ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলেছে

  • প্রকাশ : শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১১:১৭ এএম

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলেছে এমন নয়; বরং তা মারাত্মক মাত্রা ছুঁয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা ৪০ শতাংশের বেশি বেড়েছে। আর মশার ৯০ শতাংশই কিউলেক্স। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা।


বাংলাদেশে সাধারণত তিন প্রজাতির মশার বিস্তার দেখা যায়- কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস। এর মধ্যে কিউলেক্সের বিস্তারই বেশি। কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া বা গোদরোগ ও জাপানি এনসেফালাইটিস হয়।


তবে এ দুটি রোগ দেশে ততটা প্রকট নয়। এডিসের কামড়ে ডেঙ্গু ও অ্যানোফিলিসের কামড়ে ম্যালেরিয়া হয়।


আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলেন, জাপানি এনসেফালাইটিসে মৃত্যুর অনুমিত হার ২৫ শতাংশ। এ রোগে রাজশাহী, রংপুর ও পার্বত্য অঞ্চলে অতীতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দেশে এ রোগ বেশি দেখা যায় না। কারণ, এখানে শূকরের পালন খুব বেশি মাত্রায় নেই।


গবেষকেরা বলছেন, তিন কারণে এবার মশার প্রকোপ বেড়েছে। প্রথমত, এবার শীতের মাত্রা কম আর স্বাভাবিকের চেয়ে একটু আগেই শীত বিদায় নিয়েছে। আবার এ বছর মশার প্রকোপ আগেই শুরু হয়েছে। 


দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না।


গবেষণায় যে সতর্কবার্তা


কীটতত্ত্ববিদ কবিরুল বাশার ২৬ বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশা নিয়ে গবেষণা করছেন। সর্বশেষ জরিপে তাঁর দল দুই ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছে- মশার লার্ভা বা শূককীটের ঘনত্ব ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি গণনা করে।


লার্ভা পরীক্ষা করতে বিভিন্ন জলাশয় থেকে ২৫০ মিলিলিটার পানি তুলে তাতে লার্ভার সংখ্যা গণনা করা হয়। জানুয়ারিতে ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় সংগৃহীত পানিতে গড়ে ৮৫০টি লার্ভা পাওয়া যায়। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় গড়ে ১ হাজার ২৫০-এ।


প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি যাচাইয়ের পদ্ধতিটিও চমকে দেওয়ার মতো। একজন মানুষের হাঁটু পর্যন্ত পা ও বাহু উন্মুক্ত রেখে এক ঘণ্টায় কতটি মশা কামড়াতে আসে, তা গণনা করা হয়। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৪০০ থেকে সর্বোচ্চ ৬০০। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৮৫০।


অধ্যাপক বাশারের আশঙ্কা, মার্চে এ প্রবণতা আরও বাড়তে পারে। তিনি বলেন, এক ঘণ্টায় পাঁচটি মশা কামড়াতে এলেই বিশ্বমানে তা বেশি। সেখানে ঢাকায় ৮৫০টি, এটি কেবল সংখ্যা নয়, এটি একটি বিপৎসংকেত।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচ এলাকায় মশা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এখানে মশা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসেছে। কোনো এলাকায় ২৪ ঘণ্টা টানা মশার ফাঁদ রেখে এ গবেষণা করা হয়। গত ১৬ থেকে ২০ জানুয়ারি রাজধানীর পাঁচটি এলাকায় ১৭ হাজার ১৫৯টি মশা পাওয়া যায়। 


আর ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যায় ২২ হাজার ৩৬২টি। ওই পাঁচ এলাকা হলো উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক, মিরপুর ২ -এ ডিএনসিসির ভান্ডার শাখা অফিস, গুলশান ১-এর পুরাতন ভান্ডার শাখা অফিস, মিরপুর ১-এর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ও মোহাম্মদপুরের ডিএনসিসির আঞ্চলিক অফিস।


