নাজনীন নিহা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬, সময় : ১২:৩৯ এএম

ছোট পর্দায় নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নাজনীন নিহা। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ে এসেছে পরিণতিবোধ, চরিত্র নির্বাচনে দেখা যাচ্ছে সচেতনতা। সাম্প্রতিক নাটক ‘ভালো আছো তো’ যেন তারই আরেকটি উদাহরণ। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা নাটকটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। পাশাপাশি অভিনয়ের জন্য প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’-এর কাজ শুরু করেছেন নাজনীন নিহা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন খায়রুল বাসার। নতুন এই কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই আবারও আলোচনায় এসেছে সিনেমায় অভিনয়ের প্রসঙ্গ। অভিনয়জীবনের শুরু থেকেই বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নিহাকে দেখার আগ্রহ প্রকাশ করে আসছেন অনেকে। তবে বড় পর্দায় অভিষেকের বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না তিনি।

এ প্রসঙ্গে নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে তা এখন নয়। আমার মনে হয়, নিজেকে প্রস্তুত করার এখনো অনেক বাকি। সময় হলেই আমি সিনেমায় অভিনয় করব, তখন সবাই জানতে পারবেন।’

সিনেমায় অভিনয়ের জন্য সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি বলতে কী, নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা অনেক বড় একটি বিষয়। সেখানে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই কাজে নামতে চাই। সে কারণেই একটু সময় নিচ্ছি।’ ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন নাজনীন নিহা।

এরপর ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘মায়া পাখি’, ‘চুপকথা’, ‘কাছের কেউ’, ‘দূরের মানুষ’, ‘ঘ্রাণ’, ‘তখন যখন’, ‘যুগল’ ও ‘নীলাঞ্জনা’র মতো নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। ধারাবাহিক কাজের মধ্য দিয়ে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন নিহা। দর্শকের আগ্রহের পাশাপাশি নির্মাতাদের কাছেও বাড়ছে তার গ্রহণযোগ্যতা। তবে চলচ্চিত্রে পা রাখার আগে অভিনয়ে নিজেকে আরও পরিণত করে তোলাই এখন তার প্রধান লক্ষ্য।




  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৪ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ আকবরের ছবি ও গুলিবিদ্ধ গাড়ির ছবি দিয়ে একটি পোস্ট করেন তিনি।


পোস্টে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’


এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলি চালানোর সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।


তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।


ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে কাজ চলছে।


আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভক্তদের মধ্যেও এ ঘটনা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।


  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৫৯ পিএম

বলিউড অভিনেতা সালমান খানের প্রশংসা করায় অভিনেতা টাইগার শ্রফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন এক অভিযুক্ত। অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে সালমান খানকে ‘ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’ বলে প্রশংসা করেছিলেন টাইগার শ্রফ। এই মন্তব্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তাঁকে লক্ষ্যবস্তু করার অন্যতম কারণ হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের জানিয়েছেন ওই অভিযুক্ত।


গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে একটি মাঠে ফুটবল খেলা শেষে ফেরার সময় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী। তারা সাত রাউন্ড গুলি ছুড়ে সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় অভিনেতার গাড়িচালক ও এক পথচারী আহত হন।


পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য হামলার দায় স্বীকার করে। ঘটনার পরদিন রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেস থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।


সালমান খানের সঙ্গে টাইগার শ্রফের ঘনিষ্ঠতা এবং তাঁর প্রতি সমর্থনের কারণে এ হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে সালমান খানের ঘনিষ্ঠ বলে বিবেচিত ব্যক্তিদেরও বিষ্ণোই গ্যাং হুমকি দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের তদন্তসংক্রান্ত বিভিন্ন তথ্য অনুসরণ করছিলেন। সিসিটিভি ফুটেজে রেহান নামে এক অভিযুক্তকে বারবার মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে।


পুলিশের সন্দেহ, ইন্টারনেটভিত্তিক কলের মাধ্যমে তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল। পালানোর জন্য ব্যবহৃত মোটরসাইকেলটি আন্ধেরিতে পাওয়া যায়। অভিযুক্তরা ট্রেনে যাত্রা করছেন—এমন তথ্যও বার্তার মাধ্যমে হামলাকারীদের জানানো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।


পুলিশকে এড়াতে অভিযুক্তরা মোটরসাইকেল, ট্রেন ও ক্যাব ব্যবহার করেন। তবে মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিশের সদস্যরা সুরাট থেকে জয়পুরগামী একটি ট্রেনে তাঁদের আটক করেন। ইন্টারনেট কলের উৎস শনাক্ত করা তদন্তকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তদন্তের তথ্য অভিযুক্তদের কাছে কে পৌঁছে দিচ্ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।


তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর অভিযুক্তরা নিজেদের মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন। পুরো পরিকল্পনায় হামলাকারী ও তাঁদের সহযোগীরা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কল ব্যবহার করছিলেন বলে ধারণা করা হচ্ছে।


তবে নিয়মিত মোবাইল ফোনে করা একটি কল পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। তদন্তে জানা যায়, অভিযুক্তরা মুম্বাইয়ের বোরিভলি থেকে সুরাট যাওয়ার জন্য একটি ব্যক্তিগত ক্যাব ভাড়া করেছিলেন।


গুলি চালানোর পর তাঁরা আন্ধেরি থেকে লোকাল ট্রেনে বোরিভলি যান। সেখান থেকে ক্যাবে সুরাটে পৌঁছান। ক্যাবচালকের কাছে করা একটি ফোনকল পুলিশের নজরে আসার পর তাঁদের যাত্রাপথ শনাক্ত করা সম্ভব হয়।


পরে মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলের একটি দল বোরিভলি থেকে সুরাটে যায়। জিজ্ঞাসাবাদে ক্যাবচালক জানান, তিনি অভিযুক্তদের সুরাট রেলস্টেশনে নামিয়ে দিয়েছিলেন। স্টেশনের সিসিটিভি ফুটেজ ও ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্তরা জয়পুরগামী ট্রেনে উঠেছিলেন। পরে রাজস্থানের কোটায় তাঁদের আটক করা হয়।


মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৭:০৬ পিএম

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের খবর পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।


শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এটি করে বিভিন্ন গ্রুপে উদযাপন করছে বলে জানান তিনি। আইনপ্রয়োগকারী সংস্থাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফারুকী। 


বিচ্ছেদের রটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব ভিত্তিহীন গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তার নেই।


ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।”


অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে এই নির্মাতা বলেন, এসব কথা চাইলেই সহজে যাচাই করা সম্ভব। অপপ্রচারের দিকে নজর না দিয়ে নিজের নির্মাণ কাজ নিয়েই কথা বলার জন্য তিনি অনুরোধ জানান।


বর্তমানে ফারুকী দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যার শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের কাজ নিয়ে ফারুকী জানান, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রেমের পটভূমিতে তৈরি, যার নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্যটি একটি রাজনৈতিক গল্পের সিনেমা।


উল্লেখ্য, ফারুকী ও তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়। দীর্ঘদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে নিজেদের সফল কাজের মধ্য দিয়ে সুপরিচিত এই তারকা দম্পতি।


এশা দেওল

  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৫৩ পিএম

আবার সিনেমায় দেখা মিলতে যাচ্ছে নন্দিত বলিউড অভিনেত্রী এশা দেওলের। দীর্ঘ বিরতির পর এবার তাঁকে দেখা যাবে ‘প্রতাপ’ নামে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন পুনম নামের এক নারী চরিত্রে। যে বলবে জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার গল্প। এরই মধ্যে ছবিতে এশা অভিনীত ‘পুনম’ চরিত্রের চেহারা প্রকাশ করেছেন নির্মাতারা। এ তথ্যের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল ২৬ অক্টোবর আসছে ‘প্রতাপ’ সিনেমার ঝলক; এরপর ট্রেলার।


সর্বশেষ আগামী ২০ নভেম্বর সিনেমাটি বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া, দুষ্মন্ত ওয়াগ প্রমুখ।


‘প্রতাপ’ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেত্রী এশা দেওল নিজে। তাঁর কথায়, বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি সিনেমার প্রতীক্ষায় ছিলেন তিনি। দেড়িতে হলেও কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র দিয়ে অভিনয়ে ফিরতে পারায় অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। এই সিনেমার বড় শক্তির জায়গা হলো এর গল্প। যেখানে দেখা যাবে, পুনম নামের এক নারীর কাছে তার পরিবারই সব। তার জীবন গড়ে উঠেছে এমন এক মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুনমকে, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়।


তখন নিজের পথ নিজেকে খুঁজে নিতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি জন্ম দেয় নানা নাটকীয়তার। আর এ সব কিছু মিলিয়ে এই সিনেমাটি হয়ে উঠেছে তাঁর অভিনয় ক্যারিয়ার ব্যতিক্রমী একটি কাজ। যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।


প্রসঙ্গত, একুশ শতকের শুরুতে বলিউডে যে কজন সম্ভবনাময়ী অভিনেত্রীর দেখা মিলিছে এশা দেওল ছিলেন তাদের অন্যতম একজন। ‘কোই মেরে দিল ছে পুছে’ থেকে শুরু করে ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিলনে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘সাদি নাম্বার ওয়ান’, ‘পেয়ারে মোহন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা এক জায়গা করে নিয়েছিলেন।


