ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।
এতে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, কৃষিঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সব মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং কোনোভাবেই তাড়াহুড়ো করে বিচার করা হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এর চেয়েও দ্রুত বিচার শেষ করা সম্ভব হলেও, তাতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির জন্য প্রসিকিউশন কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপিল শুনানির প্রস্তুতিও চলছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোথায় বক্তব্য দিচ্ছেন বা দিচ্ছেন না, সেটি ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো আদালতের রায় কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া। তাকে ফিরিয়ে আনা সম্ভব না হলে রায় বাস্তবায়নে বিলম্ব হতে পারে।
বিচারপ্রক্রিয়ায় বাছাই করে আসামি করা হচ্ছে- এমন অভিযোগও নাকচ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করেন এবং প্রসিকিউশন সেই তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। কোনো তদন্তে ঘাটতি বা অসঙ্গতি দেখা গেলে সেটি পুনঃতদন্তের জন্য ফেরত পাঠানো হয়।
তিনি বলেন, কারও এমন ধারণা থাকতে পারে যে ইচ্ছামতো আসামি করা হচ্ছে। তবে সেই ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
চিফ প্রসিকিউটর আরও জানান, সারা দেশে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে যেগুলোর তদন্ত সম্পন্ন হয়েছে, সেগুলো ধাপে ধাপে ট্রাইব্যুনালে বিচারাধীন করা হচ্ছে।
ছবি : সংগৃহীত
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে উপজীব্য করে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হবে।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকাল ৬.০১ মিনিটে শাহবাগস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করবেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১১:০০টায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরাও বক্তব্য প্রদান করবেন।
জাতীয় দৈনিকসমূহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী প্রকাশ করা হবে। বিশেষ ক্রোড়পত্র, স্মারক প্রকাশনা ও নিবন্ধ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি সম্প্রচার মাধ্যমসমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল মিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে।
দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের ৬৪টি জেলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকা মহানগরসহ সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ দেশের সব সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রসমূহ শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত রাখা হবে। পাশাপাশি দেশের সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হবে।
রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরে প্রবেশে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে। এ কারণে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ধীরে ধীরে জুলাই স্মৃতি জাদুঘরকে পরিপূর্ণ করা হবে।
পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
গ্যাস-বিদ্যুতের সংকট, শ্রমিক অসন্তোষ, কিংবা ব্যাংকিং জটিলতার সাথে যোগ হওয়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা-এসব কিছু মিলিয়ে গেল বছরটা ছিল দেশের শিল্পখাতে এক অনিশ্চয়তার অধ্যায়। এত কিছুর পরেও স্বস্তি মিলছে ডবলিউটিওর তথ্যে।
সংস্থাটির ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদন দেখা যায়, টানা পঞ্চমবারের মতো পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের এই শেয়ারটা আসলে এতটা ম্যাসিভ যে, এখানে অন্যরা সেই অনুপাতে গ্রো করতে পারেনি। এই গ্রো করতে না পারার কারণে আমরা বলছি যে, দ্বিতীয় স্থানে আছি। দ্বিতীয় আর প্রথমের যে তফাত বা পার্থক্য তো ৩৮ আর ১৫৭ বা ১৫৫।
ডবলিউটিওর তথ্য বলছে, গেল বছর বাংলাদেশ রপ্তানি করেছে ৩৮.৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক, যার নিকটতম প্রতিযোগী ভিয়েতনামের চেয়ে প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। যদিও বছর ব্যবধানে কমেছে বিশ্ববাজারের হিসাব, সেই সাথে বাংলাদেশের যেখানে রপ্তানি বেড়েছে এক শতাংশের মতো সেখানে ভিয়েতনামের প্রায় ১১ শতাংশ।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। আবার এদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে-এরাই তো মূল প্লেয়ার। কম্বোডিয়াও আস্তে আস্তে এগিয়ে আসছে। তার মানে হলো যে, বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়, এটিকে ধরে রাখতে হবে আরও বেশ কিছুদিন। অন্তত এই জায়গাটা যেন কেউ না নিয়ে যায় এবং আরও দ্রুত আগোতে হবে। সে ক্ষেত্রে আমাদের অটোমেশনটা দরকার।
মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের যে ৩৮ বা ভিয়েতনামের ৩৭, এইযে বাকি যে ব্যবসা আছে, এখানেও কিন্তু কম-বেশি সবই আসলে চায়না থেকেই আসছে, শ্রমটা বাধে।
বছর ব্যবধানে রপ্তানি কমলেও বরাবরের মতই তৈরি পোশাকে এখনো শীর্ষ অবস্থানে চীন চতুর্থ স্থানে ভারত ও পঞ্চম তুরস্ক।
ছবি : সংগৃহীত
সরকারি-বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়ার ঘোষণা দিলেও সেখান থেকে সরে আসার চিন্তা করছে সরকার। সেক্ষেত্রে আগামী বছরও স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে সোমবার রাতে বলেন, “স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রাখা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা থেকে লটারি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
তার ভাষ্য, “চলতি মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।”
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করে এদিন রাতে বলেন, “ভর্তিতে পরীক্ষার বদলে লটারি বহাল রাখার বিষয়ে ভাবা হচ্ছে। লটারি বহাল রাখা যায় কিনা বা কোন কোন শ্রেণিতে লটারি বহাল রাখায় যায়, সে বিষয়ে ভর্তি কমিটিকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি ১০ অগাস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”
গত মার্চে লটারি প্রথা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়।
"আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম,দ্যাটস ইট।"
থেমে থেমে বৃষ্টি ঝরবে ঢাকায়
বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রাজধানীর আজ মঙ্গলবারের সকাল। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বিভিন্ন স্থানে। আকাশ মেঘলা আছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টির বিরতি চলতে পারে। দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে আসতে পারে। দেশের চার বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে আজ।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে বলেন, সকাল আটটার দিক থেকেই বৃষ্টি কমে এসেছে রাজধানীতে। এখন একটা বিরতি চলতে পারে। অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বৃষ্টি আবার কমে যেতে পারে।
আজ দেশের চার বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। সেগুলো হলো রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল।
ওমর ফারুক বলেন, ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে বাকি অংশে বৃষ্টি কম হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়, ১১৩ মিলিমিটার। দেশের প্রায় সর্বত্রই গতকাল বৃষ্টি হয়েছে। দেশের অন্য এলাকাগুলোর মধ্যে নোয়াখালীতে ৯০ মিলিমিটার, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। মৌসুমি বায়ুর সক্রিয়তার পাশাপাশি সাগরের গভীর নিম্নচাপের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয় মাসের শুরুতে। ভারী বৃষ্টিতে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।