রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের বিয়েকে করেছেন একেবারেই আলাদা ও অনন্য। শুধু বন্ধনের আনন্দ নয়, বরং তাদের বিয়েতে ব্যবহার করা সোনার গয়নার সংগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি এই জুটি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তবে এটি ছিল কেবল আরেকটি তারকাখচিত বিয়ে নয়। বরং প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া এবং তাদের আন্তরিক আনন্দে ভরা এক বিশেষ আয়োজন।
‘বিরোশ’-বিজয় ও রাশমিকার নাম মিলিয়ে তৈরি-এই উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ ভারতীয় মন্দির শিল্পের আদলে তৈরি সম্পূর্ণ কাস্টমাইজড সোনার গয়না। ধারণা থেকে নকশা এবং একাধিক ট্রায়াল মিলিয়ে পুরো সংগ্রহটি তৈরি করতে লেগেছে প্রায় ১০ মাস।
গয়নার বিশেষত্ব শুধু জাঁকজমক বা আকারে নয়। বর্তমান সময়ে যেখানে কনের সাজে হীরা এবং আন্তর্জাতিক ধাঁচের ডিজাইন বেশি দেখা যায়, সেখানে বিজয়-রাশমিকা বেছে নিয়েছেন শিকড়ের কাছাকাছি ঐতিহ্যবাহী ছোঁয়া। রাশমিকাকে কল্পনা করা হয়েছিল এক ‘জীবন্ত দেবী’ হিসেবে, আর বিজয়কে ‘সার্বভৌম রাজা’ রূপে।
রাশমিকাকে সাজানো হয়েছিল ১১টি প্রধান সোনার অলংকার দিয়ে, যা দক্ষিণ ভারতীয় মন্দির ঐতিহ্যের অনুপ্রেরণায় তৈরি। গলার অলংকার ছিল পুরো সাজের কেন্দ্র। কলারবোনের কাছে বসানো ছিল লক্ষ্মী মূর্তির নকশা করা চোকার। স্তরে স্তরে ছিল কাসু মালা, যেখানে ক্ষুদ্র লক্ষ্মী মুদ্রার নকশা খোদাই করা হয়েছিল সমৃদ্ধির প্রতীক হিসেবে।
বিভিন্ন দৈর্ঘ্যের মন্দির স্টাইলের হারাম গলায় সাজানো হয়েছিল। সবশেষে একটি লম্বা মন্দির-চেইন শাড়ির আঁচলজুড়ে নেমে আসার ফলে পুরো অবয়বকে আরও দীর্ঘ ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে।
প্রতিটি অংশে ছিল গভীর নাক্ষি খোদাই এবং রাভা গ্রানুলেশন, যা সোনার গয়নায় কোমলতা ও গভীরতা যোগ করেছে। ফিনিশ ছিল অ্যান্টিক ম্যাট, উজ্জ্বল পালিশ নয়। ফলে গয়নাগুলো নতুনের চেয়ে বরং বহু প্রজন্মের ঐতিহ্য বহন করা পুরনো অলংকারের অনুভূতি দেয়।
মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী মাথাপট্টি ও চুলের বেণিতে চাম্পাসারালু হেয়ারলাইন চেইন। সঙ্গে ছিল সূক্ষ্ম সোনার নাকফুল, উপরের বাহুতে দেবী মোটিফের বাজুবন্ধ, চুলের বেণিতে জাডা বিল্লা এবং কোমরে কামারবন্দ-সব মিলিয়ে প্রতিটি গয়নাই আলাদা গুরুত্ব বহন করেছে।
গয়নাগুলোর মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বাজার বিশ্লেষকের ধারণা অনুযায়ী, প্রায় তিন কেজি সোনা ব্যবহার করা হয়েছে। এর সম্ভাব্য মোট মূল্য ধরা হচ্ছে প্রায় সাত কোটি রুপি। নিখুঁত কারুকাজে তৈরি এই সময়হীন ‘বিরোশ’ গয়নাই আজ এক ধরনের শিল্পকর্ম হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।
বিয়ের এই গয়না শুধু সাজ নয়, বরং একটি গল্প বলার মাধ্যম হিসেবে উপস্থিত হয়েছে। নতুন যুগের তারকাদের মধ্যে এমন ঐতিহ্যবাহী ও নান্দনিক বিয়ের আয়োজন বিরল এবং সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
শ্রেয়া কালরা, রাম কাপুর ও গৌতমী কাপুর
রিয়েলিটি শো 'লক আপ: সাচ ইয়া সাজা’র দ্বিতীয় মৌসুম' নতুন মোড় নিয়েছে আলোচিত বিতর্ক। পরিবারের সদস্যদের সাক্ষাতের বিশেষ পর্বে প্রতিযোগী রাম কাপুরের স্ত্রী অভিনেত্রী গৌতমী কাপুর শোতে এসে সহপ্রতিযোগী শ্রেয়া কালরার কাছে স্বামীর আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান।
কয়েক সপ্তাহ ধরে ‘লক আপ ২’-এ রাম কাপুরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সহপ্রতিযোগী শ্রেয়া কালরা অভিযোগ করেন, রাম কাপুর একাধিকবার তাঁর ব্যক্তিগত পরিসীমা অতিক্রম করেছেন। বিভিন্ন টাস্ক শেষে তাঁর গালে অনাকাঙ্ক্ষিতভাবে চুম্বন করায় তিনি অস্বস্তি বোধ করেন বলেও জানান।
একটি পর্বে শ্রেয়া ও সহপ্রতিযোগী শিল্পা শিন্দে বলেন, ‘একটু সীমারেখা বজায় রাখুন। আমার বাবা পর্যন্ত আমাকে এত চুমু দেন না। দয়া করে এখন আর আমাকে চুমু দেবেন না।’
তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিতর্কের শুরুতে গৌতমী কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে স্বামীকে সমর্থন করেছিলেন। সেখানে তিনি রামকে ‘খুবই ভালো মনের মানুষ’ বলে উল্লেখ করেন। তবে পরিবারের সদস্যদের সাক্ষাতের পর্বে তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়।
শ্রেয়ার প্রেমিক ঋষভ জয়সওয়ালের সঙ্গে শোতে প্রবেশ করে গৌতমী সরাসরি শ্রেয়ার কাছে যান। দুই হাত জোড় করে তিনি বলেন, ‘আপনার যদি কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।’
