ছবি : সংগৃহীত
আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন দুর্গম পাহাড় বা সমুদ্রের মাঝখানে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই নেই সেখান থেকেও যোগাযোগ করা সম্ভব। আইফোনে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি যোগ করেছে অ্যাপল, যা জরুরি অবস্থার পাশাপাশি সাধারণ মেসেজ আদান-প্রদানের সুবিধাও দিচ্ছে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, আইওএসের সাম্প্রতিক বিভিন্ন সংস্করণে অ্যাপল এই সুবিধা আরও বাড়িয়েছে। ফলে পাহাড়ে হাইকিংয়ের সময়, গ্রামাঞ্চলে বা সমুদ্রের মতো প্রত্যন্ত জায়গা থেকেও বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে।
এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যা আইফোনের ভেতরেই জুড়ে দেওয়া আছে। যখনই সাধারণ সিগনাল থাকবে না তখন তা নিজে থেকেই কাজ শুরু করবে। এ পদ্ধতি সাধারণ মেসেজিংয়ের বিকল্প না হলেও নেটওয়ার্ক না থাকলে তা চমৎকার ব্যাকআপ হিসেবে কাজ করে।
স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানোর নিয়ম
নেটওয়ার্কহীন এলাকায় যাওয়ার আগেই আইমেসেজ অপশনটি চালু করে নিতে হবে। ফোনের ‘ইমার্জেন্সি কনট্যাক্ট’ বা জরুরি যোগাযোগ ও ‘ফ্যামিলি শেয়ারিং’ গ্রুপে থাকা সদস্যদের নাম আগেভাগেই সেট করে রাখা গুরুত্বপূর্ণ। ফলে, আপনি আগে মেসেজ না পাঠালেও তারা আপনাকে এসএমএস পাঠাতে পারবে।
প্রথমে আপনার ফোনে যখন কোনো সেলুলার নেটওয়ার্ক বা ওয়াই-ফাই থাকবে না তখন আইমেসেজ অ্যাপটি খুলুন। আপনার এলাকায় এই সুবিধা থাকলে অ্যাপটি আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে যে, এখন স্যাটেলাইট মেসেজিং ব্যবহার করা সম্ভব।
এরপর স্যাটেলাইটের মাধ্যমে যোগ হওয়ার অপশনটি বেছে নিলে স্ক্রিনে একটি নির্দেশিকা আসবে। স্যাটেলাইটের সঙ্গে সংযোগ ধরে রাখার জন্য আপনার আইফোন আপনাকে রিয়াল টাইমে দিকনির্দেশনা দেবে। সংযোগ হলে আপনি মেসেজ টাইপ করে পাঠাতে পারবেন। তবে তা পৌঁছাতে সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি সময় নিতে পারে।
মেসেজটি সফলভাবে পাঠানো হলে আইফোন আপনাকে তা জানিয়ে দেবে। যতক্ষণ স্যাটেলাইট সংযোগটি সক্রিয় থাকবে ততক্ষণ অপর প্রান্তের ব্যক্তির পাঠানো উত্তরগুলোও আপনি স্যাটেলাইটের মাধ্যমেই পাবেন।
স্যাটেলাইট মেসেজ পাঠানোর জন্য যা যা প্রয়োজন
স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠাতে আপনার একটি উপযুক্ত আইফোন ও সঠিক সফটওয়্যার সংস্করণ থাকতে হবে। ফিচারটি আইফোন ১৫ ও এর পরবর্তী বিভিন্ন মডেলে কাজ করবে। কারণ এগুলোতে প্রয়োজনীয় স্যাটেলাইট হার্ডওয়্যার রয়েছে।
এ ছাড়া আপনার ফোনে আইওএস ১৮ বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে, যা অ্যাপল প্রতিনিয়ত আপডেট করছে। এ সুবিধাটি বর্তমানে নির্দিষ্ট কিছু অঞ্চল, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে সীমাবদ্ধ।
তবে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও তা চালু করা হচ্ছে। স্যাটেলাইট সংযোগ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খোলা আকাশের নিচে থাকতে হবে। গাছপালা, বড় দালান বা পাহাড় এ সংযোগে বাধা তৈরি করতে পারে।
