তিন দফা দাবিতে নলছিটিতে অবস্থান কর্মসূচী
অসম্পূর্ণ রাস্তাঘাট সংস্কার কাজ সম্পন্নকরন, নতুন প্রকল্পের বরাদ্দ প্রস্তাব বাতিল রহিতকরন ও ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সাধারণ নাগরিকরা।
নলছিটি পৌরসভা চত্তরে আজ ১৫ জুন সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নলছিটি পৌরসভার সামনে অবস্থান কর্মসূচী ও প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা কর্মসূচি পালন করা হয়। সাধারণ নাগরিকদের ব্যানারে তিন দফা দাবিতে প্রায় তিন ঘন্টা শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এতে তাদের দাবি ছিলো ২০২০-২১ সালে শুরু হওয়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রায় দশটি সংস্কার কাজ সম্পন্ন না করেই পরে আছে যা জনভোগান্তি তৈরি করেছে সেগুলো সহ ২০২৪-২৫ অর্থবছরের এডিপির কিছু কাজ উদ্বোধন করেও সম্পন্ন হয়নি সেগুলো দ্রুত সম্পন্নকরন।
পৌরসভার আধুনিকায়নের সুযোগ থাকা একটি প্রকল্পের প্রায় তেরো কোটি টাকার বরাদ্দ প্রস্তাব বাতিলের পথে আছে সেই বাতিল রহিত করন। এবং নতুন বাড়তি বরাদ্দ আনয়ন। এবং ২০২৫-২৬ অর্থবছরের পৌরসভার প্রাপ্ত পুরো বরাদ্দ দিয়ে কোনো কাজ করা হয়নি যা বিধি অনুযায়ী সরকারের তহবিলে ফেরত দিতে হবে, সেই অর্থ ফেরত না দিয়ে বিধিমত এই নির্ধারিত সময়ের মধ্যে আটকে থাকা সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট মাসেই নতুন অর্থবছরে প্রকল্প গ্রহণ করে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের নির্মান কাজ শুরু করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নেত্রী সাথী আক্তার, তিনি বলেন দেরশো বছরের এই শহরটি পুরো উপজেলার মানুষের জন্য ঐতিহ্যের প্রতিক ছিলো কিন্তু শহরটিতে কোনো উন্নয়ন নেই। রাস্তাঘাট, পার্ক, টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বস্তি উন্নয়ন কিছুই নেই। রাস্তাঘাটের বরাদ্দ এলেও সব লুটপাট হয়েছে যারফলে ভুগছি আমরা। তাই আমাদের দাবি লুটপাট হওয়া রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি সহ আমাদের এই তিন দফা দাবি মানতে হবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এই অবস্থানে অনড় থাকবো।
আরেক আন্দোলনকারী ইমরান হোসেন বলেন, দেশের দ্বিতীয় পৌরসভা হলেও উন্নয়নের দিক থেকে আমরা একেবারেই পিছিয়ে আছি। এতবছরেও উন্নয়নের ছিটেফোটাও বাস্তবায়ন হয়নি। অভ্যুত্থান পরবর্তী দেশেও ২০২৫-২৬ অর্থবছরে এক ইঞ্চিও উন্নয়ন কাজ হয়নি যেকারণে সেই বরাদ্দ এখন ফেরত যাবার পথে কেন আমরা সেই প্রশ্নের জবাব চাই। আমরা এক পয়সাও ফেরত যেতে দেবো না। এবং দ্রুত সব রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে।
আরেক আন্দোলকারী আসিফ জিয়া মুন্না বলেন, ১৮৬৫ সালে প্রতিষ্ঠা হওয়া নগরীতে রাস্তাঘাট নেই, একটি শিশুপার্ক নেই, সড়কবাতি জ্বলে না, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেই, বারবার বরাদ্দ আসে কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা সাধারণ নাগরিক হিসেবে এর নিরসন চাই।
মো: রাহাত বলেন, এত বড় একটি পৌরসভার অথচ এর সামনের রাস্তাটিই বেহাল দশা, সংকীর্ণ রাস্তা এরমধ্যে ফুটপাত দখলের কারনে আরও বেশি দুর্ভোগ হয়। এছাড়াও কোনো সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেই, তাই আমরা এই নগরীর আধুনিকায়ন চাই।
আহত জুলাই যোদ্ধা মূসা সরদার বলেন, এতো পুরনো পৌরসভার রাস্তাঘাট সবগুলোই মরনফাদ হয়ে আছে আর বরাদ্দ আত্মসাৎ করছে এটা হতে পারে না। আমরা দ্রুত এর সমাধান চাই,কারন এই শহরে শুধু পৌরসভার নাগরিকরা থাকে না পুরো উপজেলার মানুষ আসে যায় তাই আমাদের এই তিন দফা দাবি মানতে হবে। এটা শুধু দাবি নয় আমাদের অধিকার।
