ভালোবাসার প্রথম পর্যায়ে সবকিছুই খুব রোমান্টিক লাগে।
অনেকেই অভিযোগ করেন যে বিয়ের পর তাঁদের ভালোবাসার সম্পর্ক বদলে গেছে। এটা নিয়ে আবার একজন আরেকজনকে দোষারোপ করতে থাকেন। এই অভিযোগ বাড়তে থাকলে অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। অথচ একটু খেয়াল করলে অনেক সমস্যা শুরুতেই সমাধান করে ফেলা সম্ভব।
বাটারফ্লাই ম্যাট্রিমনিয়ালের সম্পর্কবিষয়ক পরামর্শক হুরায়রা শিশির বলেন, বিয়ের পর তখনই এমন অভিযোগ আসে, যখন সঙ্গীরা একে অপরকে আগের মতো আকর্ষণ করার চেষ্টা করেন না। বিয়ের আগে ভালোবাসায় যেসব অতিরিক্ত চেষ্টা দেখা যেত, সেসব আর না থাকলে অন্যজনের এমনটা মনে হতে থাকে। অনেকে ভাবেন, বিয়ে তো হয়েই গেছে, এখন তো আর মন জয়ের চেষ্টা করে লাভ নেই।
বিয়ের পর সঙ্গীর মন জয়ের চেষ্টা করে কী লাভ? এই ধারণা যেমন ভুল, তেমনি সঙ্গীর তরফ থেকে আগের মতো একই ঢঙে ভালোবাসা প্রকাশের চাহিদাও সব সময় ঠিক নয়।
বিয়ের পর ভালোবাসা প্রকাশের ধরনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। অনেকে এটাকে ‘আর ভালোবাসা নেই’ বলে ভুল বোঝেন। মনে রাখতে হবে, সম্পর্কের শুরুতে যখন একে অন্যকে আকর্ষণ করার চেষ্টা করেন, তখন তাঁরা নিজেদের সেরা দিকটাই তুলে ধরেন। ফলে নানা রোমান্টিক উপায়ে ভালোবাসার প্রকাশ চোখে পড়ে। কিন্তু বিয়ের পর ভালোবাসার প্রকাশ পায় ছোট ছোট কাজে।
যেমন একসঙ্গে খাওয়ার পর বাসনগুলো ধুতে সাহায্য করা, তারে মেলে রাখা কাপড়গুলো গুছিয়ে দেওয়া অথবা ক্লান্ত হয়ে বাইরে থেকে ফেরার পর সঙ্গীর জন্য কিছু রান্না করা। আর প্রতিদিনের এসব সাধারণ কাজের মধ্যেই তখন ভালোবাসার প্রকাশ দেখা উচিত বলে মনে করেন সম্পর্কবিশেষজ্ঞরা।
ভালোবাসার পাঁচ পর্যায়
‘বিয়ের পর ভালোবাসা আগের মতো নেই’—সরাসরি এমন অভিযোগ না করে বরং পরিবর্তিত পরিস্থিতিতে সঙ্গী কোন বিষয়গুলো আপনার জন্য করছে, সেটা খেয়াল করুন। কারণ, ভালোবাসার পাঁচটি পর্যায় আপনারও জানা থাকা জরুরি।
হুরায়রা শিশির মনে করেন, সম্পর্কের শুরুতে আপনাদের মধ্যে যেসব রোমান্টিক বিষয় ঘটবে, সময়ের সঙ্গে সঙ্গে তাতে বদল আসা স্বাভাবিক।
এবার দেখে নিন, ভালোবাসার পাঁচটি ধাপ, যেসব প্রায় সব দম্পতিই পার করেন।
প্রথম ধাপ: প্রেমে পড়া। এটা সেই সময়, যখন প্রিয় মানুষের কথা ভাবলেই বুকের ভেতর সুখের প্রজাপতি উড়তে থাকে। সবকিছুই খুব রোমান্টিক লাগে। সঙ্গী একটা হাসি দিলেই একবেলার ক্ষুধা উবে যায়। মনে হয়, দিনের পর দিন দুজন হাতে হাতে রেখেই কাটিয়ে দেওয়া যাবে।
দ্বিতীয় ধাপ: বিশ্বাস তৈরি হওয়া। এই পর্যায়ে সঙ্গীর ওপর পুরোপুরি বিশ্বাস তৈরি হতে শুরু করে। আপনি বুঝতে পারেন যে তাঁকে আপনি নির্দ্বিধায় ভরসা করতে পারেন কি না। কোনো দ্বিধা থাকলে সেসব কাটিয়েই পরের ধাপে এগোতে চেষ্টা করে মানুষ।
তৃতীয় ধাপ: সম্পর্কের এই পর্যায়ে এসে ভালোবাসা নাকি মোহ, সেটা দুজনই বুঝতে পারেন। বাস্তবতা বুঝতে পারার এই ধাপেই ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়ে যায়। এই সময়ে দুজনই সম্পর্ক ধরে রাখতে পরিশ্রম, ধৈর্য ও চেষ্টা করেন। সেই সঙ্গে এটাও বুঝতে পারেন যে ভালোবাসাকে স্থায়ী করতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে।