এরপরও বলিউডে দীর্ঘ সময় রাজত্ব করার সুযোগ হয়নি তাঁর। বিয়ে, ঘর-সংসার আর পারিবারিক কারণে অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। অবশেষে সিনেমায় ফিরছেন আরও পরিণত অভিনয় তুলে ধরার প্রয়াসে।


পরীমণি

  • প্রকাশ : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬, সময় : ৪:২৯ পিএম

জন্মদিন মানে পরীমণির কাছে বিশেষ এক অনুভূতি। তবে এবার সেই আনন্দ যেন একটু বেশিই। কাছের মানুষদের ভালোবাসা, শিউলি ফুলে সাজানো আয়োজন আর নতুন কাজের খবর—সব মিলিয়ে জন্মদিনের মুহূর্তগুলো উপভোগ করেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। আনন্দের মুহূর্ত দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা।


শনিবার রাতে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘মুহূর্তটা আমি একা একা খুশি ধরে রাখতে পারি না। আমার মনে হয়, চিৎকার করে পুরো পৃথিবীকে জানাই—আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এই যেমন আজকে আমি অনেক খুশি।’


বয়স বাড়ার সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বাড়ছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার কাছে বয়সের সংখ্যা নয়, বরং জীবনে অর্জিত অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। জন্মদিনের আনন্দের মধ্যেও সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন তিনি।


জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা


জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমা ‘ফারজানা’-এর পোস্টার উন্মোচন করা হয়। এটি নির্মাণ করছেন পরিচালক তারেক রহমান। সিনেমাটি নিয়ে অভিনেত্রী জানান, এটি অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল। প্রায় ছয় মাস আগে কাজটির লুক নির্ধারণ করা হয়েছিল। পরে বিস্তারিত কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসে। বিশেষ করে শিডিউল জটিলতার কারণে শুটিং এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।


পরীমণি বলেন, ‘এটা প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তারপরে ডিটেলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউল, শিডিউল—সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না।’


এত দিন কাজটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে তার। পরীমণির ভাষ্য, ‘এবার মনে হয়, এটাই অনেক সুন্দর একটা সময়, যেখানে আমি একটা সুন্দর কাজ নিয়েও কথা বলতে পারি।’


কাজটির শুটিং প্রায় শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাকি অংশ শেষ করে সম্প্রতি দর্শকের সামনে আনার পরিকল্পনা রয়েছে।


কেক কাটলেন না পরীমণি


জন্মদিনের আয়োজন এবার কেক কাটলেন না পরীমণি। এর পেছনে রয়েছে তাঁর প্রয়াত নানার স্মৃতি। একসময় যার হাত ধরে কেক কাটতেন, সেই মানুষটি এখন আর তাঁর পাশে নেই। তাই তাকে ছাড়া কেক কাটার বিষয়টি পরীমণির কাছে আনন্দের নয়।


এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি যে মানুষটার হাত ধরে কেক কাটতাম, সে মানুষটা ছাড়া আমি তো আসলে কেক কাটা ভুলে গেছি।’


শিউলি ফুলে সাজানোর স্বপ্ন


জন্মদিনের সাজসজ্জায় শিউলি ফুলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন পরীমণি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো শিউলি ফুল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছার কথা শুনে চট্টগ্রাম থেকে একজন তাঁর জন্য বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন।


পরীমণি বলেন, ‘শিউলি ফুলটা এমন যে চার-পাঁচ ঘণ্টাও ঠিকমতো রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফুল পাঠিয়েছে, ফ্লাইটে। তো সেই ফুলটা আমি আসলে পুরোটা ইউজ করতে পারিনি, যদিও কিছু কিছু ইউজ করেছি।’


ভালোবাসার জন্য কৃতজ্ঞ


জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি। শুরু থেকেই যারা তাঁর পাশে থেকেছেন, তাঁকে ভালোবেসেছেন ও আশীর্বাদ করেছেন, তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।


পরীমণি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ শুরু থেকে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন—সবকিছুতে সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছেন। সেই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ রইলাম।’


ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ আমি আসলে আপনাদের সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। তো দোয়া করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর কাজে আপনাদের যেতে পারি।’


  • প্রকাশ : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৩৭ পিএম

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। কে বা কারা কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি।


এদিকে স্বামীর গাড়িতে গুলির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি জানিয়েছেন, এ ঘটনার পেছনে কাউকে সন্দেহ করার মতো কোনো কারণ তাদের জানা নেই।


শনিবার সকাল ১০টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমা আসিফ মিতু বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’


কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।’


সালমা আসিফ মিতু আরও বলেন, ‘আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’


এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ভবনটির সামনে তার ব্যক্তিগত গাড়ি পার্ক করা ছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হননি।


পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় আসেন। সেখানে রাখা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।


পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ।


ঘটনাস্থল পরিদর্শনের পর গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।


ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।