আন্দোলনের সমন্বয়কারী সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, আমরা বছরের পর বছর ধরে পৌরসভা এলাকার রাস্তাঘাট সংস্কার, পয়নিস্কাষন, ড্রেনেজ, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বস্তি এলাকা উন্নয়ন, নতুন গোরস্থান তৈরি, শিশুপার্ক, ইকোপার্ক নির্মান, ফায়ার হাইড্র্যান্ট বসানো, গার্বেজ রিসাইক্লিং প্লান্ট, বিউটিফিকেশনের মতো সুযোগ থাকা সিটিসিআরপি প্রকল্পর এই অংশটির বরাদ্দ বাতিল হতে যাচ্ছে যা আমাদের জন্য একেবারেই দু:খজনক। আমরা বছরের পর বছর এগুলো নিয়ে আন্দোলন করেছি এই মুহুর্তে ডিপিপি রিভিশনের সময় এই অংশ বাতিল হলে আমরা তা মেনে নেব না। প্রকল্পটির প্রায় দুই বছর সময় অতিবাহিত হলেও অগ্রগতি না থাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কিছুদিন আগে নলছিটি পৌরসভা পরিদর্শনের সময় এই উদ্বেগ আরও বেরে যায়। পৌরসভার খালি জমি না থাকার অযুহাতে প্রকল্পের এই আধুনিকায়নের অংশটি বাতিল হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করছি।
এছাড়াও ২০২১ সালে শুরু করা রাস্তার কাজও আজ পর্যন্ত সমাপ্ত করা হয়নি, লুটপাটের কারনে মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে পরেছে। এসব রাস্তা এখনো আদায় না হলে পরবর্তীতে এই দুর্ভোগ আরও বাড়বে। এই প্রকল্পের শেষ সাক্ষী পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামা, তিনি এই বছর নভেম্বরের দিকে অবসরে যাওয়ার কথা তিনি অবসরে চলে গেলে এসব রাস্তা পুনরুদ্ধার একেবারেই অসম্ভব হয়ে পরবে। তাই ২০২৬ সালের নভেম্বরের মধ্যে এই প্রকল্পের অসম্পন্ন সবগুলো রাস্তার নির্মান কাজ সম্পন্ন করতেই হবে এবং এই দুর্ভোগ সৃষ্টির জন্য দ্বায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ঠিকাদারদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে।
এছাড়াও ১৬ একর সম্পত্তির মালিক থাকা পৌরসভায় জমি সংকট দেখিয়ে আধুনিকায়নের সুযোগ থাকা প্রকল্পের প্রায় চৌদ্দ কোটি টাকার অংশ বাতিল হওয়ার মতো দু:খজনক বিষয় আর নেই। অথচ পৌরসভাটি প্রতি বছর প্রায় সারে তেরো একর জমির ভূমি উন্নয়ন কর প্রদান করে অথচ সব জমি কেউ চেনে না, কাদের দখলে আছে কেউ জানে না,কেউ বলে না। প্রয়োজনে পৌরসভার রাজস্ব তহবিল থেকে জমি ক্রয় করে হলেও এসব প্রকল্প বাস্তবায়ন করতেই হবে। আমরা এই বরাদ্দ বাতিল রহিতকরনের দাবি জানাচ্ছি এবং অসম্পূর্ণ সকল রাস্তাঘাট সংস্কার সম্পন্ন করতে হবে। এবং ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন কাজ জুলাই আগস্টের মধ্যে শুরু করার দাবি জানাই।আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
প্রায় তিন ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) রিজভী আহমেদ সবুজের কাছে লিখিত স্মারকলিপি পেশ করেন।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে গ্লোবাল উইনার গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান 'বাংলাদেশ এগ্রো রিসোর্ট' এর তিন দিনব্যাপী প্রথম বর্ষপূর্তি সম্মেলন ও উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় কক্সবাজারের একটি ফাইভ স্টার হোটেল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি লাবণী বিচ পর্যন্ত গিয়ে সেখানে দ্বিতীয় দিনের উদযাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে খেলাধুলা ও কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে শুক্রবার কক্সবাজারের ওই হোটেলে বর্ষপূর্তির প্রথম দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম খলিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফেরদৌসুর রহমান রুমীসহ মূল ৮ জন প্রতিষ্ঠাতা পরিচালক, পরিচালনা পর্ষদের কর্মকর্তা, সম্মানিত পার্টনার এবং শেয়ারহোল্ডারগণ।
অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করেন সম্মানিত অতিথিবৃন্দ; এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘নওরোজ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি।
