পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা

  • প্রকাশ : সোমবার ২৫ মে, ২০২৬, সময় : ৫:০৬ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে আজ সোমবার ঢাকা ছাড়ছেন মানুষ। ১৫ মে যাঁরা অনলাইনে ট্রেনের টিকিট কেটেছিলেন, আজ তাঁরা বাড়ি ফিরছেন। আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এর মধ্যে দুটি ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে ছেড়ে গেছে। এতে অনেকে ভোগান্তিতে পড়েন।


আন্তনগর ট্রেনে আজ থেকে নারীদের জন্য বিশেষ বগি চালু করা হয়েছে। দূরপাল্লার ঢাকা-সিলেট রুটের ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে এই সেবা চালু হয়েছে। এটি ঈদের পরও চলবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।


কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুর পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন দেরিতে ছেড়েছে। নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। আর রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। দুটি ট্রেনই উত্তরবঙ্গের।


রাজধানীর ধানমন্ডি থেকে এসেছিলেন হাফিজুর রহমান। তিনি রংপুরে যাবেন। ১৫ মে অনলাইনে টিকিট কেটেছিলেন। 


আজ সকালে স্টেশনে এসে তাঁকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে। ক্ষোভ প্রকাশ করে হাফিজুর বলেন, ‘সব সময় উত্তরবঙ্গের ট্রেনই দেরি করে। অন্য ট্রেন ঠিক সময়ে যায়। উত্তরবঙ্গে কেন এমন হয়, আমরা জানি না। প্রতি ঈদে এই একই ভোগান্তি।’


কমলাপুর স্টেশন থেকে দুটি ট্রেন বাদে বাকি সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। স্টেশনের ম্যানেজার জানান, দুপুর পর্যন্ত ১৩টি আন্তনগর এবং ৯টি কমিউটার ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়েছে। 


আজ সারা দিনে কমলাপুর থেকে মোট ৬৭টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তনগর, ২৩টি কমিউটার এবং ১টি ঈদ স্পেশাল ট্রেন রয়েছে।


এবার টিকিট ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিটের নাম মিলিয়ে দেখা হচ্ছে। মিল না থাকলে স্টেশন থেকে বের করে দেওয়া হচ্ছে বলেও জানান স্টেশন ম্যানেজার।


ট্রেনের ছাদে কোনো যাত্রী দেখা যায়নি। সামনে পোশাক কারখানা ছুটি হলে এই নিয়ম ধরে রাখা যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা কঠোরভাবে শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করছি। আশা করছি, শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকবে।’


৫১টি বাড়তি বগি, প্রতিদিন যাচ্ছেন ৬৫ হাজার যাত্রী


রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন গন্তব্যের ট্রেনে নতুন ৫১টি বগি যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিদিন বাড়তি ৪০ হাজার মানুষ বাড়িতে যেতে পারছেন।


বর্তমানে প্রতিদিন ৪৫ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হচ্ছে। এ ছাড়া যাত্রার ২ ঘণ্টা আগে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছেন।


নারীদের জন্য বিশেষ বগি


আজ কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, আন্তনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি চালু হয়েছে। আজ থেকে দূরপাল্লার ঢাকা-সিলেট রুটের ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন দিয়ে এই সেবা শুরু হলো। এটি শুধু ঈদের জন্য নয়, ঈদের পরও চালু থাকবে বলে জানান এই কর্মকর্তা।


মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল নারীদের যাত্রা নিরাপদ করার। তাই এই ব্যবস্থা। নারী ও শিশুরা এখন নির্ভয়ে ভ্রমণ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য রুটেও এমন বগি যুক্ত করা হবে।


কিছু ট্রেন দেরি হওয়ার বিষয়ে মহাপরিচালক বলেন, ঈদের সময় যাত্রী বেশি থাকে। স্টেশনে তাদের নামতে ও উঠতে সময় বেশি লাগে। অনেকে শেষ মুহূর্তে দৌড়ে ট্রেনে ওঠেন। তাই চালকদের একটু বেশি সময় অপেক্ষা করতে হয়। 


এ ছাড়া এখন ঝড়বৃষ্টির দিন। লাইনে গাছ পড়ে অনেক সময় দেরি হয়।




পররাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৬:৪৯ পিএম

সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় ৩ বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন হতাহতের ঘটনাও রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।


বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।







ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৬:১৮ পিএম

আসছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমে ঢাকাসহ সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির শুক্রবার বলেন, “উত্তরের দিকে তাপমাত্রা কিছুটা কমছে। রংপুর বিভাগের কথা চিন্তা করলে তেঁতুলিয়ায় দিন ও রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রাজারহাট ও দিনাজপুরেও তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। রাজশাহী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা কমেছে।


“সামনের সপ্তাহে আবহাওয়ার বর্তমান ব্যবস্থাটি কেটে গেলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তখন ঢাকাসহ সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে।”


এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে তথ্য দিয়ে এই আবহাওয়াবিদ বলেন, “পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এটি নিম্নচাপে এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।


“এই মুহূর্তে এর কোনো প্রভাব আমাদের ওপর নেই। তবে ২৫ অক্টোবরের পর উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”


আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে তরিফুল নেওয়াজ কবির বলেন, “আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।”



প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫০ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।


এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৭১ জনে দাঁড়াল।


এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) সবচেয়ে বেশি ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১, খুলনা বিভাগে ১৪৭, ময়মনসিংহ বিভাগে ১০০, রাজশাহী বিভাগে ১১৩ ও রংপুর বিভাগে ৩৮ ও সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৭৯ জন মারা গেছেন।


এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৪:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।


বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।


এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।








ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ৩:২৫ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখে এলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বঙ্গভবন জানিয়েছে, শুক্রবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি। তিনি স্থানীয় সরকার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।


স্থানীয় সরকার মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার এ সময় উপস্থিত ছিলেন।


এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা আবদুল মঈন খানের সর্বশেষ অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করেন।


গত বুধবার বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।


শাহজালাল বিমানবন্দরে যাত্রীরা (ফাইল ছবি)

  • প্রকাশ : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬, সময় : ১:১০ পিএম

৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি দেশে ফিরছেন। 


ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি বিশেষ বিমানে করে ৩৫ বাংলাদেশি শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি দেশে ফিরছেন। 


তাদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্প থেকে বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সিলিং ও প্রশিক্ষণ শেষে সবাইকে অর্থনৈতিক সহায়তা করা হবে।