স্যাটেলাইট মেসেজিং সাধারণ চ্যাটিং বা দীর্ঘ আলাপের জন্য তৈরি করা হয়নি। এখানে বিভিন্ন মেসেজ সংকুচিত হয়ে যায় ও সাধারণ মেসেজের তুলনায় ধীরগতিতে আদান-প্রদান হয়। পরিবেশের অবস্থা ও স্যাটেলাইটের অবস্থানের ওপর ভিত্তি করে মেসেজ পৌঁছানোর সময় কম-বেশি হতে পারে।
আইফোনে স্যাটেলাইট মেসেজিং যেভাবে কাজ করে
আইফোন যখন মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই ফাই সিগনাল হারিয়ে ফেলে তখন সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে, এখন কেবল স্যাটেলাইট সংযোগই সম্ভব। মেসেজ পাঠাতে ব্যর্থ হওয়ার বদলে ‘আইমেসেজ’ অ্যাপটি ব্যবহারকারীকে স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেবে।
স্ক্রিনে আসা বিভিন্ন নির্দেশনা ব্যবহারকারীকে ফোনটি সঠিক অবস্থানে ধরতে সাহায্য করে। সাধারণত ডিভাইসটি উপরের দিকে ধরে রাখতে ও একটি নির্দিষ্ট স্যাটেলাইটের সঙ্গে যোগের জন্য ফোনের নির্দেশিত বিভিন্ন দিক অনুসরণ করতে হয়। মেসেজ পাঠানোর সময় সংযোগ ধরে রাখতে ফোনটি তার ভেতরে থাকা বিশেষ বিভিন্ন সেন্সর ব্যবহার করে।
স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো বিভিন্ন মেসেজ কেবল টেক্সট বা লেখা হয়ে থাকে। নির্ভরযোগ্যভাবে পাঠানোর সুবিধার্থে এসব মেসেজকে একটি ছোট ডেটা ফরম্যাটে সংকুচিত করে। এ প্রক্রিয়ায় কোনো ছবি, ভিডিও, অডিও মেসেজ বা বড় কোনো ফাইল পাঠানো সম্ভব নয়।
স্যাটেলাইট মেসেজ কারা গ্রহণ করতে পারবেন?
পরিচিতজনদের কাছে স্যাটেলাইট মেসেজ পাঠানো সম্ভব। তবে প্রাপকের ডিভাইস ও সেটিংয়ের ওপর ভিত্তি করে আইমেসেজ বা সাধারণ এসএমএস হিসেবে পৌঁছাবে। প্রাপক যদি আইফোন বা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন এবং তার আইমেসেজে চালু থাকে তবে মেসেজটি অ্যাপলের নিজস্ব সিস্টেমের মাধ্যমে পৌঁছাবে। অন্যথায় তা এক সাধারণ টেক্সট মেসেজ হিসেবে যাবে।
মেসেজটি যিনি গ্রহণ করবেন তার ফোনে স্যাটেলাইট সুবিধা থাকার কোনো প্রয়োজন নেই। তাদের কাছে এ মেসেজটি সাধারণ এক টেক্সট মেসেজের মতোই দেখাবে। তবে মেসেজটি তাদের কাছে পৌঁছাতে সাধারণ সময়ের চেয়ে কিছুটা বেশি সময় নিতে পারে।
মোবাইল ফোনের দাম বাড়ছে
নতুন স্মার্টফোনের দাম কেবল মেমোরি চিপ বা র্যামের আকাশচুম্বী দামের কারণেই বাড়ছে না, এর পেছনে যোগ হচ্ছে নতুন আরেক ধাক্কা। চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম তাদের সব ধরনের প্রসেসরের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ।
সিএনবিসির এক প্রতিবেদন বলছে, ১ সেপ্টেম্বর থেকে কোয়ালকমের সব ডিভাইসের দাম বাড়ছে বলে বুধবার নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্তিয়ানো আমন।
দাম কতটা বাড়তে পারে তা নিয়ে নির্দিষ্ট অংক না জানালেও বাজার বিশ্লেষকরা বলছেন, এই দাম বৃদ্ধি হতে পারে ‘দুই ডিজিটের শতাংশে’, মানে ১০ শতাংশের বেশি।
চলতি প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের পরই দাম বাড়ানোর এ ঘোষণা দিল কোয়ালকম। কোম্পানিটি বলেছে, তাদের হ্যান্ডসেট ব্যবসা থেকে আয় বছরে প্রায় ২০ শতাংশ কমেছে, যা ২০২১ সালের পর সর্বনিম্ন।