চতুর্থ ধাপ: এ সময় সমস্যার মোকাবিলা করার জন্য তৈরি হতে থাকেন দুজনই। নানা রকম ভুল–বোঝাবুঝি কাটিয়ে দুজনই আরও দৃঢ়ভাবে ভালোবাসার সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
পঞ্চম ধাপ: নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ভালোবাসা আরও শক্ত হয়। এই ধাপে জুটি একসঙ্গে সমস্যার মোকাবিলা করে আরও পোক্ত হয়ে ওঠেন। ভালোবাসা আরও গভীরভাবে প্রতিষ্ঠা পায়। ডেটে যাওয়া থেকে যত্নের মাধ্যমে তার রূপান্তর ঘটাতে থাকে।
বিয়ে–পরবর্তী মোহ বনাম ভালোবাসা
আমরা যখন কারও প্রেমে পড়ি, তখন আবেগ, অনুভূতি, চিন্তা—সব যেন ঝড়ের গতিতে ছুটে যায়। শরীরেও নানা রাসায়নিক প্রতিক্রিয়া হয়, যা আমাদের আরও বেশি করে মানুষটিকে চাইতে বাধ্য করে। অনেকেই এই অনুভূতিকে ধরে রাখতে চান, আর সে কারণেই দ্রুত সম্পর্ককে বিয়ের মাধ্যমে পাকাপোক্ত করে ফেলেন।
তাড়াহুড়া করে নেওয়া এই সিদ্ধান্ত অনেক সময় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসার প্রথম ধাপে থাকতেই কেউ বিয়ের সিদ্ধান্ত নিলে সেটা অনেক সময় ভুল সম্পর্ক হিসেবেও ভবিষ্যতে সামনে আসতে পারে।
ভালোবাসা আর বিয়ে অবশ্যই একসঙ্গে চলতে পারে। তবে বিয়ের পরের প্রেমকে আগের প্রেমের সঙ্গে মিলিয়ে ফেললেই বিপদ বাড়ে। কারণ, বিয়ের পর বেশির ভাগ সময় আগের সেই অতিরিক্ত রোমান্টিক আকর্ষণ থাকে না।
বিজ্ঞানীরা বলেন, প্রথম প্রেমের যে তীব্র উত্তেজনা, তার কাজই হলো দুজনকে কাছাকাছি আনা এবং সন্তান উৎপাদনের সুযোগ তৈরি করে দেওয়া। তাই এই রাসায়নিক অনুভূতি কয়েক মাসের বেশি স্থায়ী হওয়ার সুযোগ কম।
সত্যি বলতে, প্রেমের প্রথম কয়েক মাসে আমরা সঙ্গীর অনেক ত্রুটিই দেখতে পাই না। কিন্তু একসময় বাস্তবতা সামনে আসে, এটা খারাপ কিছু নয়। এই সময়কেও দুজন মিলে মোকাবিলা করতে পারলেই সুখী দাম্পত্য গড়ে তোলা সম্ভব। শুধু দুজনকেই মেনে নিতে হবে যে সম্পর্কের অনুভূতি সময়ের সঙ্গে বদলানোটাই স্বাভাবিক।
বিয়ে করে হানিমুন পিরিয়ড কেটে যাওয়ার পর, বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, তখন শুধু ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখলে হয় না, বাস্তবতা মেনে দায়িত্ব নিতে হয়। চাকরি, পরিবার পরিকল্পনা, টাকাপয়সা, দায়িত্ব আর ‘সঙ্গীর যত্ন’ মিলিয়ে তখন সত্যিকারের জীবন শুরু হয়।
এ সময় আপনি সঙ্গীকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটার ওপর ভালোবাসা যেমন নির্ভর করে, তেমন একজন আরেকজনের প্রতি যত্নবান থাকাও জরুরি। এ সময় আপনি আপনার সঙ্গীকে আগের মতো ভালোবাসবেন কি না, তা নির্ভর করে পরিবর্তিত পরিস্থিতিতে দুজন কতটা মানিয়ে নিতে পারছেন, তার ওপর।
ছবি : সংগৃহীত
দই খেতে অনেকেই পছন্দ করেন। এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। দইয়ে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীর ভালো রাখতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়াতেও সহায়তা করে। তবে দই সবার জন্য উপকারী নয়। কারও কারও দই খেলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ে। যেমন-
অ্যালার্জির সমস্যা
কারও যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তার দই খাওয়া এড়িয়ে চলতে হবে।
সাইনাসের সমস্যা
