আইনশৃঙ্খলা

সীমান্তে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ

এসপিদের নিয়ে আইজিপির বৈঠক

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩০ পিএম

দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ‘ইন-আউট’ করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে। মঙ্গলবার দেশের সীমান্ত জেলার সব এসপি, কমিশনার ও ডিআইজিদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয় উঠে আসে। 


সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।  সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে। 


তাঁর এ বিষয় নানা আলোচনার জন্ম দেয়। সূত্র বলছে, মঙ্গলবার পুলিশের বৈঠকে সীমান্ত পার হয়ে এপারে এসে রনজিতের সভা করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। বৈঠকে সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, রনজিতের সভায় সশরীরের উপস্থিত ছিলেন, এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পেছনের তথ্য জানার চেষ্টা চলছে।

 

গত ২৪ ঘণ্টায় দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার বিষয়টি মঙ্গলবারের বৈঠকে উঠে আসে। সীমান্তবর্তী জেলা ছাড়াও গত তিন দিন যেসব জেলায় বেশি নাশকতা হয়েছে, সেসব জেলার এসপিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রামসহ বেশ কিছু জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এরই মধ্যে অনেক জেলায় অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। 


যেসব এলাকায় হামলা, আগুন, ভাঙচুর ও নাশকতা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়েছে।  পুলিশের এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে। তবে সীমান্তকেন্দ্রিক যে কোনো অপরাধের তদন্ত পুলিশ করতে পারে। সীমান্তকেন্দ্রিক অপরাধ ঘটলে অনেক সময় তার জন্য পুলিশকে জবাবদিহি করতে হয়। 


পুলিশের একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতু এলাকায় মিছিল হতে পারে– এমন গোয়েন্দা প্রতিবেদন ছিল। তবে কখন হবে, সংখ্যায় কত থাকতে পারে– এটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কোনো এলাকায় যাতে লোকজন জড়ো হয়ে বড় নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


পুলিশ সূত্র বলছে, সারা দেশে বিশেষ যে অভিযান চলমান আছে, সেটি জোরদার থাকবে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হবে। জামিন পেয়ে কেউ নাশকতায় জড়াচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়ার পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এলাকায় নাশকতা-হামলায় জড়াচ্ছেন কিনা, সেদিকে কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। এ ছাড়া প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে জোর দিতে বলা হয়েছে। গ্রেপ্তারের নামে যাতে নিরপরাধ বা গণগ্রেপ্তারের মতো পরিস্থিতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ আসে।


এক কর্মকর্তা বলেছেন, নিরপরাধ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে বেরিয়ে আসার পর তাঁর মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তখন সে নতুনভাবে বেআইনি কর্মকাণ্ডে জড়াতে পারেন। তাই নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলা হয়েছে।  


সূত্র বলছে, অনেক ঘটনায় অভিযানে যাওয়া সব পুলিশ সদস্য সমানভাবে সক্রিয় থাকেন না। নিষ্ক্রিয় পুলিশ সদস্যদের কাউন্সেলিং করিয়ে সক্রিয় করার কথা বলা হয়েছে। এর পরও কেউ নিষ্ক্রিয় থাকলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, মাঠে কোনো পুলিশ সদস্যকে গা বাঁচিয়ে চলা যাবে না। 


অন্য একটি সূত্র বলছে, সম্প্রতি যানবাহনে অগ্নিকাণ্ডের নতুন একটি ধরনের বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। ট্যাবলেটের মতো গুঁড়াজাতীয় কিছু গাড়িতে যাত্রী সেজে পায়ের কাছে ফেলা হয়। এরপর পা দিয়ে তা কিছু সময় ঘষার পর স্বয়ংক্রিয়ভাবে আগুন ধরে যায়। এ ছাড়া ইন্স্যুরেন্সের অর্থ পেতে কেউ কৌশলে আগুন ধরাচ্ছেন কিনা, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। 


পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নাশকতায় জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। কেউ কেউ প্রকাশ্যে বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।


বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে এ কথা বলেন ডেপুটি স্পিকার।


সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।


জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।


মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।


এরপর ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।


এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সর্বশেষ সব খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৬ পিএম

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।


বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 


এ সময় তিনি বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।


আগুনসন্ত্রাস আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে। 


তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আমাদের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।


জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না।’ 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও, ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন। 


‘সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে’— বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। 


তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের (জামায়াত) শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।


তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।


তিনি দাবি করেন, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।


এ ছাড়া,  মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।


লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।



বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দিয়েছেন। 


আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’


দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। 


এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।


তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। 


সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।



মানবাধিকার মেনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন। একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন, সরকারও তেমন নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।


তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।


তিনি বলেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও তারা এমন কোনও কার্যক্রমে জড়িত হয়নি, যাতে মানবাধিকার লঙ্ঘিত হয়। কিন্তু সরকারের এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা অজ্ঞাত স্থানে নির্যাতনের শিকার হতে হবে না— এমন ধারণা থেকে একটি গোষ্ঠী সুযোগ নেওয়ার চেষ্টা করছে। 


মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে তারা অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজন অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীকে আইনানুগভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই কষ্টকে উসকানি দিয়ে শ্রমজীবী মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা বলে অভিযোগ করেন তিনি।


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। 


তিনি বলেন, রাস্তায় নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী এবং মানবাধিকার ও মানবিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার শক্ত অবস্থান নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কষ্ট লাঘবেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কয়েকটি বৈঠকও হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। 


এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরে গেছেন বলে জানান তিনি।


তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ কর্মকাণ্ডের সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন; তারা শ্রমিকের নামে নাশকতাকারী। পতিত ফ্যাসিবাদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও এসেছে বলে উল্লেখ করেন তিনি।


সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওই সংগঠনের নেতারা যেকোনও মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


তবে সংসদীয় রীতিনীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি কোনো দল বা ব্যক্তির নাম বলতে চাননি। বলেন, ‘আমি সংসদীয় রীতিনীতি ফলো করতে চাই।’ 


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদের পরিবেশ সম্প্রীতিময় রাখতে চায় সরকার। বিভিন্ন নথি বা ডকুমেন্ট সরকারের কাছে থাকলেও সম্প্রীতির স্বার্থে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। তবে দেশবাসী জানেন, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্য খুজলেই পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।



কক্সবাজারে সৈনিক নিহতের ঘটনা


বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কক্সবাজারে একজন সৈনিকের নিহত হওয়ার ঘটনা তুলে ধরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি ছিল গত কয়েক বছরের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। ওই অভিযানের মাধ্যমে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। 


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।


গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর একজন সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করে আবার ভারতে পালিয়ে গেছেন। রঞ্জিত সরকার নামে পরিচিত ওই ব্যক্তি কোন পথ দিয়ে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।


এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার এজাহারে ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের প্রায় সবাই সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশ যৌথভাবে তাদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ওই বৈঠকে অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।


বক্তব্যের দ্বিতীয় অংশে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ অপরাধমুক্ত থাকুক—এটাই সবার প্রত্যাশা। তবে প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো অপরাধমুক্ত রাষ্ট্র বাস্তবে সম্ভব নয়। বিশ্বের কোনও দেশে কোনও সময়ই শূন্য অপরাধ ছিল না।


সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ২০২৫ সালের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান এবং বর্তমান সরকারের সময়ের পরিসংখ্যান দেওয়া আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছে। তাই তুলনার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।


তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৮৭টি।


স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ। যেকোনও সংসদ সদস্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া তথ্য যাচাই করতে পারবেন। তিনি বলেন, গতকাল একটি পত্রিকার প্রতিবেদনে তুলনামূলক বিবরণ না দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছিল। কিন্তু উন্নতি বা অবনতির চিত্র বুঝতে হলে নির্দিষ্ট সময়ের সঙ্গে তুলনা করতে হবে।


মবের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১৬টিতে নেমেছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মবের ঘটনা কমেছে ৩৯টি।


তিনি বলেন, ‘এই ১৬টাও আমরা যাতে না হয়, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনও মব থাকতে পারবে না।’


এ ছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিস্তারিত পরিসংখ্যান পুলিশের ওয়েবসাইটে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 


নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।


সীমান্ত পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণের আগের সময়ে পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। অন্যদিকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৭ জন।


তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা করা হয়েছিল। সরকার ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এ কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সময়ে বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শক্ত অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।

সর্বশেষ সব খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংসদ অধিবেশনে

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২১ পিএম

সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নেবে। এমন নির্দেশই তাদের দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের পরিপেক্ষিতে আজ বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি সরকারের কঠোর অবস্থান প্রকাশ করেন।


সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উদ্বেগ জানানোর পাশাপাশি ‘ব্যর্থতার জন্য’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চাইছেন।


জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়া এবং ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা।


তার জবাব দিতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার মানবাধিকার ও আইনের শাসন অনুসরণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।


অতীতের মতো পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা কখনো আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না।’


একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে প্রয়োজনে, আই রিপিট, সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আন্দোলনকারীদের দ্বারা কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হবে, এমন কোনো কার্যক্রমে জড়িত হয়নি।


এ সুযোগই আন্দোলনকারীরা নিচ্ছে; এমন পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মানবাধিকারের ওপর শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে।


‘আমরা মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে আসব না। তবে আমরা মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতার সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব।’


সরকারের কঠোরতার বার্তা দিয়ে দেশবাসীর উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন ও অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। আই রিপিট, রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে তারা যোকোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।’


  শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুরুল হক


‘আমরা তাদের সেই রকম নির্দেশ দিয়েছি, তারা সে অনুযায়ী চলবে,’ যোগ করেন তিনি।


ভারত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার কীভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে সভা করে আবার চলে গেলেন, তা বিজিবি খতিয়ে দেখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, এই ঘটনায় কারা কারা জড়িত ছিল, তাদের ধরতে পুলিশ সিলেট-সুনামগঞ্জে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।


চলমান নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ‘অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরেনো রাজনৈতিক অপসংস্কৃতি।’


এ প্রসঙ্গে ২০০৪ সালে আওয়ামী লীগের ডাকা হরতালের সময় ঢাকার শাহবাগে দোতলা বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারার কথা বলেন তিনি।


গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না, একথা বলার পাশাপাশি এই দলটিকে নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অবস্থানের সমালোচনাও করেন সালাহউদ্দিন।


তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা একটি অনুষ্ঠানে বলেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম করেছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন।


‘তিনি একতরফা ক্ষমা করেছিলেন, তা যৌক্তিক নয় বলে দেশবাসী মনে করে, গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি,’ বলেন সালাহউদ্দিন।


স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বিগত আওয়ামী লীগ আমলে বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকারের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।


এতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ জন। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৯৫ জনের।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ২:০০ পিএম

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ায় আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। 


বুধবার সকাল সোয়া নয়টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, বুধবার সকালে ইউরোপ থেকে ৪৪ বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।


শরিফুল হাসান বলেন, ‘লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে। 


নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য। অথচ মানুষ ভাবছে, যেভাবেই হোক ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান হবে। এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে।’


শরিফুল হাসান জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি।


এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।


ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।


শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৭ পিএম

আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বুধবার এবং রংপুর বিভাগের কিছু এলাকায় শনিবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বর্ধিত পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


বৃহস্পতিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।


শনিবার রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রবিবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

সর্বশেষ সব খবর