আয় কমার পেছনে প্রধান কারণ মেমোরি চিপ বা র্যামের দামবৃদ্ধি ও সরবরাহের সংকট। এ ঘাটতির কারণে এরইমধ্যে গেইমিং কনসোল, ল্যাপটপ থেকে শুরু করে ‘রাসবেরি পাই’ বোর্ডের মতো সব ডিভাইসের দামই ঊর্ধ্বমুখী।
এ পরিস্থিতির কারণে নিজেদের মুনাফায় কোনো ছাড় দিতে রাজি নয় কোয়ালকম। মেমোরি সংকটের কারণে তৈরি ক্ষতি পোষাতেই তারা এবার নিজস্ব প্রসেসরের দাম বাড়াতে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে ক্রেতাদের ওপর।
অ্যাপল পণ্য থেকেও কোয়ালকমের আয় কমার হার আরও বাড়তে যাচ্ছে। কোম্পানিটি বলেছে, আসন্ন আইফোন সংস্করণে তাদের মডেম চিপ সরবরাহের পার্টনারশিপ ‘ব্যাপকহারে কমে যেতে পারে’। তবে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় তারা দু’বার জোর দিয়ে বলেছে, অন্যান্য খাত থেকে আসা আয় দিয়ে এ ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
স্মার্টফোন খাত থেকে আয় কমতে থাকায় কোয়ালকম এখন ব্যবসা প্রসারে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। হ্যান্ডসেটের পাশাপাশি ডেটা সেন্টার ও অটোমোটিভ বা গাড়ি শিল্পকে তারা নিজেদের ব্যবসার মূল তিনটি স্তম্ভ বানাতে চায়।
কোয়ালকম বলেছে, খুব শিগগিরই তাদের আয়ের কেবল অর্ধেক আসবে ফোন থেকে। আর নতুন এই দুটি ব্যবসার পরিধি বাড়তে থাকায় ২০২৯ সালের মধ্যে ফোন খাত থেকে আসা আয়ের পরিমাণ নেমে আসবে কেবল এক-তৃতীয়াংশে।
এ লক্ষ্য পূরণে বড় পদক্ষেপে এরইমধ্যে সাফল্য এসেছে। জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ-এর গাড়িতে চিপ সরবরাহের জন্য বুধবার ১০ বছর মেয়াদি এক চুক্তিতে স্বাক্ষর করেছে কোয়ালকম। এদিকে, চিপের দামবৃদ্ধির কারণে স্মার্টফোন নির্মাতা বিভিন্ন কোম্পানির কৌশলও বদলে যাচ্ছে।
কোয়ালকমের শীর্ষ কর্মকর্তা আকাশ পালকিওয়ালা বলেছেন, বাড়তি খরচ সামাল দিতে কিছু মূল পার্টস নির্মাতা কোম্পানি তাদের নতুন ডিভাইসে আধুনিক চিপের বদলে ‘আগের প্রজন্মের’ কোয়ালকম প্রসেসর ব্যবহার শুরু করেছে।
নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সার্চ সুবিধা এআই মোডে অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপ যুক্ত করার সুযোগ চালু করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের তৈরি অ্যাপের লিংক গুগলের এআই মোডের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা এআই মোড থেকেই বিভিন্ন অ্যাপের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে কেনাকাটা, নকশা তৈরি বা গানের তালিকা সংরক্ষণের মতো কাজ করতে পারবেন।
গুগল জানিয়েছে, এআই মোড আর শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা তথ্য খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাজও সম্পন্ন করতে পারবে।
নতুন সুবিধা চালুর ফলে কেউ যদি বারবিকিউ আয়োজনের জন্য এআই মোডে বাজারের তালিকা তৈরি করেন, তবে ইনস্টাকার্ট থেকে প্রয়োজনীয় পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার ঝুড়িতে যুক্ত হবে। এরপর ইনস্টাকার্টের অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজে অর্ডার সম্পন্ন করা যাবে। আবার কোনো পোস্টার বা ফ্লায়ারের নকশা তৈরির জন্য ধারণা প্রয়োজন হলে এআই মোড ক্যানভায় থাকা উপযুক্ত টেমপ্লেট দেখাবে। একইভাবে কোনো অনুষ্ঠান বা পার্টির জন্য গানের তালিকা তৈরি করলে সেটি সরাসরি ইউটিউব মিউজিকে সংরক্ষণ করা যাবে।