলের সময়সূচি এবং কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় অনুমোদন এখনো বাকি রয়েছে।


এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে এর আগে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই।


স্কোয়াবের সাধারণ সম্পাদক আরও বলেন, এমবি কর্ণফুলী, বার আউলিয়া ও এমবি টেকনাফ নামের তিনটি জাহাজ সেন্টমার্টিন রুটে পর্যটক পরিবহনের ছাড়পত্র পেয়েছে। জাহাজ তিনটির সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ৩০০ জন।


তিনি বলেন, সেন্টমার্টিন যেতে আগ্রহী পর্যটকরা ইতোমধ্যে টিকিট বুকিংয়ের জন্য যোগাযোগ করছেন। কিন্তু ট্যুরিজম বোর্ডের নিবন্ধন সফটওয়্যার এখনো চালু না হওয়ায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা যাচ্ছে না। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এসব জটিলতা কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্প্রতি পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট ও সুগন্ধা পয়েন্টের দি সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০২ পিএম

গত ১৭ বছর উন্নয়ন আর উন্নয়নের কথা বলতে বলতে আওয়ামী লীগ মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর দেখেছি, উন্নয়নের কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি।


শুক্রবার ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।


এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


আয়োজকরা জানান, আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে মানুষকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৪০ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জটিল রোগে আক্রান্ত আরও কেউ যদি চিকিৎসা সহায়তার বাইরে থাকেন, তারা আবেদন করলে আমার জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, ভবিষ্যতেও কাজ করে যাব।


শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সহায়তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ চলছে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে কীভাবে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, সে অনুযায়ী সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে।


তিনি আরও বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে। গত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী বেশি পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়বে। জনগণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে।


টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ।


এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৭ পিএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি সরকারের অর্জনকে বিনাশ করতে রোড মার্চ নামে বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে বাংলাদেশ মানুষকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কর্যালয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, এই বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা একাত্তরকে বিশ্বাস করে না, যারা ২৪ কে বিশ্বাস করে না, যারা ৯০ কে বিশ্বাস করে না, এইরকম ফ্যাসিস্ট, এইরকম স্বৈরাচার এবং গুপ্তসূপ্তরা আজকে ঐক্যবদ্ধ হয়ে এই তারেক রহমানের সরকার,যেই ক্রমবর্ধমান তাদের উন্নয়নের ধারাকে আজকের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা গ্রামীণগঞ্জে, পাড়ায় মহল্লায় মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন। এটাকে তারা বিনাশ করতে চান, ভিনিষ্ট করতে চান।


প্রতিমন্ত্রী বলেন,গতকাল ঠাকুরগাঁও উপ নির্বাচন হয়েছে। সে নির্বাচনে ছোট খাটো ভুল ছাড়া সুষ্ঠ নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে যা ভোট পেয়েছিল, কালকের উপ নির্বাচনে তার চেয়ে অর্থেক ভোট পেয়েছে। তারেক রহমানের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আর বিএনপির কর্মকান্ড মনে প্রানে বিশ্বাস করার কারনে বিএনপির এ বিজয় হয়েছে।


যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে যদি নেতৃত্ব দিতে চাই, সেই নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ইমেজ তৈরি করতে হবে। এইখানে কোন কর্মীর অপকর্মের দায়ভার কিন্তু আমরা যুবদল নিব না। কাজেই আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের কোন ব্যক্তিগত কর্মকাণ্ড যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, দল ক্ষতিগ্রস্ত না হয়। সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নতুবা তুমি যত রকম তদবির করা না কেন, আমি ব্যক্তিগতভাবে সেইখানে, আমি মনে করি তোমার কোন যোগ্যতা নাই। কারণ দল যদি তোমার কর্মকান্ডে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তোমাকে মাথায় নিয়ে আমরা নাচবো।


এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় আসে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় 

জেলা যুবদলর সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায়, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,আব্দুল্লাহ আল মামুন রনিক, ইউনুস শেখসহ যুবদলের নেতাকর্মীরা । 


সর্বশেষ সব খবর