কোথায় বেশি, কোথায় কম


ঢাকা ও আশপাশ এলাকায় কবিরুল বাশার ও তাঁর দলের করা গবেষণায় দেখা গেছে, রাজধানীর সর্বত্র সমানভাবে মশা নেই। কামরাঙ্গীরচর, লালবাগ, শনির আখড়া, শ্যামপুর, রায়েরবাজার, উত্তরা ও রাজধানী-সংলগ্ন সাভার এলাকায় লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশার ঘনত্ব বেশি। অন্যদিকে শাহবাগ ও পরীবাগের মতো মধ্য রাজধানী এলাকায় তুলনামূলক কম পাওয়া গেছে।


রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার বাসিন্দা সুমনা হক বলেন, বারান্দায় দাঁড়ানো যায় না। বিকেল হলেই মশার আক্রমণ শুরু হয়। কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, ‘পড়ার টেবিলে বসতে গেলেই মশা ঘিরে ধরে। অ্যারোসল ছিটালে কিছুক্ষণ কমে, তারপর আবার আগের মতো।


কেন বাড়ছে কিউলেক্স


বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া ও দূষণ- দুটোই কিউলেক্স বৃদ্ধির পেছনে বড় কারণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জি এম সাইফুর রহমান বলেন, অতীতে মার্চের মাঝামাঝি থেকে কিউলেক্সের উপদ্রব বাড়লেও এ বছর তা ফেব্রুয়ারি থেকেই বৃদ্ধি পাচ্ছে, যা আগামী কালবৈশাখের আগমন পর্যন্ত বিস্তৃত থাকবে।


সাইফুর রহমান বলেন, চলতি বছর শীতকালের ব্যাপ্তি কম ছিল এবং গরম তাড়াতাড়ি শুরু হয়েছে। কিউলেক্স সাধারণত আগস্ট থেকে বংশবিস্তার শুরু করে। শীতে তাপমাত্রা কমে গেলে মশার শরীরে হরমোন ও এনজাইমের কার্যকারিতা কমে যায়, ফলে মশার লার্ভা বৃদ্ধি যেমন ব্যাহত হয়, তেমনি স্ত্রী মশার রক্তপানের আগ্রহও কমে যায়। 


কিন্তু তাপমাত্রা বাড়লে এই প্রক্রিয়া উল্টো হয়, অর্থাৎ দ্রত জীবন চক্র সম্পন্ন করে এবং স্ত্রী মশার রক্তপানের চাহিদা বাড়ে। ঘনঘন ও বেশি পরিমাণে ডিম উৎপাদনে প্রয়োজনীয় বাড়তি প্রোটিন রক্তপান থেকে সঞ্চয় করে। ডিম দেওয়ার এ বাড়তি ক্ষমতা মশার দ্রুত বংশবিস্তার নিয়ামক ভূমিকা পালন করে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন শূন্য দশমিক ৪ ডিগ্রি ও গড় তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বিশেষজ্ঞদের মতে, এই তাপমাত্রা বৃদ্ধিই কিউলেক্সের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাপমাত্রার পাশাপাশি দূষণও বড় কারণ। আবর্জনা, বদ্ধ জলাশয় ও নর্দমা কিউলেক্সের প্রধান প্রজননক্ষেত্র।


ব্যবস্থাপনার সমস্যা


ডিএনসিসি এলাকায় প্রায় আট হাজার বিঘা জলাশয় রয়েছে। এসব জলাশয়ের বড় অংশ মশার উৎপত্তিস্থল। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, একবার পরিষ্কার করলে দ্রুতই আবার আবর্জনায় ভরে যায়। জলাশয় ব্যবস্থাপনা সত্যিই খুব জটিল। তাঁর মতে, অনেক এলাকায় খোলা নর্দমা, স্থায়ী জলাবদ্ধতা ও আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার ফলে কিউলেক্সের বংশবিস্তার রোধ করা কঠিন হয়ে পড়ে।


সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় মশা নিধনের ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে না বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অনেক জলাশয়ে মাছের চাষ হয়। সেখানে সিটি করপোরেশনকে কাজ করতে দেওয়া হয় না। এমন সমস্যাও রয়েছে।


ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা এলাকার লোকজনকে মোটামুটি চেনেন। কোনো সমস্যা দেখা দিলে তাঁরা লোকজনকে বোঝাতে পারেন। সরকারি কর্মকর্তাদের চেষ্টার ত্রুটি না থাকলেও সব ক্ষেত্রে তাঁরা জনগণকে বোঝাতে সক্ষম হন না।