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর ফলে পরিকল্পনা, কেনাকাটাসহ দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহারকারীরা আরও বেশি এআই মোড ব্যবহার করবেন। একই সঙ্গে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও অ্যানথ্রপিকের ক্লডের সঙ্গে প্রতিযোগিতায় গুগলের অবস্থান আরও শক্ত হবে। প্রাথমিকভাবে সুবিধাটি যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, প্রথম ধাপে এআই মোডে ইনস্টাকার্ট, ক্যানভা ও ইউটিউব অ্যাপ যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এআই মোডে আরও অনেক অ্যাপ যুক্ত করা হবে। এ বছরের শুরুতে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ওতে নিজেদের জেমিনি অ্যাপে অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ যুক্ত করার সুবিধা চালু করেছে গুগল। এবার একই ধরনের সুবিধা এআই মোডে সম্প্রসারণ করল প্রতিষ্ঠানটি।
ফেসবুকে নীল টিক বা ভেরিফায়েড ব্যাজ এত দিন মূলত পরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা অর্থের বিনিময়ে মেটা ভেরিফায়েড ব্যবহারকারীদের জন্যই পরিচিত ছিল। তবে এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও একটি নতুন ভেরিফিকেশন সুবিধা চালু করছে মেটা।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা ফেসবুকে একটি নতুন ফেসবুক ভেরিফায়েড (Facebook Verified) ব্যাজ চালু করছে। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং এর উদ্দেশ্য হলো প্রমাণ করা যে অ্যাকাউন্টটির পেছনে একজন বাস্তব মানুষ রয়েছেন।
কী এই নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’?
নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ হলো এমন একটি পরিচয় যাচাই ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। মেটা সেই ভিডিওটি অ্যাকাউন্টে থাকা বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে।
পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে মেটা।
কারা এই ব্যাজ পাবেন?
এই ফিচার ব্যবহার করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
> ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
> অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
> প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
> পরিচয় যাচাই সফল হতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন - প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।
মেটা ভেরিফাইড (Meta Verified) থেকে এটি কীভাবে আলাদা?
অনেকেই ‘ফেসবুক ভেরিফাইড’ এবং ‘মেটা ভেরিফাইড’-কে একই বিষয় মনে করতে পারেন। কিন্তু দুটি সেবা এক নয়। মনে রাখবেন ‘ফেসবুক ভেরিফাইড’ সম্পূর্ণ বিনামূল্যে, শুধু পরিচয় যাচাইয়ের জন্য এবং এতে অতিরিক্ত কোনো প্রিমিয়াম সুবিধা নেই।
মেটা ভেরিফাইডের ক্ষেত্রে মাসিক সাবস্ক্রিপশন প্রয়োজন, নীল টিকের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা, পরিচয় চুরি থেকে সুরক্ষার মতো বাড়তি সুবিধা ও বিভিন্ন প্রিমিয়াম ফিচার পাওয়া যায়।
কেন এই উদ্যোগ?