তিন দিনব্যাপী এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে ছিল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দক্ষতা বাড়াতে আয়োজিত স্পেশাল মার্কেটিং ট্রেনিং।
আধুনিক বিপণন কৌশল ও পেশাগত দক্ষতার ওপর ভিত্তি করে এই বিশেষ সেশনটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় লার্নিং প্ল্যাটফর্ম স্কিলস রাইডার’ (Skills Rider)-এর ফাউন্ডার ও এমডি রাশেদুল ইসলাম।
সম্মেলনে প্রজেক্টের ভবিষ্যৎ মেগা পরিকল্পনা তুলে ধরে উদ্যোক্তারা জানান, বর্তমানে ১৭ একর জমিতে বাংলাদেশ এগ্রো রিসোর্টের আধুনিক অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
পর্যায়ক্রমে জমি বৃদ্ধির মাধ্যমে এই প্রজেক্টটিকে মোট ২০০০ একর জমিতে বিস্তৃত করার এক বিশাল মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে, যা দেশের পরিবেশবান্ধব এগ্রো-ট্যুরিজমে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিনিয়োগকারী ও গ্রাহকদের সুবিধার্থে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কিছু শেয়ার প্যাকেজ উন্মোচন করা হয়। একই সাথে, যেসকল বিনিয়োগকারী সফলভাবে তাঁদের বিনিয়োগ সম্পন্ন করেছেন, অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় সেরা পারফর্মকারী প্রতিনিধিদের বেস্ট মার্কেটার’ সম্মাননা ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সম্মেলনের সমাপনী দিনে সফল পার্টনারদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী এই স্মরণীয় উদযাপনের সফল সমাপ্তি ঘটে।
প্রতিমন্ত্রী টুকু
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে এবং ভবিষ্যতে একাধিক পেশায় নিজেদের প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা পরে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি আমাদের সরকার বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রমও চালু করেছে। কাজেই শিক্ষা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে সব পর্যায়েই হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদ্যালয়গুলোতে কীভাবে শিক্ষার্থীদের প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। যে মাদক যুবসমাজ ও ছাত্রসমাজকে ধ্বংস করে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সন্তানের লেখাপড়ার জন্য বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার ধান, জমি কিংবা গবাদিপশু বিক্রি করেও সন্তানের শিক্ষার ব্যয় বহন করে। সেই সন্তান যদি মাদকে জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের সব ত্যাগ ব্যর্থ হয়ে যায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড-ডে মিল কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় হোটেল ব্লু পেয়ার এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আবুল আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন, সাংবাদিক এস এম শাহাদাত, পল্লী চিকিৎসক জহিরুল ইসলাম দুলাল, জাকির হোসেন জুয়েল সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পল্লী চিকিৎসকরা।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য জোরদার এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। সম্মেলনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পল্লী চিকিৎসকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে ফৌজিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাঙ্গা গ্রামের ওসমান আলীর স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে তেঁতুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ফৌজিয়া বেগম তার শোবার ঘরের মেঝেতে জোহরের নামাজ শেষে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তার ছেলের বউ তাকে ঘুম থেকে ডেকে তোলেন। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। বাড়ির লোকজন সাথে সাথেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী
সিলেটের জৈন্তাপুরে জনসভা শেষ করে নগরীতে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে বহন কারীতে গাড়িতে হামলা ও ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী এবং দলটির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে একটি ভিডিও সহ পোস্ট দেন নাসিরুদ্দীন পাটওয়ারী।
তিনি লিখেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন। জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে…’ এরপর রাত ১১টা ১১ মিনিটে একই ভিডিওসহ পোস্ট দেন নাহিদ ইসলাম।
তিনি লিখেন, ‘সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে আবারও হামলা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুইজন আহত হন।’দুটি পোস্টেই চলতি গাড়ির ভিতর থেকে ধারণকৃত একটি ভিডিওতে গাড়ির কাঁচ ভাঙা দেখা যায় এবং গাড়ির অভ্যন্তরে দুইজন ব্যক্তির রক্তাক্ত হাত দেখা যায়। তবে কারো চেহারা দেখা যায়নি।
এনসিপির স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ জানিয়েছেন যে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় তাদের উপর এ হামলার ঘটনা ঘটেছে। তবে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা অস্বীকার করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ পুলিশ প্রটোকলের মধ্যে তাদের গাড়িগুলো উপজেলার শেষ সীমানায় পার্শ্ববর্তী থানার প্রটোকলে তুলে দিয়ে এসেছি। এ সময় যদি তাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটতো, তাহলে তারা অবশ্যই আমাদের অবগত করতেন কিংবা গাড়ি হাসপাতালে নেয়ার জন্য থামাতেন। কিন্তু সেরকম কিছু ঘটেনি।’
এদিকে,সিলেটের জৈন্তাপুরে জনসভা শেষে নগরীতে ফেরার পথে হরিপুর এলাকায় এনসিপির গাড়িবহরে ঢিল নিক্ষেপ এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ ২জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ।
জৈন্তাপুর থেকে নগরীতে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আজকে আমাদের তিনটি প্রোগ্রাম ছিল। স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট ক্রস করার পর বিকট একটি শব্দ হয়। আমাদের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, বড় একটি ইট পড়েছে, আমার হাতে ইটের আঘাতের দাগ আছে। মাথায় পড়লে মাথা ফাটতো নিশ্চিত।’ তিনি বলেন, “আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি দলকে বলে দিয়েছি যে তারেক রহমান আজকে রাজনৈতিক ভাবে একটি মস্তবড় ভুল করেছেন।’
তিনি আরো বলেন, “শেখ হাসিনা আমাদের রিমাণ্ডে নিয়েছিলো। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান আপনি মস্তবড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা যা আপনি এক্সপেক্ট করবেন না। আপনি আমাকে পার্সোনাল রক্ত ঝরিয়েছেন। আপনি আমার বয়সে বড়, ছোট ভাইয়ের রক্ত প্রতিশোধ নিবে। আপনার থেকে আমি পার্সোনালি রক্তের প্রতিশোধ নিবো।’
“যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেয়া যাবে না। ঠিক আছে, মারা যাবো।"
পুলিশের অস্বীকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পিছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, আঘাত আছে। আমরা আশা করবো যে পুলিশ ভাইয়েরা তাদের চরিত্র পরিবর্তন করবে। আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। আমি আদালতে বা কোথাও যাবো না, এটাকে পার্সোনালি নিলাম।’
ছবি : সংগৃহীত
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম লুৎফর রহমান। তিনি হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান(৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। অন্য নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।