যাদের সাইনাসের সমস্যা আছে তাদের দই খাওয়া একদমই ঠিক নয়। এটি শরীরের কফ বাড়িয়ে কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে।
ল্যাকটোজের প্রভাব
দইয়ে থাকা ল্যাকটোজ উপাদানটি অ্যালার্জি এবং হাঁপানির মতো সমস্যা আরও জটিল করে তুলতে পারে।
হাঁপানি বা অ্যাজমা
যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের দই এড়িয়ে চলাই ভালো। এটি হাঁপানির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। সূত্র: এশিয়াননেট
ছবি : সংগৃহীত
সুন্দর, ঝলমলে চুল কার না পছন্দ? কিন্তু প্রতিদিনের দূষণ, পুষ্টির অভাবে চুল পড়াসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। চুল দ্রুত বড় করতে এবং গোড়া থেকে মজবুত করতে খাদ্যতালিকায় বায়োটিন সমৃদ্ধ খাবার রাখা জরুরি। এমন কিছু খাবার আছে যা চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। যেমন-
মটরশুঁটি, বিনস ও ডাল
মটরশুঁটি, বিনস এবং ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও বিভিন্ন খনিজ পাওয়া যায়। এসব উপাদান চুলের বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে।
মাশরুম
মাশরুমে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি সেলেনিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকে। এক কাপ তাজা মাশরুম থেকে ৫.৬ মাইক্রোগ্রাম বায়োটিন পাওয়া যায়।
মিষ্টি আলু
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এসব উপাদান চুলকে ভেতরে থেকে স্বাস্থ্যকর করে তোলে।
ডিম
ডিমে পর্যাপ্ত পরিমাণে ভিামিন বি, প্রোটিন, আয়রন এবং ফসফরাস থাকে। ডিমের কুসুমে থাকা বায়োটিন চুলের জন্য খুবই উপকারী।
স্যামন মাছ
স্যামনের মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
ফ্ল্যাক্স সিড
ফ্ল্যাক্স সিডে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট ভরপুর মাত্রায় থাকে। নিয়মিত এটি খেলে চুল মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়।
কাঠবাদাম
কাঠবাদামে বায়োটিন পাওয়া যায় । চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এটি খেতে পারেন।
প্রতীকী ছবি
সকালের নাশতায় অনেকেই কলা খেতে পছন্দ করেন। কেউ বা দিনের অন্য সময় কলা খান। এটির এমন একটি ফল, যা সহজেই পাওয়া যায় এবং পুষ্টিগুণেও ভরপুর। পুষ্টিবিদদের মতে, পরিমিত পরিমাণে কলা খাওয়া সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। এতে থাকা পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। নিয়মিত কলা খেলে শরীরে যেসব উপকারিতা পাওয়া যায়-
হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে
কলায় থাকা ফাইবার, হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। একটি মাঝারি আকারের কলায় প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় কলা রাখলে প্রয়োজনীয় ফাইবারের জোগান কিছুটা বাড়তে পারে। তবে হজমশক্তি ঠিক রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং অন্যান্য ফল ও শাকসবজি খাওয়াও জরুরি।
হৃৎপিণ্ড ও রক্তচাপের জন্য উপকারী
কলায় থাকা পটাশিয়াম শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে, পেশির সংকোচন এবং স্নায়ুর স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এর পাশাপাশি, পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ডও সুস্থ থাকে।