শুধু শ্রেয়ার কাছেই নয়, অনুষ্ঠানের অন্য কোনো নারী প্রতিযোগীও যদি রাম কাপুরের আচরণে অস্বস্তি বোধ করে থাকেন, তাঁদের কাছেও ক্ষমা চান গৌতমী। তবে একই সঙ্গে গৌতমী বলেন, ‘আমি ওর পক্ষ নিয়ে সাফাই গাইছি না। ওর স্বভাবটাই এমন।’
গৌতমীর ক্ষমা প্রার্থনা ইতিবাচকভাবেই গ্রহণ করেন শ্রেয়া কালরা। হাসিমুখে তিনি জানান, এ নিয়ে তাঁর মনে কোনো ক্ষোভ নেই।
রাম কাপুরের আচরণ নিয়ে বিতর্ক এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। গৌতমীর এই প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, শোয়ের পরবর্তী পর্বগুলোতে এই ঘটনার কী প্রভাব পড়ে।
চিত্রনায়িকা পরীমণি
চিত্রনায়িকা পরীমণি। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ খেলার সময় বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন এই নায়িকা।
বুধবার রাজধানীর শুটিং ক্লাবে আয়োজতি একটি অনুষ্ঠান শেষে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার ও ফের বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।
বিয়ে নিয়ে চলা নানা আলোচনা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, তবুও গালি খেতে হয়। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি সত্যিই জানি না।’
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, জেল থেকে বের হওয়ার পর তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তার দাবি, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
পরীমণির ভাষ্য, ‘তখন গ্রেপ্তারের কোনো ওয়ারেন্ট ছিল না। এমনকি আমার বাসায় তল্লাশি চালানোর অনুমতিও তাদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বর্ণনা শুনে আমার মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিত ছিল।’
আইনি লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কোনো সত্য চিরদিন চাপা থাকে না। এই বিশ্বাস নিয়েই ছয় বছর পার করেছি। আমি আইনের ওপর আস্থা রাখি। একদিন আদালত অবশ্যই আমাকে সেই সম্মান ফিরিয়ে দেবে।’
মামলায় নিয়মিত হাজিরা দেওয়ার বিষয়েও কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘মামলাটি কোনো ব্যক্তি করেননি। বলা হয়েছিল, আমি নাকি বিভিন্ন মানুষকে বিরক্ত করি, ব্ল্যাকমেইল করি-এ ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন লাগে, যেভাবে লাগে, ততদিন হাজিরা দেব। কারণ, আমার বিশ্বাস সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।’
দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তা থেকে মুক্তি চাই।’
ছবি : সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যাতে ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তিনি। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে এগিয়ে পরীমনি।
সাকিব একজন আন্তর্জাতিক তারকা। তাই তার সঙ্গে নিজের তুলনা চলে বলে মনে করেন পরীমনি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী বলেন, ‘সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক মানের মানুষ, বিশ্বজুড়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা। আর আমি তো দেশের গণ্ডি পেরিয়ে তেমন কোনো কাজই করিনি। সেই জায়গা থেকে তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।’
এছাড়াও পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও প্রতিনিয়ত সমালোচনার বিষয়টি নিয়ে কথা বলেন পরীমণি।
তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই! সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’
এ সময় প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়েও কথা বলেন পরীমনি। আর্জেন্টিনার হার নিয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করবো (জিতলে)।’
ছবি : সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন।
তবে এবার কোনো চলচ্চিত্র কিংবা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়কে ঘিরে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক রহস্যময় নারীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছে। প্রাথমিক অবস্থায় সেই নারীর পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও নেটিজেনরা দ্রুতই নিশ্চিত করেছেন যে তিনি পেশায় একজন শিল্পী, নাম ভিনি তাকাইর।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি নামীদামি ক্যাসিনো থেকে একসঙ্গে বেরিয়ে আসছেন আরিয়ান ও ভিনি। ক্যাসিনো থেকে বের হওয়ার মুহূর্তেই ক্যামেরাবন্দি হন তারা।
ভাইরাল হওয়া সেই ছবিতে আরিয়ানকে দেখা গেছে সাধারণ কিন্তু মার্জিত ক্যাজুয়াল পোশাকে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ভিনির পরনে ছিল সম্পূর্ণ কালো রঙের পোশাক। ছবিগুলো দেখার পর অনুরাগী ও সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