মেটা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে।
নতুন ‘ফেসবুক ভেরিফাইড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কিনা। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ।
মেটা জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফাইড’ ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে এই ব্যাজ কোনো ব্যক্তির চরিত্র বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সব সময় সতর্ক থাকা প্রয়োজন।
আইফোনের নতুন আপডেটে ‘লুকানো’ একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার এসেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
এ সপ্তাহে আইওএসের নতুন বিটা সংস্করণ ‘আইওএস ২৬.৬’ প্রকাশ করেছে কোম্পানিটি। ব্লক করা কনট্যাক্টের সংখ্যা পরিবর্তনের সুবিধা ছাড়া এতে দৃশ্যমান বড় কোনো পরিবর্তন না থাকলেও আগামী সেপ্টেম্বরে আসতে যাওয়া অ্যাপলের বড় আপডেট ‘আইওএস ২৭’-এর জন্য আইফোনের ভিত তৈরি করতে পারে এ নতুন আপডেট।
এ সফটওয়্যার আপডেটটি ইনস্টলের পর ফোনে স্বয়ংক্রিয়ভাবে ‘রি-ইনডেক্সিং’ প্রক্রিয়া শুরু হয়, যা পরবর্তীতে বড় আপডেটের জন্য আইফোনকে প্রস্তুত করে তুলবে বলে প্রতিদবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
আপডেটের বিবরণীতে অ্যাপল বলেছে, “এ আপডেটে সিস্টেমের ত্রুটি সংশোধন বা বাগ ফিক্স, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরবর্তীতে আসতে যাওয়া আইওএস ২৭-এর প্রস্তুতি হিসেবে স্পটলাইট ইনডেক্সকে অপটিমাইজ করার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।”
জুনে অ্যাপলের বার্ষিক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি’তে উন্মোচিত হওয়া আইওএস ২৭ আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।
নতুন এ আইওএসে ভিজুয়াল ডিজাইনে পরিবর্তন আনা ও শিশুদের অনলাইন সুরক্ষায় নতুন বিভিন্ন টুল যোগের মতো বেশ কিছু আপডেট থাকছে। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, ‘সিরি এআই’, যা অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারীকে এখানে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে।
ডিজিটাল সহকারী হিসেবে সিরিকে আরও বেশি কার্যকর করে তুলতে এ নতুন সংস্করণে এআইয়ের ব্যবহার বাড়িয়েছে অ্যাপল।
যেমন, কোনো ব্যবহারকারী যদি এক বছর আগে কোনো বন্ধুর সুপারিশ করা কোনো রেস্তোরাঁ সম্পর্কে জানতে চান, তবে নতুন সিরি আইফোনের পুরানো সব তথ্য বিশ্লেষণ করে সেই বার্তাটি খুঁজে বের করতে পারবে।
ব্যবহারকারী সরাসরি সেই নির্দিষ্ট শব্দ ব্যবহার না করে ইঙ্গিত দিলেও বার্তাটি শনাক্ত করে সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিরি।
নতুন ফিচারটি কার্যকর করতে ‘সিরি’র নতুন সংস্করণটিকে ফোনের সংরক্ষিত সব ডেটার একটি নতুন ‘ইনডেক্স’ বা তালিকা তৈরি করতে হবে। ফলে ছবি বা বার্তার মতো প্রয়োজনীয় বিভিন্ন তথ্যে এআইচালিত প্রযুক্তি ব্যবহার করে সহজেই অনুসন্ধান চালাবে নতুন সিরি।
আসন্ন আইওএস ২৭-এর প্রাথমিক ব্যবহারকারীরা বলেছেন, ডেটা পুনর্গঠনের এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে বেশ দীর্ঘ সময় নিচ্ছে। ফলে ফোনের ব্যাটারি লাইফ ও পারফরম্যান্সে প্রভাব পড়ার পাশাপাশি নতুন আপডেট ইনস্টলের পর বেশ কয়েক দিন পর্যন্ত সিরির নতুন সংস্করণটি ব্যবহারে সমস্যা হতে পারে।
