• প্রকাশ : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫, সময় : ১১:০৮ এএম

নোয়াখালী হাতিয়ার জাগলারচর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিখোঁজের দুদিন পর শামছু বাহিনীর প্রধান শামছুদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার ওসি সাইফুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত শামছুদ্দিন (৫৮) ওরফে কোপা শামছু উপজেলার জাহাজমারা ইউনিয়ন ২নং ওয়ার্ডের ছায়দুল হকের ছেলে।

নিহতের বড় ছেলে ফখরুল ইসলাম জানান, কয়েকজন আত্মীয়কে নিয়ে তারা জাগলার চরে যায় তার বাবাকে খোঁজ করার জন্য। সারাদিন খোঁজ করে বিকালে কেউড়া বনের মধ্যে তার বাবার মরদেহটি দেখতে পায়। তবে মরদেহের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জাগলারচর দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন ও শামছু বাহিনীর মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া জেলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়। এতে নিহত পাঁচজনের লাশ পাওয়া গেলেও শামছুর খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন—হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৩৬), জাহাজমারা ইউনিয়নের পাইকবাধা এলাকার মো. শামছুদ্দিনের ছেলে মো. মোবারক হোসেন সিহাড (২১), হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম লক্ষিদিয়া গ্রামের মৃত শাহী আলমের ছেলে হক সাব (৫৫), চানন্দী ইউনিয়নের মান্নান নগর এলাকার মৃত সেকুর ছেলে কামাল উদ্দিন (৩৮) এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর মজিদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবুল কাশেম (৫৭)।

আহতদের মধ্যে মো. সোহরাব (২৫) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খবির উদ্দিনের ছেলে। অন্য আহতরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের এ ঘটনায় শামছুর ভাই আবুল বাশার বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হাতিয়া থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়ে ওসি সাইফুল আলম বলেন, কিছুক্ষণ আগে আমরা তথ্য পেয়েছি, বাগানের ভিতর শামছু প্রধানের লাশ পড়ে আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৫:১৮ পিএম

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


বহিষ্কারের ৯১ দিন পর শুক্রবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল কলেজ শাখা ছাত্রদলের এ তিন নেতাকে বহিষ্কার ও সভাপতির পদ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে সভাপতির পদ পুনবহাল করলেও এ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। ওইসময় তিনজনকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সবশেষ ৯১ দিন পর গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল থেকে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল ও সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় তাদের আর কোন বাধা রইলো না। এখন থেকে দলীয় সকল কার্যক্রমে সংস্পূর্তভাবে তারা অংশগ্রহণ করতে পারবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৫:০৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। একই সঙ্গে স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।


শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


আহতরা হলেন, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো.আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।


স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের নেতাকর্মীরা আটক করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কয়েকজন নেতাকে ঘটনাস্থলে ডাকেন।


সিরাজপুর ইউনিয়ন জায়াতের আমির আবুল হাসেম বলেন, বিষয়টি সমাধানের উদ্দেশ্যে রাত সোয়া ৮টার দিকে সিরাজপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন শিবির নেতাকর্মি দিনার দোকানের একটি চা দোকানে যান। তাৎক্ষণিক সেখানে স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক ও সিএনজি চালক বেলালের নেতৃত্বে শিবিরের নেতাকর্মিদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে আমি চলে আসার পর রাত পৌনে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।


তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কার্যালয় শুরু থেকেই বন্ধ ছিল এবং বিএনপির লোকজন নিজেরাই কার্যালয় ভাঙচুর করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।


তবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দিনার দোকান এলাকায় বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক চিকিৎসাধীন রয়েছেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৫:০৫ পিএম

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এর আয়োজন করে। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় সেখানে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।


এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন নার্সারি মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এরআগে জেলা প্রশাসকের নেতৃত্বে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে গিয়ে মিলিত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন দেশি-বিদেশি গাছের চারা নিয়ে মোট ৪৪টি স্টল অংশগ্রহণ করেছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত টানা সাত দিন এই বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।




সর্বশেষ সব খবর

সংগৃহীত ছবি

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫৫ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধাকে দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের কথায়’ জীবিত ভেবে কবর থেকে মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করলে আবার দাফন করা হয়।


গতকাল শনিবার রাত ৯টার দিকে মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানিয়েছেন। মৃত ৬৫ বছর বয়সী হালিমা খাতুন ওই গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী।


নিহতের ছেলে হুমায়ুন কবির ও স্থানীয়দের ভাষ্য, বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত ১টার দিকে হালিমা খাতুন মারা যান। গতকাল শনিবার সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