শরীরে শক্তি জোগায়
কলায় থাকা প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট, শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। এ কারণে কাজের ফাঁকে বা শরীরচর্চার আগে-পরে কলা খাওয়া অনেকের জন্য ভালো বিকল্প হতে পারে। কলায় থাকা ভিটামিন বি৬ শরীরের বিপাকক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
কলা খেলে কিছুটা সময় পেট ভরা থাকে। এর ফলে ঘন ঘন খিদে পাওয়া বা অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমে। তবে কলা খেলেই ওজন কমবে, এমন কোনও নিশ্চয়তা নেই। ওজন ণিয়ন্ত্রণে সুষম খাদ্যাভ্যাস, ব্যায়ামও গুরুত্বপূর্ণ।
প্রতিদিন কলা খেলে কি কোনও ক্ষতি হয়
সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি কলা খাওয়া সাধারণত নিরাপদ। তবে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যেমন-
ডায়াবেটিস থাকলে: কলায় প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট থাকায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের কলা খাওয়ার পরিমাণের দিকে নজর রাখা জরুরি। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।
কিডনির সমস্যা থাকলে: কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে কতটা কলা খাওয়া যাবে, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা জরুরি।
কলায় বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি থাকলেও শরীরের সব চাহিদা পূরণ করার মতো সব ভিটামিন ও খনিজ নেই। তাই ষুস্থ থাকতে অন্যান্য ফল, শাকসবজি, ডাল, শস্য এবং প্রোটিনসমৃদ্ধ খাবারও খেতে হবে।
ছবি : সংগৃহীত
কাঁটাচামচের সাহায্যে নুডলস কিংবা চাউমিন খাওয়ার সময় কি কখনো ভেবেছেন, এতে কেন চারটি কাঁটা থাকে? তিনটি কিংবা পাঁচটি নয় কেন? এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।
প্রাচীন মিশর, গ্রিস ও রোমে কাঁটাচামচের মতো দেখতে বিভিন্ন সরঞ্জামের ব্যবহার ছিল। তবে সেগুলি মূলত রান্নার কাজে ব্যবহার করা হতো, খাবার খাওয়ার জন্য নয়। মধ্যযুগের ইউরোপে আবার অধিকাংশ মানুষ হাত অথবা ছুরি দিয়েই খাবার খেতেন। সেই সময় খাবার খাওয়ার জন্য কাঁটাচামচের ব্যবহার অনেকের কাছেই অস্বাভাবিক কিংবা অপ্রয়োজনীয় বলে মনে হতো।
প্রথমে ছিল দুইটি কাঁটা
প্রথম দিকের কাঁটাচামচে চারটির বদলে মাত্র দুইটি কাঁটা থাকত। মাংসের টুকরো গেঁথে খাওয়ার ক্ষেত্রে এই নকশা কার্যকর হলেও নুডলস, পাস্তা বা ভাতের মতো খাবার খেতে সমস্যা হতো। দুই কাঁটার মাঝখান দিয়ে খাবার পড়ে যেত। পরবর্তীতে ইটালিতে পাস্তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তিন কাঁটার চামচের ব্যবহার শুরু হয়। তবে, তাও সব ধরনের খাবারের জন্য যথেষ্ট সুবিধাজনক ছিল না।
কীভাবে এল চার কাঁটার নকশা?
অষ্টাদশ শতকে কাঁটাচামচের নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। জানা গেছে, নেপলসের জেনারো স্পাডাসিনি চারটি কাঁটার নকশা চালু করেন। চারটি কাঁটা থাকায় খাবার খাওয়া আরও সহজ হয়। ধীরে ধীরে এই নকশাই জনপ্রিয় হয়ে ওঠে।
কেন চারটি কাঁটাই সুবিধাজনক?