অ্যাপল বলেছে, আইফোন ব্যবহারকারীরা নতুন আপডেটটি ইনস্টলের পর এ পুরো প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে নীরবে কাজ করবে। সেপ্টেম্বরে আপডেটটি আনুষ্ঠানিকভাবে চালুর আগেই ডেটা রি-ইনডেক্সিংয়ের কাজ শেষ হবে এবং আপডেট ইনস্টলের পরই সিরির নতুন সংস্করণটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।
বর্তমানে আইওএস ২৬.৬ সংস্করণটি বিটা সংস্করণ হিসেবে পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই তা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, যা সেটিংসে গিয়ে সাধারণ সফটওয়্যার আপডেট হিসেবে ইনস্টল করে নিতে পারবেন ব্যবহারকারীরা।
গ্রীষ্মকালে অ্যাপল সাধারণত তাদের সফটওয়্যারে ছোটখাটো কিছু পরিবর্তন আনে। তবে বর্তমানে অ্যাপলের মূল মনোযোগ আগামী আইওএস ২৭ আপডেটের দিকেই। সেপ্টেম্বরের আগে বর্তমান সংস্করণে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, অ্যাপলের আইওএস ২৭-এর পাবলিক বিটা সংস্করণ উন্মুক্তের প্রায় এক সপ্তাহ পর আইওএস ২৬.৬ প্রকাশ হল, অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে নতুন এ সফটওয়্যারটির প্রাথমিক সংস্করণ এখনই ব্যবহার করতে পারবেন।
এক্ষেত্রে বিটা সংস্করণ হওয়ায় আপডেটটি ব্যবহারের ক্ষেত্রে সিস্টেমে ত্রুটি বা বাগ থাকা, ফোনের পারফরম্যান্স ধীর হওয়া বা বিভিন্ন অ্যাপ ও সেবায় জটিলতা তৈরির বিষয়ে সতর্ক করেছে অ্যাপল।
ছবি : সংগৃহীত
গুগলের পরবর্তী স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ ৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই নতুন একটি তথ্য ফাঁস হয়েছে। এবার প্রকাশিত উচ্চ রেজল্যুশনের রেন্ডার ছবিতে স্মার্টওয়াচটির সম্ভাব্য নকশা, একাধিক রঙের সংস্করণ, নতুন ওয়াচ ফেস এবং স্ট্র্যাপের সমন্বয় দেখা গেছে। পাশাপাশি জানা গেছে, আগের মতো এবারও দুটি আকারে বাজারে আসতে পারে ডিভাইসটি। তবে দাম কিছুটা বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
ফাঁস হওয়া তথ্যটি প্রকাশ করেছে দ্য টাইট চার্ট নামের একটি ওয়েবসাইট। রেন্ডারগুলো শেয়ার করেছেন পরিচিত প্রযুক্তি টিপস্টার স্টিভ এইচ. ম্যাকফ্লাই, যিনি @OnLeaks নামে বেশি পরিচিত। অতীতে তার প্রকাশ করা অনেক তথ্যই পরবর্তীতে সঠিক প্রমাণিত হয়েছে।
চারটি রঙে আসতে পারে
ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, পিক্সেল ওয়াচ ৫ চারটি রঙে পাওয়া যেতে পারে। এগুলো হলো- কালো স্ট্র্যাপসহ, হালকা ধূসর স্ট্র্যাপসহ, অলিভ রঙের স্ট্র্যাপসহ, কোরাল রঙের স্ট্র্যাপসহ। তথ্য অনুযায়ী, ওয়ার্ম গোল্ড রংটি আপাতত শুধু ৪১ মিলিমিটার সংস্করণে দেখা গেছে। তবে ভবিষ্যতে ৪৫ মিলিমিটার মডেলেও এই রং আসতে পারে।
ডিজাইনে বড় পরিবর্তন নেই
রেন্ডারগুলো থেকে বোঝা যায়, পিক্সেল ওয়াচ ৫-এর ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনেনি গুগল। এটি অনেকটাই আগের পিক্সেল ওয়াচ ৫-এর মতো দেখতে হবে। এতে থাকবে পরিচিত গম্বুজাকৃতির ডিসপ্লে, পাশে চার্জিং কনট্যাক্ট এবং গুগলের নিজস্ব ব্যান্ড সংযুক্তির ব্যবস্থা। এর অর্থ, আগের পিক্সেল ওয়াচের স্ট্র্যাপ নতুন মডেলেও ব্যবহার করা যেতে পারে। ফলে পুরোনো ব্যবহারকারীদের নতুন করে স্ট্র্যাপ কিনতে নাও হতে পারে।
নতুন ওয়াচ ফেসে থাকবে জেমিনি শর্টকাট
ফাঁস হওয়া ছবিতে একটি নতুন ওয়াচ ফেসও দেখা গেছে। এতে অ্যানালগ ঘড়ির ডায়াল, ঢেউখেলানো ব্যাকগ্রাউন্ড এবং জেমিনি এআই-এ দ্রুত প্রবেশের জন্য একটি আলাদা শর্টকাট রয়েছে। এতে ব্যবহারকারীরা হাতের কব্জি থেকেই দ্রুত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ব্যবহার করতে পারবেন।