তারা জানান, হালিমা খাতুনের মেয়ে সুলতানা আক্তারের ওপর ‘জিনের আছর’ রয়েছে। দাফনের পর তিনি দাবি করেন, ‘জিন’ তাকে জানিয়েছে তার মা জীবিত আছেন।


পরে পরিবারের লোকজন রাত ৯টার দিকে কবর থেকে হালিমার লাশ উত্তোলন করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর শহরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই মরদেহ আবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


চর মাহমুদপুর গ্রামের বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, “হালিমা খাতুনের লাশ কবর থেকে লাশ তোলার খবর শুনে কয়েক গ্রামের হাজার হাজার তার বাড়িতে ভিড় করে। পরে মরদেহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আবারও তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই তাকে আবার দাফন করা হয়।”


তিনি বলেন, “যার কথায় লাশ তোলা হয়েছে, তিনি ‘মানসিক ভারসাম্যহীন’। এভাবে কবর থেকে লাশ তোলা ঠিক হয়নি।”


ওসি ওবায়দুর রহমান বলছেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বা লিখিতভাবেও কিছু জানায়নি।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৫ পিএম

ঢাকায় বসবাসরত দরিদ্র পরিবারের দুই শিশু পড়াশোনার চাপ, মায়ের বকুনি ও সহপাঠীদের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যায়। ট্রেনে চড়ে প্রায় শত কিলোমিটার পাড়ি দিয়ে তারা কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৌঁছায়। 


পরবর্তীতে এক স্থানীয় হকারের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে। ট্রেনে চড়ে আসা ওই দুই শিশুর নাম মোহাম্মদ সানি (১১) এবং সমবয়সী তোফায়েল আহমেদ। তারা মায়ের বকুনি এবং সহপাঠীদের সাথে ঝগড়া করে গত শুক্রবার (৩১ জুলাই) রাতে এলাকা থেকে চলে আসে।


ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনে চড়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাত সাড়ে ১০টার দিকে ওরা কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে নেমে এদিক-ওদিক ঘুরতে থাকে। এ সময় স্থানীয় হকার হৃদয় মিয়ার (২৫) সন্দেহ হলে তিনি তাদের সাথে কথা বলেন। একপর্যায়ে হৃদয় ওদের তার বাড়িতে নিয়ে যান।


হৃদয় মিয়া জানান, শিশুরা জানিয়েছে লেখাপড়ায় অমনোযোগিতার কারণে ওরা পরিবারের বকুনি খেত। তা ছাড়া শুক্রবার বিকেলে ধানমন্ডি লেকের পাড়ে ওরা খেলাধুলা করছিল। একপর্যায়ে সহপাঠীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। তাই পরিবারের শাসনের ভয়ে তারা এলাকা ছেড়ে দূরে কোথাও গিয়ে কাজ করার উদ্দেশ্যে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়ে।


সানি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের রুমেল মিয়ার ছেলে। বাবা দ্বিতীয় বিয়ে করলে তার মা রহিমা আক্তার সুমি ছেলেকে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে আসেন। রহিমা ধানমন্ডি এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করেন। 


অপর দিকে তোফায়েল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রিকশাচালক বাবুল মিয়ার ছেলে। দুটি পরিবারই ধানমন্ডি লেকপাড় এলাকায় বসবাস করে। সানি ও তোফায়েল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।


কুলিয়ারচর থানা সূত্রে জানা যায়, গতকাল শিশুদের পরিবারকে ফোনে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে ওদের নিয়ে যায়। 


কুলিয়ারচর থানার ওসি মো. কাজী আরিফ উদ্দিন জানান, পরিবারের শাসনের ভয়ে শিশু দুটি এলাকা ছেড়ে চলে আসে। পরিচয় নিশ্চিত হয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সর্বশেষ সব খবর

মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে

ঠাকুরগাঁওয়ে আই ক্যাম্প উদ্বোধন, প্রতিটি থানায় এমন উদ্যোগের আশ্বাস


বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৪:১৪ পিএম

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।


রোববার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করছি। প্রতিটি থানায় এ ধরনের আই ক্যাম্পের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং কীভাবে এসব কার্যক্রম নিয়মিত পরিচালনা করা যায়, সে বিষয়েও কাজ করা হবে।


তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। তারা ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। যেসব মানুষ সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের আই ক্যাম্প একটি বড় সুযোগ। এতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেপাল দূতাবাসের ডেপুটি চিপ অব মিশন মি.  প্রতীক কার্কি, এন এন আই এস এর চেয়ারপার্সন অধ্যাপক ডাক্তার চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান মি. পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজিদার রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন,  সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি সহ জেলার চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


পাঁচ দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও স্বল্প আয়ের মানুষকে বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।


সর্বশেষ সব খবর