প্রতীকী ছবি
টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে, গত ৬ নভেম্বর প্রথম দফায় এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তারও আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব প্রশাসনকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ উদ্যোগকে আইনি ভিত্তি দিতে শিগগির প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং শিগগির এ সিদ্ধান্তকে আইনি রূপ দেওয়া হবে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজস্ব আদায়ের অগ্রগতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে এবং শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম। প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়মে ফিরে যাওয়ার ফলে এ খাতে রাজস্ব আদায় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি আরও বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন করতে হবে। এ জন্য প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্তি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়া কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে তিনি জানান, এটি সরকারের সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচির একটি অংশ মাত্র। এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্ড ও অন্যান্য বিকল্প উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা সমস্যা নেই বলেও তিনি নিশ্চিত করেন।
সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য ও সামঞ্জস্য বজায় রাখা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সমস্ত উদ্যোগের সুফল শেষ পর্যন্ত দেশের জনগণই ভোগ করবে।
বিষয়:
এনবিআর
অর্থমন্ত্রী
জিডিপি
রাজস্ব
ছবি : সংগৃহীত
উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানিয়েছেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ এই ওএমএস কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় গতকাল অর্থ মন্ত্রণালয়ের কাছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বা বিশেষ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।
অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের জন্য নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাস এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
অর্থ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি পর্যায়ে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে প্রস্তাবিত বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান সরকারি মজুত থেকে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দের অনুরোধ করে খাদ্য মন্ত্রণালয়।
দরিদ্র মানুষকে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিজের গুদামে খাদ্যশস্য মজুত করে। মূলত চাল ও গম মজুত করা হয়। এই খাদ্যের একটি অংশ সরকার বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে। আরেকটি অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের সবচেয়ে বড় কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি। খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হয় কার্ডের বিপরীতে। যাঁরা কার্ড পাননি, তাঁরা এই সহায়তা নেওয়ার সুযোগ পান না। কার্ডহীনদের ভরসা ওএমএসের দোকান বা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি।
সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত এমন এক সময় নিল, যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। এদিকে নিম্নতম মজুরি বোর্ডও কাজ শুরু করেছে। ইতিমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি।
জানতে চাইলে বিশেষ এই ওএসএস পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক হবে না বলে মন্তব্য করলেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ছয় দিন হাড়ভাঙা পরিশ্রম করার পর ছুটির দিনে শুধু ওএমএসের চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ৩০০ টাকা বাঁচাতে এই উদ্যোগ কার্যকর সমাধান নয়। তা ছাড়া পোশাকশ্রমিকদের জন্য এটি সম্মানজনক হবে না। সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানা গেট থেকেই দিতে হবে। আর শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নিলেই শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।
ম্যাপড ইন বাংলাদেশের তথ্যানুযায়ী, দেশে ৩ হাজার ৩২০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ২৯ লাখ ৮৭ হাজার পোশাকশ্রমিক। তার মধ্যে ৫৭ শতাংশ নারী।
শীতকালীন ছবি (চ্যাটজিপিটি দিয়ে বানানো)
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে বাজারে। এতে কমতে শুরু করেছে দাম। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, সাদেক খান মার্কেট ও শ্যামলীর বাজার ঘুরে দেখা গেছে বাজারে প্রচুর শীতকালীন সবজির সরবরাহ।
এসব বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ৫০ থেকে ৭০, পটোল, মুলা ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০, উচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। তবে বেগুনের দর বেশি দেখা গেছে, প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
এবার অনেকটা স্বাভাবিক ফুল ও বাঁধাকপির দাম। মাঝারি আকারের প্রতি ফুল ও বাঁধাকপি কেনা যাচ্ছে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। তুলনামূলক কম দাম দেখা গেছে কাঁচামরিচের। খুচরা বাজার থেকে প্রতি কেজি কেনা যাচ্ছে ৭০ থেকে ১২০ টাকা দরে।
কমতির দিকে ডিম-মুরগি