দুটি আকার, দুটি সংযোগ সুবিধা
প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ওয়াচ ৫ আগের মতোই ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার এই দুই আকারে আসবে। প্রতিটি সংস্করণেই থাকবে দুটি সংযোগ সুবিধা- শুধু ওয়াই-ফাই, ওয়াই-ফাই + এলটিই। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন (ফিএসএস)-এর নথিতেও পিক্সেল ওয়াচ ৫-এর চারটি মডেল নম্বর দেখা গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু মডেলে এলটিই, স্যাটেলাইট জরুরি এসওএস, আল্ট্রা-ওয়াইডব্যান্ড (ইউডব্লিউবি) এবং ওয়াই-ফাই ৬-এর মতো আধুনিক সংযোগ প্রযুক্তি থাকবে।
বাড়তে পারে দাম
সবচেয়ে আলোচিত তথ্যগুলোর একটি হলো সম্ভাব্য মূল্য বৃদ্ধি। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের প্রজন্মের তুলনায় পিক্সেল ওয়াচ ৫-এর দাম প্রায় ৫০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। সম্ভাব্য দাম হতে পারে- ৪১ মিমি ওয়াই-ফাই ৩৯৯ ডলার, ৪৫ মিমি ওয়াই-ফাই ৪২৯ ডলার, ৪১ মিমি এলটিই ৪৯৯ ডলার, ৪৫ মিমি এলটিই ৫২৯ ডলার। তবে এগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
কবে আসবে?
গুগল আগামী মাসে অনুষ্ঠিতব্য মেড বাই গুগল ইভেন্টে পিক্সেল ওয়াচ ৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানেই নতুন পিক্সেল স্মার্টফোনের পাশাপাশি এই স্মার্টওয়াচেরও ঘোষণা আসতে পারে। যদিও এখন পর্যন্ত সব তথ্যই ফাঁস হওয়া রেন্ডার ও বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে জানা গেছে, তবুও এগুলো থেকে ধারণা মিলছে গুগল এবার বড় ধরনের ডিজাইন পরিবর্তনের বদলে সফটওয়্যার, এআই সুবিধা এবং সংযোগ প্রযুক্তির উন্নয়নেই বেশি গুরুত্ব দিচ্ছে।
ছবি : সংগৃহীত
হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হচ্ছেন। মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখার ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা।
দুপুর ১টা ৪০-এর পর থেকেই অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন। অনেকের ক্ষেত্রে ফেসবুক খুললেও নতুন পোস্ট লোড হচ্ছে না, আবার মেসেঞ্জারে পাঠানো বার্তা যাচ্ছে না বা দীর্ঘ সময় ধরে ‘সেন্ডিং’ দেখাচ্ছে। ফলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে। তবে এই সমস্যা ফেসবুক ওয়েব ভার্সনে দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বড় প্ল্যাটফর্মগুলোর সেবা বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু বিনোদন বা ব্যক্তিগত যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বর্তমানে অনেক ছোট ব্যবসা, অনলাইন উদ্যোক্তা, সংবাদমাধ্যম ও ফ্রিল্যান্সাররা ফেসবুকের ওপর নির্ভরশীল। ফলে কয়েক ঘণ্টার সমস্যাও তাদের কাজের ওপর প্রভাব ফেলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই ফেসবুক-মেসেঞ্জারের মতো বড় প্ল্যাটফর্মে সাময়িক সমস্যা তৈরি হলে ব্যবহারকারীদের মধ্যে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে। মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমস্যার কারণ বা সমাধানের বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত ব্যবহারকারীদের অপেক্ষা করা ছাড়া তেমন কোনো বিকল্প নেই।