তাদের এই হঠাৎ সফর ও একসঙ্গে উপস্থিতি কেবল সাধারণ বন্ধুত্বের পরিচয় নাকি এর গভীরে অন্য কোনো সম্পর্কের সূচনা রয়েছে, তা নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছেন ভক্তরা। ক্যাসিনো সফরের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই আলোচনার নতুন উপাদান জোগান স্বয়ং ভিনি তাকাইর। তিনি তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লন্ডনের কয়েকটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, লন্ডন, আই এলওয়াই (লন্ডন, আই লাভ ইউ)।
ছবি প্রকাশের সঠিক সময় এবং ভিনির করা এই মন্তব্য নেটিজেনদের মনে সন্দেহ আরও দৃঢ় করেছে। এর ওপর আরিয়ান ও ভিনি উভয়ই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করেন, যা তাদের পূর্বপরিচয়ের ইঙ্গিত দেয়।
অবশ্য এই আলোচনার জোয়ার উঠলেও নতুন প্রেমের এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর-কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটা কথা না বললেও আরিয়ান খানের ব্যক্তিগত জীবন এর আগেও একাধিকবার চর্চার কেন্দ্রে চলে এসেছে। এর আগে, তার প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’-এর বেশ কয়েকটি প্রচারণামূলক বিজ্ঞাপনে দেখা যাওয়া অভিনেত্রী ও মডেল ল্যারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’-এর প্রিমিয়ার প্রদর্শনীতেও তাকে দেখা গিয়েছিল।
তবে সাম্প্রতিক লন্ডন সফর এবং ভিনির সঙ্গে এই বিশেষ আড্ডা আরিয়ানের জীবনধারা নিয়ে বলিপাড়ায় নতুন করে জল্পনা তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি
পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন।
তবে এবার কোনো নতুন সিনেমা বা ব্যক্তিগত ইস্যু নয়, বরং এক আবেগঘন মুহূর্তের জন্য আলোচনায় এলেন তিনি। গতকাল (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে অংশ নেন পরীমনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সবার সামনে চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলে সম্বোধন করেন পরীমনি।
শুধু তাই নয়, তাকে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি, ভরসা ও সম্পদ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
পরীমনি বলেন, উনি আমার কাছে শুধু মা। প্রথমত উনিই আমার মা। এরপর ধরেন আপনাদের চয়নিকা চৌধুরী। এই চয়নিকা চৌধুরী আমার জীবনের অনেক বড় সম্পদ। অনেক বড় একটা শক্তি। অনেক বড় একটা বিশ্বাস। অনেক বড় একটা ভরসার জায়গা। আমি সবার সামনে বলতে চাই ‘আই লাভ ইউ মা’।
তারপর চয়নিকা চৌধুরী বলেন, ‘আমিও বলতে চাই। আমার দেখা সব চেয়ে সুন্দর একটা মেয়ে। দেখতে অনেক সুন্দর না শুধু, মনের দিক থেকেও অনেক সুন্দর। আমি পরীকে অনেক ভালোবাসি।’
পরীমনির এমন বক্তব্যে মুহূর্তেই আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত অতিথিরাও করতালির মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করেন। চয়নিকা চৌধুরী ও পরীমনির সম্পর্ক দীর্ঘদিনের। ব্যক্তিগত নানা কঠিন সময়ে পরীমনির পাশে দাঁড়াতে দেখা গেছে এই নির্মাতাকে। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। সেই কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। তাই জনসমক্ষে নির্মাতাকে ‘মা’ বলে সম্বোধন করে ভালোবাসা প্রকাশ করতে একটুও দ্বিধা করেননি পরীমনি।
অনুপম রায়
ঢাকায় সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষার অন্যতম আয়োজন ছিল কলকাতার জনপ্রিয় গায়ক-গীতিকার অনুপম রায়ের একক কনসার্ট। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই আয়োজন। তবে সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশ দেয়। এর ফলে আপাতত কনসার্টটি স্থগিত রাখতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আয়োজকরা জানান, সব ধরনের প্রস্তুতি শেষ থাকলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই আকস্মিক সিদ্ধান্তে শুধু দর্শক নন, শিল্পী, স্পন্সর, পার্টনার এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন।
তবে টিকিট কেটে রাখা দর্শকদের জন্য স্বস্তির খবরও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, সব টিকিট ক্রেতাকে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেয়া হবে। আগামী রোববারের মধ্যে অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
কনসার্ট স্থগিত হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম রায়ের ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে। অনেকেই দীর্ঘদিন ধরে প্রিয় শিল্পীর লাইভ পারফরম্যান্স উপভোগের অপেক্ষায় ছিলেন।