ডিম ও মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে। সবজির দর কমার কারণে ডিম-মুরগির বাজার স্থিতিশীল। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়।
ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতো ১৭০ থেকে ১৮৫ এবং সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
মসলার বাজার চড়া
নিত্যপণ্যের বাজারে কয়েকটি মসলা পণ্যের দর বেড়েছে। বিশেষ করে সপ্তাহ দুয়েকের ব্যবধানে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা এবং এলাচের কেজিতে ২০০ টাকার মতো দর বেড়েছে। খুচরা পর্যায়ে মানভেদে জিরার কেজি বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দর ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সেই হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
সবচেয় বেশি দর বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪৩০০ থেকে ৫২০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকা। মাস দেড়েকের ব্যবধানে লবঙ্গের কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজিতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো।
বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১২০ থেকে ১৫০ এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজারে তেমন পরিবর্তন নেই। মান ও বাজারভেদে প্রতি কেজি কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে।
কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, এলাচ আর জিরার দাম বেশি বেড়েছে। পাইকারি বাজারে বাড়ার কারণে খুচরায় বাড়ছে। তাঁর ভাষ্য, পাইকারি ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন বিশ্বাজারে মসলার দাম এবং ট্রাকের ভাড়া বেড়েছে। এ কারণে তাদের দাম বাড়াতে হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তাদের ভাষ্য, বিশ্ববাজারে দর বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কয়েকটি মসলার দাম বেড়েছে।
তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে জিরা, এলাচ ও আদার দাম কমেছে যথাক্রমে ১১, ১ ও ৫ শতাংশ। অন্যদিকে লবঙ্গের দর বেড়েছে তিন শতাংশের বেশি। টিসিবির তথ্য বলছে, এক বছরে পেঁয়াজের দাম ৫৭ শতাংশ কমেছে।
কিছুটা বাড়তি চালের দাম
বাজারে চালের দাম কিছুটা বাড়তি দেখা গেছে। প্রতি কেজি সরু চাল ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি ধরনের চাল ৫৫ থেকে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের চালের কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে।
তবে মোটা চালের দাম অপরিবর্তিত দেখা গেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। ছোলার দাম কিছুটা বেশি। এক মাসের ব্যবধানে ১০ শতাংশের মতো দর বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।
পরিবর্তন নেই মাছে
মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
ছবি : সংগৃহীত
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা না কমলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের কথা ভাবছেন মালিকেরা। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিলেও আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের প্রেক্ষাপটে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলবে, আবার কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলাও চলবে, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হলেও আলোচনায় অংশ না নেওয়ার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।
এদিকে বিজিএমইএর অবস্থানের বিষয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। কাউকে সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মালিকপক্ষ মজুরি বোর্ডের বৈঠকে আলোচনা বর্জন করলে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।
বুধবারের বৈঠকে ব্যবসায়ী ও শিল্পনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম। এ ছাড়া বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং আশুলিয়া অঞ্চলের কয়েকজন পোশাক কারখানার মালিক বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
তবে মজুরি নিয়ে আলোচনা চললেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কমেনি। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি কারখানা।
অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার সাভার-আশুলিয়ায় দিনভর বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ে।
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ১০ নভেম্বর রাতে পেশাজীবী অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাউছার শেখ স্বাক্ষরিত এবং কেন্দ্রীয় সভাপতি এডভোকেট খালিদ হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমনের অনুমোদনক্রমে এই বর্ধিত তালিকা প্রকাশ করা হয়। বর্ধিত তালিকায় সহ-সভাপতি হিসেবে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ইমরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান ও মোঃ সাইফুল ইসলাম সিজান কে পদায়ন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আকাশ মাহমুদ কে ইঞ্জিনিয়ার সেল সমন্বয়ক এবং সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ঢালীকে সাংবাদিক সেল সমন্বয়ক পদে পদায়ন করা হয়েছে। অ্যাডভোকেট মোঃ আবু হানিফ দিদার কে সহ আইন সম্পাদক, শেখ ইসরাকুল ইসলাম ও জসিম উদ্দিন কে কার্যনির্বাহী সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত অতি দ্রুত কার্যকর হবে বলে জানা গেছে।
প্রতীকী ছবি
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে দ্বিতীয় দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।