চার কাঁটার চামচ সাধারণত খাবারকে তুলনামূলক বেশি সাপোর্ট ও গ্রিপ দেয়। ফলে পাস্তা বা নুডলসের মতো খাবার সহজে আটকে রাখা যায়। আবার মাংসের টুকরো গেঁথে নেওয়া থেকে নরম বা ছোট খাবার তুলে নেওয়া, সব ক্ষেত্রেই চার কাঁটার চামচের নকশা কার্যকর। চারটির বেশি কাঁটা দেওয়া সম্ভব হলেও তাতে কাঁটাচামচ চওড়া ও ভারী হয়ে যেতে পারে। ফলে দৈনন্দিন ব্যবহারে সেটি তুলনামূলক কম সুবিধাজনক। পাশাপাশি কাঁটাচামচের সামান্য বাঁকানো গঠনও খাবার ধরে রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন ব্যবহৃত সাধারণ কাঁটাচামচের চারটি ভাগ নিছক নকশা নয়। দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী বদলাতে বদলাতে চার কাঁটার নকশাই সবচেয়ে প্রচলিত হয়ে উঠেছে।
প্রতীকী ছবি
বয়স বৃদ্ধি, অতিরিক্ত ওজন এবং পুষ্টি ও ভিটামিনের অভাবে হাঁটুতে ব্যথা হতে পারে। বেশি ব্যথা হলে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়।
ভারতের সরকারি আয়ুর্বেদিক ও ইউনানি হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান জানান, হাঁটুর ব্যথা উপশমের জন্য কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করা যেতে পারে। তাঁর মতে, হাঁটুর ব্যথার জন্য সর্ষের তেল দিয়ে হালকা মালিশ করা যেতে পারে। কেউ কেউ হালকা গরম তেল দিয়ে মালিশ করে আরাম পেতে পারেন। তবে, অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁটু ফোলা থাকলে বা আঘাত পেলে মালিশ করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হাঁটুর ব্যথা উপশম করতে খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করেন ডা. মোহাম্মদ ইমরান। রাতে হলুদ মেশানো দুধ পান, মেথি ভিজিয়ে সকালে পান করলে উপকার পাওয়া যায় বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ১৮। আদা চা-ও কিছু মানুষের ক্ষেত্রে আরাম দিতে পারে। তবে, এই প্রতিকারগুলো হাঁটুর ব্যথা পুরোপুরি উপশম করবে বা এই অবস্থাকে নির্মূল করবে, এমন নিশ্চয়তা নেই।
হাঁটুর ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে। সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রোটিন, ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ বাড়াতে পারে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
মনে রাখবেন, আর্থ্রাইটিস, আঘাত বা অন্যান্য রোগের কারণেও হাঁটুর ব্যথা হতে পারে। এমন ক্ষেত্রে, ঘরোয়া প্রতিকারকে চিকিৎসার উপায় হিসেবে বিবেচনা করা যাবে না। যদি ব্যথা অব্যাহত থাকে, হাঁটতে অসুবিধা হয়, বা হাঁটু অতিরিক্ত ফুলে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
চ্যাটজিপিটি দিয়ে বানানো
অফিসে বস মানে শুধু কাজের নির্দেশ দেওয়া কোনো ব্যক্তি নন। তার হাত ধরেই শেখা হয় নতুন কিছু, তৈরি হয় কাজের প্রতি দায়িত্ববোধ, গড়ে ওঠে পেশাগত জীবনের ভিত। তাই বস দিবসে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলা যেতে পারে কিছু আন্তরিক কথা। প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় ‘বস দিবস’ বা ‘বসেস ডে’—যদিও আন্তর্জাতিকভাবে বহুল পরিচিত ন্যাশনাল বসেস ডে পালিত হয় ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে।
কর্মক্ষেত্রে একজন ভালো বস শুধু কাজ বুঝিয়ে দেন না, বরং সহকর্মীদের দক্ষতা বাড়াতে সাহায্য করেন, ভুল থেকে শেখার সুযোগ দেন এবং কঠিন সময়ে পাশে দাঁড়ান। তার নেতৃত্বে একটি দল যেমন লক্ষ্যে পৌঁছাতে পারে, তেমনি কর্মীদের মধ্যেও তৈরি হতে পারে আত্মবিশ্বাস।
বস দিবসে তাই আনুষ্ঠানিক শুভেচ্ছার বাইরে গিয়ে বলা যায়, ‘আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার পরামর্শ ও সহযোগিতা আমার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাজের চাপের মধ্যেও আমাদের উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।’
তবে সব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এক রকম নয়। কারও বস হতে পারেন পথপ্রদর্শক, আবার কারও কাছে কর্মক্ষেত্রের সম্পর্ক হতে পারে বেশ আনুষ্ঠানিক। তাই শুভেচ্ছা জানানোর সময় নিজের অভিজ্ঞতা ও সম্পর্কের সঙ্গে মানানসই কথাই বেছে নেওয়া ভালো।
বস দিবস আসলে কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। একজন ভালো নেতার প্রতি সম্মান জানানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মীদের পরিশ্রম, মতামত ও অবদানকে মূল্যায়ন করাও জরুরি। কারণ একটি ভালো কর্মপরিবেশ গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে।
আজ বস দিবসে আপনার বসকে একটি ছোট্ট বার্তা পাঠাতে পারেন, জানাতে পারেন তার কাছ থেকে শেখা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কিংবা সরাসরি বলতে পারেন—‘আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। ভবিষ্যতেও আপনার কাছ থেকে শিখতে চাই।’
কথাগুলো ছোট হলেও আন্তরিক হলে সেটিই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে সুন্দর উপহার। মোদ্দাকথা, পেশাগত জীবনে একে অপরের অবদানকে সম্মান জানানোর উপলক্ষ হিসাবেই দিনটিকে উদযাপন করা যায়।