বাংলাদেশ সরকারের লোগো
সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা।
চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা। এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ।
ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
কেন বিশেষ বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন। এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।
কী বলছেন বিশেষজ্ঞরা
সরকারের এ উদ্যোগের বিষয়ে মতামত জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে একদিকে রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়।
এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে। কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হলে তার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। কী প্রক্রিয়ায় প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এতে দলীয়করণ ও অর্থের অপচয়ের পুরোনো চর্চাই অব্যাহত থাকছে, যা দুঃখজনক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। এ ধরনের বরাদ্দের মাধ্যমে সেই নির্দেশনারও কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধির মৌলিক দায়িত্ব ও ভূমিকার ধারণা ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলেই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার এবং সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে নিজেদের ও দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, আইন সংস্কার এবং জনগণের পক্ষ থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু তাদের আইন প্রণয়নের ক্ষমতা ক্রমাগত প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতায় রূপ নিচ্ছে। সংসদ সদস্যরা নিজেরাই যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি যুক্ত হন এবং দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনকে এর সঙ্গে সম্পৃক্ত করেন, তাহলে সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন কীভাবে— এ প্রশ্ন থেকে যায়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের সুবিধাভোগী কারা হবেন, তা নির্ধারণেও স্থানীয় সংসদ সদস্যদের সম্মতির বিষয়টি জড়িত থাকে। এ ছাড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমেও সংসদ সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও উঠেছে।
এ ব্যাপারে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর একটি তাত্ত্বিক যুক্তি রয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষের ভোটে নির্বাচিত হন। ফলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদের হাতে আর্থিক একটি হাতিয়ার দেওয়ার যুক্তি দেখানো হয়। কিন্তু অতীত অভিজ্ঞতায় এ ধরনের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, ভালো কাজের উদাহরণ ব্যতিক্রম। তাই এ ধরনের বরাদ্দ অব্যাহত থাকলে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন। সংবিধান অনুযায়ী তারা আইন প্রণয়ন করবেন, বাজেট অনুমোদন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমেও সরকারি ব্যয় ও অর্থায়নের সিদ্ধান্ত তদারকির সুযোগ রয়েছে। এতে এ জন্য সংসদ সদস্যদের আলাদা তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে, আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশের কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।
এ ছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।
জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে। তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হবে রোজা।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে পবিত্র রমজান।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ফলে রমজান শুরুর সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।
ছবি : সংগৃহীত
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করেই নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে মালিকদের। এ জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে:
স্কুটারের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
অক্ষর ও সংখ্যার উচ্চতা: উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেটের উপকরণ: অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
রং: নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।
অতিরিক্ত নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
নম্বর লেখার ধরন: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন- ঢাকা মেট্রো-ল-০০-০০০০।
বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আগের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে নম্বরপ্লেট লাগানোর জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মালয়েশিয়ার দৃষ্টিনন্দন ভবন
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়টি বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
ক্যাপশন
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিদলের সম্মানে তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে এ সম্মাননা ভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তিনি লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।
জাতিসংঘের এই উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন এবং চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।