অভিযানের সময়ের ছবি

  • প্রকাশ : বুধবার ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ১১:০৭ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।


গত সোমবার রাতে পুলিশের ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়। পরে দুপুরে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে।


ডিসি মাসুদ আলম জানান, গত সোমবারের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


গত সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ (২৫) ও আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন (২৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন পুলিশের মারধরের শিকার হন। মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।


নাঈম উদ্দীনকে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসি মাসুদসহ হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তিসহ তিন দফা দাবি জানান তাঁরা। এরই মধ্যে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।


ছবি: সংগৃহীত।

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ১:২০ পিএম

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


বিএনপির কর্মসূচি


নরসিংদীর ৫ সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কর্মসূচি


ঢাকা বার্ন হাসপাতালে সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাবেন।


ডিএনসিসি ও ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি


জিয়া উদ্যানে দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি


বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি


তেজগাঁওস্থ ভূমি ভবনে বেলা ১১টায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।


বিরোধীদলীয় নেতার কর্মসূচি


বিকেল পৌনে ৫টায় শেওড়াপাড়া মনিপুর স্কুল ব্রাঞ্চ-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাফরুল পশ্চিম থানার মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।



মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৪:৩৩ পিএম

চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।


জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।


এদিকে থানা ঘেরাও করে বিক্ষোভের বিষয়ে আজ রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন। 


তিনি বলেন, আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করছে পুলিশ। অপরাধী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ২:১৬ পিএম


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ২:১৬ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মোঃ সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান বাবু বিপুল ভোটে বিজীয় হয়ে নির্বাচিত হয়েছেন।


গতকাল সোমবার (১৬ই ফেব্রুয়ারী) রাজধানীর লেডিস ক্লাবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় এবং বিকাল-৩টা থেকে ৫টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১৬ জন।


নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ ৫২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফয়েজ আহমেদ পেয়েছেন ২০ ভোট। মহাসচিব পদে সাইফুল আলম ৫৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান ৫৩৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ ৩০ ভোট পেয়েছেন।


এ নির্বাচনে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মোঃ সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান বাবু বিপুল ভোটে বিজীয় হয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ জোবায়ের মাসুদ সহ সমিতির ১২১ (একশত একুশ) সদস্য বিশিষ্ট বাকী সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।


এর আগে নির্বাচন চলাকালীন সময়ে মহাসচিব প্রার্থী সাইফুল আলম বলেন, ‌‘নির্বাচন একটি গনতান্ত্রিক প্রক্রিয়া। জয়ী হলে সরকারের কাছে বাস্তবসম্মত দাবি গুলো পেশ করব। শ্রমিকদের সকল সুযোগ সুবিধা আদায়ে মালিকদের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও সকল মালিকদের দাবি আদায়ে সচেষ্ট থাকব।’


সভাপতি প্রার্থী কফিল উদ্দিন আহাম্মদ বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। ভোটাররা আমাকে বিজয়ী করলে আমার ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।’


কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ সাইদুর রহমান বাবু বলেন, ‘নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন হবে আমার অঙ্গিকার। ভোটারদের দাবি আদায়ে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সড়কে কোন বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।’ 


একাধিক ভোটার বলেন, ‘নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।’ 


প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ খান বলেন, ‘খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।’


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৯:১৩ এএম

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে যান চলাচলে বিকল্প পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়,আজ মঙ্গলবার শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় বিপুল লোকসমাগম হবে।


সেজন্য সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। 


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠান চলার সময়ে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে। 


এই সময় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখতে কিছু বিকল্প ব্যবস্থা করেছে। 

 

ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কগুলো হলো- 


১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ


মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।

 

২.  ধানমন্ডি থেকে ফার্মগেট


ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।

 

৩. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং


আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

 

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি


এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।

 

৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি


মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

 

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে


শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে।


তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে

  • প্রকাশ : রবিবার ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, সময় : ৬:২৮ পিএম

ঢাকা ও আশেপাশের এলাকাসহ নিজেদের অধিভুক্ত সমস্ত এলাকার গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছে তিতাস গ্যাস। 


রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে বলে জানানো হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।


বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।


গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।